এই অধ্যায়ে · পাতা ১/২
২১ মার্চ ১৯৪৮ · ঢাকা
ভিড়ের ভেতর থেকে
ঢাকার রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যান। ১৯৪৮ সালের ২১ মার্চ এখানে বক্তৃতা দিতে উঠলেন পাকিস্তানের গভর্নর জেনারেল মুহম্মদ আলী জিন্নাহ। নতুন রাষ্ট্রের বয়স তখন সাত মাস। স্বাধীনতার পর এটাই তাঁর প্রথম ঢাকা সফর, আর এটাই হবে শেষ।১ পরে তাঁর ভাষণের যে সংকলন ছাপা হয়, তাতে এই সভার পরিচয় লেখা আছে এভাবে: তিন লাখের বেশি মানুষের জনসভা।২
শুরুটা ছিল উষ্ণ। তিনি বললেন, পূর্ব বাংলা পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় একক জনগোষ্ঠী এখানেই থাকে।২ তারপর এলেন সেই প্রশ্নে, যা নিয়ে মাত্র দশ দিন আগে এই শহরের রাস্তায় লাঠিচার্জ হয়েছে, জেলে গেছেন কয়েক ডজন ছাত্র।৩
প্রদেশের সরকারি ভাষা কী হবে, সেটা প্রদেশের নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবেন, বললেন জিন্নাহ। বাংলা ভাষার প্রশ্নে মানুষের স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত ঘটবে, এমন কথার কোনো সত্যতা নেই।৪ তারপর:
কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। যে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, সে আসলে পাকিস্তানের শত্রু। একটি রাষ্ট্রভাষা ছাড়া কোনো জাতি দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে ও কাজ করতে পারে না।
“But let me make it very clear to you that the State Language of Pakistan is going to be Urdu and no other language. Anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without one State Language, no Nation can remain tied up solidly together and function.”
সভার এক জায়গায় জড়ো হয়েছিলেন কয়েকশো ছাত্র। তাঁদের একজন আঠাশ বছরের শেখ মুজিবুর রহমান,৫ দশ দিন আগে ধর্মঘটের দিন যিনি গ্রেপ্তার হয়েছিলেন, ছাড়া পেয়েছেন মাত্র কয়েক দিন আগে।৬ প্রায় দুই দশক পরে কারাগারে বসে তিনি লিখেছেন সেই মুহূর্তের কথা:
আমরা প্রায় চার পাঁচ শত ছাত্র এক জায়গায় ছিলাম সেই সভায়। অনেকে হাত তুলে দাঁড়িয়ে জানিয়ে দিল, “মানি না”।
গবেষক বদরুদ্দীন উমরও লিখেছেন, ভিড়ের ভেতর থেকে বিক্ষিপ্ত প্রতিবাদ উঠেছিল, আর জবাবে জিন্নাহ নিজের কথাটাই আবার বলেছিলেন।১
দৃশ্যটা অদ্ভুত। মুজিব নিজেই লিখেছেন, জিন্নাহকে তখন “দলমত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতেন”।৮ যে মানুষটির নেতৃত্বে মাত্র সাত মাস আগে এই রাষ্ট্রের জন্ম, তাঁর মুখের ওপর তাহলে কেন এই প্রতিবাদ?
উত্তরের শুরু এক বছর আগে, যখন এই রাষ্ট্রের সীমানাও ঠিক হয়নি।
এপ্রিল–আগস্ট ১৯৪৭
দুই ডানার রাষ্ট্র
১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার জানিয়েছিল, দেড় বছরের মধ্যে তারা ভারত ছেড়ে চলে যাবে। জুনে সময়টা এগিয়ে আনা হলো: ১৫ আগস্ট ১৯৪৭।৯ হাতে আর মাত্র কয়েক মাস। বাংলার সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রদেশটা কি ভাগ হবে?
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ২৭ এপ্রিল নয়াদিল্লিতে এক বিবৃতিতে বাংলা ভাগের আন্দোলন থামানোর আবেদন জানালেন। সেখানে তিনি লিখলেন, তাঁর আশা, বাংলা হবে “একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র”।১০ ইতিহাসবিদ উইলেম ভ্যান শেন্ডেলের বিবরণে, বাংলার কিছু কংগ্রেস ও মুসলিম লীগ নেতার এই শেষ চেষ্টা গান্ধী ও জিন্নাহর মতো প্রভাবশালী নেতাদের সমর্থনও পেয়েছিল। কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা ভাগের দাবিতে অনড় ছিল, প্রস্তাবটি টেকেনি।৯
বাংলা ভাগ হবে, ঠিক হয়ে গেল। কিন্তু কোথা দিয়ে? ব্রিটিশ শাসন শেষ হওয়ার মাত্র ছয় সপ্তাহ আগে পাঞ্জাব ও বাংলার জন্য দুটি সীমানা কমিশন গঠিত হলো।১১ বাংলার কমিশনে চার বিচারপতি: বিজনকুমার মুখার্জি, সি. সি. বিশ্বাস, আবু সালেহ মোহাম্মদ আকরাম আর এস. এ. রহমান। সভাপতি সিরিল র্যাডক্লিফ।১২ পাঞ্জাবের কমিশনেরও সভাপতি তিনিই। দুই কমিশনের সদস্যরাই একমত হতে পারলেন না, শেষ সিদ্ধান্তের দায় নিতে হলো সভাপতিকে।১১ র্যাডক্লিফ তাঁর রোয়েদাদে সই করলেন নয়াদিল্লিতে, ১২ আগস্ট ১৯৪৭।১২ ক্ষমতা হস্তান্তরের নির্ধারিত দিনের তিন দিন আগে।
১৮ জুলাই ১৯৪৭-এর ভারতীয় স্বাধীনতা আইনের প্রথম ধারায় দিনটা লেখা ছিল আগে থেকেই: ১৫ আগস্ট ১৯৪৭ থেকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়ন।১৩ পাকিস্তান পেল অবিভক্ত বাংলার ভূখণ্ডের ৬৪ ভাগ আর জনসংখ্যার ৬৫ ভাগ, সঙ্গে আসাম প্রদেশের সিলেট জেলার বেশির ভাগ। ভ্যান শেন্ডেল মনে করিয়ে দেন, যে ভূখণ্ডকে আজ আমরা বাংলাদেশ বলে চিনি, তার আকার ঠিক হয়ে গিয়েছিল ১৯৪৭ সালেই, স্বাধীন বাংলাদেশের কথা কেউ কল্পনা করার অনেক আগে।১৪
নতুন রাষ্ট্রটি ছিল পৃথিবীতে অভিনব। তার দুই অংশের মাঝখানে প্রায় দেড় হাজার কিলোমিটার ভারতীয় ভূখণ্ড। ১৯৫১ সালের প্রথম আদমশুমারিতে দেখা যাবে, পাকিস্তানের ৭ কোটি ৮০ লাখ মানুষের ৪ কোটি ৪০ লাখ, অর্থাৎ শতকরা ৫৫ ভাগ, থাকেন পূর্ব অংশে।১৫ সংখ্যায় বড় এই অংশের সরকারি নাম তখন পূর্ব বাংলা; “পূর্ব পাকিস্তান” নামটি সরকারিভাবে আসবে পঞ্চাশের দশকের মাঝামাঝি।১৪
রাজধানী ঢাকার অবস্থা কেমন ছিল, তা জিন্নাহ নিজেই পরে বলেছেন: ১৫ আগস্ট ঢাকা ছিল নিছক এক মফস্বল শহর, আধুনিক সরকারের রাজধানীর কোনো সুবিধাই তার ছিল না।১৬ নতুন প্রাদেশিক সরকারের দপ্তর বসল মেয়েদের একটি কলেজে, ইডেন কলেজে, সঙ্গে বাঁশের অস্থায়ী ঘর। সাবেক ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মাত্র একজন কর্মকর্তা ছিলেন এই অঞ্চলের মানুষ।১৭ সরকারের নিজের এক প্রকাশনায় সেই দিনগুলোর বর্ণনা:
অনেক অধিদপ্তরের জন্য কোনো জায়গাই ছিল না, সেগুলো পাঠিয়ে দেওয়া হলো দূরের জেলায়। এক মন্ত্রী বুড়িগঙ্গা নদীতে একটি নৌকায় বসে ফাইল নিষ্পত্তি করতেন, সরকারি কাজ সারতেন।
“For the many directorates there was no accommodation at all and these were sent to outlying districts. One Minister sat in a boat on the Buriganga river, disposing of files and transacting official business.”
নতুন রাষ্ট্র, অগোছালো রাজধানী, জোড়াতালির প্রশাসন। এর মধ্যেই সামনে চলে এল এমন একটা প্রশ্ন, দেশভাগের আগেই যা নিয়ে লেখালেখি শুরু হয়ে গিয়েছিল: নতুন রাষ্ট্র কোন ভাষায় কথা বলবে?
জুলাই–ডিসেম্বর ১৯৪৭
প্রশ্নটা আগেই উঠেছিল
স্বাধীনতার প্রায় চার সপ্তাহ আগে, ২০ জুলাই ১৯৪৭, “ইত্তেহাদ” পত্রিকায় ছাপা হলো মাহবুব জামাল জাহেদীর একটি লেখা, শিরোনাম “রাষ্ট্রভাষা বিষয়ক প্রস্তাব”। প্রথম বাক্যেই বোঝা যায়, তর্কটা তখনই জমে উঠেছে:
পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে, ইহা লইয়া প্রচুর আলোচনা চলিতেছে।
লেখকের হিসাবে পাকিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ বাংলায় কথা বলেন; গণভোট হলে “নিঃসন্দেহে” বাংলাই হতো গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু তিনি নিজেই লিখলেন, তাতে পশ্চিম পাকিস্তানের ওপর “অবিচার” করা হবে। তাঁর প্রস্তাব তাই সীমিত: অন্তত পূর্ব অংশের ভাষা হোক বাংলা, উর্দু নয়।১৮
দেশভাগের আঠারো দিন পরে, ২ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষক মিলে গড়লেন একটি সাংস্কৃতিক সংগঠন, তমদ্দুন মজলিশ। ১৬ সেপ্টেম্বর বের হলো তাদের পুস্তিকা, নাম নিজেই একটা প্রশ্ন: “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?”১৯ লিখেছিলেন অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ আর অধ্যাপক আবুল কাসেম।২০ পুস্তিকার প্রস্তাবগুলো ছিল এরকম:
তমদ্দুন মজলিশের প্রস্তাব, সেপ্টেম্বর ১৯৪৭ (সংক্ষেপে)১৯
- পূর্ব পাকিস্তানে শিক্ষার মাধ্যম, আদালতের ভাষা আর অফিসের ভাষা হবে বাংলা।
- কেন্দ্রীয় সরকারের ভাষা হবে দুটি: উর্দু ও বাংলা।
- পূর্ব অংশে বাংলা প্রথম ভাষা, উর্দু দ্বিতীয়, ইংরেজি তৃতীয়। পশ্চিমের প্রদেশগুলোতে প্রথম ভাষা স্থানীয় ভাষা বা উর্দু, দ্বিতীয় বাংলা, তৃতীয় ইংরেজি।
- কয়েক বছরের জন্য পূর্ব অংশের শাসনকাজ চলবে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই।
বছরের শেষ দিকে তমদ্দুন মজলিশের উদ্যোগে গঠিত হলো ভাষার দাবিতে প্রথম সংগ্রাম কমিটি। উমরের বিবরণে, এর পেছনে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের বক্তৃতা আর বিবৃতি, যেখানে তিনি উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে কথা বলছিলেন।২০
প্রশ্নটা শুধু বিতর্কসভায় আটকে ছিল না, মানুষের হাতের কাগজেও পৌঁছে গিয়েছিল। মুদ্রায় আর ডাকটিকিটে উর্দু আছে, বাংলা নেই। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়তালিকায় বাংলা নেই। পূর্ব বাংলায় নৌবাহিনীর নিয়োগ পরীক্ষা হচ্ছে শুধু উর্দু আর ইংরেজিতে।২০ সংবাদপত্রও ভাগ হয়ে গেল। তমদ্দুন মজলিশের সাপ্তাহিক “সৈনিক”, সিলেটের সাপ্তাহিক “নওবেলাল”, ইংরেজি দৈনিক “পাকিস্তান অবজারভার”, এমনকি মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি মওলানা আকরম খাঁর দৈনিক “আজাদ”ও দাঁড়াল বাংলার পক্ষে। উমরের হিসাবে ধারাবাহিকভাবে বিপক্ষে ছিল একটিই দৈনিক, ইংরেজি “মর্নিং নিউজ”।২০
তবু এ পর্যন্ত সবই ছিল দাবি আর আলোচনা। প্রশ্নটা রাষ্ট্রের সর্বোচ্চ সভায় প্রথম উঠল ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে, আর উঠল একেবারে নিরীহ চেহারায়।
২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ · করাচি
দুই শব্দের একটি সংশোধনী
করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশন চলছে। আলোচনা কার্যপ্রণালী বিধি নিয়ে: পরিষদে সদস্যরা কোন ভাষায় কথা বলতে পারবেন। বিধি ২৯-এ লেখা, উর্দু অথবা ইংরেজি।২১
পূর্ব বাংলা থেকে আসা কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ মুজিবের ভাষায় “কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত”,২২ একটি সংশোধনী তুললেন। প্রস্তাব খুব ছোট: “ইংরেজি” শব্দের পরে বসবে আরও দুটি শব্দ, “অথবা বাংলা”।২১
তাঁর যুক্তির শুরু সংখ্যা দিয়ে। রাষ্ট্রের ৬ কোটি ৯০ লাখ মানুষের ৪ কোটি ৪০ লাখ বাংলায় কথা বলেন।২৩ তারপর তিনি পরিষদকে নিয়ে গেলেন এক গ্রামের ডাকঘরে। এক গরিব কৃষক, ছেলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছেলেকে টাকা পাঠাতে এসে তিনি দেখেন, মানি অর্ডারের ফরম ছাপা উর্দুতে। ফরমটা পড়িয়ে নিতে তাঁকে ছুটতে হবে দূরের শহরে। জমি কেনাবেচার স্ট্যাম্পে দাম লেখা উর্দু আর ইংরেজিতে; টাকার পুরো মূল্য পেলেন কি না, তিনি বুঝতেই পারেন না।২১
রাষ্ট্রের ভাষা এমন হওয়া উচিত, যা রাষ্ট্রের সাধারণ মানুষ বুঝতে পারে।
“The language of the State should be such which can be understood by the common man of the State.”
তাঁকে সমর্থন করলেন প্রেমহরি বর্মণ: সংশোধনী ইংরেজি বা উর্দুকে সরাতে চায় না, চায় শুধু বাংলাও যেন পরিষদের একটি মাধ্যম হয়, যাতে বাংলায় দেওয়া বক্তৃতা বাংলাতেই লেখা থাকে, অনুবাদে নয়।২৪
তারপর উঠলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। তাঁর বক্তব্যে দুটি দিক ছিল। একদিকে তিনি বললেন, বাংলাকে বাংলা থেকে একেবারে সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই; কোনো প্রদেশের মানুষের ওপর এমন ভাষা চাপানো ভুল, যা তাদের মাতৃভাষা নয়। অন্যদিকে তাঁর যুক্তি: পাকিস্তান হয়েছে উপমহাদেশের দশ কোটি মুসলমানের দাবিতে, যাঁদের ভাষা উর্দু; “পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র”; প্রদেশগুলোর মধ্যে যোগাযোগের জন্য একটি রাষ্ট্রভাষা দরকার।২৪
একটি জাতির একটি ভাষা থাকা দরকার, আর সেই ভাষা কেবল উর্দুই হতে পারে, অন্য কোনো ভাষা নয়।
“It is necessary for a nation to have one language and that language can only be Urdu and no other language.”
সংশোধনীর নোটিশ পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, উদ্দেশ্য নিরীহ: যাঁরা ইংরেজি বা উর্দুতে দক্ষ নন, তাঁরা যেন নিজের ভাষায় বলতে পারেন। এখন তাঁর মনে হচ্ছে, এই সংশোধনীর উদ্দেশ্য “পাকিস্তানের মানুষের মধ্যে ফাটল ধরানো”।২৫
কংগ্রেসের ভূপেন্দ্রকুমার দত্ত পাল্টা বললেন, উর্দু পাকিস্তানের কোনো প্রদেশেরই ভাষা নয়, এটা পশ্চিম পাকিস্তানের উঁচুতলার অল্প কিছু মানুষের ভাষা। পরিষদে ইংরেজির সম্মানের আসন আছে, যাকে তিনি বললেন দাসত্বের স্মারক, অথচ সাধারণ মানুষের ভাষার জায়গা নেই।২৫
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীনও এই পরিষদের সদস্য। (সে সময়ের দলিলে প্রদেশের সরকারপ্রধানের পদটিকে প্রধানমন্ত্রীও বলা হতো।) তিনি বললেন, প্রদেশের “বিপুল সংখ্যাগরিষ্ঠ” মানুষের মত হলো: প্রদেশ আর কেন্দ্রের মধ্যে যোগাযোগে উর্দুই একমাত্র ভাষা হতে পারে। তবে শিক্ষার মাধ্যম আর প্রদেশের প্রশাসনের ভাষা বাংলা হওয়ার পক্ষে “খুব জোরালো মনোভাব” আছে, আর এই প্রশ্ন তিনি যথাসময়ে তুলবেন।২৬ ঢাকার কাগজে অবশ্য তাঁর বক্তব্য পৌঁছাল আরও কড়া চেহারায়। উমর “নওবেলাল” থেকে যে উদ্ধৃতি দিয়েছেন, তাতে নাজিমুদ্দীন বলছেন, পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ মনে করে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা উচিত। “আজাদ” আর “পাকিস্তান অবজারভার” এর কড়া সমালোচনা করে।২৭
তর্কের মাঝে একবার হাসিও উঠেছিল। কংগ্রেসের শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় “মুসলিম রাষ্ট্র” কথাটায় আপত্তি করলেন; তাঁর ধারণা ছিল পাকিস্তান “জনগণের রাষ্ট্র”, মুসলমান আর অমুসলমান সবার। রাষ্ট্রের সাধারণ ভাষা উর্দু হলেও তাঁর আপত্তি নেই, বললেন তিনি; সংশোধনীর প্রশ্ন শুধু এই পরিষদের কাজ কোন ভাষায় চলবে। তবে উর্দু তো কেউ জানে না। জেলে থাকতে তিনি এক বন্ধুর সঙ্গে উর্দু শিখতে চেষ্টা করেছিলেন, কিন্তু জেল থেকে বেরিয়ে সব ভুলে গেছেন। কার্যবিবরণীতে বন্ধনীর ভেতরে লেখা আছে: “হাসি”।২৬
বিপক্ষে বললেন তমিজুদ্দীন খানও। পাকিস্তানের প্রত্যেক অনুগত নাগরিকের অধিকার ও সুযোগ সমান, বললেন তিনি; কিন্তু সংশোধনী তিনি মানতে পারছেন না।২৮ ভোট হলো। কার্যবিবরণীতে ফলাফল এক লাইনে:
প্রস্তাবটি নাকচ হলো।
“The motion was negatived.”
করাচিতে প্রস্তাবটা হারল এক বিকেলে। কিন্তু খবর ঢাকায় পৌঁছানোর পরের দিনগুলো আর আলোচনার টেবিলে থাকল না।
২৬ ফেব্রুয়ারি – ১১ মার্চ ১৯৪৮ · ঢাকা
এগারোই মার্চ
২৬ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল কলেজ, মেডিক্যাল কলেজ আর শহরের নানা স্কুল-কলেজের ছাত্ররা রমনা এলাকায় বিক্ষোভ করলেন। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সভা, সেখানে নাজিমুদ্দীনের সমালোচনা আর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি।২৭
মার্চের শুরুতে গড়ে উঠল একটি সর্বদলীয় কমিটি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। উমরের তালিকায় এতে ছিলেন গণআজাদী লীগ, গণতান্ত্রিক যুবলীগ, তমদ্দুন মজলিশ, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল, অন্যান্য হল আর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের দুজন করে প্রতিনিধি।২৭ সিদ্ধান্ত হলো, ১১ মার্চ সারা পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট। মুজিবের ভাষায় দিনটির নাম “বাংলা ভাষা দাবি” দিবস।২৯
এরপর প্রচারের দিনগুলো। মুজিব ফরিদপুর, যশোর, দৌলতপুর, খুলনা আর বরিশালে ছাত্রসভা করে ঢাকায় ফিরলেন ধর্মঘটের তিন দিন আগে। দৌলতপুরে মুসলিম লীগ সমর্থক ছাত্ররা সভা ভাঙার চেষ্টা করেছিল, মারপিটে কয়েকজন জখমও হন, কিন্তু সভা শেষ পর্যন্ত হয়েছিল। ঢাকায় ফিরে রাতে ঠিক হলো, কে কোথায় থাকবেন, কে কোন জায়গায় পিকেটিং করবেন।২৯
১১ মার্চ ভোর। শত শত ছাত্রকর্মী পিকেটিং শুরু করলেন ইডেন বিল্ডিং, যেখানে তখন প্রাদেশিক সচিবালয়, আর জেনারেল পোস্ট অফিসের সামনে। শহর পোস্টারে ছেয়ে গেছে। সকাল আটটায় জিপিওর সামনে লাঠিচার্জ। এক দল মার খেয়ে সরে যায়, আরেক দল এসে দাঁড়ায়। নয়টায় লাঠিচার্জ ইডেন বিল্ডিংয়ের দরজায়।২৯ শামসুল হককে পুলিশ ঘিরে ফেলল। সাইকেলে থাকা মুজিবকে ধরতে সিটি এসপির জিপ বারবার তাড়া করছিল। শেষে তিনি সাইকেলটা এক সহকর্মীকে দিয়ে চার-পাঁচজন ছাত্র নিয়ে ইডেন বিল্ডিংয়ের দরজায় বসে পড়লেন।৩০
আমাদের উপর কিছু উত্তম মধ্যম পড়ল এবং ধরে নিয়ে জিপে তুলল।
সেদিন গ্রেপ্তার হলেন শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, শওকত আলীসহ আরও অনেকে।২৭ ধর্মঘট শুধু ঢাকায় হয়নি; নারায়ণগঞ্জ, রাজশাহী, যশোর, ফরিদপুর, চট্টগ্রামেও মিছিল আর সভা হয়েছে, যশোরেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।২৭
কিন্তু সেদিন ঢাকায় ঠিক কী ঘটেছিল, সে প্রশ্নে সূত্রগুলো একমত নয়।
১২–১৬ মার্চ ১৯৪৮
এই পাতায় আরও: বৃষ্টি, রেসকোর্স, সমাবর্তন · বিদায়ের আগের রাত · প্রশ্নটা রয়ে গেল
পাদটীকা · এই পাতা
লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।
- উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩ গ
১৯ মার্চ তেজগাঁও বিমানবন্দরে জিন্নাহর আগমন; উমরের ভাষায় এটি তাঁর “first, and last” ঢাকা সফর (মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৪৮)। ২১ মার্চ রেসকোর্স ময়দানের (“now Suhrawardy Uddyan”) সভায় ভিড় থেকে বিক্ষিপ্ত প্রতিবাদ, জবাবে জিন্নাহর আগের কথার পুনরাবৃত্তি; ভাষা আন্দোলনের ঠিক পরে আসায় মানুষের উৎসাহে কিছুটা ভাটা। উমরের সূত্র: তাজউদ্দীন আহমদের ডায়েরি (১৯ মার্চ ১৯৪৮) ও জিন্নাহর ভাষণ-সংকলন। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৭৯ ক
জিন্নাহর রেসকোর্স ভাষণ, ২১ মার্চ ১৯৪৮। দলিলপত্র এটি নিয়েছে Speeches as Governor General of Pakistan 1947–48 থেকে; সেখানে ভাষণের নাম “National Consolidation”, উপশিরোনাম “Speech at a public meeting attended by over three lakhs of people at Dacca”। শ্রোতার সংখ্যাটি সংকলনের দেওয়া; অন্য কোনো সূত্রে আমরা এটি যাচাই করতে পারিনি। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮ ক
১১ মার্চের ধর্মঘট নিয়ে পূর্ব বাংলা সরকারের প্রেস বিজ্ঞপ্তি; দলিলপত্রে তারিখ ১২ মার্চ ১৯৪৮। দলিলপত্র এটি নিয়েছে বদরুদ্দীন উমরের “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” (পৃ. ৮২) থেকে। উমর তাঁর ইংরেজি বইয়ে (পৃ. ৩২) লিখেছেন, পরদিন সব দৈনিকে এটি ছাপা হয়। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৮৪ ক
একই ভাষণ। এই পাতায়: প্রদেশের সরকারি ভাষা ঠিক করবেন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিরা; বাংলার প্রশ্নে “your normal life” বিঘ্নিত হবে না; রাষ্ট্রভাষা উর্দু, তবে “as I have said, it will come in time”; ভাষার প্রশ্ন তোলা হয়েছে “to create disruption amongst the Mussalmans”; আর “fifth-columnists” প্রসঙ্গ। বাংলা অনুবাদ আমাদের। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৮ খ
“আমার জন্ম হয় ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখে।” ২১ মার্চ ১৯৪৮-এ তাঁর বয়স আঠাশ বছর চার দিন। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৫ খ
“আমাদের ১১ তারিখে জেলে নেওয়া হয়েছিল, আর ১৫ তারিখ সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।” সূত্রে ভিন্নতা: উমর (Emergence, পৃ. ৩৩) লিখেছেন, ১১ মার্চে গ্রেপ্তার সব রাজবন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগার আর ঢাকার বাইরের কারাগারগুলো থেকে মুক্তি পান ১৬ মার্চ। মুজিবের নিজের বিবরণে ১৬ মার্চ সকাল দশটায় তিনি আমতলার ছাত্রসভায় সভাপতিত্ব করছেন (পৃ. ৯৬)। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৯ খ
ঘোড়দৌড় মাঠের সভা আর “মানি না”, তেজগাঁওয়ের বৃষ্টি, সমাবর্তনের “না, না, না” আর জিন্নাহর প্রায় পাঁচ মিনিট চুপ থাকা, দুই ছাত্রলীগের প্রতিনিধিদের সঙ্গে জিন্নাহর বৈঠক: সবই এই পাতায়। লেখক স্মৃতিকথাটি লিখতে শুরু করেন ১৯৬৭ সালে, কারাগারে (গ্রন্থের টীকা ১), ঘটনার প্রায় উনিশ বছর পরে। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৯ খ
“জিন্নাহকে দলমত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতেন।” একই অনুচ্ছেদে লেখকের ব্যাখ্যা: উর্দুর পক্ষে জনসমর্থন না পেয়ে মুসলিম লীগ নেতারা জিন্নাহকে “ভুল বোঝালেন”; পূর্ব পাকিস্তানের জনমত কোন পথে, “তাঁকে কেউই তা বলেন নাই বা বলতে সাহস পান নাই।” এটি লেখকের মত। ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ৯৪ গ
ফেব্রুয়ারি ১৯৪৭-এ দেড় বছরের মধ্যে চলে যাওয়ার ঘোষণা, জুনে তারিখ এগিয়ে ১৫ আগস্ট ১৯৪৭। একই পাতায় অবিভক্ত স্বাধীন বাংলার প্রস্তাব: বাংলার কিছু কংগ্রেস ও মুসলিম লীগ নেতার “last-ditch attempt”, গান্ধী ও জিন্নাহর “blessings”, আর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা ভাগের দাবি। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২২ ক
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংবাদ বিবৃতির অংশ, নয়াদিল্লি, ২৭ এপ্রিল ১৯৪৭ (মর্নিং নিউজ, ২৮ এপ্রিল ১৯৪৭; দলিলপত্র নিয়েছে শীলা সেনের Muslim Politics in Bengal, পৃ. ২৮১ থেকে)। মূল বাক্য: “…an independent sovereign state as I hope Bengal will be.” ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ৯৪–৯৫ গ
ব্রিটিশ শাসন শেষ হওয়ার “only six weeks” আগে পাঞ্জাব ও বাংলার জন্য দুটি সীমানা কমিশন; দুটিরই সভাপতি র্যাডক্লিফ; কোনোটিই সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, তাই সিদ্ধান্তের দায় নিতে হয় সভাপতিকে। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৩ ক
বেঙ্গল বাউন্ডারি কমিশনের সভাপতির প্রতিবেদন (র্যাডক্লিফ রোয়েদাদ), সই: সিরিল র্যাডক্লিফ, নয়াদিল্লি, ১২ আগস্ট ১৯৪৭। কমিশন গঠিত হয় গভর্নর জেনারেলের ৩০ জুন ১৯৪৭-এর ঘোষণায়; চার সদস্যের নাম প্রতিবেদনেই আছে, আর লেখা: “I was subsequently appointed Chairman of this Commission.” ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩৫ ক
ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭ (১৮ জুলাই ১৯৪৭), ধারা ১(১): “As from the fifteenth day of August, nineteen hundred and forty-seven, two independent Dominions shall be set up in India, to be known respectively, as India and Pakistan.” ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ৯৬ গ
বাংলা ভাগ হয় অন্তত ২০১টি টুকরায়; প্রদেশের ভূখণ্ডের ৬৪% আর জনসংখ্যার ৬৫% পায় পাকিস্তান; আসামের সিলেট জেলার বেশির ভাগ যুক্ত হয়। “…the geographical unit that we now know as Bangladesh was fashioned in 1947, well before anybody could imagine an independent Bangladesh.” নাম নিয়ে লেখকের দুটি তারিখ: এই পাতায় ১৯৪৭ থেকে ১৯৫৫ পর্যন্ত সরকারি নাম পূর্ব বাংলা, আর পৃ. ১০৭-এর পাদটীকায় নাম বদলের বছর ১৯৫৬। তাই আমরা লিখেছি “পঞ্চাশের দশকের মাঝামাঝি”। ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১০৭ গ
দুই অংশের মাঝে “about 1,500 km of Indian terrain”; ১৯৫১-র প্রথম আদমশুমারি: ৭ কোটি ৮০ লাখের মধ্যে ৪ কোটি ৪০ লাখ (৫৫%) পূর্ব অংশে। লেখক পাকিস্তানকে বলেছেন রাষ্ট্র গঠনের “a unique experiment”। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৯১–৯২ ক
জিন্নাহর বিদায়ী বেতার ভাষণ, রেডিও পাকিস্তান ঢাকা, ২৮ মার্চ ১৯৪৮ (ভাষণ-সংকলন, পৃ. ১০৭)। “During the past nine days…”, “On August 15, Dacca was merely mofussil town…”, আর বেআইনি পথে নির্বাচিত সরকারের ওপর ইচ্ছা চাপানোর বিরুদ্ধে সতর্কবাণী (“such gangsterism and mob rule”)। অনুবাদ ও সারাংশ আমাদের। ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১০৭–১০৮ গ
প্রাদেশিক সরকার বসেছিল “a College for Girls [Eden College in Dhaka]”-এ, সঙ্গে বাঁশের অস্থায়ী ঘর; সাবেক ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মাত্র একজন সদস্য এই অঞ্চলের, আরও ছয়জনকে প্রাদেশিক সার্ভিস থেকে তড়িঘড়ি পদোন্নতি দেওয়া হয়। বুড়িগঙ্গার নৌকার বর্ণনাটি একটি সরকারি প্রকাশনার, ভ্যান শেন্ডেলের ভাষায় “in heroic terms” লেখা; অনুবাদ আমাদের। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৪৫–৬৪৬ ক
মাহবুব জামাল জাহেদী, “রাষ্ট্রভাষা বিষয়ক প্রস্তাব”, ইত্তেহাদ, ২০ জুলাই ১৯৪৭। লেখক পূর্ব পাকিস্তানকে একটি “রাষ্ট্র” হিসেবে দেখেছেন, কয়েকটি বিষয়ে যার ওপর কেন্দ্রের কর্তৃত্ব থাকবে। তাঁর যুক্তির কিছু অংশ, যেমন উর্দু নিয়ে কটাক্ষ, আমরা উদ্ধৃত করিনি; পুরো লেখা দলিলপত্রে আছে। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৯ ক
তমদ্দুন মজলিশের পুস্তিকা “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?”, ১৬ সেপ্টেম্বর ১৯৪৭ (অংশ)। মূল প্রস্তাবে আরও খুঁটিনাটি আছে, যেমন পূর্ব অংশে উর্দু শিখলেই চলবে শতকরা ৫ থেকে ১০ জনের। সম্পাদকের টীকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে ২ সেপ্টেম্বর ১৯৪৭ মজলিশ প্রতিষ্ঠিত হয়, উদ্দেশ্য “বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতি সেবা”। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩০ গ
পুস্তিকার লেখক, ১৯৪৭-এর শেষে তমদ্দুন মজলিশের উদ্যোগে প্রথম ভাষা সংগ্রাম কমিটি, শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের ভূমিকা, মুদ্রা-ডাকটিকিট-পিএসসি-নৌবাহিনীর পরীক্ষা, আর পত্রিকাগুলোর অবস্থান: সবই এই পাতায়। এখানে উমরের সূত্র তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৪–৫৫ ক
পাকিস্তান গণপরিষদের কার্যবিবরণী, ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮। ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব: “That in sub-rule (1) of rule 29, after the word “English” in line 2, the words “or Bengalee” be inserted.” মানি অর্ডার, স্ট্যাম্প আর সাধারণ মানুষের উদাহরণ তাঁরই। তারিখ নিয়ে: উমর (পৃ. ৩১) লিখেছেন, প্রস্তাবটি ২৩ ফেব্রুয়ারি উত্থাপিত হয়; মুজিব স্মৃতি থেকে লিখেছেন “ফেব্রুয়ারি ৮ই হবে” (পৃ. ৯১)। আমরা কার্যবিবরণীর তারিখ নিয়েছি। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯১ খ
“কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক।” লেখক এটিকে দেখেছিলেন “বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার” ষড়যন্ত্রের বিরুদ্ধে দাবি হিসেবে; এটি তাঁর মূল্যায়ন। ↩ - সংখ্যাগুলো এক নয়। ধীরেন্দ্রনাথ দত্ত বলেছেন ৬ কোটি ৯০ লাখের মধ্যে ৪ কোটি ৪০ লাখ, অর্থাৎ প্রায় ৬৪% (দলিলপত্র ১, পৃ. ৫৪)। “ইত্তেহাদ”-এর লেখা আর সংগ্রাম পরিষদের স্মারকলিপিতে “দুই-তৃতীয়াংশ” (দলিলপত্র ১, পৃ. ৬৪৫ ও ৯০)। মুজিব লিখেছেন ৫৬% (অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৮)। ১৯৫১-র আদমশুমারিতে পূর্ব অংশে মোট জনসংখ্যার ৫৫% (ভ্যান শেন্ডেল, পৃ. ১০৭), যা বসবাসের হিসাব, ভাষার নয়। সব হিসাবেই বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ; কত বড় সংখ্যাগরিষ্ঠ, তা নিয়ে সূত্রভেদ আছে। ↩
- দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৫–৫৬ ক
প্রেমহরি বর্মণের সমর্থন (পৃ. ৫৫) আর লিয়াকত আলী খানের জবাব (পৃ. ৫৫–৫৬): “Pakistan is a Muslim State…”, “There is no intention to oust Bengalee altogether from Bengal.” অনুবাদ ও সারাংশ আমাদের। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৬ ক
লিয়াকত: “I find now that the object is not such an innocent one as I thought it was. The object of this amendment is to create a rift between the people of Pakistan.” ভূপেন্দ্রকুমার দত্ত: “Urdu is not the language of any of the provinces constituting the Dominion of Pakistan. It is the language of the upper few of Western Pakistan.” ইংরেজি সম্পর্কে তাঁর কথা: “a souvenir of slavery”। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৭–৫৮ ক
নাজিমুদ্দীন (পৃ. ৫৭): “…as far as inter communication between the provinces and the centre is concerned, they feel that Urdu is the only language that can be adopted. But there is a very strong feeling that the medium of instruction should be Bengali…” শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় (পৃ. ৫৭–৫৮): “Pakistan is the Peoples' State”; উর্দু শেখার গল্প আর “(Laughter)” পৃ. ৫৮-এ। সূত্রে ভিন্নতা: উমর (পৃ. ৩১) নওবেলাল (৪ মার্চ ১৯৪৮)-এর বরাতে নাজিমুদ্দীনের যে বাক্য দিয়েছেন (“Most of the inhabitants of East Pakistan think that Urdu should be accepted as the only state language”), কার্যবিবরণীর পাঠ তার চেয়ে নরম; সেখানে প্রদেশের ভেতরে বাংলার পক্ষেও তাঁর কথা আছে। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩১ গ
নাজিমুদ্দীনের বক্তব্যের নওবেলাল-পাঠ আর আজাদ ও পাকিস্তান অবজারভারের সমালোচনা; ২৬ ফেব্রুয়ারির ধর্মঘট; রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের গঠন (উমরের সূত্র: তাজউদ্দীন আহমদের ডায়েরি, ২ মার্চ ১৯৪৮; নওবেলাল, ৪ মার্চ ১৯৪৮); ১১ মার্চের ধর্মঘট ও জেলার খবর; গ্রেপ্তারদের নাম। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৮ ক
তমিজুদ্দীন খান: “…every citizen of Pakistan, who is loyal to Pakistan, has the same rights and privileges… Sir, I cannot accept the amendment.” তারপর: “The motion was negatived.” দলিলপত্রে ছাপা অংশটি পূর্ণ কার্যবিবরণী নয়; বাদ দেওয়া অংশ বিন্দু দিয়ে দেখানো। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯২ খ
লেখকের বিবরণে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ আর তমদ্দুন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা ডেকে “রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ” গঠন করে; পুরনো লীগ কর্মীদের মধ্যে কমরুদ্দীন আহমদ, শামসুল হক প্রমুখ যোগ দেন। জেলা সফর, দৌলতপুরের মারপিট, পিকেটিংয়ের ভাগ, সকাল আটটা আর নয়টার লাঠিচার্জ, আহতদের নাম (খালেক নেওয়াজ খান, বখতিয়ার, এম. এ. ওয়াদুদ, কাজী গোলাম মাহবুব, শওকত মিয়া): সবই এই পাতায়। পরিষদে কারা ছিলেন, সে প্রশ্নে উমরের তালিকা (পৃ. ৩১) আরও বড়। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৩ খ
গ্রেপ্তারের দৃশ্য, “প্রায় সত্তর-পঁচাত্তরজন”, জঙ্গলে ফেলে আসা, রাজনীতিকদের প্রতিবাদ, জেলে কমরুদ্দীন আহমদের খবর আনা আর “প্রহসন” মন্তব্য, চার নম্বর ওয়ার্ড আর গার্লস স্কুলের স্লোগান: সবই এই পাতায়। লেখক চুক্তির শর্ত শুনেছিলেন জেলে বসে, মুখে মুখে; তাঁর লেখা তালিকা মূল চুক্তির সঙ্গে হুবহু মেলে না, আর তিনি নিজেই লিখেছেন, “আর কি কি ছিল আমার মনে নাই”। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৭৭ ক
সাপ্তাহিক নওবেলালের ঢাকা প্রতিনিধির চিঠি; দলিলপত্রে তারিখ ২৫ মার্চ ১৯৪৮, নেওয়া হয়েছে উমরের “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” (পৃ. ৮৩) থেকে। নওবেলাল তখন বাংলার দাবির পক্ষের পত্রিকা (উমর, Emergence, পৃ. ৩০)। সমকালীন, কিন্তু নিরপেক্ষ নয়; সরকারি প্রেসনোটও নিরপেক্ষ নয়। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৮ খ
আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত আর জিন্নাহকে সংবর্ধনার কথা; ফরিদপুর ও যশোরে কয়েক শ ছাত্রের গ্রেপ্তার; সরকারি প্রচার (“কলকাতা থেকে হিন্দু ছাত্ররা পায়জামা পরে এসে”) আর লেখকের জবাব (“একজনও হিন্দু ছাত্র ছিল না”); বাংলা “শতকরা ছাপ্পান্ন ভাগ” মানুষের মাতৃভাষা, “তবুও আমরা বাংলা ও উর্দু দুইটা রাষ্ট্রভাষা করার দাবি করেছিলাম”। ↩
এই পাতার সূত্র
মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।
- গ · গবেষণাবদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
- ক · সমকালীন দলিলহাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
- খ · নিজের ভাষ্যশেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।
- গ · গবেষণাউইলেম ভ্যান শেন্ডেল (Willem van Schendel), A History of Bangladesh। Cambridge: Cambridge University Press, 2009।গবেষণা। ডাচ ইতিহাসবিদের লেখা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস; এখানে পটভূমি আর সংখ্যার জন্য।
ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১০ নভেম্বর ২০২৬।