মুজিবনগর সরকারের শপথ
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। জায়গাটির নতুন নাম রাখা হয় মুজিবনগর, আর এই সরকার ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত।
পটভূমি
২৫ মার্চের রাতে পাকিস্তান সেনাবাহিনীর হামলার পর আওয়ামী লীগের নির্বাচিত নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে যান। ১০ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে সরকার গঠন করেন, যা ২৬ মার্চ থেকে কার্যকর ধরা হয়।
…বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে…
শপথ অনুষ্ঠান
রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে বন্দি। তাঁর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে শোনানো হয়, উপস্থিত ছিলেন দেশি-বিদেশি সাংবাদিকেরা।
তাৎপর্য
এই সরকারের অধীনেই মুক্তিবাহিনী সংগঠিত হয়, দেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হয় এবং বিদেশে স্বীকৃতির জন্য কূটনৈতিক তৎপরতা চলে। একটি বৈধ, নির্বাচিত সরকার থাকায় মুক্তিযুদ্ধ বিশ্বের কাছে একটি জাতির স্বাধীনতার লড়াই হিসেবে উপস্থাপিত হয়।
- স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর, ১০ এপ্রিল ১৯৭১।
- হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র, খণ্ড ৩, তথ্য মন্ত্রণালয়, ১৯৮২।
- বাংলাপিডিয়া, "মুজিবনগর সরকার"।