EN
পর্ব ১ · অধ্যায় ১ · পাতা ২/২

অন্য কোনো ভাষা নয়

১৯৪৭–১৯৪৮
এই পাতা পড়তে প্রায় ১১ মিনিট৪টি দৃশ্য২১টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ২/২

চার দিনের মাথায়

প্রেস বিজ্ঞপ্তিটি ছাপা হলো পরদিনের সব দৈনিকে। উমরের মতে সরকার আন্দোলনকে সাম্প্রদায়িক রং দিতে আর এর পেছনে ভারতের হাত আছে বলে ইঙ্গিত দিতে চেয়েছিল; সেই ইঙ্গিত আরও স্পষ্ট হলো, যখন কলকাতার “অমৃতবাজার পত্রিকা” আর ভারতের কমিউনিস্ট পার্টির বাংলা দৈনিক “স্বাধীনতা” নিষিদ্ধ করা হলো।১ মুজিব লিখেছেন, সরকারি প্রচার ছিল, কলকাতা থেকে হিন্দু ছাত্ররা পায়জামা পরে এসে এই আন্দোলন করছে।২ পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১৩ থেকে ১৫ মার্চ প্রদেশজুড়ে ছাত্র ধর্মঘট চলল।১

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার নম্বর ওয়ার্ড, তিনতলা দালান। দেয়ালের ঠিক ওপাশে মুসলিম গার্লস স্কুল। বন্দিরা যে পাঁচ দিন জেলে ছিলেন, প্রতিদিন সকাল দশটায় স্কুলের মেয়েরা ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত, থামত বিকেল চারটায়: ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘বন্দি ভাইদের মুক্তি চাই’, ‘পুলিশি জুলুম চলবে না’।৩

এই সময় শামসুল হক সাহেবকে আমি বললাম, “হক সাহেব ঐ দেখুন, আমাদের বোনেরা বেরিয়ে এসেছে। আর বাংলাকে রাষ্ট্রভাষা না করে পারবে না।” হক সাহেব আমাকে বললেন, “তুমি ঠিকই বলেছ, মুজিব।”

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী৪

বন্দিদের মধ্যে নয়-দশ বছরের একটি ছেলেও ছিল। বাবা জেলগেটে দেখা করতে এসে বলেছিলেন, আজই তাকে বের করে নেবেন। ছেলের উত্তর: “অন্যান্য ছাত্রদের না ছাড়লে আমি যাব না।” মুজিব লিখেছেন, ছেলেটির নাম তাঁর আর মনে নেই, কথাগুলো মনে আছে।৫

বাইরে চাপ বাড়ছিল। মুজিবের বিবরণে, এই সময় শেরেবাংলা ফজলুল হক, বগুড়ার মোহাম্মদ আলী, তোফাজ্জল আলী, ডা. মালেক, আবদুস সবুর, খয়রাত হোসেন, আনোয়ারা খাতুনসহ অনেকে মুসলিম লীগ পার্টির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান।৩ উমর সরকারের নরম হওয়ার দুটি কারণ দেখিয়েছেন। এক, সরকারের ভাষানীতির বিরোধিতা বাড়ছিল। দুই, ১৯ মার্চ জিন্নাহর আসার কথা; তাঁর সফরের সময় আন্দোলন চললে সরকারের জন্য খুব কঠিন পরিস্থিতি তৈরি হতো।১

১৫ মার্চ সকাল। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউস, যেখানে আজ বাংলা একাডেমি। সংগ্রাম পরিষদের পক্ষে আলোচনায় বসলেন কমরুদ্দীন আহমদ, আবুল কাসেম, মোহাম্মদ তোয়াহা, সৈয়দ নজরুল ইসলাম, আজিজ আহমদ, আবদুর রহমান চৌধুরীসহ কয়েকজন।১ দীর্ঘ আলোচনার পর আট দফা চুক্তি সই হলো।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও খাজা নাজিমুদ্দীনের চুক্তি, ১৫ মার্চ ১৯৪৮ (সংক্ষেপে)৬

  1. ২৯ ফেব্রুয়ারি থেকে ভাষার প্রশ্নে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা অবিলম্বে মুক্তি পাবেন।
  2. পুলিশি অত্যাচারের অভিযোগ প্রধানমন্ত্রী নিজে তদন্ত করে এক মাসের মধ্যে বিবৃতি দেবেন।
  3. এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যবস্থাপক সভায় বিশেষ প্রস্তাব উঠবে: বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা, গণপরিষদে আর কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় পাবে উর্দুর সমমর্যাদা।
  4. আরেকটি প্রস্তাব: প্রদেশের সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে গেলে তার জায়গা নেবে বাংলা; শিক্ষার মাধ্যমও হবে বাংলা।
  5. আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
  6. সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে।
  7. যেসব জায়গায় ভাষা আন্দোলনের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে, সেখান থেকে তা প্রত্যাহার করা হবে।
  8. শেষ দফাটি মুখ্যমন্ত্রীর নিজের ঘোষণা, নিচে মূল ভাষায়।

সংগ্রাম পরিষদের সাথে আলোচনার পর আমি এ ব্যাপারে নিঃসন্দেহ হইয়াছি যে এই আন্দোলন রাষ্ট্রের দুশমনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই।

চুক্তির অষ্টম দফা, ১৫ মার্চ ১৯৪৮৬

চার দিন আগে যে আন্দোলনকে “গভীর ষড়যন্ত্র” বলা হয়েছিল, সরকারপ্রধান নিজের সইয়ে তাকে দায়মুক্ত করলেন।

জেলে বসে মুজিব খবর পেলেন কমরুদ্দীন আহমদের কাছ থেকে। একটা দফা তাঁর পছন্দ হয়নি:

তিনি নিজেই হোম মিনিস্টার, আবার নিজেই তদন্ত করবেন এ যেন এক প্রহসন।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী৩

মুজিবের হিসাবে তাঁরা ছাড়া পেলেন ১৫ মার্চ সন্ধ্যায়; জেলগেট থেকে মিছিল করে তাঁদের নিয়ে যাওয়া হলো সলিমুল্লাহ মুসলিম হলে। উমর মুক্তির তারিখ লিখেছেন ১৬ মার্চ।৭

১৬ মার্চ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রসভা। কেউ একজন সভাপতি হিসেবে মুজিবের নাম প্রস্তাব করলেন, সবাই সমর্থন দিলেন; আমতলায় এটাই তাঁর প্রথম সভাপতিত্ব। সভা চুক্তির সব শর্ত মেনে নিল, শুধু একটি ছাড়া: নাজিমুদ্দীন নিজে পুলিশি জুলুমের তদন্ত করবেন, কারণ তিনি নিজেই প্রধানমন্ত্রী, নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী।৫ মিছিল করে গিয়ে আপত্তির কাগজটা পরিষদ ভবনের ভেতরে পাঠানো হলো। বিকেলে আবার ভিড় জমল, এবার বেশির ভাগই সরকারি কর্মচারী আর সাধারণ মানুষ। পুলিশ লাঠিচার্জ করল, কাঁদানে গ্যাস ছুড়ল।৮

সন্ধ্যায় ফজলুল হক হলে সংগ্রাম পরিষদের সভা। সিদ্ধান্ত হলো, আপাতত আন্দোলন বন্ধ। কারণটা মুজিবের ভাষায়:

কারণ, কয়েকদিনের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম ঢাকায় আসবেন পাকিস্তান হওয়ার পরে। তাঁকে সম্বর্ধনা জানাতে হবে। আমরা ছাত্ররাও সম্বর্ধনা জানাব।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী২

তিন দিন পরে সেই অতিথি নামলেন তেজগাঁওয়ে।

বৃষ্টি, রেসকোর্স, সমাবর্তন

১৯ মার্চ তেজগাঁও বিমানবন্দর। উমর লিখেছেন, ভাষা আন্দোলনের ঠিক পরপর আসায় মানুষের উৎসাহে কিছুটা ভাটা পড়েছিল।৯ মুজিবের স্মৃতিতে অবশ্য বিমানবন্দরে হাজার হাজার মানুষ, আর আকাশ ভেঙে বৃষ্টি:

আমার মনে আছে, ভীষণ বৃষ্টি হচ্ছিল। সেদিন আমরা সকলেই ভিজে গিয়েছিলাম, তবুও ভিজে কাপড় নিয়ে তাঁকে অভ্যর্থনা করার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করেছিলাম।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী১০

দুদিন পরে রেসকোর্সের সেই জনসভা, যা দিয়ে এই অধ্যায় শুরু। ভাষণের পুরো পাঠে আরও কিছু কথা আছে, যা সেদিনের প্রতিক্রিয়া বুঝতে জরুরি। জিন্নাহ বললেন, ভাষার প্রশ্ন তোলা হয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য। তারপর:

দুর্ভাগ্যক্রমে আপনাদের মধ্যে পঞ্চম বাহিনী আছে, আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তারা মুসলমান, যাদের টাকা জোগায় বাইরের লোক।

“Unfortunately, you have fifth-columnists - and I am sorry to say they are Muslims-who are financed by outsiders.”

মুহম্মদ আলী জিন্নাহ, রেসকোর্স ময়দান, ২১ মার্চ ১৯৪৮১১

আবার একই ভাষণে তিনি বললেন, রাষ্ট্রভাষা উর্দু হবে, তবে “সময়মতো”।১১ মুজিব এই অবস্থানের একটা ব্যাখ্যা দিয়েছেন: জনসমর্থন না পেয়ে মুসলিম লীগ নেতারা জিন্নাহকে “ভুল বোঝালেন”, পূর্ব পাকিস্তানের জনমত কোন পথে, তা তাঁকে কেউ বলেননি বা বলতে সাহস পাননি।১২ এটা মুজিবের মত। জিন্নাহ নিজে যে যুক্তি দিয়েছিলেন, তা তিনি তিন দিন পরে আবার বললেন, আরও বিস্তারিত।

২৪ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন। জিন্নাহ বললেন, প্রদেশের সরকারি কাজে প্রদেশের মানুষ যে ভাষা চায় সেটাই ব্যবহার করতে পারে, সিদ্ধান্ত নেবেন তাঁদের প্রতিনিধিরা।১৩ কিন্তু:

তবে একটিই সাধারণ ভাষা থাকতে পারে, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগের ভাষা, আর সেই ভাষা হওয়া উচিত উর্দু, অন্য কোনো ভাষা হতে পারে না।

“There can however, be only one lingua franca, that is, the language for inter-communication between the various provinces of the State, and that language should be Urdu and cannot be any other.”

মুহম্মদ আলী জিন্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন, ২৪ মার্চ ১৯৪৮১৩

কেন উর্দু, তারও কারণ দিলেন: উপমহাদেশের দশ কোটি মুসলমান এই ভাষাকে লালন করেছে; পাকিস্তানের সব প্রান্তে এটি বোঝা যায়; ইসলামি সংস্কৃতি আর মুসলিম ঐতিহ্যের সেরাটা এই ভাষায় ধরা আছে; আর অন্যান্য মুসলিম দেশের ভাষার সঙ্গে এর মিল সবচেয়ে বেশি।১৩

এবার প্রতিবাদ উঠল একেবারে সামনে থেকে। উমর লিখেছেন, আবদুল মতিন, এ. কে. এম. আহসানসহ কয়েকজন “না, না” বলে চিৎকার করেন, কিন্তু জিন্নাহ অবিচল ছিলেন।১৪ মুজিবের বিবরণে ছাত্ররা তাঁর সামনে বসেই চিৎকার করে বলল, “না, না, না”, আর জিন্নাহ প্রায় পাঁচ মিনিট চুপ করে থেকে আবার বক্তৃতা শুরু করলেন।১০

আমার মনে হয়, এই প্রথম তাঁর মুখের উপরে তাঁর কথার প্রতিবাদ করল বাংলার ছাত্ররা। এরপর জিন্নাহ যতদিন বেঁচেছিলেন আর কোনোদিন বলেন নাই, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী১০

সেদিন সন্ধ্যায় সংগ্রাম পরিষদের একটি দল জিন্নাহর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেয়। তাতে নিজেদের পরিচয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের “একমাত্র মুসলমান যুবকদের লইয়া গঠিত” কর্মপরিষদ। দাবি: বাংলা হোক পাকিস্তানের “অন্যতম” রাষ্ট্রভাষা, কারণ এটি সমগ্র জনসংখ্যার দুই-তৃতীয়াংশের ভাষা। একাধিক রাষ্ট্রভাষার উদাহরণ বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মিসর, শ্যাম; সোভিয়েত রাশিয়ায় সতেরোটি। বাংলাকে সমৃদ্ধ করেছেন আলাওল, নজরুল ইসলাম, কায়কোবাদ, জসীমউদ্দীনসহ অনেক মুসলমান কবি-সাহিত্যিক; সুলতান হুসেন শাহ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন; বাংলার শব্দভান্ডারের অর্ধেক এসেছে ফারসি আর আরবি থেকে।১৫ যুক্তিগুলো সাজানো হয়েছিল পাকিস্তানের ভেতরে থেকেই। শেষ বাক্যটি ছিল সতর্কবাণী:

যে পর্যন্ত না আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয় সে পর্যন্ত বাংলা ভাষার জন্যে এই আন্দোলন চালাইয়া যাওয়া হইবে।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের স্মারকলিপি, ২৪ মার্চ ১৯৪৮১৫

উমরের বিবরণে বৈঠকটি হয়েছিল খুব তিক্ত। জিন্নাহ ভাষার প্রশ্নে এক চুলও ছাড় দেননি, আর পরিষদের কেউ কেউ, বিশেষ করে অলি আহাদ, তাঁর সঙ্গে খুব রূঢ় আচরণ করেন। উমর এর সূত্র দিয়েছেন তোয়াহা, অলি আহাদ, তাজউদ্দীন আহমদ, কমরুদ্দীন আহমদের সাক্ষ্য আর তাজউদ্দীনের ২৪ মার্চের ডায়েরি।১৪ মুজিব আরেকটি বৈঠকের কথা লিখেছেন: দুই ছাত্রলীগের দুজন করে প্রতিনিধির সঙ্গে জিন্নাহর দেখা। মুজিবদের পক্ষে গিয়েছিলেন তোয়াহা আর শামসুল হক, মুজিব নিজে ছিলেন না। রাষ্ট্রভাষা নিয়ে শামসুল হকের সঙ্গে জিন্নাহর “একটু তর্ক” হয়েছিল।১০

জিন্নাহর ঢাকা ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। যাওয়ার আগের রাতে তিনি শেষবারের মতো পূর্ব বাংলার মানুষের উদ্দেশে কথা বলবেন।

বিদায়ের আগের রাত

বেতারে জিন্নাহ শুরু করলেন ধন্যবাদ দিয়ে। নয় দিন তিনি এই প্রদেশে কাটিয়েছেন, সবখানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দেশভাগের ফলে পাকিস্তানের অন্য যেকোনো প্রদেশের চেয়ে পূর্ব বাংলাকেই হয়তো সবচেয়ে কঠিন প্রশাসনিক সমস্যায় পড়তে হয়েছে, বললেন তিনি। এখানেই সেই কথা: ১৫ আগস্ট ঢাকা ছিল নিছক এক মফস্বল শহর।১৬

তারপর সতর্কবাণী। স্বাধীনতা মানে যথেচ্ছাচার নয়; কোনো দল বেআইনি পথে নির্বাচিত সরকারের ওপর নিজের ইচ্ছা চাপাতে চাইলে সরকার তা সহ্য করতে পারে না, সব উপায়ে কঠোর হাতে দমন করবে। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে ভাষা-বিতর্কের কথা বললেন, যা তাঁর ভাষায় প্রদেশের কিছু মহলে “একেবারে অকারণ উত্তেজনা ও গোলমাল” সৃষ্টি করেছে। প্রদেশের সরকারি ভাষা কী হবে, তা ঠিক করবেন জনগণের প্রতিনিধিরা।১৬

কিন্তু এই ভাষা-বিতর্ক আসলে একটি বড় সমস্যার একটি দিক মাত্র: প্রাদেশিকতা। … আমরা যদি নিজেদের প্রথমে বাঙালি, পাঞ্জাবি, সিন্ধি ইত্যাদি ভাবতে শুরু করি, আর মুসলমান ও পাকিস্তানি কেবল প্রসঙ্গক্রমে, তাহলে পাকিস্তান ভেঙে পড়তে বাধ্য।

“But this language controversy is really only one aspect of a bigger problem-that of provincialism. … If we begin to think of ourselves as Bengalis, Punjabis, Sindhis etc, first and Muslims and Pakistan's [sic] only incidentally, then Pakistan is bound to disintegrate.”

মুহম্মদ আলী জিন্নাহ, বিদায়ী বেতার ভাষণ, ২৮ মার্চ ১৯৪৮১৭

এই ভাষণ নিয়ে সূত্রগুলোর একটা সূক্ষ্ম পার্থক্য আছে। উমর লিখেছেন, ভাষার প্রশ্নে জিন্নাহ এখানেও “একই মত” দেন, আর মানুষ হতাশ হয়।১৮ অথচ ছাপা পাঠে “রাষ্ট্রভাষা হবে উর্দু” কথাটি সরাসরি আর নেই; আছে প্রাদেশিক ভাষার সিদ্ধান্ত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়ার কথা, আর ভাষা-আন্দোলনের প্রতি কড়া সতর্কবাণী।১৭ মুজিবের কথাটাও মনে রাখার মতো: সমাবর্তনের পর জিন্নাহ আর কখনো বলেননি, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে।১০ দুটো পাশাপাশি রাখলে মনে হয়, উমর বলছেন জিন্নাহর সামগ্রিক অবস্থানের কথা, নির্দিষ্ট কোনো বাক্যের নয়। এটা আমাদের পাঠ, সূত্রের কথা নয়।

জিন্নাহ করাচি ফিরে গেলেন। সাড়ে পাঁচ মাস পরে, ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর, তিনি মারা যান।৯ পূর্ব বাংলায় আর ফেরা হয়নি।

প্রশ্নটা রয়ে গেল

এপ্রিলে প্রাদেশিক ব্যবস্থাপক সভায় চুক্তির একটি প্রস্তাব উঠল, আরেকটি উঠল না। বাংলা হবে প্রদেশের সরকারি ভাষা, ইংরেজির পরে, আর শিক্ষার মাধ্যম, এই প্রস্তাব নাজিমুদ্দীন আনলেন। কিন্তু বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার বিশেষ প্রস্তাব, চুক্তির তৃতীয় দফা, আনা হলো না। উমর একে বলেছেন প্রতিশ্রুতি থেকে সরে আসা।১৮

এই সময়ের দলিলগুলো পাশাপাশি রাখলে একটা জিনিস চোখে পড়ে। দাবিটা ছিল পাকিস্তানের ভেতরেই, বাংলার সমমর্যাদার দাবি। সংগ্রাম পরিষদ জিন্নাহকে লিখেছিল, বাংলা হোক “অন্যতম” রাষ্ট্রভাষা।১৫ মুজিব লিখেছেন, বাংলাভাষীরা সংখ্যায় বেশি হওয়ার পরও তাঁরা দাবি করেছিলেন বাংলা আর উর্দু দুটোকেই রাষ্ট্রভাষা করার।২

বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর ১৯৪৮, ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। মূল সভাপতি ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। তাঁর অভিভাষণ পড়লে সময়টার জটিলতা টের পাওয়া যায়। তিনি চাইলেন একটি একাডেমি, যা পৃথিবীর নানা ভাষার শ্রেষ্ঠ বই বাংলায় অনুবাদ করবে। আবার বললেন, নতুন শিক্ষা-তালিকায় “রাষ্ট্র-ভাষা উর্দুকে” স্থান দিতে হবে; এতদিন যারা ইংরেজি শিখেছে, উর্দু শিখতে তাদের আপত্তি কেন থাকবে?১৯ শহীদুল্লাহর সংবর্ধনা গ্রন্থে ছাপা পাঠ শেষ হয়েছে “পাকিস্তান জিন্দাবাদ” দিয়ে, তার ঠিক আগে এই সতর্কতা: “মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেই পাকিস্তান জীবিত থাকবে না।”১৯

ভাষণের শেষ অংশটি সেই গ্রন্থে ছাপা হয়নি। সেটি পাওয়া যায় বদরুদ্দীন উমরের বইয়ে:

আমরা হিন্দু বা মুসলমান সত্য, তার চেয়ে বেশী সত্য আমরা বাঙ্গালী। এটি কোন আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা।

ড. মুহম্মদ শহীদুল্লাহ, পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন, ৩১ ডিসেম্বর ১৯৪৮২০

উমরের মতে জিন্নাহর সফরের সঙ্গে ভাষা আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছিল, কিন্তু প্রশ্নটা পূর্ব বাংলাজুড়ে জীবন্ত থেকে গিয়েছিল।১৮ রাষ্ট্রভাষার মীমাংসা হলো না।

তারপর ১৯৫২ সালের জানুয়ারির শেষ দিকে ঢাকার পল্টন ময়দানে ভাষার প্রশ্নে আবার কথা বললেন খাজা নাজিমুদ্দীন, এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে।২১ প্রায় চার বছর আগে যে চুক্তিতে তিনি সই করেছিলেন, তার তৃতীয় দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব।৬

সেই মানুষটির মুখে এবার কী শোনা গেল, আর ঢাকার ছাত্ররা কী জবাব দিলেন, সে গল্প পরের অধ্যায়ের। শুধু এটুকু বলা যায়, এবারের জবাবের দাম অনেক বেশি।

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩২ গ
    প্রেস বিজ্ঞপ্তির ইংরেজি অনুবাদ আর উমরের মূল্যায়ন: সরকার আন্দোলনকে “a communal character” দিতে আর ভারতের জড়িত থাকার ইঙ্গিত দিতে চেয়েছিল; অমৃতবাজার পত্রিকা ও স্বাধীনতা নিষিদ্ধ; ১৩–১৫ মার্চ ছাত্র ধর্মঘট; সরকারের আলোচনায় বসার দুই কারণ; বর্ধমান হাউসের বৈঠক আর উপস্থিতদের নাম। ↩
  2. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৮ খ
    আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত আর জিন্নাহকে সংবর্ধনার কথা; ফরিদপুর ও যশোরে কয়েক শ ছাত্রের গ্রেপ্তার; সরকারি প্রচার (“কলকাতা থেকে হিন্দু ছাত্ররা পায়জামা পরে এসে”) আর লেখকের জবাব (“একজনও হিন্দু ছাত্র ছিল না”); বাংলা “শতকরা ছাপ্পান্ন ভাগ” মানুষের মাতৃভাষা, “তবুও আমরা বাংলা ও উর্দু দুইটা রাষ্ট্রভাষা করার দাবি করেছিলাম”। ↩
  3. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৩ খ
    গ্রেপ্তারের দৃশ্য, “প্রায় সত্তর-পঁচাত্তরজন”, জঙ্গলে ফেলে আসা, রাজনীতিকদের প্রতিবাদ, জেলে কমরুদ্দীন আহমদের খবর আনা আর “প্রহসন” মন্তব্য, চার নম্বর ওয়ার্ড আর গার্লস স্কুলের স্লোগান: সবই এই পাতায়। লেখক চুক্তির শর্ত শুনেছিলেন জেলে বসে, মুখে মুখে; তাঁর লেখা তালিকা মূল চুক্তির সঙ্গে হুবহু মেলে না, আর তিনি নিজেই লিখেছেন, “আর কি কি ছিল আমার মনে নাই”। ↩
  4. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৩, ৯৫ খ
    উদ্ধৃতিটি পৃ. ৯৩-এর শেষ লাইনে শুরু হয়ে পৃ. ৯৫-এ শেষ; মাঝের পৃ. ৯৪-এ পাণ্ডুলিপির একটি পাতার ছবি। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  5. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৬ খ
    জেলের সেই ছেলেটির কথা, আর ১৬ মার্চ আমতলার সভা: সভা চুক্তির সব শর্ত অনুমোদন করে, শুধু নাজিমুদ্দীনের নিজের তদন্তের শর্তটি ছাড়া, “কারণ খাজা সাহেব নিজেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী”। ↩
  6. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৭৮ ক
    রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও খাজা নাজিমুদ্দীনের চুক্তি, ১৫ মার্চ ১৯৪৮; দলিলপত্র নিয়েছে উমরের “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” (পৃ. ৯০) থেকে। তালিকাটি আমাদের সংক্ষেপ; অষ্টম দফা মূল ভাষায়। ↩
  7. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৫ খ
    “আমাদের ১১ তারিখে জেলে নেওয়া হয়েছিল, আর ১৫ তারিখ সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।” সূত্রে ভিন্নতা: উমর (Emergence, পৃ. ৩৩) লিখেছেন, ১১ মার্চে গ্রেপ্তার সব রাজবন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগার আর ঢাকার বাইরের কারাগারগুলো থেকে মুক্তি পান ১৬ মার্চ। মুজিবের নিজের বিবরণে ১৬ মার্চ সকাল দশটায় তিনি আমতলার ছাত্রসভায় সভাপতিত্ব করছেন (পৃ. ৯৬)। ↩
  8. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৭ খ
    ১৬ মার্চ: মিছিল করে পরিষদ ভবনে কাগজ পাঠানো, বিকেলে সরকারি কর্মচারী আর সাধারণ মানুষের ভিড়, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। একই পাতায় লেখক জানাচ্ছেন, কিছু ছাত্র কয়েকজন এমএলএকে হলে ধরে এনে পদত্যাগের অঙ্গীকার লেখাতে চেয়েছিল, আর তিনি অনুরোধ করে বাগেরহাটের এমএলএ ডা. মোজাম্মেল হককে ছাড়িয়ে দেন। ↩
  9. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩ গ
    ১৯ মার্চ তেজগাঁও বিমানবন্দরে জিন্নাহর আগমন; উমরের ভাষায় এটি তাঁর “first, and last” ঢাকা সফর (মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৪৮)। ২১ মার্চ রেসকোর্স ময়দানের (“now Suhrawardy Uddyan”) সভায় ভিড় থেকে বিক্ষিপ্ত প্রতিবাদ, জবাবে জিন্নাহর আগের কথার পুনরাবৃত্তি; ভাষা আন্দোলনের ঠিক পরে আসায় মানুষের উৎসাহে কিছুটা ভাটা। উমরের সূত্র: তাজউদ্দীন আহমদের ডায়েরি (১৯ মার্চ ১৯৪৮) ও জিন্নাহর ভাষণ-সংকলন। ↩
  10. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৯ খ
    ঘোড়দৌড় মাঠের সভা আর “মানি না”, তেজগাঁওয়ের বৃষ্টি, সমাবর্তনের “না, না, না” আর জিন্নাহর প্রায় পাঁচ মিনিট চুপ থাকা, দুই ছাত্রলীগের প্রতিনিধিদের সঙ্গে জিন্নাহর বৈঠক: সবই এই পাতায়। লেখক স্মৃতিকথাটি লিখতে শুরু করেন ১৯৬৭ সালে, কারাগারে (গ্রন্থের টীকা ১), ঘটনার প্রায় উনিশ বছর পরে। ↩
  11. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৮৪ ক
    একই ভাষণ। এই পাতায়: প্রদেশের সরকারি ভাষা ঠিক করবেন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিরা; বাংলার প্রশ্নে “your normal life” বিঘ্নিত হবে না; রাষ্ট্রভাষা উর্দু, তবে “as I have said, it will come in time”; ভাষার প্রশ্ন তোলা হয়েছে “to create disruption amongst the Mussalmans”; আর “fifth-columnists” প্রসঙ্গ। বাংলা অনুবাদ আমাদের। ↩
  12. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ৯৯ খ
    “জিন্নাহকে দলমত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতেন।” একই অনুচ্ছেদে লেখকের ব্যাখ্যা: উর্দুর পক্ষে জনসমর্থন না পেয়ে মুসলিম লীগ নেতারা জিন্নাহকে “ভুল বোঝালেন”; পূর্ব পাকিস্তানের জনমত কোন পথে, “তাঁকে কেউই তা বলেন নাই বা বলতে সাহস পান নাই।” এটি লেখকের মত। ↩
  13. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৮৬–৮৮ ক
    জিন্নাহর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন ভাষণ, ২৪ মার্চ ১৯৪৮ (রেডিও পাকিস্তান ঢাকার রেকর্ড)। উর্দুর পক্ষে তাঁর যুক্তি: “…a language that has been nurtured by a hundred million Muslims of this sub-continent, a language understood throughout the length and breadth of Pakistan and above all, a language which, more than any other provincial language, embodies the best that is in Islamic culture and Muslim tradition and is nearest to the language used in other Islamic countries.” অনুবাদ আমাদের। ↩
  14. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩ গ
    সমাবর্তনে আবদুল মতিন, এ. কে. এম. আহসানসহ কয়েকজনের “no, no” (উমরের সূত্র: আবদুল মতিন ও আবুল কাসেম)। সেদিন সন্ধ্যায় সংগ্রাম পরিষদের সঙ্গে বৈঠকে উপস্থিত শামসুল হক, কমরুদ্দীন আহমদ, অলি আহাদ, আবুল কাসেম, মোহাম্মদ তোয়াহা, তাজউদ্দীন আহমদ, লিলি খান, নঈমুদ্দীন আহমদ, শামসুল আলম, আজিজ আহমদ, সৈয়দ নজরুল ইসলাম; বৈঠক “very bitter”, অলি আহাদ “very rude”। ↩
  15. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৯০ ক
    রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের স্মারকলিপি, ২৪ মার্চ ১৯৪৮; দলিলপত্র নিয়েছে উমরের “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” (পৃ. ১২১) থেকে। সম্পাদকের টীকা: খসড়া করেন কমরুদ্দীন আহমদ। স্মারকলিপিতে বাংলাকে বলা হয়েছে সম্পদের বিচারে পৃথিবীর “সপ্তম” ভাষা। ↩
  16. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৯১–৯২ ক
    জিন্নাহর বিদায়ী বেতার ভাষণ, রেডিও পাকিস্তান ঢাকা, ২৮ মার্চ ১৯৪৮ (ভাষণ-সংকলন, পৃ. ১০৭)। “During the past nine days…”, “On August 15, Dacca was merely mofussil town…”, আর বেআইনি পথে নির্বাচিত সরকারের ওপর ইচ্ছা চাপানোর বিরুদ্ধে সতর্কবাণী (“such gangsterism and mob rule”)। অনুবাদ ও সারাংশ আমাদের। ↩
  17. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৯২ ক
    প্রাদেশিকতা নিয়ে উদ্ধৃত অংশ এই পাতায়। ছাপা পাঠে আছে “Pakistan's only incidentally”; প্রসঙ্গ দেখে মনে হয় শব্দটি হবে “Pakistanis”, তাই [sic]। ২৮ মার্চের ভাষণের ছাপা পাঠে (পৃ. ৯১–৯৩) রাষ্ট্রভাষা উর্দু হবে, এমন সরাসরি কোনো বাক্য নেই। ↩
  18. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩ গ
    এপ্রিলে নাজিমুদ্দীন “went back on his promise”: অন্যতম রাষ্ট্রভাষার প্রস্তাব আনেননি, তবে ইংরেজির পরে বাংলাকে প্রদেশের সরকারি ভাষা আর শিক্ষার মাধ্যম করার প্রস্তাব এনেছিলেন। ২৮ মার্চের বেতার ভাষণ সম্পর্কে: “he expressed the same views on the language question”। জিন্নাহর সফরের সঙ্গে প্রথম পর্বের সমাপ্তি, তবে “it remained a live issue throughout East Bengal”। ↩
  19. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ১০৯–১১৬ ক
    ড. মুহম্মদ শহীদুল্লাহ, পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন, ঢাকা অধিবেশনে মূল সভাপতির অভিভাষণ, ৩১-১২-১৯৪৮। একাডেমির প্রস্তাব, শিক্ষা-তালিকায় “রাষ্ট্র-ভাষা উর্দুকে স্থান দিতে হবে”, আর “মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেই…” পৃ. ১১৬-এ। দলিলপত্রের সূত্র: শহীদুল্লাহ সম্বর্ধনা গ্রন্থ, আর উমরের “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”। ↩
  20. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ১১৬ ক
    তারকাচিহ্নিত টীকা। সম্পাদকের নোট: “ভাষনের শেষ যে অংশটি (তারকা চিহ্নিত) গ্রন্থে প্রকাশিত হয়নি তা এখানে বদরুদ্দিন উমরের গ্রন্থ থেকে উদ্ধৃত হলো।” পুরো অংশে আরও আছে: প্রকৃতি “আমাদের চেহারায় ও ভাষায় বাঙ্গালীত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে, মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুঙ্গী-দাড়িতে ঢাকবার জো-টি নেই।” ↩
  21. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩–৩৪ গ
    উমর লিখেছেন, পল্টনের ভাষণ ২৭ জানুয়ারি ১৯৫২। সূত্রে ভিন্নতা: দলিলপত্রে ছাপা দুটি লেখার একটিতে, কবির উদ্দিন আহমদের “একুশের ইতিহাস”-এ, তারিখ “২৬শে জানুয়ারী” (খণ্ড ১, পৃ. ২৩০); আতাউর রহমান খানের ২৭ এপ্রিল ১৯৫২-এর ভাষণে “জানুয়ারী শেষ ভাগে” (পৃ. ২৬০)। তাই এখানে “জানুয়ারির শেষ দিকে”; তারিখের প্রশ্নটি পরের অধ্যায়ে। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১০ নভেম্বর ২০২৬।