এই অধ্যায়ে · পাতা ২/৮
অক্টোবর–নভেম্বর ১৯৫১ · ঢাকা ও করাচি
ষোল টাকা সের
১৯৫০ সালে ফসল ভালো হয়েছিল, চাল আর ধানের দাম অনেকটা নেমেছিল। ১৯৫১ সালের শুরু থেকে খাদ্য পরিস্থিতি আবার খারাপ হতে থাকে, আর বছরের শেষে খাদ্যসংকটের সঙ্গে যোগ হলো এমন এক সংকট, যার কথা আগে কেউ ভাবেনি।১ ৩ অক্টোবর দৈনিক আজাদ উদ্বেগ জানাল, এক সের লবণের দাম হঠাৎ বারো আনায় উঠেছে, তারপর দুই টাকায়। কিছুদিনের মধ্যে সেই দাম লাফিয়ে উঠল ষোল টাকায়। উমর লিখেছেন, কষ্টটা সবার, তবে সবচেয়ে বেশি কৃষকের, কারণ মাথাপিছু লবণ সবচেয়ে বেশি লাগে তাঁদেরই।১
লবণ গেল কোথায়? ২২ অক্টোবর আজাদে ঢাকা বণিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের একটি বিবৃতি ছাপা হলো, তাতে কিছু হিসাব ছিল। সরকারি হিসাবেই পূর্ব পাকিস্তানে বছরে লবণ লাগে ৭৫ লক্ষ মণ। পশ্চিম পাকিস্তানের পাঁচটি কারখানায় বছরে উৎপাদন ৫২ লক্ষ মণ, পূর্ব পাকিস্তানে তেমন নামকরা কারখানা নেই। দেশি শিল্পকে উৎসাহ দিতে সরকার বিদেশ থেকে লবণ আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমদানির অনুমতি চেয়ে তিনি নিজে সরকারকে অনুরোধ করেছিলেন, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন পরিষদ এপ্রিলে সুপারিশও করেছিল, সিদ্ধান্ত হয়নি। তারপর তিনি একটি তুলনা টানলেন। পশ্চিম পাকিস্তানে চা আর পানের অভাব হওয়ায় সেখানকার মানুষকে বিদেশ থেকে ওই দুটো জিনিস আনার অনুমতি দেওয়া হয়েছে, অথচ স্বদেশি শিল্পের পৃষ্ঠপোষকতার দায়ে পূর্ববঙ্গের মানুষ এক সের লবণ কিনছে দুই থেকে তিন টাকায়। বিবৃতির শেষ বাক্য:২
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, করাচীতে বর্তমানে মাত্র দুই আনা সের দরে লবণ বিক্রয় হইতেছে।
দশ দিন পরে সাপ্তাহিক নওবেলালের সম্পাদকীয়র শিরোনাম ছিল দুই শব্দের: “গদী ছাড়”। লেখা হলো, লবণের দুর্ভিক্ষ চরম আকার নিয়েছে:
সের প্রতি দুই টাকা হইতে আরম্ভ করিয়া স্থানবিশেষে ষোল টাকায় পর্য্যন্ত লবণ খরিদ করিতে লোক বাধ্য হইতেছে। … আমাদের আফজল মন্ত্রী আবার বিবৃতি ঝাড়িয়াছেন, কেন্দ্রীয় সরকারে শৈথিল্য ও অব্যবস্থার জন্যই নাকি এই বিড়ম্বনা।
পরদিন, ২ নভেম্বর, প্রশ্নটা উঠল পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদে। প্রাদেশিক সরবরাহমন্ত্রী এস. এম. আফজল লবণ পরিস্থিতি বিবেচনার প্রস্তাব এনে সরকারের দিকটা তুলে ধরলেন, ইংরেজিতে, তারিখ ধরে ধরে। ১৯৫০ সালের আগস্টে দাম বাড়তে দেখে প্রাদেশিক সরকার লবণ নিয়ন্ত্রণ আদেশ জারি করে। নভেম্বরে কেন্দ্র নিজের নিয়ন্ত্রণ আদেশ দেয়, আর ১৪ ডিসেম্বর থেকে সামুদ্রিক লবণ কেনা আর পূর্ব বাংলায় পাঠানোর একচেটিয়া দায়িত্ব নেয় কেন্দ্রীয় সরকার নিজে। প্রদেশকে বলা হয় নিজে থেকে কিছু না করতে; করাচির লবণ কারখানায় যা জমা আছে, তাতেই পূর্ব বাংলার চাহিদা মিটবে। ১৯৫১ সালের জানুয়ারি থেকে মে, এই পাঁচ মাসে দরকার ছিল আনুমানিক ২৫ লক্ষ মণ; করাচি থেকে এসেছে ৯,৭০,৯৪২ মণ। বিদেশ থেকে আমদানির প্রস্তাব অক্টোবরের প্রথম সপ্তাহে নাকচ হয়েছে।৪ তাঁর একটি বাক্যে পুরো সংকটের সময়রেখা ধরা আছে:
লবণের জাহাজ আসতে শুরু করল অক্টোবরের মাঝামাঝি, যখন জিনিসটার দাম আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
“Salt ships began to arrive from the middle of October when the price of the commodity had already gone out of control.”
দাম নিয়ে অবশ্য মন্ত্রীর হিসাব আলাদা। মহকুমা হাকিম আর মহকুমা মুসলিম লীগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, তিনি জানালেন, খোলা বাজারে দাম কোথাও সের প্রতি ৬ টাকার ওপরে ওঠেনি, পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণে। তারপর জায়গা ধরে ধরে দামের একটি তালিকা পড়ে শোনালেন: নারায়ণগঞ্জ ২ টাকা, মুন্সিগঞ্জ ৪ থেকে ৬, মাদারীপুর ৬, কক্সবাজার ৬ থেকে ৮ টাকা।৪ শেষ সংখ্যাটি তাঁর নিজের বলা সীমার চেয়ে বেশি।
বিতর্কে যাঁরা উঠলেন, তাঁদের সুর ভিন্ন। মীর আহমদ আলী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন, তিনি করাচি গিয়ে ৭-৮ লক্ষ মণ লবণের ব্যবস্থা করে এসেছেন; তারপর প্রশ্ন করলেন, “গরীবকে কেন ১৬ টাকা সেরে লবণ কিনতে হ'ল?” সময়টা তিনি বেঁধে রাখলেন একটি মৃত্যুর সঙ্গে: “যখন লিয়াকত আলী খানসাহেবের মৃত্যু হ'ল তখন লবণের মূল্য ১৬ টাকা সের হ'ল।” আর নিজেই যোগ করলেন, “বাঙ্গালী লবণ অভাবে মরে নাই তবে কষ্ট হয়েছে যথেষ্ট।”৫
বিনোদচন্দ্র চক্রবর্তী বললেন, মন্ত্রীর বিবৃতি শুনে তাঁর মনে হয়েছে “যেন তিনি ব্যর্থতার এক করুণ কাহিনী বর্ণনা করছেন।” কেন্দ্রকে দায়ী করা হচ্ছে, কিন্তু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব তো প্রাদেশিক সরকারেরই।৬ এক জায়গায় তিনি বললেন, শুনেছেন কোথাও কোথাও মুসলিম লীগের কোনো কোনো প্রেসিডেন্ট আর ভাইস-প্রেসিডেন্টও লবণের কালোবাজারি করেছেন। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে থামালেন: বক্তৃতায় কোনো রাজনৈতিক দলের নাম নেওয়া চলবে না।৬ তার ঠিক আগে বিনোদচন্দ্র একটি সতর্কবাণী রেখে গেছেন:
আজ যদিও দেশে জনসাধারণ নিষ্ক্রিয় হয়ে বসে আছে তাহলেও এমন একদিন আসবে যখন তারা চুপ করে থাকবে না। এখন হয়তো জনসাধারণের সংঘবদ্ধ হবার শক্তি নাই; কিন্তু এমন দিন চিরকাল থাকবে না।
সবচেয়ে ধারালো পর্যবেক্ষণটি এল প্রভাসচন্দ্র লাহিড়ীর কাছ থেকে: “ব্যাপার দেখা যায় যে রাষ্ট্রের দুই প্রান্ত থেকে দুইজন দায়িত্বপূর্ণ ব্যক্তি দুই রকম কথা বলছেন।” প্রাদেশিক মন্ত্রী বলছেন, কেন্দ্র যথেষ্ট লবণ পাঠায়নি। আর ৩১ অক্টোবরের পাকিস্তান অবজারভারে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ফজলুর রহমান বলেছেন উল্টো কথা। লাহিড়ী পড়ে শোনালেন:৭
[ফজলুর রহমান বলেন,] পূর্ববঙ্গে লবণের ঘাটতি আর দাম নিয়ে খবরগুলো খুবই অতিরঞ্জিত। … কেন্দ্রীয় সরকার বণ্টনের জন্য বিপুল পরিমাণ লবণ প্রাদেশিক সরকারের হাতে দিয়েছে। প্রদেশে লবণের ন্যায্য ও সঠিক বণ্টনের ব্যবস্থা করা প্রাদেশিক সরকারেরই দায়িত্ব।
“… the shortage of salt in East Bengal and its prices are very exaggerated. He said that the Central Government had a placed salt in a large quantity at the disposal of the Provincial Government for distribution. It is the responsibility of the provincial Government to arrange the fair and proper distribution of the salt in the Province, he added.”
লাহিড়ী মন্ত্রীর নিজের সংখ্যা ধরেই হিসাব কষলেন: যে লবণ আগে দুই আনা দশ পাই থেকে চার আনা সেরে বিক্রি হতো, তার দাম ৬ টাকা হলেও তো বহু গুণ। আর বেশি দূরে নয়, তাঁর কথায়, এই নারায়ণগঞ্জেই লবণ বিক্রি হয়েছে ১৫-১৬ টাকা সেরে।৭ মন্ত্রীর তালিকায় নারায়ণগঞ্জের দাম ছিল ২ টাকা।৪
উমর এই অভাবের বছরগুলোকেই ১৯৪৮ আর ১৯৫২-র তফাতের মূল চাবি মনে করেন। তাঁর মতে খাদ্যসংকট আর দুর্ভিক্ষ-পরিস্থিতিই মুসলিম লীগের সামাজিক ভিত্তি ভাঙায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, বদলে দিয়েছিল গোটা কৃষকসমাজের মনোভাব।৮ সেটা গবেষকের ব্যাখ্যা, প্রমাণ নয়। যাচাইয়ের সুযোগ এল তাড়াতাড়িই। বিনোদচন্দ্রের “এমন দিন চিরকাল থাকবে না” বলার তিন মাসও পেরোয়নি, পল্টন ময়দানে মাইকের সামনে দাঁড়ালেন নাজিমুদ্দীন।
জানুয়ারির শেষ – ১৯ ফেব্রুয়ারি ১৯৫২ · ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর
রাত একটার পরে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তখন এক নিরাপত্তা বন্দির চিকিৎসা চলছে। চোখের যন্ত্রণা আর হৃদ্রোগ নিয়ে জেল থেকে তাঁকে আনা হয়েছে; কেবিনের দরজার বাইরে পাহারায় গোয়েন্দা বিভাগের লোক।৯ পল্টনের ভাষণের পর এক সন্ধ্যায় তাঁকে দেখতে এলেন যুবলীগের মোহাম্মদ তোয়াহা আর অলি আহাদ। শেখ মুজিবুর রহমান লিখেছেন, কেবিনের একটা জানালা ছিল ওয়ার্ডের দিকে। তিনি তাঁদের বললেন রাত একটার পরে আসতে, আর ছাত্রলীগের খালেক নেওয়াজ, কাজী গোলাম মাহবুবসহ আরও কয়েকজনকে খবর দিতে। অনেক রাতে তিনি একা হাঁটাহাঁটি করতেন বলে কেউ কিছু বলত না; পুলিশ জানত তিনি পালাবেন না, গোয়েন্দা কর্মচারী এক পাশে বসে ঝিমাত। পেছনের বারান্দায় পাঁচ-সাতজন এলেন। মুজিব বললেন, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়তে হবে।৯
পরের রাতে এক এক করে আরও অনেকে এলেন। মুজিবের বিবরণে সেই রাতের সিদ্ধান্ত:
সেখানেই ঠিক হল আগামী ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে।
নিজের একটি সিদ্ধান্তও তিনি জানিয়ে দিলেন: বিনা বিচারে ছাব্বিশ মাস আটক থাকার পর ১৬ ফেব্রুয়ারি থেকে মুক্তির দাবিতে অনশন। দুদিন পরে একটি মেডিকেল বোর্ড এসে মত দিল, তিনি অনেকটা সুস্থ; তাঁকে ফেরত পাঠানো হলো ঢাকা জেলে। সেখান থেকে ১ ফেব্রুয়ারি তিনি আর মহিউদ্দিন আহমদ সরকারকে দরখাস্ত পাঠালেন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে ১৬ তারিখ থেকে অনশন। জেল কর্তৃপক্ষ অনশন না করার অনুরোধ জানালে মুজিব কী বলেছিলেন, তা তিনি লিখে রেখেছেন দুই ভাষাতেই: “হয় আমি জ্যান্ত অবস্থায় না হয় মৃত অবস্থায় যাব। ‘Either I will go out of the jail or my deadbody will go out.’”৯
হাসপাতালের বারান্দার বাইরে ঘটনা তখন দ্রুত এগোচ্ছে। পল্টনের ভাষণের প্রথম প্রকাশ্য প্রতিবাদ হলো ২৯ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়ে একটি সভা আর দেয়ালে কয়েকটি পোস্টারে; একই দিন কাগজে ছাপা হলো অলি আহাদের নিন্দা-বিবৃতি। ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট। আমতলার সভা শেষে ছাত্ররা মিছিল নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে, যে বাড়িটি এখন বাংলা একাডেমি।১০ পরদিন, ৩১ জানুয়ারি, ঢাকা বার লাইব্রেরি হলে মওলানা ভাসানীর সভাপতিত্বে বসল একটি সর্বদলীয় সভা। উপস্থিতদের তালিকা লক্ষ করার মতো: আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, মুসলিম ছাত্রলীগ, ছাত্রলীগ, তমদ্দুন মজলিস, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা কমিটি, ইসলামিক ব্রাদারহুড, এমনকি পূর্ব পাকিস্তান মোহাজের সমিতি।১০ আবুল হাশিম মনে করিয়ে দিলেন, দেশভাগের আগে কংগ্রেস মুসলিম লীগের প্রতিটি দাবিকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিত; আর শুধু উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টাকে তিনি বললেন অযৌক্তিক ও ঔদ্ধত্যপূর্ণ।১০
সভা চল্লিশ সদস্যের “সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ” গঠন করল, আহ্বায়ক পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী গোলাম মাহবুব। প্রস্তাবে দাবি: বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা; আরবি হরফে বাংলা লেখার চেষ্টা বন্ধ; জননিরাপত্তা আইন বাতিল; শেখ মুজিবসহ সব রাজবন্দির মুক্তি।১১ কমিউনিস্ট পার্টি তখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হলেও প্রকাশ্যে কাজ করতে পারছিল না। ২ ফেব্রুয়ারির এক গোপন সার্কুলারে তারা বাংলার দাবির সঙ্গে জুড়ে দিল আরেকটি দাবি: সিন্ধি, পাঞ্জাবি, পশতুসহ পশ্চিম পাকিস্তানের সব ভাষারও সমমর্যাদা।১১
৪ ফেব্রুয়ারি ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট। বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রের সভা, সভাপতি গাজীউল হক। মুসলিম ছাত্রলীগের কর্মীরা শহরে মিছিলের বিরোধী ছিলেন; প্রকাশ্য বিভক্তি এড়াতে বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আবদুল মতিন উঠে দাঁড়িয়ে সরাসরি ছাত্রদেরই জিজ্ঞেস করলেন, তাঁরা মিছিলে যেতে চান কি না। বেশির ভাগ বললেন, চান।১১ কবির উদ্দিন আহমদের হিসাবে প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীর মিছিল সারা শহর ঘুরল।১২ মতিন লিখেছেন, শহরের মানুষ মিছিলে ফুল ছিটিয়েছিল।১৩ ধর্মঘট হলো ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ আরও অনেক শহরে।১৪
সেদিনই তারিখটা প্রকাশ্যে ঘোষিত হলো। উমর লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসভা ২১ ফেব্রুয়ারি সারা পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘটের প্রস্তাব নিল, আর সন্ধ্যায় ভাসানী ও আবুল হাশিমের উপস্থিতিতে সর্বদলীয় কর্মপরিষদ তা অনুমোদন করল।১৪ মতিনের বিবরণে, বিকেল তিনটায় ছাত্ররা আবার বসে “১৬ দিন প্রস্তুতির সময় নিয়ে” বেছে নিয়েছিলেন প্রাদেশিক আইনসভার অধিবেশনের দিনটি।১৩ তারিখটা প্রথম কে, কোথায় ঠিক করেছিলেন, সে প্রশ্নে সূত্রগুলো এক কথা বলে না।
১২ ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার ভাষা প্রশ্নে “Crypto Fascism” শিরোনামে একটি সম্পাদকীয় ছাপল। তাতে তৃতীয় খলিফা হযরত উসমান সম্পর্কে একটি অবমাননাকর মন্তব্য ছিল, আর প্রার্থনা ছিল, নাজিমুদ্দীন যেন আরেকজন উসমান না হয়ে ওঠেন। উমর নিজেই সম্পাদকীয়টিকে বলেছেন খুবই অবিবেচক ও উসকানিমূলক, আর সরকার সুযোগটা পুরোপুরি কাজে লাগাল। আকরম খাঁসহ লীগ নেতাদের কড়া বিবৃতির পর সেই রাতেই পত্রিকাটি নিষিদ্ধ হলো; গ্রেপ্তার হলেন মালিক, সাবেক প্রাদেশিক মন্ত্রী হামিদুল হক চৌধুরী, আর সম্পাদক আবদুস সালাম। পরিচালনা পর্ষদ ক্ষমা চাইল, তবু নিষেধাজ্ঞা উঠল না। উমরের মতে আসল কারণ: আন্দোলন আর সব গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে দাঁড়ানো দৈনিক তখন কার্যত এই একটিই।১৪
টাকা তোলার জন্য পতাকা দিবস হলো; উমর লিখেছেন, টাকা তেমন ওঠেনি, তবে সংগঠনের কাজ এগিয়েছে অনেক।১৭ আতাউর রহমান খান জানাচ্ছেন, ১৪ ফেব্রুয়ারি কর্মপরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নূরুল আমীনকে চিঠি দিয়ে আলোচনার জন্য দিন, তারিখ আর জায়গা ঠিক করার অনুরোধ জানানো হয়। “সে চিঠির জবাব অবশ্য কোনদিনই পাওয়া যায়নি।”১৮ সেই ১৪ তারিখেই সরকার ঘোষণা করল, আইনসভার বাজেট অধিবেশন বসবে ২০ ফেব্রুয়ারি, চলবে ১১ মার্চ পর্যন্ত।১৭
১৫ ফেব্রুয়ারি সকালে মুজিব আর মহিউদ্দিনকে জেলগেটে ডেকে নেওয়া হলো, অনশন নিয়ে আলোচনার কথা বলে। কয়েক মিনিট পরে জমাদার হাজির তাঁদের বিছানাপত্র নিয়ে: অন্য জেলে বদলির হুকুম। কোন জেলে, কেউ বলছিল না; শেষে একজন জানিয়ে দিল, ফরিদপুর। এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ। মুজিব লিখেছেন, তিনি ইচ্ছে করে দেরি করাতে লাগলেন, বই মেলালেন এক এক করে, তারপর কাপড়, তারপর টাকার হিসাব; নইলে কেউ জানবেই না তাঁদের কোথায় নেওয়া হচ্ছে। জাহাজ ছেড়ে গেল। নারায়ণগঞ্জ থানায় একজন চেনা লোককে দেখে তিনি খবর পাঠালেন স্থানীয় কর্মীদের কাছে, আর রাতে একটি হোটেলে তাঁদের সঙ্গে দেখা হলো। কর্মীরা জানালেন, ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হবে, ভাষার দাবির সঙ্গে থাকবে দুই বন্দির মুক্তির দাবিও। রাত একটায় জাহাজ ছাড়ার আগে বিদায়ের কথাগুলো তিনি লিখে রেখেছেন:১৯
জীবনে আর দেখা না হতেও পারে। সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই। একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।
ফরিদপুর জেলে ঢুকেই দুজনে অনশন শুরু করলেন। চার দিন পরে শুরু হলো নাকের ভেতর দিয়ে নল ঢুকিয়ে জোর করে খাওয়ানো; মুজিবের দুই নাকেই ঘা হয়ে গেল।১৯২০ ঢাকায় অনশনের খবর পৌঁছেছিল ১৮ ফেব্রুয়ারি, গোপনে আসা একটি চিঠিতে, সঙ্গে রাজবন্দিদের মুক্তির আন্দোলনের অনুরোধ। পরদিন বিশ্ববিদ্যালয়ের সভা মুজিব, মহিউদ্দিনসহ সব রাজবন্দির মুক্তি দাবি করল, গঠিত হলো রাজবন্দি মুক্তি আন্দোলন কমিটি।১৭২১
এই সময়ে প্রশাসনে একটি রদবদল হলো, যার গুরুত্ব তখন প্রায় কেউ টের পায়নি। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট হায়দারকে বদলি করা হলো। উমর লিখেছেন, আন্দোলন যেভাবে বাড়ছিল তাতে মুখ্য সচিব আজিজ আহমদের মনে হয়েছিল, হায়দার এই প্রতিরোধ সামলানোর পক্ষে বেশি নরম মানুষ। তাঁর জায়গায় আনা হলো ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট কোরেশীকে, তুলনায় অনেক কনিষ্ঠ, উমরের ভাষায় খানিকটা বিবেচনাহীন। মুখ্যমন্ত্রী নূরুল আমীন সিদ্ধান্তটি অনুমোদন করলেন। তথ্যটা উমর পেয়েছেন মুসলিম লীগ নেতা ইউসুফ আলী চৌধুরীর কাছ থেকে।২১
নতুন ম্যাজিস্ট্রেট কবে দায়িত্ব নিয়েছিলেন, সে তারিখটা পরে লিখে রেখেছেন এক বিচারপতি, অন্য প্রসঙ্গে: গুলির আগের দিন।২২ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি। চেয়ারে বসার প্রথম দিনেই তাঁর সই পড়ল এমন একটি আদেশে, যা পরের চব্বিশ ঘণ্টার সব হিসাব উল্টে দেবে।
২০ ফেব্রুয়ারি ১৯৫২ · ৯৪ নবাবপুর রোড, ঢাকা
এই পাতায় আরও: দশজন করে
পাদটীকা · এই পাতা
লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।
- উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৪ গ
১৯৫০ সালে ফসল ভালো হয়, চাল আর ধানের দাম অনেকটা নামে; ১৯৫১ সালের শুরু থেকে খাদ্য পরিস্থিতি আবার খারাপ, সঙ্গে যোগ হয় লবণসংকট। ৩ অক্টোবর ১৯৫১ দৈনিক আজাদের উদ্বেগ: দাম হঠাৎ বারো আনা, তারপর দুই টাকা, পরে ষোল টাকা; কষ্ট সবচেয়ে বেশি কৃষকের, মাথাপিছু লবণ তাঁদেরই বেশি লাগে। ৩১ অক্টোবর পাকিস্তান অবজারভারকে ফজলুর রহমান বলেন, সংকটের খবর অতিরঞ্জিত। সংকটের কারণ হিসেবে উমর দেখিয়েছেন পূর্ব বাংলার উপকূলে লবণ উৎপাদনে নিষেধাজ্ঞা, চড়া আবগারি শুল্ক আর পশ্চিম পাকিস্তান থেকে যথেষ্ট লবণ আনতে না পারা; এই ব্যাখ্যা উমরের। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২১৯ ক
“১৯৫১ সনের লবণ সঙ্কট সম্পর্কে ঢাকা বণিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন-এর বিবৃতি”, দৈনিক আজাদ, ২২ অক্টোবর ১৯৫১। এই পাতায়: সরকারি হিসাবে পূর্ব পাকিস্তানে বছরে ৭৫ লক্ষ মণ লবণ লাগে; পশ্চিম পাকিস্তানের ৫টি কারখানায় বছরে ৫২ লক্ষ মণ; দেশি শিল্পকে উৎসাহ দিতে বিদেশ থেকে আমদানি বন্ধ; তাঁর অনুরোধে এপ্রিলে বৈদেশিক বাণিজ্য উন্নয়ন পরিষদ আমদানির সুপারিশ করে, সরকার সিদ্ধান্ত নেয়নি; পশ্চিম পাকিস্তানে চা আর পানের অভাবে সেগুলো আমদানির অনুমতি, অথচ পূর্ববঙ্গে লবণ দুই থেকে তিন টাকা সের; আর করাচিতে দুই আনা সের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২১৯–২২০ ক
সাপ্তাহিক নওবেলালের সম্পাদকীয় “গদী ছাড়”, ১ নভেম্বর ১৯৫১। সের প্রতি দুই টাকা থেকে স্থানবিশেষে ষোল টাকা; “আমাদের আফজল মন্ত্রী” কেন্দ্রের শৈথিল্য আর অব্যবস্থাকে দায়ী করে বিবৃতি দিয়েছেন। দলিলপত্রে সম্পাদকীয়র পাঠ কয়েক লাইনের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২২০–২২৩ ক
পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদে লবণ পরিস্থিতি নিয়ে বিশেষ প্রস্তাব (Special motion), ২ নভেম্বর ১৯৫১; প্রস্তাবক প্রাদেশিক সরবরাহমন্ত্রী এস. এম. আফজল, বক্তৃতা ইংরেজিতে। তাঁর বিবরণে: আগস্ট ১৯৫০-এ দাম বাড়া; প্রদেশের লবণ নিয়ন্ত্রণ আদেশ (৩০ আগস্ট ১৯৫০); কেন্দ্রের সামুদ্রিক লবণ নিয়ন্ত্রণ আদেশ (১৩ নভেম্বর ১৯৫০) আর ১৪ ডিসেম্বর থেকে কেন্দ্রের একচেটিয়া ক্রয়; জানুয়ারি–মে ১৯৫১-এ প্রয়োজন আনুমানিক ২৫ লক্ষ মণ, এসেছে ৯,৭০,৯৪২ মণ; জানুয়ারি–সেপ্টেম্বরে এসেছে ২৫ লক্ষ ৭৮ হাজার মণ, অথচ খাওয়ার জন্যই ন্যূনতম দরকার ৪৫ লক্ষ; বিদেশ থেকে আমদানির প্রস্তাব অক্টোবরের প্রথম সপ্তাহে নাকচ; জাহাজ আসতে শুরু করে অক্টোবরের মাঝামাঝি। দাম নিয়ে তাঁর দাবি, খোলা বাজারে কোথাও ৬ টাকার ওপরে নয়, সঙ্গে জায়গাভিত্তিক তালিকা। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। সূত্রে ভিন্নতা: তাঁর নিজের তালিকাতেই কক্সবাজারে ৬ থেকে ৮ টাকা। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২২৩–২২৪ ক
একই বিতর্কে পরিষদ সদস্য মীর আহমদ আলীর বক্তৃতা, বাংলা আর ইংরেজি মিশিয়ে। উদ্ধৃত বাক্যগুলো, লিয়াকত আলী খানের মৃত্যুর সময়ে ১৬ টাকা সের আর “বাঙ্গালী লবণ অভাবে মরে নাই”, পৃ. ২২৪-এ। তাঁর বক্তৃতার ইংরেজি শব্দগুলো আমাদের হাতের পাঠে বিকৃত, তাই উদ্ধৃতি মুদ্রিত পাতার স্ক্যান থেকে মেলানো। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২২৪–২২৫ ক
বিনোদচন্দ্র চক্রবর্তীর বক্তৃতা, একই বিতর্ক। মন্ত্রীর বিবৃতি যেন “ব্যর্থতার এক করুণ কাহিনী”; কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার দায় প্রাদেশিক সরকারের; কোথাও কোথাও মুসলিম লীগের সভাপতি-সহসভাপতির কালোবাজারির অভিযোগ, আর সঙ্গে সঙ্গে চেয়ারম্যান আলহাজ শরফুদ্দীন আহমদের আপত্তি, বক্তৃতায় কোনো দলের নাম নেওয়া চলবে না; শেষে সতর্কবাণী, যা পৃ. ২২৫-এ। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২২৫–২২৬ ক
প্রভাসচন্দ্র লাহিড়ীর বক্তৃতা, একই বিতর্ক: “দুইজন দায়িত্বপূর্ণ ব্যক্তি দুই রকম কথা বলছেন”। তিনি পাকিস্তান অবজারভারের ৩১ অক্টোবর ১৯৫১ সংখ্যা থেকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ফজলুর রহমানের বক্তব্য পড়ে শোনান; ইংরেজি পাঠে “had a placed” যেমন ছাপা আছে তেমন রাখা হয়েছে। মন্ত্রীর ৬ টাকার দাবি ধরেই তাঁর হিসাব (আগে দুই আনা দশ পাই থেকে চার আনা সের), আর নারায়ণগঞ্জে ১৫–১৬ টাকা সের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২০৬ গ
উমরের তুলনা: ১৯৪৮ সালের আন্দোলন ছিল প্রায় পুরোপুরি মধ্যবিত্ত, শহুরে; পুরান ঢাকার স্থানীয় মানুষ তখন আন্দোলনের কর্মীদের প্রতি বিরূপ, প্রচারে নামা ছাত্রদের মারধরও করেছে। ১৯৫২ সালে আন্দোলন ছড়ায় গ্রাম-শহর জুড়ে, ঢাকার মানুষ দাঁড়ায় তার পাশে। মাঝখানের বদল ব্যাখ্যা করতে উমর আনেন কৃষক আন্দোলন আর দমন, কালোবাজারি আর আমলাতন্ত্রের ক্ষমতার অপব্যবহার, আর সবচেয়ে বেশি জোর দিয়ে খাদ্যসংকট ও দুর্ভিক্ষ-পরিস্থিতি, যা তাঁর মতে মুসলিম লীগের সামাজিক ভিত্তি ধ্বংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। এটি উমরের ব্যাখ্যা; তিনি নিজেই লিখেছেন, বিষয়টি দেশে গুরুত্ব দিয়ে গবেষণা হয়নি। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ১৯৪, ১৯৬–১৯৭ খ
হাসপাতালে মুজিব (পৃ. ১৯৪: চোখ আর হৃদ্রোগের চিকিৎসা)। পৃ. ১৯৬–১৯৭: দরজার বাইরে আইবির পাহারা, রাত একটার পরে পেছনের বারান্দায় তোয়াহা, অলি আহাদ, খালেক নেওয়াজ, কাজী গোলাম মাহবুবসহ পাঁচ-সাতজন, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের কথা, আর ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত (“এদিনই পূর্ব বাংলার আইনসভা বসবে”)। বৈঠকের তারিখ মুজিব দেননি। এই রাতের বিবরণ কেবল মুজিবের; অন্য সূত্রে তারিখটা কোথায় ঠিক হয়েছিল, তা এই অধ্যায়ের “২১ ফেব্রুয়ারি তারিখটা কে ঠিক করেছিলেন?” অংশে দেখানো আছে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৭৬–১৭৭ গ
২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ সভা; ৩০ জানুয়ারি ধর্মঘট আর প্রধানমন্ত্রীর বাসভবনের (এখন বাংলা একাডেমি) সামনে মিছিল; ৩১ জানুয়ারি বার লাইব্রেরি হলে ভাসানীর সভাপতিত্বে সভা, উপস্থিত সংগঠনের তালিকা, আবুল হাশিমের বক্তব্য (পৃ. ১৭৭-এ গড়িয়েছে)। উমরের সূত্র: সৈনিক, ৩ ফেব্রুয়ারি ১৯৫২; মর্নিং নিউজ, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি; আজাদ, ১ ফেব্রুয়ারি; গাজীউল হকের স্মৃতিকথা (একুশের সংকলন, বাংলা একাডেমি, ১৯৮০); আবদুল মতিন আর মোহাম্মদ তোয়াহার সাক্ষাৎকার। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৭৭ গ
সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব আর চার দফা দাবি; কমিউনিস্ট পার্টির ২ ফেব্রুয়ারির গোপন সার্কুলার (উমরের সূত্র: তাঁর নিজের সংকলন Language Movement Documents, খণ্ড ১, বাংলা একাডেমি, ১৯৯৫); ৪ ফেব্রুয়ারি বেলা এগারোটায় গাজীউল হকের সভাপতিত্বে ছাত্রসভা, মুসলিম ছাত্রলীগের কর্মীদের মিছিল-বিরোধিতা আর আবদুল মতিনের প্রশ্ন। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩০–২৩১ খ
কবির উদ্দিন আহমদের “একুশের ইতিহাস”, দলিলপত্রে ছাপা হয়েছে “একুশে ফেব্রুয়ারী” সংকলন থেকে। লেখাটি আন্দোলনের পক্ষের, আর লেখার শেষে তারিখ দেওয়া “মার্চ ১৯৫৩”; কিন্তু শেষ পাতায় ১৯৬৩ সালের উল্লেখ আছে, তাই দলিলপত্রের পাঠটি সংকলনের পরের কোনো সংস্করণের। উমর লেখাটি উদ্ধৃত করেছেন সংকলনের দ্বিতীয় সংস্করণ (১৯৬৫) থেকে (Emergence, পৃ. ১৭৮, পাদটীকা ৪৫০)। এই পাতাগুলোয়: ৪ ফেব্রুয়ারির মিছিল, তাঁর হিসাবে প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রী, আর বিকেলের সভার পর “সেই দিনই” ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী ধর্মঘটের ডাক। সূত্রে ভিন্নতা: কবির পল্টনের ভাষণের তারিখ দিয়েছেন ২৬ জানুয়ারি (অন্যদের মতে ২৭), আর কর্মপরিষদ গঠন ৩০ জানুয়ারি বিকেলে (উমর, মতিন আর আতাউরের মতে ৩১ জানুয়ারি)। ↩ - মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, পৃ. ৬৩ খ
আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১ (কলকাতা: সম্পর্ক, ২০০০)। লেখক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ; ছোট উদ্ধৃতিগুলো সেখান থেকে, মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি। এই পাতায়: ৪ ফেব্রুয়ারির ধর্মঘট আর মিছিল, শহরের মানুষের ফুল ছিটিয়ে অভিনন্দন, আর বিকেল তিনটায় ছাত্রদের সভায় “১৬ দিন প্রস্তুতির সময় নিয়ে” আইনসভার অধিবেশনের প্রথম দিন, ২১ ফেব্রুয়ারি, বেছে নেওয়া। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৭৮ গ
৪ ফেব্রুয়ারি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, মানিকগঞ্জ, দিনাজপুরসহ বহু শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট; বিশ্ববিদ্যালয়ের ছাত্রসভার ২১ ফেব্রুয়ারির প্রস্তাব আর সন্ধ্যায় ভাসানী ও আবুল হাশিমের উপস্থিতিতে কর্মপরিষদের অনুমোদন; ১২ ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভারের “Crypto Fascism” সম্পাদকীয়, নিষেধাজ্ঞা, মালিক আর সম্পাদকের গ্রেপ্তার, আর ১৪ ফেব্রুয়ারির সরকারি প্রেস নোট। উমরের সূত্র: নওবেলাল, ১৪ ও ২১ ফেব্রুয়ারি; ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারি; আজাদ আর মর্নিং নিউজ, ৫ ফেব্রুয়ারি; মর্নিং নিউজ, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি; কবির উদ্দিন আহমদের “একুশের ইতিহাস”। সম্পাদকীয়টিকে উমর নিজেই অবিবেচক বলেছেন। ↩ - ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১১৩ গ
উইলেম ভ্যান শেন্ডেল, ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ: ভাসানীর সভাপতিত্বে প্রতিবাদ সভা ২১ ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আর বিক্ষোভের সিদ্ধান্ত নেয়; ২১ তারিখে নিহত পাঁচজন, তাদের একজন নয় বছরের ছেলে; আর হোস্টেলের পাশের স্মৃতিস্তম্ভ কর্তৃপক্ষ সরিয়েছে, মানুষ আবার গড়েছে, কয়েকবার, শেষে ১৯৬২ সালে কংক্রিটের শহীদ মিনার। বইটি সাধারণ পাঠকের জন্য লেখা সামগ্রিক ইতিহাস; প্রতিটি দাবির আলাদা সূত্র নেই। ↩ - শাহরিয়ার, “The politico-cultural roots of Bangladesh”, পৃ. ৯, ১২ গ
সালেহ শাহরিয়ারের প্রবন্ধ, ভাষা আন্দোলনের স্মৃতিকথাগুলোর তুলনা। তাঁর পর্যবেক্ষণ, একুশের স্মৃতি নিজেই পরে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে ওঠে; সেখানে তিনি উমরের মতও তুলে ধরেছেন যে বন্দি থাকায় একুশের মূল ঘটনাগুলোতে মুজিবের প্রত্যক্ষ ভূমিকা সীমিত ছিল। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৭৯ গ
পতাকা দিবস ১১ ও ১৩ ফেব্রুয়ারি, টাকা তেমন ওঠেনি, তবে সংগঠনের কাজ এগিয়েছে; ১৪ ফেব্রুয়ারি সরকারের ঘোষণা, বাজেট অধিবেশন ২০ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ (সূত্র: মর্নিং নিউজ, ১৫ ফেব্রুয়ারি); ১৮ ফেব্রুয়ারি গোপনে আসা চিঠিতে মুজিব আর মহিউদ্দিনের অনশনের খবর (সূত্র: অলি আহাদ, জাতীয় রাজনীতি, পৃ. ১৫১–১৫২)। সূত্রে ভিন্নতা: আতাউর রহমান খান পতাকা দিবস লিখেছেন ১১, ১২ ও ১৩ তারিখে (দলিলপত্র, পৃ. ২৬০)। উমর লিখেছেন চিঠিটি এসেছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে; কিন্তু মুজিবের নিজের বিবরণে ১৫ ফেব্রুয়ারি তাঁদের ফরিদপুর জেলে সরানো হয়েছিল (পৃ. ১৯৯–২০১), তাই আমরা চিঠির উৎস লিখিনি। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৬০ খ
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সম্মেলনে (বার এসোসিয়েসন হল, ঢাকা, ২৭ এপ্রিল ১৯৫২) সভাপতি আতাউর রহমান খানের ভাষণ, দলিলপত্রে পৃ. ২৬০–২৬৪। এই পাতায়: ১৯৪৮-এর চুক্তি কার্যকর না হওয়া আর আরবি হরফে বাংলা প্রচলনের “উদ্ভট পরিকল্পনা”; “চার বছর কেটে গেলো… বারুদে আগুন লাগলো”; ৩০ ও ৩১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি; এগারো, বারো ও তেরো তারিখে পতাকা দিবস; ১৪ তারিখে নূরুল আমীনকে চিঠি, যার জবাব আসেনি; আর ২০ ফেব্রুয়ারির ১৪৪ ধারা, “বিনা মেঘে বজ্রপাত”। ভাষণটি আন্দোলনের এক নেতার, ঘটনার দুই মাস পরে, সংগঠনের পক্ষে দেওয়া। সূত্রে ভিন্নতা: আরবি হরফের প্রকল্পে সরকারি হিসাবে কেন্দ্রের খরচ ৫০,০০০ টাকা (উমর, Emergence, পৃ. ৮৩); পতাকা দিবস উমরের হিসাবে ১১ ও ১৩ ফেব্রুয়ারি (পৃ. ১৭৯)। ↩ - অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ১৯৯–২০১ খ
১৫ ফেব্রুয়ারি ঢাকা জেল থেকে ফরিদপুরে বদলি। পথে নারায়ণগঞ্জে কর্মীদের সঙ্গে দেখা, ২১ তারিখে সেখানে পূর্ণ হরতালের খবর; রাত একটায় জাহাজ ছাড়ার আগে বিদায়ের কথাগুলো (পৃ. ২০০, স্ক্যান থেকে মিলিয়ে দেখা); ভোর চারটায় ফরিদপুর পৌঁছে অনশন শুরু; চার দিন পরে নল দিয়ে জোর করে খাওয়ানো। মুজিবের হিসাব ধরলে অনশন শুরু হয় ১৭ ফেব্রুয়ারি। সূত্রে ভিন্নতা: পরিষদে ভাসানীর বক্তব্যে অনশনের শুরু ১৬ ফেব্রুয়ারি (দলিলপত্র, পৃ. ৬৮২)। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮২ ক
২২ ফেব্রুয়ারির দৈনিক আজাদে ছাপা মওলানা ভাসানীর বক্তব্য: মুজিব আর মহিউদ্দিন “গত ১৬ই ফেব্রুয়ারী হইতে” অনশন করছেন। মুজিবের নিজের বিবরণ ধরলে তারিখটা এক দিন পরে, ১৭ ফেব্রুয়ারি। ↩ - উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৮০ গ
১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সভা, সব রাজবন্দির মুক্তির দাবি আর রাজবন্দি মুক্তি আন্দোলন কমিটি। তারপর জেলা ম্যাজিস্ট্রেট বদল: হায়দারকে সরিয়ে ফরিদপুর থেকে কোরেশী। উমরের ভাষ্যে মুখ্য সচিব আজিজ আহমদ হায়দারকে বেশি নরম মনে করেছিলেন, আর নূরুল আমীন সিদ্ধান্ত অনুমোদন করেন; উমরের সূত্র ইউসুফ আলী চৌধুরীর সাক্ষাৎকার। পাতার শেষে কমিউনিস্ট পার্টির একটি সার্কুলারের বিশ্লেষণ। ↩ - দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩০০ ক
বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৭। জেলা ম্যাজিস্ট্রেট কোরেশী “had only assumed charge as District Magistrate the day before”; বেলা ৩টা ২০ মিনিটের মধ্যে ৬০ জন পুলিশের ২৪ জন আহত; আর এলিসের নিজের স্বীকারোক্তি, তদন্তটি “quasi ex-parte”, অর্থাৎ প্রায় একতরফা, কারণ বক্তব্যগুলো প্রায় অপ্রতিদ্বন্দ্বী (almost uncontested)। কর্মপরিষদ তদন্ত বর্জন করেছিল (অনুচ্ছেদ ৫); প্রতিবেদনের ঘটনার বিবরণ তাই মূলত সরকারি আর পুলিশ সাক্ষ্যনির্ভর। বাংলা অনুবাদ আমাদের। ↩
এই পাতার সূত্র
মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।
- গ · গবেষণাবদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
- ক · সমকালীন দলিলহাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
- খ · নিজের ভাষ্যশেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।
- খ · নিজের ভাষ্যআবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১। কলকাতা: সম্পর্ক, ২০০০।লেখকের নিজের ভাষ্য। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ, তাই উদ্ধৃতিগুলো মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি।
- গ · গবেষণাউইলেম ভ্যান শেন্ডেল (Willem van Schendel), A History of Bangladesh। Cambridge: Cambridge University Press, 2009।গবেষণা। ডাচ ইতিহাসবিদের লেখা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস; এখানে পটভূমি আর সংখ্যার জন্য।
- গ · গবেষণাসালেহ শাহরিয়ার (Saleh Shahriar), “The politico-cultural roots of Bangladesh: remembering the language movement through memoirs and autobiographical narratives”। Cogent Arts & Humanities ১৩:১ (২০২৬), প্রবন্ধ ২৬৮৪৮২৪, অনলাইনে প্রকাশ ১৭ জুলাই ২০২৬; পাতা নম্বর প্রবন্ধের পিডিএফ অনুযায়ী।গবেষণা প্রবন্ধ। ভাষা আন্দোলনের স্মৃতিকথাগুলো পাশাপাশি রেখে পড়া: কে কী মনে রেখেছেন, আর কোথায় বিবরণ মেলে না।
ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১০ নভেম্বর ২০২৬।