EN
পর্ব ১ · অধ্যায় ২ · পাতা ৪/৮

একুশে ফেব্রুয়ারি

১৯৪৯–১৯৫২
এই পাতা পড়তে প্রায় ১৬ মিনিট২টি দৃশ্য২৭টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ৪/৮

সাতাশ রাউন্ড

বেলা তিনটার দিকে সদস্য আর মন্ত্রীরা পরিষদে আসতে শুরু করলেন; তাঁদের কয়েকজনকে ছাত্ররা পথে থামালেন। অনুরোধ একটাই: হোস্টেলের ভেতরে এসে দেখে যান, কাঁদানে গ্যাস আর লাঠিতে কতজন আহত।১ কংগ্রেস দলের ধীরেন্দ্রনাথ দত্তসহ কয়েকজন সদস্য ভেতরে গিয়ে আহতদের দেখলেন; পুলিশও তাঁদের দেখাল, হোস্টেলের দিক থেকে ছোড়া ইটে তাদের লোক কীভাবে জখম।১ মুসলিম লীগের পরিষদ সদস্য মৌলভী আওলাদ হোসেনের বেলায় দুই বিবরণ দুই রকম। এলিসের প্রতিবেদন বলছে, দুটো-আড়াইটার দিকে পরিস্থিতি যখন আরও ঘোলাটে, পরিষদে যাওয়ার পথে তাঁকে আটকে গাড়িসহ জোর করে হোস্টেল প্রাঙ্গণে ঢোকানো হয়; সেখানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে একটি কাগজে সই করতে বাধ্য করা হয়, আর হুমকির মুখে লিখিয়ে নেওয়া হয়, তিনি লাঠিচার্জ আর ছেলেদের জখম নিজের চোখে দেখেছেন, যদিও প্রতিবেদনের দাবি, দেখেননি; রাত নয়টার আগে তিনি বেরোতে পারেননি।২ উমরের বিবরণে শুধু এটুকু: তাঁকে হোস্টেলের ভেতরে নেওয়া হয়েছিল, আর তিনি কিছুক্ষণ সেখানে ছিলেন।১

তারপর এল মন্ত্রী হাসান আলীর গাড়ি, সঙ্গে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি মওলানা আবদুল্লাহিল বাকী। এলিসের বিবরণে ভিড় গাড়ি থামিয়ে চাকার হাওয়া ছেড়ে দিল; দুই তরুণ দুই দরজা দিয়ে ভেতরে ঢুকে দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য চাপ দিতে লাগলেন। বাকী যাওয়ার জন্য নেমেও পড়েছিলেন; মন্ত্রী আর তাঁর আর্দালি তাঁকে টেনে গাড়িতে ফেরালেন, কারণ চারদিকে তখন ইট উড়ছে। পুলিশ দুজনকে নিজেদের গাড়িতে তুলে পরিষদ ভবনে পৌঁছে দিল, কিন্তু রওনা হওয়ার মুখে একটি ইট এসে লাগল মন্ত্রীর মাথায়।৩১ এলিসের হিসাবে ততক্ষণে ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার আর অতিরিক্ত পুলিশ সুপার সবাই ইটে আহত, আর বেলা তিনটা বিশের মধ্যে ঘটনাস্থলের ষাটজন পুলিশের চব্বিশজনই জখম।৩৪ সংখ্যাগুলো পুলিশের দেওয়া। তদন্তে সেগুলো জেরা করার লোক প্রায় ছিল না; সে প্রসঙ্গে আমরা ফিরব।

বেলা তিনটায় পুলিশ রাস্তার ভিড়ের ওপর শেষবারের মতো জোরালো লাঠিচার্জ করল। এবার উল্টো ফল: ইটের বৃষ্টির মুখে ভিড় নয়, পুলিশই পিছু হটল। জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কর্মকর্তাদের আন্দাজে ভিড় তখন পাঁচ হাজারের বেশি, আর তা এগিয়ে আসছে দুই দিক থেকে: বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের কোণ থেকে, আর মেডিকেল কলেজ হোস্টেল থেকে। ঘেরাও হয়ে যাওয়ার ভয়ে জেলা ম্যাজিস্ট্রেট, ডিআইজি আর পুলিশ সুপার একমত হলেন, গুলি ছাড়া পথ নেই।৫ যে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চলবে, সেই কোরেশী দায়িত্ব নিয়েছিলেন মাত্র আগের দিন।৪

শেষ উপায় হিসেবে একটি চূড়ান্ত সতর্কবাণী দেওয়া হলো, কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং পুলিশ সুপারের সরাসরি আদেশে পুলিশ দল দাঙ্গাকারীদের ওপর গুলি চালাল।

“As a last resort, a final warning was given but as this had no effect, under the direction of the District Magistrate and under the direct orders of the Superintendent of Police, the Police party fired on the rioters.”

বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন, অনুচ্ছেদ ২৪৫

গুলি চালাল তিনজন হেড কনস্টেবল আর ত্রিশজন কনস্টেবলের একটি দল, মেডিকেল কলেজের গেট আর হোস্টেলের গেটের মাঝখানের রাস্তায় চৌকো হয়ে দাঁড়িয়ে। দুই পাশে পাঁচজন করে হাঁটু গেড়ে বসল, এক পাশ বিশ্ববিদ্যালয়ের মাঠের দিকে মুখ করে, অন্য পাশ হোস্টেলের দিকে। পুলিশ সুপার দুই পাশকে এক রাউন্ড করে গুলির আদেশ দিলেন। মাঠের দিকের ভিড় পিছিয়ে গেল; হোস্টেলের দিকের ভিড় এক মুহূর্ত থমকে আবার ইট ছুড়তে ছুড়তে এগোল। পুলিশ সুপার হোস্টেলমুখী পাশকে আবার গুলির আদেশ দিলেন, আর ভিড় পিছু হটতেই থামালেন। পরে গুনে দেখা গেল, মোট সাতাশ রাউন্ড: পাঁচটি খেলার মাঠের দিকে, বাইশটি হোস্টেলের দিকে।৫ দলটা ঠিক কীভাবে দাঁড়িয়েছিল, সে বিষয়ে ডিআইজির স্মৃতি পুলিশ সুপারের সঙ্গে মেলেনি; এলিস মেনে নিয়েছেন পুলিশ সুপারের কথা, কারণ নেতৃত্বে ছিলেন তিনি।৫

সময়টা নিয়েও দুই সমকালীন দলিল এক কথা বলে না। এলিসের প্রতিবেদনে গুলি তিনটা বিশে।৬ পরদিনের আজাদে, “বিকাল প্রায় ৪টায়”।৭ কবির উদ্দিন আহমদের বিবরণে সোয়া তিনটার দিকে মন্ত্রী আর সদস্যরা মেডিকেল কলেজের সামনে দিয়ে পরিষদে আসতে শুরু করেন, গুলি তার পরে।৮ পুলিশের পক্ষে সাক্ষ্য দেওয়া একমাত্র বেসরকারি প্রত্যক্ষদর্শী মোহাম্মদ কামাল হাইকোর্ট থেকে হেঁটে পরিষদ ভবনে যাচ্ছিলেন, ফুলার রোডে ভিড়ের পেছনে আটকে পড়েন। তিনি এলিসকে বলেছেন, গুলির শব্দের সঙ্গে সঙ্গে পাম্পিং স্টেশনের পাশে একজনের মাথায় গুলি লাগতে দেখে তিনি নাজিমুদ্দিন রোড ধরে দৌড়ে পালান।৯

গুলিগুলো কোথায় গিয়েছিল, সেই প্রশ্নই পরে সবচেয়ে বড় হয়ে উঠল। ১২ নম্বর হোস্টেল-ব্যারাকের পুব দেয়ালে দুটি, ২০ নম্বরের পুব দেয়ালে একটি গুলির দাগ, আর ১২ নম্বর শেডের উত্তর দেয়ালে একটি গুলি ছুঁয়ে যাওয়ার চিহ্ন; এলিস নিজে গিয়ে দেখেছেন।১০ তদন্তে পুলিশের প্রথম সাক্ষী, যিনি নিজেই দলটিকে জায়গামতো দাঁড় করিয়েছিলেন, জেরায় জোর দিয়ে বলেছেন, তাঁর লোকেরা এক ইঞ্চিও নড়েনি। পরের প্রশ্ন ছিল, তাঁর লোকেরা কি হোস্টেল প্রাঙ্গণের ভেতরে গুলি করেছিল?১০

বুলেট হোস্টেল প্রাঙ্গণের ভেতরে যেতে পারে, জায়গাটা তো মাত্র কয়েকশো গজ।

“Bullets might go inside the Hostel compound which is only about a few hundred yards.”

পুলিশের ১ নম্বর সাক্ষী, প্রশ্ন ২৮৪-র উত্তর; এলিস প্রতিবেদন, অনুচ্ছেদ ৪৫১০

গুলির পরের কয়েক মিনিটের ছবিও সূত্রভেদে আলাদা। এলিস লিখেছেন, খেলার মাঠের কোণে একজন সঙ্গে সঙ্গে মারা গেলেন, তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো; হোস্টেলের দিকে কতজন হতাহত, পুলিশ তখন জানতেই পারেনি, কারণ ভিড় তখনও উত্তেজিত।৫ উমরের বিবরণে সঙ্গে সঙ্গে মারা যান একজন ছাত্র আর রাস্তার ধারে দাঁড়ানো একটি বালক; আহতদের বেশির ভাগ পড়েছিলেন ১২ নম্বর শেডের সামনে; বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাহউদ্দীনের মাথায় গুলি লেগেছিল।১ পরদিনের আজাদের তালিকা: এমএ ক্লাসের ছাত্র মোহাম্মদ সালাহউদ্দীন (২৬) ঘটনাস্থলেই নিহত, কুড়িজন হাসপাতালে ভর্তি, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক; রাত আটটার পর মারা যান আবদুল জব্বার (৩০), আবুল বরকত (২৫) আর বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিকুদ্দীন আহমদ (২৭)।৭ কবিরের বিবরণে ঘটনাস্থলেই নিহত জব্বার আর রফিকউদ্দিন, আর রাত আটটায় বরকত।৮

রাতের মধ্যেই আরেকটি কথা ছড়াল। আজাদ ২৩ ফেব্রুয়ারি লিখল, বৃহস্পতিবার চারজনের বেশি মানুষ নিহত হয়েছিলেন, কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের লাশ সরিয়ে ফেলা হয়েছে, শহরে এমন জোর গুজব; আর একটি কিশোরকে নিয়ে একই গুজব শুনে খোঁজ নিয়ে পত্রিকা জেনেছে, মেডিকেল কলেজ আর পরিষদ ভবনের মাঝখানে ফুলার রোডে গুলিতে সে নিহত হয়, আর তার লাশ সরিয়ে নেওয়া হয়; বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নাতকোত্তর ছাত্রীও কথাটা সমর্থন করেছেন।১৫ উমর লিখেছেন, রাস্তার ওপারে নিহত সেই বালকের পরিচয় কখনো জানা যায়নি; রাতে পুলিশ সব লাশ সরিয়ে আজিমপুর গোরস্থানে গোপনে দাফন করে।১

গুলির পরেও ইট থামেনি, লিখেছেন এলিস। হোস্টেল প্রাঙ্গণে মাইক বসানো হলো, সরকার আর পুলিশের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা চলল, ভিড়কে দেখানো হলো রক্তমাখা জামাকাপড়; প্রতিবেদনের ভাষায়, উত্তেজনা চড়া রাখতে। সাড়ে চারটা-পাঁচটার দিকে পরিষদের দিকে আরেক দফা ধাওয়া ঠেকাতে পুলিশ আবার লাঠিচার্জ করল।৫ কবিরের চোখে একই দৃশ্য অন্য রকম: হোস্টেলের ব্যারাকে ব্যারাকে উঠল রক্তমাখা কাপড়ের পতাকা, আর মাইকে যখন নিহতদের নাম-ঠিকানা পড়া হচ্ছিল, তাঁর ভাষায় মানুষের মন থেকে “সমস্ত ভয়-ত্রাস মুছে গেছে”।২১

মেডিকেল কলেজের সার্জারির অধ্যাপক ডা. এলিংসন গুলির পরপরই এসে গভীর রাত পর্যন্ত একের পর এক আহতের অস্ত্রোপচার করলেন। হাসপাতালে এলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অর্থনীতির অধ্যাপক আয়ার, পরিষদের কংগ্রেস সদস্য বসন্তকুমার দাস, মনোরঞ্জন ধর আর ধীরেন্দ্রনাথ দত্ত। সাংবাদিক কাজী মোহাম্মদ ইদরিস সেখানে দেখলেন সালাহউদ্দীনের লাশ, মাথার খুলি উড়ে গেছে। মেডিকেল ছাত্রী হালিমা খাতুন আর আলোকচিত্রী আমানুল্লাহর সাহায্যে তিনি গোপনে লাশটির ছবি তোলালেন। উমর লিখেছেন, কোনো সংবাদপত্র ছবিটি ছাপার সাহস করেনি; পরে তা ছাপা হয় লিফলেটে।২২

রাস্তার ওপারে পরিষদ ভবনের ভেতরে তখন মুসলিম লীগ সংসদীয় দলের বৈঠক চলছে। হোস্টেল প্রাঙ্গণ থেকে চিৎকার ভেসে আসছিল: সদস্যরা বেরিয়ে আসুন। তারপর বাজল অধিবেশনের ঘণ্টা।২২

পাখার হাওয়া

অধিবেশন শুরু হতেই কংগ্রেস দলের উপনেতা ধীরেন্দ্রনাথ দত্ত দাঁড়িয়ে দাবি করলেন, পরিষদের নেতা নিজে ঘটনাস্থল আর হাসপাতাল ঘুরে আহতদের অবস্থা দেখে এসে বিবৃতি দিন। পরদিনের আজাদ তাঁর কথা ছাপল এভাবে:

মিঃ দত্ত বলেন যে, ১৪৪ ধারা ভংগ না করিয়া ছাত্রগন যখন মেডিক্যল কলেজ হোষ্টেলের সীমানার মধ্যে দিয়া বিক্ষোভ প্রদর্শন করিতেছিল পুলিশ তখন তাহাদের উপর গুলিচালায়।

দৈনিক আজাদ, ২২ ফেব্রুয়ারি ১৯৫২১২

দাবির পক্ষে দাঁড়ালেন কংগ্রেসের মনোরঞ্জন ধর, আর সরকারি দল মুসলিম লীগেরই আবদুর রশিদ তর্কবাগীশ। নূরুল আমীন জবাব দিতে উঠতেই তর্কবাগীশ বলতে থাকলেন, আগে নিজে ঘটনাস্থল দেখে আসুন, তার আগে কোনো বিবৃতি নয়; তিনি আসনে বসতে রাজি হলেন না। স্পিকার আবদুল করিম তাঁকে সতর্ক করলেন, অন্য সদস্যদের সুযোগ না দিলে নিয়মমতো ব্যবস্থা নিতে হবে; অন্যদের অনুরোধে শেষে তিনি বসলেন। নূরুল আমীন আশ্বাস দিলেন, গুলির তদন্ত তিনি অবশ্যই করবেন।১২ উমরের বিবরণে মুলতবির দাবিতে তর্কবাগীশ, দত্ত আর ধরের সঙ্গে ছিলেন কুষ্টিয়ার শামসুদ্দীন আহমদ; নূরুল আমীন হাসপাতালে যেতে অস্বীকার করলেন, আর কক্ষে হট্টগোল শুরু হলো।২২

কবির উদ্দিন আহমদের বিবরণে সেই বিতণ্ডার দুটি বাক্য টিকে আছে। আজাদের প্রতিবেদনে এই শব্দগুলো নেই; এগুলো কবিরের লেখা থেকে।

কয়েকজন ছাত্র গুরুতররূপে আহত হয়েছে শুনে আমি ব্যথিত হয়েছি, তাই বলে আমাদেরকে ভাবাবেগে চালিত হলে চলবে না।

নূরুল আমীন, পরিষদে; কবির উদ্দিন আহমদের বিবরণ২১

আমাদের ছাত্রগণ যখন শাহাদাত বরণ করেছেন তখন আমরা আরামে পাখার হাওয়া খেতে থাকব তা আমি বরদাশত করব না।

আবদুর রশিদ তর্কবাগীশ, পরিষদে; কবির উদ্দিন আহমদের বিবরণ২১

তর্কবাগীশ বেরিয়ে গেলেন; তাঁর পেছনে খয়রাত হোসেন, আনোয়ারা খাতুন আর আলী আহমদ খান। কাঁটাতারের বেড়া পেরিয়ে তিনি ঢুকলেন হোস্টেল প্রাঙ্গণে, আর ছাত্রদের বসানো মাইকে উত্তপ্ত বক্তৃতা দিলেন।২২২১ সেই মাইক সারা রাত চলল; শহরের নানা দিক থেকে মানুষ এসে জমল শুধু শুনতে।২২ কবিরের বিবরণে সেই রাতে শহর আর শহরতলির হাজার হাজার নারী-পুরুষ এলেন হোস্টেল প্রাঙ্গণটা নিজের চোখে দেখতে।২১

খবর ততক্ষণে ছড়িয়ে গেছে, আর তার পেছনে পেছনে থেমে যাচ্ছে শহর। দোকান বন্ধ হলো, রিকশা আর বাস থামল, পূর্ববঙ্গ সচিবালয়ের কর্মচারীরা অফিস ছেড়ে বেরিয়ে এসে গুলির নিন্দা করলেন। রেডিও স্টেশনের উল্টো দিকে আবন মিয়ার রেস্তোরাঁয় জড়ো হয়ে ঢাকা বেতারের শিল্পী আর কর্মীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিলেন; তা সংগঠনে সক্রিয় ছিলেন কবি ফররুখ আহমদ, সিকান্দার আবু জাফরসহ কয়েকজন লেখক-শিল্পী। বেতারের তৃতীয় অধিবেশনের সব অনুষ্ঠান বাতিল হলো, বাজল শুধু রেকর্ড করা গান আর বাজনা। আর ঢাকা বেতারই গুলিতে মৃত্যুর খবর ঘোষণা করল; সন্ধ্যার মধ্যে খবর পৌঁছে গেল সারা দেশে।২৩

সরকারের প্রথম প্রেস নোটে মৃত্যুর কোনো উল্লেখ ছিল না। তখনকার সরকারপন্থী দৈনিক সংবাদের সাংবাদিকেরা সেটা ছাপতে অস্বীকার করলেন। সম্পাদক খায়রুল কবির, পরে উমরকে দেওয়া সাক্ষাৎকারে, বলেছেন, তিনি সোজা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে পরিস্থিতির গুরুত্ব বোঝালেন; নূরুল আমীন মুখ্য সচিব আজিজ আহমদ আর স্বরাষ্ট্রসচিব আজফরকে ফোন করলেন, আর দ্বিতীয় একটি প্রেস নোটে গুলিতে মৃত্যু স্বীকার করা হলো। অফিসে ফিরে কবির দেখলেন, প্রায় দুশো ছাত্র আর অন্যরা সংবাদ ঘিরে আছেন; দাবি, সঠিক খবর ছাপতে হবে।২৪২৩

সন্ধ্যায় কমিউনিস্ট পার্টির পূর্ববঙ্গ সাংগঠনিক কমিটি সাইক্লোস্টাইল করা একটি লিফলেট ছাড়ল।২৩ তার প্রথম বাক্য:

২১শে ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় ও মেডিক্যার কলেজের হোস্টেলে ঢুকিয়া বার বার গুলি, টিয়ার গ্যাস ও বেপরোয়া লাঠি চালাইয়া জুলুমবাজ নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনের ১৪ জন দেশপ্রেমিক কর্মীদের নির্মমভাবে হত্যা করিয়াছে।

পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, পূর্ববংগ সাংগঠনিক কমিটি, ২১ ফেব্রুয়ারি ১৯৫২১৩

লিফলেটের দাবিগুলোর প্রথমটি ছিল “নাজিম-নুরুল আমিন সরকার গদী ছাড়”; তারপর বাংলাকে অবিলম্বে অন্যতম রাষ্ট্রভাষা করা, হত্যাকারীর শাস্তি, বেসরকারি তদন্ত কমিশন, সব রাজবন্দির মুক্তি, আর নিরাপত্তা আইন ও ১৪৪ ধারা প্রত্যাহার।১৩

এদিকে আন্দোলনের নিজের কাঠামোটাই প্রশ্নের মুখে। আগের রাতের সিদ্ধান্ত মানলে ১৪৪ ধারা ভাঙার সঙ্গে সঙ্গেই সর্বদলীয় কর্মপরিষদ বিলুপ্ত।২৫ গুলির পর হোস্টেলের একটি শেডে কন্ট্রোল রুম বসেছিল; অলি আহাদের উদ্যোগে রাত নয়টায় সেখানে সভা বসল, ছিলেন শহীদুল্লা কায়সারসহ কমিউনিস্ট কর্মীরা, তোয়াহা, মতিন, যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাদুল্লাহ। সভা মানল, দুই কমিটিই অচল; সাময়িকভাবে নতুন সংগ্রাম কমিটি হলো, আহ্বায়ক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি গোলাম মাওলা। ঠিক হলো, পরদিন সকালে হোস্টেল প্রাঙ্গণে হবে গায়েবি জানাজা, লাশ ছাড়াই।২২২৪ তার আগে আরেকটি দল ফজলুল হকের বাসায় বসেছিল: আবুল হাশিম, কমরুদ্দীন আহমদ, শামসুল হক, কাজী গোলাম মাহবুব আর তমদ্দুন মজলিসের আবদুল গফুর। কিছু ঠিক হওয়ার আগেই খবর এল, ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে বৈঠক; সেখানে নতুন ছাত্র কমিটি, মাইক কেনা, লিফলেট ছাপা আর টাকার কথা হলো।২৪

লিফলেটটা লিখল কে, ছাপল কে, তার একটি বিবরণ রেখে গেছেন আবদুল মতিন নিজে। ছাত্ররাই প্রস্তাব আনলেন, পরদিন জানাজার ডাক দিলে মানুষ আসবে; প্রস্তাবটা মতিনের কাছে মনে হয়েছিল “ঘোর অন্ধকারে আলোর দিশার মত”। খসড়া হলো, কিন্তু সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক তাতে সই করতে রাজি হলেন না; তখন মতিনের সইয়ে, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা কমিটির নামে, লিফলেট ছাপা হলো ঘণ্টা দুয়েকের মধ্যে। এশার নামাজের পর মসজিদে মসজিদে তা বিলি হলো; মতিনের ভাষ্যে ঢাকার ছাপাখানাগুলো বিনা পয়সায়, এমনকি নিজেদের কাগজে, লিফলেট ছেপে দিয়েছিল।২৬ উমরও লিখেছেন, গুলির কিছু পরে ছাত্ররা একটি লিফলেট তৈরি করে মতিনকে দিয়ে সই করিয়েছিলেন।২২

সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রসভা ঠিক করল, শোকের চিহ্ন হিসেবে চল্লিশ দিন কালো ব্যাজ পরা হবে; হলগুলোতে কন্ট্রোল রুম বসল, মাইকে আশপাশের মানুষকে জানানো হলো জানাজার খবর।২৩ গভীর রাতে পুলিশ যোগীনগরে যুবলীগের অফিসে হানা দিল। তাজউদ্দীন আহমদ তখন ভেতরে; তাঁর ডায়েরি অনুযায়ী তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান, কেউ ধরা পড়েনি, কোনো কাগজও পাওয়া যায়নি।২৪

ফরিদপুর জেল হাসপাতালে পাশাপাশি দুটি বিছানায় শুয়ে আছেন দুই অনশনকারী, শেখ মুজিবুর রহমান আর মহিউদ্দিন আহমদ; ডাক্তার নড়াচড়া নিষেধ করেছেন। সেদিন ফরিদপুরেও হরতাল হয়েছিল, ছাত্রছাত্রীরা মিছিল করে জেলগেটে এসে স্লোগান দিয়ে গেছে, তার একটি “শেখ মুজিবের মুক্তি চাই”। রাতে ডিউটিতে এসে সিপাহিরা খবর দিল, ঢাকায় ভীষণ গোলমাল, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে; রেডিওর খবর। উত্তেজনায় উঠে বসলেন তাঁরা; পাহারার দুই কয়েদি তাড়াতাড়ি দুজনকে ধরে শুইয়ে দিল।২৭

গুলি করার তো কোন দরকার ছিল না। হরতাল করবে, সভা ও শোভাযাত্রা করবে, কেউ তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। কোনো গোলমাল সৃষ্টি করার কথা তো কেউ চিন্তা করে নাই। ১৪৪ ধারা দিলেই গোলমাল হয়, না দিলে গোলমাল হওয়ার সম্ভাবনা কম থাকে।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী২৭

অনেক রাতে আরেকজন সিপাহি এসে বলল, ছাত্র মারা গেছে অনেক, বহু লোক গ্রেপ্তার।২৭

মসজিদে মসজিদে যে কাগজ বিলি হলো, তাতে লেখা ছিল একটি সময় আর একটি জায়গা: সকাল নয়টা, মেডিকেল কলেজ হোস্টেল। কতজন আসবেন, আয়োজকেরাও জানতেন না।২৬

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯০–১৯১ গ
    বেলা একটার মধ্যে মেডিকেল কলেজ হোস্টেলের গেটে ছাত্রদের জমায়েত, রাস্তার ওপারে আজিমপুরের মানুষ, পাশে নার্সেস কোয়ার্টারের নির্মাণকাজের ইট; পরিষদ বসার কথা সাড়ে তিনটায়, সদস্যরা আসতে শুরু করেন তিনটার দিকে; ছাত্ররা কয়েকজনকে থামিয়ে আহতদের দেখে যেতে বলেন; হাসান আলী আর আবদুল্লাহিল বাকীকে পুলিশ উদ্ধার করে; আওলাদ হোসেনকে ভেতরে নেওয়া হয়, তিনি কিছুক্ষণ ছিলেন; দত্তসহ কয়েকজনকে আহতদের দেখানো হয়, পুলিশও দেখায় ইটে জখম তাদের লোক। তারপর কয়েকটি সতর্কবাণী, কাঁদানে গ্যাস, আর হঠাৎ গুলি, হোস্টেলের ভেতরের ছাত্রদের আর রাস্তার ওপারের ভিড়ের ওপর; সঙ্গে সঙ্গে নিহত একজন ছাত্র আর রাস্তার ধারের একটি বালক; বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাহউদ্দীনের মাথায় গুলি; আহতদের বেশির ভাগ ১২ নম্বর শেডের সামনে; বরকত, আবদুল জব্বার আর রফিকুদ্দীন সেই রাতে মারা যান, কাস্টমস বিভাগের পিয়ন আবদুস সালাম পরে; বালকটির পরিচয় মেলেনি; রাতে পুলিশ লাশ সরিয়ে আজিমপুর গোরস্থানে গোপনে দাফন করে (পৃ. ১৯১-এ গড়িয়েছে)। উমরের সূত্র: আখতার মুকুল; রফিকুল ইসলাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, পৃ. ২২৩; মোহাম্মদ সুলতান, পৃ. ৮৪; পরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বিবৃতি (২২ ফেব্রুয়ারির কার্যবিবরণী); এলিস প্রতিবেদনের অনুচ্ছেদ ২২ ও ২৪; আজাদ, ২২ ও ২৩ ফেব্রুয়ারি; গোপন দাফনের জন্য উমর নিজে আর আজাদ, ২২ ফেব্রুয়ারি। সূত্রে ভিন্নতা: গুলি হোস্টেলের ভেতরের ছাত্রদের ওপর চালানো হয়েছিল, উমরের এই বিবরণ এলিসের সিদ্ধান্তের উল্টো; এলিসের মতে পুলিশ প্রাঙ্গণে ঢোকেনি, গুলি চলেছিল রাস্তা বরাবর, তবে কিছু গুলি প্রাঙ্গণে পড়েছিল (অনুচ্ছেদ ৪৫–৪৬)। ↩
  2. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৮০ ক
    অনুচ্ছেদ ২২: দেয়ালের ফাঁক দিয়ে এক প্রাঙ্গণ থেকে আরেক প্রাঙ্গণে যাতায়াত, মেডিকেল কলেজ এলাকা হয়ে ওঠে “sanctuary”; অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ মাহমুদ আহত, জিপ ভাঙা; বেলা একটায় ডিআইজি এ. জেড. ওবায়দুল্লাহ; দুটো-আড়াইটার দিকে পার্লামেন্টারি সেক্রেটারি আওলাদ হোসেনকে আটকে কাগজে সই করানো, রাত নয়টা পর্যন্ত আটক। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: উমর (পৃ. ১৯০) আওলাদ হোসেনকে সই করানোর কথা বলেননি, লিখেছেন তাঁকে ভেতরে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল। ↩
  3. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৮১ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ২৩। মন্ত্রী হাসান আলীর গাড়িতে ছিলেন মওলানা আবদুল্লাহ-আল-বাকী, প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, পূর্ববঙ্গ পরিষদ আর গণপরিষদ দুটোরই সদস্য; গাড়ির টায়ারের হাওয়া ছেড়ে দেওয়া হয়; দুই তরুণ বাঁ আর ডান দরজা দিয়ে ঢুকে দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চাপ দেন; বাকী নেমে পড়লে মন্ত্রী আর আর্দালি তাঁকে টেনে ফেরান; পুলিশের গাড়িতে দুজনকে পরিষদে পৌঁছে দেওয়া হয়, আর জিপ রওনা হওয়ার মুখে মন্ত্রীর মাথায় ইট লাগে। প্রতিবেদনের হিসাবে ততক্ষণে ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার আর শহরের অতিরিক্ত পুলিশ সুপার সবাই আহত। এলিসের বিবরণ পুলিশ আর সরকারি সাক্ষীদের বক্তব্যনির্ভর, কারণ আন্দোলনের পক্ষ তদন্ত বর্জন করেছিল। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: অনুচ্ছেদ ৪৭-এ আহত কর্মকর্তাদের তালিকায় অতিরিক্ত পুলিশ সুপারের জায়গায় ডিএসপি (পৃ. ৩০০)। ↩
  4. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩০০ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৭। জেলা ম্যাজিস্ট্রেট কোরেশী “had only assumed charge as District Magistrate the day before”; বেলা ৩টা ২০ মিনিটের মধ্যে ৬০ জন পুলিশের ২৪ জন আহত; আর এলিসের নিজের স্বীকারোক্তি, তদন্তটি “quasi ex-parte”, অর্থাৎ প্রায় একতরফা, কারণ বক্তব্যগুলো প্রায় অপ্রতিদ্বন্দ্বী (almost uncontested)। কর্মপরিষদ তদন্ত বর্জন করেছিল (অনুচ্ছেদ ৫); প্রতিবেদনের ঘটনার বিবরণ তাই মূলত সরকারি আর পুলিশ সাক্ষ্যনির্ভর। বাংলা অনুবাদ আমাদের। ↩
  5. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৮১–২৮২ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ২৪। বেলা তিনটায় দ্বিতীয় ও শেষ লাঠিচার্জ ব্যর্থ হয়, পুলিশ পিছু হটে; জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশের আন্দাজে ভিড় তখন পাঁচ হাজারের বেশি, এগোচ্ছিল খেলার মাঠের কোণ আর মেডিকেল কলেজ হোস্টেল থেকে; পুলিশ “in danger of being encircled and overpowered”, তাই জেলা ম্যাজিস্ট্রেট, ডিআইজি আর পুলিশ সুপার গুলিতে একমত হন। উদ্ধৃত ইংরেজি বাক্য (“As a last resort…”) এই অনুচ্ছেদের। দলের গড়ন: মেডিকেল কলেজ গেট আর হোস্টেল গেটের মাঝখানে তিনজন হেড কনস্টেবল আর ত্রিশজন কনস্টেবলের চৌকো, দুই পাশে পাঁচজন করে হাঁটু গেড়ে, বাকিরা উত্তর-পশ্চিমমুখী; পুলিশ সুপার প্রতি পাশকে এক রাউন্ডের আদেশ দেন, পরে হোস্টেলমুখী পাশকে আবার; মোট ২৭ রাউন্ড, ৫টি খেলার মাঠের দিকে, ২২টি হোস্টেলের দিকে। খেলার মাঠের কোণে একজন সঙ্গে সঙ্গে মারা যান, তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়; হোস্টেলের দিকে কতজন হতাহত, পুলিশ তখন জানতে পারেনি (“it was impossible for the Police to discover what were the casualties on the Medical College Hostel side”)। নয়জন হতাহত, তিনজন ছাত্র আর ছয়জন বাইরের লোক; দুজন রাত আটটার দিকে মারা যান, “one being a student”, তৃতীয়জন তদন্ত চলার সময়। গুলির পর মাইক, জ্বালাময়ী বক্তৃতা আর রক্তমাখা জামাকাপড়, প্রতিবেদনের ভাষায় উত্তেজনা চড়া রাখতে; সাড়ে চারটা-পাঁচটার দিকে পরিষদের দিকে আরেক দফা ধাওয়া ঠেকাতে লাঠিচার্জ। দলের অবস্থান নিয়ে ডিআইজি আর পুলিশ সুপারের স্মৃতি মেলেনি; এলিস নিয়েছেন পুলিশ সুপারের কথা, কারণ নেতৃত্বে ছিলেন তিনি। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। ↩
  6. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৭০–২৭১ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ১: পটভূমি। ৩১ জানুয়ারি ১৯৫২ সর্বদলীয় কর্মপরিষদ গঠন; ২১ ফেব্রুয়ারি বিশাল বিক্ষোভ আর হরতালের ঘোষণা, সেদিনই পরিষদের অধিবেশন আর প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সভা; ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারা (অনুমতি ছাড়া মিছিল, বিক্ষোভ বা পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষেধ), ঢোল পিটিয়ে, প্রচারগাড়ির মাইকে আর সংবাদপত্রে ঘোষণা; সকাল সাড়ে সাতটার মধ্যে কন্ট্রোল রুম চালু; বেলা ৩টা ২০ মিনিটে মেডিকেল কলেজের গেটে গুলি, একজন ঘটনাস্থলে আর তিনজন পরে নিহত। নিহতদের মধ্যে নাম আছে একজনেরই: “One of the persons killed was a student named Abul Barkat.” অনুচ্ছেদের শেষাংশ স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। সূত্রে ভিন্নতা: দৈনিক আজাদের ২২ ফেব্রুয়ারির প্রতিবেদনে গুলির সময় “বিকাল প্রায় ৪টায়” (দলিলপত্র, পৃ. ৬৭৫)। ↩
  7. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৫ ক
    দৈনিক আজাদ, ২২ ফেব্রুয়ারি ১৯৫২। দলিলপত্রে “১৯৫২ সালের ফেব্রুয়ারীঃ ভাষা আন্দোলনের ঘটনালী” শিরোনামে আজাদের ২১–২৮ ফেব্রুয়ারির খবর সংকলিত; এই প্রতিবেদনের শিরোনাম “ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ছাত্র সমাবেশের উপর পুলিশের গুলীবর্ষণ”। স্টাফ রিপোর্টারের লেখা: “গতকল্য (বৃহস্পতিবার) বিকাল প্রায় ৪টায়” গুলি; এম এ ক্লাসের ছাত্র মোহাম্মদ সালাহউদ্দীন (২৬) ঘটনাস্থলে নিহত; কুড়িজন হাসপাতালে ভর্তি, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক; রাত আটটার পর মারা যান আবদুল জব্বার (৩০), আবুল বরকত (২৫; ছাপায় “বরকাত”) আর বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিকুদ্দীন আহমদ (২৭)। প্রতিবেদনে জব্বার আর বরকতকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একই পাতায় ২১ ফেব্রুয়ারির আরেকটি খবর: জেলা ম্যাজিস্ট্রেট পাঁচটি থানা এলাকায় এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছেন। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: এলিসের প্রতিবেদনে গুলি ৩টা ২০ মিনিটে। ↩
  8. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩২ খ
    কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জি, ২১ ফেব্রুয়ারি: আমতলার সভা, মতিনের সিদ্ধান্ত সাধারণ ছাত্রদের মতামতের ওপর ছেড়ে দেওয়া, শামসুল হকের “সহকর্মীগণসহ সভা থেকে বেরিয়ে যেতে বাধ্য” হওয়া, কাঁদানে গ্যাস আর পুকুরে ঝাঁপ, বেলা প্রায় সোয়া তিনটায় মন্ত্রী আর সদস্যদের পরিষদে আসা, তারপর কাঁদানে গ্যাস ছুড়ে তাড়া করতে করতে পুলিশের হোস্টেলে ঢোকা, ছাত্রদের “বাধ্য হয়ে” ইট ছোড়া, ঘটনাস্থলে জব্বার আর রফিকুদ্দীন নিহত, প্রায় ১৭ জন গুরুতর আহত, রাত আটটায় বরকতের মৃত্যু। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: কবির সভার সময় দিয়েছেন সাড়ে বারোটার কাছাকাছি; এলিস আর আজাদের বিবরণে সভা বেলা এগারোটায়। পুলিশ হোস্টেলে ঢুকেছিল কি না, তা নিয়ে এলিসের বিবরণ উল্টো (অনুচ্ছেদ ৪৫–৪৬)। ↩
  9. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৯৬–২৯৭ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৩: ২৮ নম্বর সাক্ষী মোহাম্মদ কামাল, এম.এ., এলিসের ভাষায় পুলিশের পক্ষে গুলির একমাত্র স্বাধীন সাক্ষী, যিনি গুলির ঠিক আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। বেলা আড়াইটায় হাইকোর্ট থেকে বেরিয়ে মৌলভী নাজিবুল্লাহ নামে একজনের সঙ্গে দেখা করতে ফুলার রোড ধরে হেঁটে পরিষদ ভবনের দিকে যাচ্ছিলেন; বিশ্ববিদ্যালয় মাঠের উত্তর-পশ্চিমে পাম্পিং স্টেশনের কাছে, তাঁর আন্দাজে এক হাজার লোকের ভিড়ের পেছনে আটকে পড়েন; গুলির শব্দ শোনেন, পাম্পিং স্টেশনের কাছে একজনের মাথায় গুলি লাগতে দেখেন, তারপর নাজিমুদ্দিন রোড ধরে দৌড়ে পালান (প্রশ্ন ৭৪–৭৫)। তিনি পাম্পিং স্টেশন থেকে “১০০ গজ” দূরে থাকার কথা বলেছিলেন; এলিসের ধারণা, আসলে ১০০ ফুট। বেলা তিনটায় পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সরকারি কর্মকর্তাদের আইনজীবী হামুদুর রহমান তাঁর সাক্ষ্যের ওপর নির্ভর করেছিলেন। বাংলা অনুবাদ আমাদের। ↩
  10. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৯৭–৩০০ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৫: পুলিশ কি হোস্টেল প্রাঙ্গণে ঢুকে গুলি করেছিল? গুলির বিপক্ষের প্রধান সাক্ষী দেওয়ান হারুন (৬৪ নম্বর সাক্ষী) জেরায় কথা বদলান, বলেন তিনি আসলে চিকিৎসার জন্য বহির্বিভাগে গিয়েছিলেন; এলিস তাঁকে বলেছেন “so irresponsible a witness”। পুলিশের সাক্ষীদের জেরায় কখনো বলা হয়নি যে পুলিশ প্রাঙ্গণে ঢুকেছিল। ১ নম্বর সাক্ষী, অনুচ্ছেদ ১২-র তালিকা অনুযায়ী ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ ইদরিস, প্রশ্ন ২৮১–২৮৪-এর উত্তরে বলেন, তাঁর লোকেরা “did not move an inch”; প্রশ্ন ২৮৪-র উত্তর: “Bullets might go inside the Hostel compound which is only about a few hundred yards.” গুলির দাগ: “two in the east-end wall of Hostel No. 12 and one in the east-end wall of Hostel No. 20 and a glancing shot on the north wall of Shed No. 12”; হোস্টেলগুলো আড়াআড়ি সারিতে (en echelon), আর দাগগুলো পুলিশ সুপারের বলা গুলির রেখার সঙ্গে মেলে। দাগগুলো এলিস নিজে গিয়ে দেখেছিলেন (অনুচ্ছেদ ১১ ও ৪৬)। মুদ্রিত পাঠে একটি বাক্য জট পাকানো, আর প্রশ্ন ২৮২-তে “hotel” ছাপা। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। ↩
  11. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩০০ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৬। বিচারপতিকে সাহায্য করতে নিয়োজিত আবদুল গনির যুক্তি ছিল, প্রাঙ্গণের ভেতরে গুলি পড়াই প্রমাণ করে যে পুলিশ শুধু রাস্তা বরাবর আর খেলার মাঠের দিকে গুলি করেনি। এলিস মেনেছেন, “It cannot be denied that shots did land in the Medical College Hostel compound”, কিন্তু বিবৃতিগুলো আর হোস্টেলের নিজের পরিদর্শন (“my personal inspection of the hostels”) থেকে তাঁর মনে হয়নি যে পুলিশ ইচ্ছা করে প্রাঙ্গণে ঢুকে গুলি করেছে; সম্ভবত মেডিকেল কলেজ গেটের সামনে থেকে রাস্তা বরাবর গুলির পাল্লায় প্রাঙ্গণের একাংশ পড়ে গিয়েছিল। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। ↩
  12. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৬ ক
    দৈনিক আজাদ, ২২ ফেব্রুয়ারি ১৯৫২, পরিষদের ২১ ফেব্রুয়ারির অধিবেশনের খবর। কংগ্রেস দলের উপনেতা ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করেন, পরিষদের নেতা নিজে ঘটনাস্থল আর হাসপাতাল দেখে এসে বিবৃতি দিন; উদ্ধৃত বাক্যটি (“মিঃ দত্ত বলেন যে, …”) এই প্রতিবেদনের, “ছাত্রগন”, “মেডিক্যল”, “গুলিচালায়” যেমন ছাপা। তর্কবাগীশ আসনে বসতে রাজি হননি; স্পিকার আবদুল করিমের সতর্কবাণী; নূরুল আমীনের আশ্বাস, তদন্ত তিনি অবশ্যই করবেন। একই পাতায় উপাচার্যের বিবৃতি আর সমাবর্তন স্থগিতের খবর। এটি সংবাদপত্রের প্রতিবেদন, পরিষদের কার্যবিবরণী নয়। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ছাপায় একটি অসংগতি: দত্তের দাবি সমর্থনের প্রসঙ্গে লেখা হয়েছে “মনোরঞ্জন ধরের দাবী”; প্রসঙ্গ থেকে বোঝা যায়, দাবিটি দত্তের। এটা আমাদের পাঠ। ↩
  13. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৪ ক
    পাকিস্তানের কমিউনিস্ট পার্টির পূর্ববংগ সাংগঠনিক কমিটির ইশতেহার, শিরোনাম “অত্যাচারী নুরুল আমিন সরকারের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে সারা পূর্ব বংগব্যাপী তুমূল এক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তুলুন”। প্রথম বাক্যটি আমরা হুবহু তুলেছি, “মেডিক্যার”, “নির্মমভাবে” যেমন ছাপা; “১৪ জন দেশপ্রেমিক কর্মী” এই বাক্যেই। আহ্বান “দলমত নির্বিশেষে সকল প্রতিষ্ঠান ও পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী জনসাধারণের” প্রতি; দাবি: নাজিম-নুরুল আমিন সরকার গদী ছাড়; অবিলম্বে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা; হত্যাকারীর শাস্তি, বেসরকারী তদন্ত কমিশন আর হত ও আহতদের পুরা ক্ষতিপূরণ; সকল রাজনৈতিক বন্দীর মুক্তি; নিরাপত্তা আইন, ১৪৪ ধারা ও সমস্ত দমনমূলক আইনের প্রত্যাহার। ইশতেহারে কোনো তারিখ ছাপা নেই; সময়টা উমরের কাছ থেকে নেওয়া: তিনি একে বলেছেন ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাড়া সাইক্লোস্টাইল করা লিফলেট, ইংরেজি শিরোনাম Build up a Great United Movement throughout East Bengal against the Barbaric Massacre of the Tyrannical Government of Nurul Amin (Emergence, পৃ. ১৯৩, পাদটীকা ৫১৬; সূত্র তাঁর নিজের দলিল সংকলন, খণ্ড ১)। এটি একটি রাজনৈতিক দলের প্রচারপত্র; নিহতের সংখ্যা ১৪ আমাদের আর কোনো সূত্রে নেই। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  14. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৬১ খ
    সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সম্মেলনে (ঢাকা, ২৭ এপ্রিল ১৯৫২) সভাপতি আতাউর রহমান খানের লিখিত ভাষণ, দলিলপত্রে পৃ. ২৬০–২৬৪। এই পাতায়: পুলিশ “মেডিকেল ছাত্রাবাসের ভেতর অনধিকার প্রবেশ করে নিরস্ত্র ছাত্রদের উপর বেপরোয়া গুলী চালনা” করেছে, কারবালার সঙ্গে তুলনা; পরদিন আবার গুলি আর মৃত্যু; আর “পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, শহরে কয়দিন “সরকার” ছিল বলে মনে হয় না।” প্রধানমন্ত্রী কবে, কোথায় কথাটা বলেছিলেন, ভাষণে তা নেই। ভাষণটি আন্দোলনের এক নেতার, ঘটনার দুই মাস পরে দেওয়া। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  15. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮০ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। জুমার পর সলিমুল্লাহ হলের সভা আর রক্তদানের আবেদন; শহরে জোর গুজব, নিহত চারজনের বেশি, আর লাশ সরিয়ে ফেলা হয়েছে; মেডিকেল কলেজ আর পরিষদ ভবনের মাঝখানে ফুলার রোডে এক কিশোর গুলিতে নিহত, লাশ সরিয়ে নেওয়া হয়, আর কথাটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নাতকোত্তর ছাত্রী সমর্থন করেছেন। একই পাতায় ২২ ফেব্রুয়ারির সরকারি এশতেহার (তারিখ ছাপা “ঢাক, ২২ শে ফেব্রুয়ারী”): বিকেলের পর অবস্থা অনেকটা আয়ত্তে; নবাবপুরে গুলির পর ৪৫ জন আহত হাসপাতালে, নিহত দুজন; “গুন্ডা শ্রেণীর লোকেরা …” বাক্যটি এশতেহারের, “গ্রহন” যেমন ছাপা; “পুলিশ বাহিনীর সাহায্যার্থে সৈন্য বাহিনী আনয়ন করা হয়”; আর “মর্নিং নিউজ প্রেসটি জনতা পোড়াইয়া দেয়”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। উমর লিখেছেন, ২২ তারিখের প্রেস নোট ছাপা হয় পরদিন (Emergence, পৃ. ১৯৭)। ↩
  16. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩০০–৩০১ ক
    বিচারপতি টি. এইচ. এলিসের তদন্ত প্রতিবেদন (২৭ মে ১৯৫২), অনুচ্ছেদ ৪৮–৪৯: গুলি মাত্রাতিরিক্ত ছিল কি না। রেজিস্টার দেখে এলিস নিশ্চিত হয়েছেন, মোট ২৭ রাউন্ড, তাতে ৯ জন হতাহত, যাঁদের ৪ জন মারা গেছেন। তাঁর যুক্তি, পুলিশ গুলি চালায় হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই (“with the deliberate intention of killing”), তাই রাউন্ডের সংখ্যার পাশে হতাহতের সংখ্যা রেখে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বলা যায় না; “The firing was controlled and was effective.” অনুচ্ছেদ ৪৯: মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টারেও গুলিতে হতাহতের হিসাব একই; অনেকে কাঁদানে গ্যাসে, লাঠিতে বা পড়ে গিয়ে আহত, যা প্রচুর গ্যাস আর দুই দফা দৃঢ় লাঠিচার্জের পর “not unexpected”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা; বাংলা অনুবাদ আমাদের। ↩
  17. মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, পৃ. ৬৫ খ
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১ (কলকাতা: সম্পর্ক, ২০০০)। লেখক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ; ছোট উদ্ধৃতিগুলো সেখান থেকে, মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি। এই পাতায়: মতিনের ব্যাখ্যা, বিকেল তিনটার অধিবেশনে ছাত্ররা পরিষদ সদস্যদের সই আদায় করে ফেলতে পারেন, সরকার সেই সম্ভাবনা দেখেই গুলি চালায়; “এখানেই বরকত, সালাম, জব্বার, রফিক নিহত ও শতাধিক ছাত্র আহত হয়”; তারপর হাজারে হাজারে মানুষের ভিড়, আর ছাত্রদের জানাজার প্রস্তাব। তাঁর তালিকায় সালাহউদ্দীনের নাম নেই, আর কে ঘটনাস্থলে, কে পরে মারা যান, তা আলাদা করা নেই। ↩
  18. ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১১৩ গ
    উইলেম ভ্যান শেন্ডেল, ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ: ভাসানীর সভাপতিত্বে প্রতিবাদ সভা ২১ ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আর বিক্ষোভের সিদ্ধান্ত নেয়; ২১ তারিখে নিহত পাঁচজন, তাদের একজন নয় বছরের ছেলে; আর হোস্টেলের পাশের স্মৃতিস্তম্ভ কর্তৃপক্ষ সরিয়েছে, মানুষ আবার গড়েছে, কয়েকবার, শেষে ১৯৬২ সালে কংক্রিটের শহীদ মিনার। বইটি সাধারণ পাঠকের জন্য লেখা সামগ্রিক ইতিহাস; প্রতিটি দাবির আলাদা সূত্র নেই। ↩
  19. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩৫ খ
    কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জি, ২৩ ফেব্রুয়ারি রাত থেকে ৫ মার্চ। ২৩ তারিখ: ঢাকার “শত সহস্র মানুষকে” এক-একটি মাইকের সামনে বসে বক্তৃতা শুনতে দেখা যেত; রাতে আজিমপুর কলোনিতে মেয়েদের প্রতিবাদসভা, “সুদূর কমলাপুর” থেকেও মেয়েরা আসেন, তাঁর হিসাবে কয়েক হাজার। ২৪ তারিখ: আন্দোলনের চার দিন পূর্ণ, গভর্নর পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করেন; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলির নিন্দা করে ২৫ তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়; সেনারা ফজলুল হক হল, জগন্নাথ কলেজ, মিটফোর্ড মেডিকেল স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ আর সলিমুল্লাহ হলের মাইক কেড়ে নেয়; সলিমুল্লাহ হলের পশ্চিম দরজা ভেঙে প্রায় আশিজন কর্মী গ্রেপ্তার, হলে বসা আন্দোলনের দপ্তরের কাগজপত্র জব্দ; সন্ধ্যায় সেনারা স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে; কর্মপরিষদের ৭৫ ঘণ্টার চরমপত্র, ৫ মার্চ শহীদ দিবস, নিহতের দাবি ৩৯, আর নয় দফার ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি। ২৫ তারিখ: বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ; আন্দোলনের প্রচারযন্ত্র সরকারের দখলে; নয়জন মূল সংগঠকের নামে পরোয়ানা; কাগজগুলো তাঁদের বলছে “রাষ্ট্রের শত্রু”; “শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে।” ২৭ তারিখ রাতে এক বাড়ি থেকে নয়জনের আটজন গ্রেপ্তার; ৫ মার্চ ঢাকায় অলিগলি সেনায় ঘেরা, শহীদ দিবস ব্যর্থ, মফস্বলে সফল। সূত্রে ভিন্নতা: মিনার ভাঙার তারিখ আমাদের সূত্রগুলোর মধ্যে কেবল কবিরই দিয়েছেন। উমরের বিবরণে সলিমুল্লাহ হলের মাইক সরানো হয় ২৫ তারিখে, আর পুলিশ ফটক ভেঙে ঢোকে ২৬ তারিখে, গ্রেপ্তার আটাশজন (Emergence, পৃ. ২০২); পরোয়ানা জারি ২৮ ফেব্রুয়ারি, ঢাকা গেজেট অনুযায়ী, আর বড় গ্রেপ্তার ৭ মার্চ (পৃ. ২০৩)। ↩
  20. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৪০–২৪১ ক
    মুখ্যমন্ত্রী নূরুল আমীনের বেতার ভাষণ, ৩ মার্চ ১৯৫২; দলিলপত্র এটি নিয়েছে মাসিক মাহে নও, এপ্রিল ১৯৫২ থেকে। এখানে ব্যবহৃত অংশ: খবর পেয়ে “সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে” ১৪৪ ধারা, আর অনুমতি চাইলে সভা করা যেত, “কিন্তু কেহ এইরুপ কোন অনুমতি চান নাই” (পৃ. ২৪১); ঢাকার ঘটনায় “পাঁচজনের জীবন নাশ” (পৃ. ২৪০)। দলিলপত্রে ভাষণের শেষে উৎসের উল্লেখ পৃ. ২৪৩-এ। ভাষণটি সরকারের নিজের ব্যাখ্যা, আন্দোলন দমনের পরে দেওয়া। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  21. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩৩ খ
    কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জি, ২১ ফেব্রুয়ারি বিকেল থেকে ২২ ফেব্রুয়ারি। গুলির পর হোস্টেলের ব্যারাকে ব্যারাকে রক্তমাখা কাপড়ের পতাকা, মাইকে নিহতদের নাম-ঠিকানা, আর তাঁর ভাষায় “সমস্ত ভয়-ত্রাস মুছে গেছে”; পরিষদে বিরোধী সদস্যদের কৈফিয়ত আর মুলতবির দাবি; নূরুল আমীন আর তর্কবাগীশের দুটি উক্তি, যা আমরা হুবহু তুলেছি; তর্কবাগীশের ওয়াকআউট আর ছাত্রদের মাইকে বক্তৃতা; সেই রাতে শহর আর শহরতলির হাজার হাজার নারী-পুরুষ। ২২ তারিখ সকালে সলিমুল্লাহ হল, মেডিকেল কলেজ, ফজলুল হক হল, মিটফোর্ড মেডিকেল স্কুল আর জগন্নাথ কলেজের মাইক চালু; কাগজে “মাত্র ৩ জন নিহত, ৩০০ জন আহত ও ১৮০ জনকে গ্রেফতার”; শহীদদের লাশ মেডিকেল কলেজ আর হাসপাতাল থেকে সরিয়ে ফেলা; হোস্টেলে গায়েবি জানাজা, সেদিন “সমস্ত শহর মিলিটারীর হাতে”; ইমামের মোনাজাত, যা আমরা হুবহু তুলেছি; ওলী আহাদের বক্তৃতা; “লক্ষাধিক জনতার বিশাল মিছিল”; “শোভাযাত্রার মধ্যখানে” লাঠিচার্জ আর গুলি, আর “এখানে হাইকোর্টের কেরানী সফিউর রহমান শহীদ হন”; ছত্রভঙ্গ মানুষ হাইকোর্ট আর কার্জন হলের চত্বরে, সামনের অংশ স্টেশন আর নবাবপুর হয়ে সদরঘাটে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। গুলিটা কে চালায়, কবির লেখেননি, আর জায়গাটাও নির্দিষ্ট করেননি; হাইকোর্টের সামনের সংঘর্ষের সঙ্গে তাঁর বিবরণ মিলিয়ে পড়া আমাদের পাঠ, কারণ আজাদ আর উমর দুজনেই সেখানে লাঠি আর গুলির কথা লিখেছেন। পরের পাতায় নামের বানান “শফিউর”। উমরও শহীদ শফিউর রহমানের নাম দিয়েছেন, তাঁর পিতা মিনার উদ্বোধন করেছিলেন বলে, কিন্তু তিনি কোথায় কীভাবে নিহত হন, তা লেখেননি (Emergence, পৃ. ২০০)। সূত্রে ভিন্নতা: কবির লিখেছেন, ২১ তারিখ রাতে “পূর্ব হতে জারীকৃত সান্ধ্য আইন” আর ১৪৪ ধারার চিহ্নও রইল না; কিন্তু আজাদের খবরে কারফিউ জারি হয় ২২ তারিখ রাত থেকে (দলিলপত্র, পৃ. ৬৮২)। ↩
  22. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯১ গ
    হাসপাতালে আহতদের দেখতে আসেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অর্থনীতির অধ্যাপক আয়ার, বসন্তকুমার দাস, মনোরঞ্জন ধর আর ধীরেন্দ্রনাথ দত্ত; সার্জারির অধ্যাপক ড. এলিংসন অনেক রাত পর্যন্ত অস্ত্রোপচার করেন। কাজী মোহাম্মদ ইদরিস দেখেন সালাহউদ্দীনের লাশ, মাথার খুলি উড়ে গেছে; মেডিকেল ছাত্রী হালিমা খাতুন আর আলোকচিত্রী আমানুল্লাহর সাহায্যে ছবি তোলান; কোনো কাগজ তা ছাপার সাহস করেনি, ছাপা হয় লিফলেটে। পরিষদ ভবনে মুসলিম লীগ সংসদীয় দলের বৈঠক, হোস্টেল থেকে সদস্যদের বেরিয়ে আসার ডাক, অধিবেশনের ঘণ্টা; তর্কবাগীশ, দত্ত, ধর আর কুষ্টিয়ার শামসুদ্দীন আহমদের দাবি, অধিবেশন মুলতবি হোক আর নূরুল আমীন হাসপাতাল দেখে আসুন; তাঁর অস্বীকার আর হট্টগোল; খয়রাত হোসেন, আনোয়ারা খাতুন আর আলী আহমদ খানকে নিয়ে তর্কবাগীশের ওয়াকআউট, কাঁটাতারের বেড়া পেরিয়ে হোস্টেলের মাইকে বক্তৃতা; সারা রাত মাইক; হোস্টেলের একটি শেডে কন্ট্রোল রুম, শহীদুল্লা কায়সারের মতো কমিউনিস্ট কর্মীরা সেখানে। গুলির কিছু পরে ছাত্রদের তৈরি লিফলেটে বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আবদুল মতিনের সই। উমরের সূত্র: মাহবুব জামাল জাহেদী আর মতিন (লিফলেট); মতিন (হাসপাতাল); কাজী মোহাম্মদ ইদরিসের সাক্ষাৎকার আর উমরের Language Movement, খণ্ড ৩, পৃ. ২০৩–২০৪ (ছবি); পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের ২১ ফেব্রুয়ারির কার্যবিবরণী (অধিবেশন); তর্কবাগীশ আর উমর নিজে (মাইকের বক্তৃতা)। ↩
  23. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯৩ গ
    গুলির খবরে শহরে স্বতঃস্ফূর্ত হরতাল: দোকান বন্ধ, রিকশা আর বাস বন্ধ, পূর্ববঙ্গ সচিবালয়ের কর্মচারীরা অফিস ছেড়ে বেরিয়ে এসে গুলির নিন্দা করেন। রেডিও স্টেশনের উল্টো দিকে আবন মিয়ার রেস্তোরাঁয় বেতারের শিল্পী আর কর্মীদের ধর্মঘটের সিদ্ধান্ত; সংগঠনে উমর যাঁদের নাম দিয়েছেন: কবি ফররুখ আহমদ আর সিকান্দার আবু জাফর, আবদুল আহাদ, আবদুল লতিফ, সাঈদ সিদ্দিকী আর অন্য লেখক-শিল্পীরা; তৃতীয় অধিবেশনের অনুষ্ঠান বাতিল, শুধু রেকর্ড করা গান-বাজনা; ঢাকা বেতারই মৃত্যুর খবর ঘোষণা করে, সন্ধ্যার মধ্যে তা প্রদেশে ছড়িয়ে পড়ে। সংবাদ সম্পাদক খায়রুল কবির ছাত্রদের জানান, তাঁরা কারও সেন্সরশিপ মানবেন না; কাজী ইদরিসসহ কয়েকজন কাগজ সাময়িক বন্ধ রাখতে চেয়েছিলেন, কবির রাজি হননি। সলিমুল্লাহ হলের সভা: চল্লিশ দিন কালো ব্যাজ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি; কন্ট্রোল রুম সলিমুল্লাহ হল, ফজলুল হক হল আর অন্য হোস্টেলে। নারায়ণগঞ্জ আর চট্টগ্রামে পুরো হরতাল, কুমিল্লার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সিলেট, ময়মনসিংহ আর উত্তরবঙ্গেও প্রতিবাদ। সন্ধ্যায় কমিউনিস্ট পার্টির সাইক্লোস্টাইল করা লিফলেট। উমরের সূত্র: খায়রুল কবিরের সাক্ষাৎকার; আজাদ, ২২ ফেব্রুয়ারি; আবদুল আউয়াল ভূঁইয়া; উমরের দলিল সংকলন, খণ্ড ১ (লিফলেট)। ↩
  24. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯২ গ
    অলি আহাদের উদ্যোগে রাত নয়টায় হোস্টেলে আন্দোলনের কর্মীদের সভা: সর্বদলীয় কর্মপরিষদ আর বিশ্ববিদ্যালয় কমিটি দুটোই অচল, তাই আপাতত নতুন সংগ্রাম কমিটি, আহ্বায়ক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি গোলাম মাওলা; অলি আহাদ, মোহাম্মদ তোয়াহা, আবদুল মতিন, যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাদুল্লাহ আর নতুন কমিটির সিদ্ধান্ত, পরদিন সকালে হোস্টেল প্রাঙ্গণে গায়েবি জানাজা (সূত্র: অলি আহাদ, জাতীয় রাজনীতি, পৃ. ১৬০; মতিন)। “এই সভার আগে, গুলির অল্প পরে”, ফজলুল হকের বাসায় আবুল হাশিম, কমরুদ্দীন আহমদ, শামসুল হক, কাজী গোলাম মাহবুব, তমদ্দুন মজলিসের আবদুল গফুর প্রমুখ; সিদ্ধান্তের আগেই ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে বৈঠকের ডাক; কমরুদ্দীন আহমদ যান তমদ্দুন মজলিসের কবিরউদ্দিন আহমদকে নিয়ে; সেখানে অলি আহাদ, তোয়াহা, শহীদুল্লা কায়সার, কে. জি. মুস্তাফা, মাহবুব জামাল জাহেদী প্রমুখ; নতুন ছাত্র কমিটি, টাকা, মাইক কেনা, লিফলেট ছাপা (সূত্র: কমরুদ্দীন আহমদ)। গভীর রাতে যোগীনগরে যুবলীগ অফিসে পুলিশি হানা, তাজউদ্দীন আহমদ পেছনের দরজা দিয়ে পালান, কেউ ধরা পড়েননি, কাগজপত্রও মেলেনি (সূত্র: তাজউদ্দীনের ডায়েরি, ২১ ফেব্রুয়ারি)। সরকারি কাগজ সংবাদ, সম্পাদক খায়রুল কবির: প্রথম প্রেস নোটে গুলিতে মৃত্যুর উল্লেখ নেই, সাংবাদিকেরা ছাপতে রাজি হননি; কবির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান; নূরুল আমীন মুখ্য সচিব আজিজ আহমদ আর স্বরাষ্ট্রসচিব আজফরকে ফোন করেন; দ্বিতীয় প্রেস নোটে মৃত্যু স্বীকার; অফিস ঘিরে প্রায় দুশো ছাত্র আর অন্যরা (সূত্র: খায়রুল কবিরের সাক্ষাৎকার)। উমর এখানে “প্রধানমন্ত্রী” বলেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রীকে। ইঞ্জিনিয়ারিং কলেজের বৈঠকে যাওয়া কবিরউদ্দিন আহমদ আর ঘটনাপঞ্জির লেখক কবির উদ্দিন আহমদ একই মানুষ কি না, আমাদের সূত্রে তা বলা নেই। ↩
  25. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৮৪ গ
    কমিউনিস্ট পার্টির নির্দেশ, শহীদুল্লাহ কায়সারের সাক্ষাৎকারের ভিত্তিতে: পার্টি সদস্য তোয়াহা, অলি আহাদ, আবদুস সামাদ আর দেওয়ান মাহবুব আলীকে বলা হয়েছিল ১৪৪ ভাঙার জন্য চাপ না দিতে, আর কমিটিকে বোঝাতে যে জরুরি অবস্থায় নির্বাচন পিছিয়ে যেতে পারে; অলি আহাদ সেই নির্দেশ মানেননি। ভোট এগারো বনাম চার; বিপক্ষে অলি আহাদ, আবদুল মতিন, গোলাম মাওলা, আর চতুর্থজন ইব্রাহিম তাহা না শামসুল আলম, উমর নিশ্চিত নন; তোয়াহা ভোট দেননি। আন্দোলনের নিয়ন্ত্রণকক্ষ নিয়ে উমরের তথ্যও এই পাতায়। সূত্র: তোয়াহা, কমরুদ্দীন আহমদ, কাজী গোলাম মাহবুব, খয়রাত হোসেনের সাক্ষাৎকার। ↩
  26. মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, পৃ. ৬৬ খ
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১ (কলকাতা: সম্পর্ক, ২০০০)। লেখক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ; ছোট উদ্ধৃতিগুলো সেখান থেকে, মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি। এই পাতায়: ছাত্রদের প্রস্তাব, পরদিন জানাজার ডাক দিলে মানুষ আসবে, মতিনের কাছে যা “ঘোর অন্ধকারে আলোর দিশার মত”; তিনি ছাত্রনেতা ছত্তারকে সহজ ভাষায়, সর্বদলীয় কর্মপরিষদের নামে খসড়া লিখতে বলেন; কর্মপরিষদের যে অংশের ১৪৪ ধারা না ভাঙার প্রস্তাব সেদিন বাতিল হয়েছিল, তাঁরা ছাত্রদের সঙ্গে আর কাজ না করার কথা ভাবছিলেন, আর আহ্বায়ক সই করতে রাজি হননি; তখন বিশ্ববিদ্যালয় কমিটির নামে মতিনের সইয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে ছাপা, এশার পর মসজিদে মসজিদে বিলি; ছাপাখানাগুলো বিনা পয়সায় ছেপেছে, কেউ কেউ নিজেদের কাগজে। পরদিন সকাল নয়টায় জানাজার ডাক; সাড়ে নয়টায়ও লোক কম; তারপর হাইকোর্টের দিক থেকে গর্জন আর স্লোগান: সচিবালয়ের কর্মচারীরা, সেদিন যাঁদের মিছিল-সভা আলাদা করে নিষিদ্ধ ছিল, নিজেরা আগে সভা করে বেরিয়ে আসেন। এই পাতায় তিনি ১৯৬১ সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সঙ্গেও তুলনা টেনেছেন। ↩
  27. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২০৩–২০৪ খ
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী; লেখা শুরু ১৯৬৭ সালে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ঘটনার প্রায় পনেরো বছর পরে। এই পাতাগুলোয় ফরিদপুর জেল হাসপাতাল: ২১ তারিখ রাতে ডিউটিতে এসে সিপাহিদের খবর, ঢাকায় গুলি, “রেডিওর খবর”; ফরিদপুরে হরতাল, ছাত্রছাত্রীদের মিছিল জেলগেটে, স্লোগানের মধ্যে “শেখ মুজিবের মুক্তি চাই” (মহিউদ্দিনের নামে স্লোগান না থাকায় তাঁর খারাপ লাগা); উত্তেজনায় উঠে বসা আর পাহারার দুই কয়েদির শুইয়ে দেওয়া; উদ্ধৃত অনুচ্ছেদ (“গুলি করার তো কোন দরকার ছিল না …”); অনেক রাতে এক সিপাহির খবর; পরদিন নয়-দশটায় জেলের পাশের বড় রাস্তায় মিছিল, হর্নে বক্তৃতা; জেল কর্তৃপক্ষ খবর আটকাতে চাইত, আর “খবরের কাগজ তো একদিন পরে আসবে, ঢাকা থেকে”; “২২ তারিখে খবরের কাগজ এল, কিছু কিছু খবর পেলাম”। পৃ. ২০৪-এর উদ্ধৃতিতে মুসলিম লীগ সরকার আর আমলাতন্ত্রের দায় নিয়ে তাঁর মন্তব্য; একই পাতায় গ্রেপ্তারের খবর আর “ত্রাসের রাজত্ব”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • খ · নিজের ভাষ্য
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১। কলকাতা: সম্পর্ক, ২০০০।লেখকের নিজের ভাষ্য। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ, তাই উদ্ধৃতিগুলো মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি।
  • গ · গবেষণা
    উইলেম ভ্যান শেন্ডেল (Willem van Schendel), A History of Bangladesh। Cambridge: Cambridge University Press, 2009।গবেষণা। ডাচ ইতিহাসবিদের লেখা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস; এখানে পটভূমি আর সংখ্যার জন্য।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১০ নভেম্বর ২০২৬।