EN
পর্ব ১ · অধ্যায় ২ · পাতা ৫/৮

একুশে ফেব্রুয়ারি

১৯৪৯–১৯৫২
এই পাতা পড়তে প্রায় ১০ মিনিট১টি দৃশ্য২১টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ৫/৮

জুম্মার দিন

ভোর থেকেই সলিমুল্লাহ হল, মেডিকেল কলেজ, ফজলুল হক হল, মিটফোর্ড মেডিকেল স্কুল আর জগন্নাথ কলেজের মাইক চালু। সকালের কাগজে দেখা গেল “মাত্র ৩ জন নিহত”, আহত ৩০০, গ্রেপ্তার ১৮০। আর কবির উদ্দিন আহমদ লিখেছেন, ততক্ষণে মেডিকেল কলেজ আর হাসপাতাল থেকে শহীদদের লাশগুলো সরিয়ে ফেলা হয়েছে।১

জানাজার সময় দেওয়া হয়েছিল সকাল নয়টা। আবদুল মতিনের স্মৃতিতে সাড়ে নয়টা বেজে গেল, জমায়েত তখনও অল্প, কয়েকজন ছাত্র মাত্র; সেই অপেক্ষায় তাঁরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন, মানুষ পাশে না থাকলে তাঁরা কিছুই নন। তারপর পুব দিকে, হাইকোর্টের দিক থেকে, ভেসে এল বিশাল এক ভিড়ের গর্জন: “রাষ্ট্রভাষা বাংলা চাই, খুনী নুরুল আমিন মুর্দাবাদ”। এঁরা সচিবালয়ের কর্মচারী। সেদিন তাঁদের জন্য মিছিল-সভা আলাদা করে নিষিদ্ধ করা হয়েছিল; নিষেধ ভাঙবেন কি না, তা ঠিক করতে সচিবালয়ের ভেতরে সভা করতে তাঁদের কিছুটা সময় লেগেছিল। মতিনের আন্দাজে তাঁরা ছিলেন পাঁচ হাজারের মতো।২৩

উমরের বিবরণে জানাজা হলো বেলা দশটার দিকে। প্রথমে ছাত্র কম ছিলেন, তারপর সচিবালয় থেকে বিপুল সংখ্যায় কর্মচারী আর শহরের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এলেন। ইমামতি করলেন ভিড়ের ভেতর থেকে বেছে নেওয়া এক অচেনা বৃদ্ধ। জানাজার পর ছোট সভা, সভাপতি ইমাদুল্লাহ; বক্তা একজনই, অলি আহাদ। ফজলুল হক আর আবুল হাশিম উপস্থিত ছিলেন; ভাসানী তখন ঢাকার বাইরে।৪ আজাদও লিখেছে, জানাজা হয়েছিল সকাল দশটার দিকে, আর এ. কে. ফজলুল হক ছিলেন সেখানে।৫ কবির উদ্দিন আহমদ মোনাজাতের কথাগুলো লিখে রেখেছেন:

হে আল্লাহ, আমাদের অতি প্রিয় শহীদানের আত্মা যেন চিরশান্তি পায়। আর যে জালিমরা আমাদের প্রাণের প্রিয় ছেলেদের খুন করেছে তারা যেন ধ্বংস হয়ে যায় তোমার দেওয়া এই দুনিয়ার বুক থেকে।

জানাজার ইমামের মোনাজাত; কবির উদ্দিন আহমদের বিবরণ১

মিছিল এগোল মেডিকেল কলেজের সামনের রাস্তা ধরে। আজাদের প্রতিবেদক লিখেছেন, প্রথমে পুলিশ বাধা দেয়নি, মিছিলে কোনো বিশৃঙ্খলা ছিল না, অনেক সরকারি কর্মচারীও হাঁটছিলেন; সামনে তুলে ধরা ছিল নিহত আর আহতদের রক্তমাখা জামাকাপড়। হাইকোর্টের সামনে পৌঁছাতেই পাহারারত সেনারা পথ আটকাল; পুলিশ আর সেনারা লাঠি চালাল, গুলি করল, তাড়া করে মানুষকে হাইকোর্টের ভেতরে নিয়ে গেল; কয়েকজন গুরুতর আঘাত পেলেন।৫ কবিরের বিবরণে এখানেই গুলিতে নিহত হন হাইকোর্টের কেরানি শফিউর রহমান।১ ছত্রভঙ্গ মানুষ আশ্রয় নিল কার্জন হল, ফজলুল হক হল আর ঢাকা হলের চত্বরে; তারপর আবার জোট বেঁধে নাজিমুদ্দিন রোড, চকবাজার, মোগলটুলী, ইসলামপুর, পাটুয়াটুলী হয়ে সদরঘাট। পথের বাড়িগুলো থেকে মানুষ হাত নাড়ছিল। পোগোজ স্কুলের সামনে পুলিশ পথ আটকাল, ভিক্টোরিয়া পার্কের দিকে যেতে দিল না; জগন্নাথ কলেজের কাছে বড় পুলিশ দল এমন আক্রমণ করল যে মিছিল আর জোড়া লাগেনি।৪

এই কঠোরতার একটা কারণ উমর দেখিয়েছেন। মিছিল সদরঘাটে পৌঁছানোর কিছু আগে ভিক্টোরিয়া পার্কের পাশের গলিতে জুবিলী প্রেস, যেখানে ছাপা হতো কট্টর সরকারপন্থী ইংরেজি দৈনিক মর্নিং নিউজ, একদল ক্রুদ্ধ মানুষ পুড়িয়ে দিয়েছিল।৬ আজাদের খবরে প্রেসটি পুরো ভস্মীভূত, দমকল প্রায় দেড় ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করেছে।৭ কবির সময় দিয়েছেন সকাল নয়টা।৮ মতিন নিজে পৌঁছে দেখেছেন আগুনের কুণ্ড, আর তাঁর ভাষায় হাজার হাজার মানুষের “ফায়ার ব্রিগেডের হোজ কাটার মহোৎসব”।৩ রাগটা কেন মর্নিং নিউজের ওপর, তার একটা উত্তর আছে আবুল হাশিমের বিবৃতিতে, যা আজাদ পরদিন ছাপল: পত্রিকাটি আন্দোলনের গায়ে সাম্প্রদায়িকতার ছাপ দিতে চেয়েছে, লিখেছে ছাত্রদের উত্তেজিত করার দায় পূর্ববঙ্গের হিন্দু এমএলএদের, আর নারায়ণগঞ্জের হরতাল সফল হয়েছে হিন্দু মারোয়াড়ি ও ভারতীয় ব্যবসায়ী স্বার্থের প্রভাবে।৯ আতাউর রহমান খান পরে মনে করিয়ে দিয়েছেন, মর্নিং নিউজ ছিল নাজিমুদ্দীনের শ্যালক খাজা নুরুদ্দীনের কাগজ, আর তা দেশের যুবক, শিক্ষক, বুদ্ধিজীবী, শহরের সর্দার সবাইকে দিনের পর দিন “রাষ্ট্রদ্রোহী, গুণ্ডা” আখ্যা দিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক আর ছাত্রদের বলেছে ষড়যন্ত্রকারী।১০

বংশাল রোডে সরকারপন্থী সংবাদের অফিস ঘিরে আরেকটি ভিড় জমল। উমরের বিবরণে আগের দিনের আশ্বাস সত্ত্বেও সম্পাদক খায়রুল কবির সেদিনের কাগজে সরকারি ভাষ্যের পক্ষে কিছু খবর ছেপেছিলেন। অফিস পাহারায় বড় পুলিশ দল; ভিড় এগোতেই নবাবপুর রোডে খোশমহল রেস্তোরাঁর সামনে গুলি চলল, একজন ঘটনাস্থলেই নিহত, কয়েকজন আহত।৬ কবির লিখেছেন, সংবাদ অফিসের সামনে মিছিলের ওপর গুলি চালিয়েছিল সেনারা।৮ মতিন বংশালের মোড়ে গুলির মুখে পড়ে ছত্রভঙ্গ হলেন, তারপর আরেক মিছিলে মিশে রথখোলার মোড়ে আবার গুলির মুখে।৩

নবাবপুরে সেদিন পুলিশের জায়গায় সেনা। আজাদের প্রতিবেদন অনুযায়ী সাড়ে দশটার মধ্যে সেখানে সামরিক যান ছাড়া আর কিছু চলছিল না; কাপ্তান বাজারের মোড়ে সশস্ত্র পুলিশ মিছিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ল, কেউ হতাহত হয়নি। বেলা প্রায় এগারোটায় রথখোলা আর নিশাত সিনেমার মোড়ের মাঝখানে একটি চলন্ত সামরিক ট্রাক থেকে অপেক্ষমাণ পথচারীদের ওপর গুলি চালানো হলো বলে জানা গেল: একজন যুবক ঘটনাস্থলেই নিহত, দুজন আহত, তাদের একটি বালকের মাথায় বেয়নেটের আঘাত; সামরিক ট্রাকেই তাদের তুলে নেওয়া হলো।৭ পরিষদ ভবনের পূর্ব-দক্ষিণ কোণে দুটি মেশিনগান পেতে বসে ছিল সেনারা; মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টহল দিচ্ছিল মেশিনগান, টমিগান, ব্রেনগান আর বেয়নেট লাগানো রাইফেল হাতে একটি দল।৫ পরদিনের আজাদ শহরটাকে দেখল এভাবে:

বৃহস্পতিবারের শোচনীয় ও ভায়াবহ ঘটনা বিস্মৃত হইতে না হইতে গতকল্য (শুক্রবর) জুম্মার দিন আর একবার ঢাকার মাটি শিশু ও ছাত্রের রক্তে লাল হইয়া উঠে। … সারা শহরটি আপাতঃদৃষ্টিতে একটি সামরিক ছাউনী বলিয়া প্রতীয়মান হইতে থাকে

দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২১১

রাগ সরকারপন্থী কাগজেই থামেনি। দুপুর দুটোর দিকে লালবাগ থেকে আসা একটি বড় মিছিলের কিছু লোক আজাদ অফিসের কর্মচারীদের দিকে ইট ছুড়ল, অথচ আজাদ তখন আন্দোলনের পক্ষে লিখছিল। কয়েকজন ছাত্রকর্মী মাঝখানে দাঁড়িয়ে বোঝালেন, মিছিল এগিয়ে গেল।৫৬ ঢাকা আর নারায়ণগঞ্জের রেল কারখানায় ধর্মঘট; কবিরের হিসাবে বেলা এগারোটা পর্যন্ত একটি ট্রেনও চলেনি।১২৮ উপাচার্য আজাদকে বললেন, তিনি আর তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছিলেন, ছাত্রদের দিক থেকে এমন কোনো উসকানি দেখেননি যাতে এত কাঁদানে গ্যাস ছোড়া চলে।১২ ফজলুল হকের সভাপতিত্বে হাইকোর্ট বার সমিতি জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কর্মকর্তাদের অপসারণ আর নিরপেক্ষ তদন্ত কমিশন চাইল;৯ ঢাকা বার সমিতি চাইল নূরুল আমীন মন্ত্রিসভার পদত্যাগ আর সাধারণ নির্বাচন।১৩

সেদিনই সরকারি এশতেহার বেরোল। তাতে বলা হলো, বিকেলের পর শহরের অবস্থা অনেকটা আয়ত্তে এসেছে; নবাবপুরে গুলির পর ৪৫ জন আহত হাসপাতালে, নিহত দুজন; সকালে ইসলামপুর আর নবাবপুরে ভিড় জমলে “গুন্ডা শ্রেণীর লোকেরা এই অবস্থার সুযোগ গ্রহন করিয়া লুটতরাজের উদ্দেশ্যে জনতার সহিত মিশে”, তাই পুলিশের সাহায্যে সেনা ডাকা হয়েছে।১৪ আজাদের নিজের হিসাব ভিন্ন: সেদিন নিহত চারজন, শতাধিক আহত, ৪৫ জন হাসপাতালে ভর্তি, তাদের পনেরোজনের অবস্থা আশঙ্কাজনক, গ্রেপ্তার ৫২।১১ উমর তোয়াহার সাক্ষ্যে লিখেছেন, সেদিন প্রথমবার শ্রমিক, কৃষক, অফিসের কর্মচারী, ছাত্র মিলে সরকারের বিরুদ্ধে এক রকম অভ্যুত্থান ঘটল, আর পূর্ব পাকিস্তানের রাজধানী কার্যত সাধারণ মানুষের হাতে চলে গেল।১২ মতিনের স্মৃতিতে বিকেলের আগে সদরঘাট থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত মানুষ আর মানুষ, কোথাও পুলিশ বা সেনা চোখে পড়েনি, মোড়ে মোড়ে নিশ্চিন্ত হাসিখুশি জটলা।৩ দুই মাস পরে আতাউর রহমান খান মনে করিয়ে দিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, শহরে কয়দিন “সরকার” ছিল বলে মনে হয় না।১৫

বিকেলে পরিষদ বসল। পূর্বাহ্নে তর্কবাগীশ, আলী আহমদ আর আরও একজন সদস্য তিনটি মুলতবি প্রস্তাব তোলার চেষ্টা করেছিলেন; পরিষদ অনুমতি দেয়নি।১৬ উমরের বিবরণে মুলতবি প্রস্তাব এনেছিলেন তর্কবাগীশ আর খয়রাত হোসেন, আর খয়রাত হোসেনের শোক প্রস্তাব স্পিকার নাকচ করে দেন।১৭ এবার নূরুল আমীন নিজেই একটি প্রস্তাব আনলেন: গণপরিষদের কাছে সুপারিশ, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। সংশোধনী এল তিনটি। মনোরঞ্জন ধর চাইলেন, গণপরিষদের পূর্ব পাকিস্তানি সদস্যদের এ নিয়ে চাপ দেওয়ার নির্দেশ দেওয়া হোক; শামসুদ্দীন আহমদ চাইলেন, গণপরিষদ সুপারিশ ফিরিয়ে দিলে তাঁরা পদত্যাগ করবেন; আনোয়ারা খাতুন চাইলেন, গণপরিষদ যেন পরের অধিবেশনেই তা গ্রহণ করে। সব কটি বাতিল হলো।১৮১৬ বিরোধী দলের নেতা বসন্তকুমার দাস বললেন, ভাষা আন্দোলন দমনের জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছিল।১৬ নূরুল আমীন বললেন, বৃহস্পতিবারের ব্যবস্থাকে রাষ্ট্রভাষার দাবির বিরোধিতা ভাবায় নানা ভুল ধারণা ছড়িয়েছে, সরকারের তেমন ইচ্ছা নেই; আগে ছাত্ররা মিছিল করলে সরকার হস্তক্ষেপ করেনি; তবে:

উদ্দেশ্য যতই মহৎ এবং বাঞ্ছনীয় হউক না কেন, যাহাতে শান্তি ও শৃঙ্খলা ভংগ না হয় তৎপ্রতি সরকারকে দৃষ্টি রাখিতে হইবে।

নূরুল আমীন, পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদে, ২২ ফেব্রুয়ারি; দৈনিক আজাদের প্রতিবেদন১৬

প্রস্তাব পাস হলো। আজাদ লিখল, “সর্বসম্মতিক্রমে”;১৮ উমর পরিষদের কার্যবিবরণী দেখে লিখেছেন, সংখ্যাগরিষ্ঠ ভোটে, আর অন্যরা যাঁরা বাংলার পক্ষে প্রস্তাব এনেছিলেন, তাঁদের কাছে এই প্রস্তাব ছিল একেবারে অগ্রহণযোগ্য।১৭ একজন সদস্য জানালেন, শহরে কারফিউ জারি হয়েছে। নূরুল আমীন বললেন, দুষ্কৃতকারীরা অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিতে চাইছে, নাগরিকদের জানমাল রক্ষা দরকার।১৮ লালবাগ, কোতোয়ালি আর সূত্রাপুর থানায় রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ।১৮

সেদিনই একটি পদত্যাগপত্র গেল গভর্নর আর স্পিকারের কাছে। লিখেছেন পরিষদ সদস্য আবুল কালাম শামসুদ্দীন, যিনি দৈনিক আজাদের সম্পাদক, আর এতদিন সরকারের সমর্থক:১৬

বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবী করায় ছাত্রদের উপর পুলিশ যে বর্বরতার পরিচয় দিয়াছে, তাহার প্রতিবাদে আমি পরিষদের আমার সদস্যপদ হইতে পদত্যাগ করিতেছি। যে নূরুল আমিন সরকারের আমিও একজন সমর্থক- এ ব্যাপারে তাহাদের ভূমিকা এতদূর লজ্জাজনক যে, ক্ষমতায় অধিষ্ঠিত থাকিতে এবং পরিষদের সদস্য হিসাবে বহাল থাকিতে আমি লজ্জাবোধ করিতেছি।

আবুল কালাম শামসুদ্দীনের পদত্যাগপত্র, দৈনিক আজাদে প্রকাশিত১৯

পরদিন আজাদের সম্পাদকীয় সরাসরি নূরুল আমীন মন্ত্রিসভার পদত্যাগ দাবি করল; লিখল, গত দুই দিনের ঘটনাকে “শুধু শোকাবহই নয়, বর্বরোচিতও বলা চলে”।১৯

ফরিদপুরে সেদিন সকাল নয়-দশটায় জেলের কাছের বড় রাস্তা দিয়ে বিরাট মিছিল গেল; জেল হাসপাতালের নিচতলায় শুয়ে মুজিব স্লোগান শুনলেন, হর্ন লাগিয়ে কেউ বক্তৃতা দিচ্ছিলেন, তাঁর মনে হলো তাঁদের শোনানোর জন্যই। সেদিন ঢাকার কাগজ এল, কিছু কিছু খবর পেলেন।২০

মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী২০

কারফিউর রাত নামল পুরান ঢাকায়। পরের রাতে, যেখানে প্রথম গুলিবিদ্ধরা পড়েছিলেন, সেই ১২ নম্বর শেডের পাশে মেডিকেল কলেজের ছাত্ররা একটি স্মৃতিস্তম্ভ গড়তে বসবেন।২১

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩৩ খ
    কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জি, ২১ ফেব্রুয়ারি বিকেল থেকে ২২ ফেব্রুয়ারি। গুলির পর হোস্টেলের ব্যারাকে ব্যারাকে রক্তমাখা কাপড়ের পতাকা, মাইকে নিহতদের নাম-ঠিকানা, আর তাঁর ভাষায় “সমস্ত ভয়-ত্রাস মুছে গেছে”; পরিষদে বিরোধী সদস্যদের কৈফিয়ত আর মুলতবির দাবি; নূরুল আমীন আর তর্কবাগীশের দুটি উক্তি, যা আমরা হুবহু তুলেছি; তর্কবাগীশের ওয়াকআউট আর ছাত্রদের মাইকে বক্তৃতা; সেই রাতে শহর আর শহরতলির হাজার হাজার নারী-পুরুষ। ২২ তারিখ সকালে সলিমুল্লাহ হল, মেডিকেল কলেজ, ফজলুল হক হল, মিটফোর্ড মেডিকেল স্কুল আর জগন্নাথ কলেজের মাইক চালু; কাগজে “মাত্র ৩ জন নিহত, ৩০০ জন আহত ও ১৮০ জনকে গ্রেফতার”; শহীদদের লাশ মেডিকেল কলেজ আর হাসপাতাল থেকে সরিয়ে ফেলা; হোস্টেলে গায়েবি জানাজা, সেদিন “সমস্ত শহর মিলিটারীর হাতে”; ইমামের মোনাজাত, যা আমরা হুবহু তুলেছি; ওলী আহাদের বক্তৃতা; “লক্ষাধিক জনতার বিশাল মিছিল”; “শোভাযাত্রার মধ্যখানে” লাঠিচার্জ আর গুলি, আর “এখানে হাইকোর্টের কেরানী সফিউর রহমান শহীদ হন”; ছত্রভঙ্গ মানুষ হাইকোর্ট আর কার্জন হলের চত্বরে, সামনের অংশ স্টেশন আর নবাবপুর হয়ে সদরঘাটে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। গুলিটা কে চালায়, কবির লেখেননি, আর জায়গাটাও নির্দিষ্ট করেননি; হাইকোর্টের সামনের সংঘর্ষের সঙ্গে তাঁর বিবরণ মিলিয়ে পড়া আমাদের পাঠ, কারণ আজাদ আর উমর দুজনেই সেখানে লাঠি আর গুলির কথা লিখেছেন। পরের পাতায় নামের বানান “শফিউর”। উমরও শহীদ শফিউর রহমানের নাম দিয়েছেন, তাঁর পিতা মিনার উদ্বোধন করেছিলেন বলে, কিন্তু তিনি কোথায় কীভাবে নিহত হন, তা লেখেননি (Emergence, পৃ. ২০০)। সূত্রে ভিন্নতা: কবির লিখেছেন, ২১ তারিখ রাতে “পূর্ব হতে জারীকৃত সান্ধ্য আইন” আর ১৪৪ ধারার চিহ্নও রইল না; কিন্তু আজাদের খবরে কারফিউ জারি হয় ২২ তারিখ রাত থেকে (দলিলপত্র, পৃ. ৬৮২)। ↩
  2. মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, পৃ. ৬৬ খ
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১ (কলকাতা: সম্পর্ক, ২০০০)। লেখক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ; ছোট উদ্ধৃতিগুলো সেখান থেকে, মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি। এই পাতায়: ছাত্রদের প্রস্তাব, পরদিন জানাজার ডাক দিলে মানুষ আসবে, মতিনের কাছে যা “ঘোর অন্ধকারে আলোর দিশার মত”; তিনি ছাত্রনেতা ছত্তারকে সহজ ভাষায়, সর্বদলীয় কর্মপরিষদের নামে খসড়া লিখতে বলেন; কর্মপরিষদের যে অংশের ১৪৪ ধারা না ভাঙার প্রস্তাব সেদিন বাতিল হয়েছিল, তাঁরা ছাত্রদের সঙ্গে আর কাজ না করার কথা ভাবছিলেন, আর আহ্বায়ক সই করতে রাজি হননি; তখন বিশ্ববিদ্যালয় কমিটির নামে মতিনের সইয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে ছাপা, এশার পর মসজিদে মসজিদে বিলি; ছাপাখানাগুলো বিনা পয়সায় ছেপেছে, কেউ কেউ নিজেদের কাগজে। পরদিন সকাল নয়টায় জানাজার ডাক; সাড়ে নয়টায়ও লোক কম; তারপর হাইকোর্টের দিক থেকে গর্জন আর স্লোগান: সচিবালয়ের কর্মচারীরা, সেদিন যাঁদের মিছিল-সভা আলাদা করে নিষিদ্ধ ছিল, নিজেরা আগে সভা করে বেরিয়ে আসেন। এই পাতায় তিনি ১৯৬১ সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সঙ্গেও তুলনা টেনেছেন। ↩
  3. মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, পৃ. ৬৭ খ
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১ (কলকাতা: সম্পর্ক, ২০০০)। লেখক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ; ছোট উদ্ধৃতিগুলো সেখান থেকে, মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি। এই পাতায়: সচিবালয়ের প্রায় পাঁচ হাজার কর্মচারীর যোগদান, তাঁর মতে এখান থেকেই ২২ তারিখের অভ্যুত্থানের শুরু; মিছিলে তিনি নিজে; কার্জন হল আর হাইকোর্টের কাছে গুলি; তোপখানা হয়ে নবাবপুরের দিকে; বংশালের মোড়ে সংবাদ অফিসের সামনে জটলা করা ভিড়ের ওপর গুলি; রথখোলায় আবার গুলি; ইংলিশ রোড; মর্নিং নিউজের আগুন আর “হাজার হাজার মানুষের ফায়ার ব্রিগেডের হোজ কাটার মহোৎসব”; আর “সদরঘাটের মোড় থেকে তৎকালীন ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চারিদিকে মানুষ আর মানুষ। বিকালের আগে আর কোথাও পুলিশ বা সেনাবাহিনীর লোক দেখতে পেলাম না। হয় তারা পালিয়েছে অথবা তাদের সরিয়ে নেওয়া হয়েছে।” সূত্রে ভিন্নতা: সংবাদ অফিসের সামনে গুলি কবিরের বিবরণে সেনাদের (দলিলপত্র, পৃ. ২৩৪); উমরের বিবরণে গুলি হয় নবাবপুর রোডে খোশমহল রেস্তোরাঁর সামনে, অফিস পাহারার পুলিশের (Emergence, পৃ. ১৯৫)। ↩
  4. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯৪ গ
    ২২ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে গায়েবি জানাজা (সূত্র: মতিন): প্রথমে ছাত্র কম, তারপর সচিবালয়ের কর্মচারী আর শহরের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, সংবাদপত্রের খবর অনুযায়ী প্রায় ত্রিশ হাজার (সূত্র: আজাদ, ২৩ ফেব্রুয়ারি); ইমামতি করেন ভিড় থেকে বেছে নেওয়া এক অচেনা বৃদ্ধ; সভাপতি ইমাদুল্লাহ, বক্তা কেবল অলি আহাদ, যাঁর কথা ছিল, বাংলাকে প্রতিষ্ঠা করেই এর উপযুক্ত জবাব দিতে হবে; ফজলুল হক আর আবুল হাশিম উপস্থিত, ভাসানী ঢাকার বাইরে (সূত্র: অলি আহাদ, পৃ. ১৬৬; উমরের Language Movement, খণ্ড ৩); ভিড় ছড়িয়ে ছিল মেডিকেল হোস্টেল থেকে সলিমুল্লাহ হলের কাছের ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেল পর্যন্ত। তারপর হাইকোর্টের গেট হয়ে নবাবপুরের দিকে মিছিল; কাঁদানে গ্যাস, লাঠি, তারপর গুলি; কার্জন হল, ফজলুল হক হল আর ঢাকা হলে আশ্রয়; আবার জোট বেঁধে নাজিমুদ্দিন রোড, চকবাজার, মোগলটুলী, ইসলামপুর, পাটুয়াটুলী হয়ে সদরঘাট; পোগোজ স্কুলের সামনে পুলিশের বাধা, ভিক্টোরিয়া পার্কের (এখন বাহাদুর শাহ পার্ক) দিকে যেতে না দেওয়া; জগন্নাথ কলেজের কাছে বড় পুলিশি আক্রমণ (সূত্র: অলি আহাদ, পৃ. ১৬২–১৬৩; কবিরউদ্দিন আহমদ; মোহাম্মদ সুলতান; আজাদ, ২৩ ফেব্রুয়ারি)। সূত্রে ভিন্নতা: দলিলপত্রে আজাদের ২৩ ফেব্রুয়ারির প্রতিবেদনের যে অংশ ছাপা আছে, তাতে ত্রিশ হাজারের সংখ্যাটি আমরা পাইনি; সেখানে জানাজার পরের মিছিল প্রায় পাঁচ হাজার মানুষের (পৃ. ৬৭৮)। কবির উদ্দিন আহমদ লিখেছেন “লক্ষাধিক” (পৃ. ২৩৩)। ↩
  5. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৮ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২, ২২ তারিখের বিস্তারিত বিবরণ। “সকাল অনুমান দশ ঘটিকার” সময় মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে জানাজা, এ. কে. ফজলুল হক উপস্থিত; তারপর প্রায় পাঁচ হাজার ছাত্র আর স্থানীয় মানুষের মিছিল, শান্ত, প্রথমে পুলিশের বাধা নেই, অনেক সরকারি কর্মচারীও, সামনে নিহত-আহতদের রক্তমাখা জামাকাপড়; হাইকোর্টের সামনে পাহারারত সেনারা পথ আটকায়, পুলিশ আর সেনাদের লাঠি আর গুলি, তাড়া করে হাইকোর্টের ভেতরে, কয়েকজন গুরুতর আহত; বেয়নেট। পরিষদ ভবনের পূর্ব-দক্ষিণ কোণে দুটি মেশিনগান; হাসপাতালের সামনে মেশিনগান, টমিগান, ব্রেনগান আর বেয়নেট লাগানো রাইফেল হাতে টহল। দুপুর দুটোর দিকে “লালবাগের দিক হইতে” আসা মিছিলের কিছু লোক আজাদের কর্মীদের দিকে ইট ছোড়ে, ছাত্রকর্মীরা শান্ত করেন; পলাশীতে লাঠিচার্জ; অর্ধনমিত পতাকা আর কালো ব্যাজ। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: একই সংখ্যার সারসংক্ষেপে (পৃ. ৬৭৭) হোস্টেল থেকে হাইকোর্টের দিকে মিছিলের সময় “বেলা প্রায় সাড়ে ৩ টায়”; এই বিস্তারিত বিবরণ আর উমর, দুটোতেই জানাজা সকাল দশটার দিকে, মিছিল তার পরপরই। ↩
  6. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯৫ গ
    পোগোজ স্কুলের সামনে আর জগন্নাথ হলের কাছে কঠোর পুলিশি ব্যবস্থার কারণ হিসেবে উমর দেখিয়েছেন জুবিলী প্রেসের আগুন: মিছিল সদরঘাটে পৌঁছানোর কিছু আগে ভিক্টোরিয়া পার্কের পাশের গলিতে প্রেসটি, যেখানে কট্টর সরকারপন্থী মর্নিং নিউজ ছাপা হতো, একদল ক্রুদ্ধ মানুষ পুড়িয়ে দেয় (সূত্র: আজাদ)। বংশাল রোডে সংবাদ অফিস: আগের দিনের আশ্বাস সত্ত্বেও খায়রুল কবির সরকারি ভাষ্যের পক্ষে খবর ছেপেছিলেন; অফিস ঘেরাও, হাইকোর্টের কাছ থেকে নবাবপুর রোড ধরে আসা মিছিলের সামনের অংশ যোগ দেয় (সূত্র: আজাদ; খায়রুল কবির); অফিস পাহারায় বড় পুলিশ দল; কাঁদানে গ্যাস আর লাঠির পর নবাবপুর রোডে খোশমহল রেস্তোরাঁর সামনে গুলি, একজন ঘটনাস্থলে নিহত, কয়েকজন আহত (সূত্র: আজাদ; আবদুল আউয়াল ভূঁইয়া)। লালবাগ থেকে আজিমপুরের দিকে যাওয়া মিছিলের আজাদ অফিসে ইট, যদিও আজাদ আন্দোলনের পক্ষে ছিল; ভিড়ের ছাত্ররা বাধা দেন; পলাশী রেলক্রসিংয়ে লাঠিচার্জ (সূত্র: আজাদ)। বিকেলের অধিবেশনের সময় পরিষদের দিকে যাওয়া, প্রধানত অছাত্র, ভিড়ের ওপর নির্মম লাঠিচার্জ; যুবলীগ অফিসের কাগজপত্র সরানো, ২২ আর ২৩ তারিখে পুলিশি হানা (সূত্র: আজাদ; তাজউদ্দীন আহমদের ডায়েরি, ২২ ফেব্রুয়ারি; আনিসুজ্জামানের চিঠি; তোয়াহা)। সূত্রে ভিন্নতা: কবির উদ্দিন আহমদ লিখেছেন, সংবাদ অফিসের সামনে মিছিলের ওপর গুলি চালিয়েছিল সেনারা (দলিলপত্র, পৃ. ২৩৪)। ↩
  7. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৯ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। সকাল দশটা-সাড়ে দশটায় নবাবপুরে কেবল সামরিক গাড়ি, পুলিশের জায়গায় সেনা; ক্যাপ্টেন বাজারে সশস্ত্র পুলিশের এক রাউন্ড গুলি, “কেহ হতাহত হয় নাই”; বেলা প্রায় এগারোটায় রথখোলা আর নিশাত সিনেমার মোড়ের মাঝখানে চলন্ত সামরিক ট্রাক থেকে গুলি, খবরটি পত্রিকা দিয়েছে “জানা গিয়াছে” বলে: এক যুবক নিহত, দুজন আহত, একটি বালকের মাথায় বেয়নেটের আঘাত, সবাইকে ট্রাকেই তুলে নেওয়া; রেল হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্সে এক মৃত্যু; বিকেলে পরিষদের দিকে যাওয়া ভিড়ে লাঠিচার্জ; ইঞ্জিনিয়ারিং কলেজ; পুলিশ আর সেনারা মেডিকেল কলেজ হোস্টেলে ঢুকে “জনাব আবুল হাশেম” নামে এক আবাসিকের কক্ষ থেকে মাইক, কলম, ঘড়ি আর রেডিও নিয়ে যায়; সার্জন জেনারেলের সভা, তিনি আর উপাধ্যক্ষ ডা. এ. কে. এম. আবদুল ওয়াহেদ “প্রধানমন্ত্রীর” (প্রাদেশিক মুখ্যমন্ত্রীর) সঙ্গে দেখা করেন; জনসন রোডের জুবিলী প্রেস, যেখানে মর্নিং নিউজ ছাপা হতো, পুরো ভস্মীভূত, দমকল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: কবির উদ্দিন আহমদ হোস্টেলের মাইক দখলের ঘটনা লিখেছেন ২৩ তারিখে, সেনাদের হাতে (দলিলপত্র, পৃ. ২৩৪)। ↩
  8. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩৪ খ
    কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জি, ২২–২৩ ফেব্রুয়ারি। ২২ তারিখ: সদরঘাটে আবার লাঠিচার্জ, মিছিল মিটফোর্ড আর চকবাজার হয়ে হোস্টেলে ফেরে; “সকাল ৯টায়” মর্নিং নিউজ অফিসে আগুন, তারপর ভিড় সংবাদ অফিসের দিকে, আর “সংবাদ অফিসের সম্মুখে মিছিলের উপর মিলিটারী বেপরোয়া গুলী চালায়”; গ্রাম থেকে আসা গাড়োয়ান, মাঝি আর কৃষক; ঢাকা-নারায়ণগঞ্জের রেল কারখানায় ধর্মঘট, বেলা এগারোটা পর্যন্ত ট্রেন বন্ধ; চাপের মুখে পরিষদে প্রস্তাব পাস; আবুল কালাম শামসুদ্দীনের মুসলিম লীগ সংসদীয় দল ত্যাগ। ২৩ তারিখ: লাশের হদিস নেই, “চূড়ান্ত প্রতিক্রিয়া”; দৈনিক মিল্লাতের সম্পাদকীয়, যার মাঝের দুটি বাক্য আমাদের উদ্ধৃতিতে “…” চিহ্নে বাদ: “শরিয়ত মোতাবেক তাহাদের শেষকৃত্য যদি সমাপন না করা হইয়া থাকে তাহা হইলে সরকারকে গোনাহের ভাগী হইতে হইবে। ইসলামী রাষ্ট্র বলিয়া জাহির করার পরও পাকিস্তানে এইরূপ ঘটিতে দেওয়া অত্যন্ত আপত্তিকর।”; সকালের কাগজে ৫ জন নিহত, ১৫০ জন আহত, ৩০ জন গ্রেপ্তার; নাজিরাবাজার আর রেলস্টেশনে লাঠিচার্জ; সেনারা মেডিকেল কলেজ হোস্টেলের মাইক দখল করে; “মেডিক্যাল হোষ্টেলের গেটের পাশেই ছাত্ররা নিজেরাই” স্মৃতিস্তম্ভ গড়ে, উদ্বোধন করেন “শহীদ শফিউর রহমানের পিতা”; কর্মপরিষদকে আবার পূর্ণ কর্তৃত্ব, নয় দফা দাবি, নূরুল আমীনের বিবৃতির পাল্টা বিবৃতি। মিল্লাতের সম্পাদকীয় আমরা পেয়েছি কবিরের উদ্ধৃতিতে, মূল কাগজে মিলিয়ে দেখতে পারিনি। সূত্রে ভিন্নতা: মর্নিং নিউজে আগুনের সময় “সকাল ৯টা” কেবল কবিরের; উমরের বিবরণে ঘটনাটি মিছিল সদরঘাটে পৌঁছানোর কিছু আগে। হোস্টেলের মাইক দখল আজাদের খবরে ২২ তারিখে (পৃ. ৬৭৯)। মিনার উদ্বোধন উমরের বিবরণে ২৪ তারিখে (Emergence, পৃ. ২০০)। ↩
  9. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮১ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। ফজলুল হকের সভাপতিত্বে হাইকোর্ট বার সমিতির সভা: ১৪৪ ধারার নিন্দা, জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কর্মকর্তাদের অপসারণ, নিরপেক্ষ তদন্ত কমিশন, বাংলাকে রাষ্ট্রভাষা। আবুল হাশিমের বিবৃতি: আক্রমণ আগে করেছে পুলিশ; মর্নিং নিউজ “নির্লজ্জ সরকারী জয়ঢাক”, আন্দোলনের গায়ে সাম্প্রদায়িক রং চড়াতে চেয়েছে, ছাত্রদের উত্তেজিত করার দায় দিয়েছে পূর্ববঙ্গের হিন্দু এমএলএদের, আর লিখেছে নারায়ণগঞ্জের হরতাল সফল হয়েছে হিন্দু মারোয়াড়ি ও ভারতীয় ব্যবসায়ী স্বার্থের প্রভাবে; মিল্লাত, আজাদ আর ইনসাফকে তাঁর অভিনন্দন। ভাসানীর বিবৃতি: ১৪৪ ধারার কোনো যৌক্তিকতা ছিল না, বিচার বিভাগীয় তদন্ত আর প্রকাশ্য বিচার চাই। মর্নিং নিউজের নিজের লেখা আমাদের হাতে নেই; এখানে তা আসছে আবুল হাশিমের বিবৃতির ভেতর দিয়ে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  10. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৬২ খ
    সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সম্মেলনে (ঢাকা, ২৭ এপ্রিল ১৯৫২) সভাপতি আতাউর রহমান খানের লিখিত ভাষণ, দলিলপত্রে পৃ. ২৬০–২৬৪। এই পাতায়: আতঙ্কে বশংবদ কাগজগুলো আন্দোলনের খবর আর কর্মপরিষদের বিবৃতি ছাপা বন্ধ করে; নাজিমউদ্দীনের শ্যালক খাজা নুরুদ্দীনের মর্নিং নিউজ (প্রথম উল্লেখে ছাপা “মনিং নিউজ”) দেশের যুবক, শিক্ষক, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়, শহরের সর্দার সবাইকে “রাষ্ট্রদ্রোহী, গুণ্ডা ইত্যাদি আখ্যা দিনের পর দিন দিয়ে যেতে লাগলো-এখানো দিচ্ছে” (“এখানো” যেমন ছাপা), আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক, ছাত্রদের বলেছে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী। তারপর অভিযোগগুলোর জবাব: কোথায় কোন বিদেশি পত্রিকা কী বলেছে, কোথায় পাহারারত কোন সিপাহি নিহত হয়েছেন, তার দায় চাপানো হয়েছে আন্দোলনের ঘাড়ে, আর বলা হয়েছে নারায়ণগঞ্জে কেউ কেউ “জয়হিন্দ” আর যুক্ত বাংলার স্লোগান দিয়েছিল; গণপরিষদের দু-একজন সদস্য বলেছেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা; সরকার আজও “একটি রাষ্ট্রদ্রোহীকে” গ্রেপ্তার করে নিজের কথা প্রমাণ করেনি, বিদেশি সাহায্যের কোনো দলিল বা প্রমাণ দেখায়নি; এমন স্লোগানের কথা “কোন পাগলও” বিশ্বাস করবে না; অথচ নূরুল আমীন আর তাঁর “মুরব্বি” নাজিমউদ্দীন পরিষদে এ কথাই বলেছেন। প্রথম উদ্ধৃত বাক্যটি স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ভাষণটি আন্দোলনের পক্ষের; সরকারের ভাষ্য নূরুল আমীনের ৩ মার্চের বেতার ভাষণে (দলিলপত্র, পৃ. ২৪০–২৪৩)। ↩
  11. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৭৭ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২; শিরোনাম “শুক্রবার শহরে অবস্থার আরও অবনতিঃ সরকর কর্তৃক সামরিক বাহিনী তলব” (“সরকর” যেমন ছাপা)। উদ্ধৃত অংশের বানান আর যতিচিহ্ন (“ভায়াবহ”, “শুক্রবর”, “আপাতঃদৃষ্টিতে”) ছাপা পাতার মতো। এই পাতায় আজাদের হিসাব: সেদিন নিহত চারজন, শতাধিক আহত, ৪৫ জন হাসপাতালে, ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক, গ্রেপ্তার ৫২; সচিবালয়ের কর্মচারীরা অফিসে যাননি; মসজিদে মসজিদে গায়েবানা জানাজা। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: সরকারি এশতেহারে সেদিন নিহত দুজন (পৃ. ৬৮০)। এই পাতার সারসংক্ষেপে হোস্টেল থেকে হাইকোর্টের দিকে মিছিল, মোনাজাতের পরে আর ফজলুল হকের উপস্থিতিতে, “বেলা প্রায় সাড়ে ৩ টায়”; পরের পাতার বিস্তারিত বিবরণে জানাজা সকাল দশটার দিকে, মিছিল তার পরপরই (পৃ. ৬৭৮)। ↩
  12. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯৬ গ
    ২২ ফেব্রুয়ারি পুরো হরতাল; ঢাকা আর নারায়ণগঞ্জের রেল কারখানা আর লোকো শেডের শ্রমিকেরাও ধর্মঘটে; সকালে ঢাকা রেলস্টেশনে সংঘর্ষ (সূত্র: কবিরউদ্দিন আহমদ, উমরের ব্যবহৃত সংস্করণে পৃ. ২২৮; অলি আহাদ, পৃ. ১৭২; মোহাম্মদ সুলতান)। উপাচার্য আজাদকে বলেন, তিনি আর তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছিলেন, ছাত্রদের দিক থেকে এমন কোনো উসকানি দেখেননি যাতে এত কাঁদানে গ্যাস ছোড়া চলে, ছাত্রদের ইট ছুড়তেও দেখেননি (সূত্র: আজাদ, ২২ ও ২৩ ফেব্রুয়ারি)। হাইকোর্ট বার (ফজলুল হক) আর ঢাকা জেলা বারের (আবদুল লতিফ বিশ্বাস) সভা; মসজিদে মসজিদে মোনাজাত, মুসল্লিরা সলিমুল্লাহ হলে (সূত্র: আজাদ, ২৩ ফেব্রুয়ারি); সার্জন জেনারেল ড. এলিংসনের সভাপতিত্বে মেডিকেল কলেজের সভা, তিনি আর অধ্যক্ষ ড. আবদুল ওয়াহেদ নূরুল আমীনের সঙ্গে দেখা করেন; আর মোহাম্মদ তোয়াহার সাক্ষ্যে সেদিনের অভ্যুত্থান, রাজধানী “virtually in the hands of the common people”। বাংলা অনুবাদ আমাদের। সূত্রে ভিন্নতা: এলিসের প্রতিবেদনে উপাচার্য স্বীকার করেছেন, তিনি রাস্তায় ইটপাটকেল দেখেছেন, আর একটি তাঁর কাছেও এসে পড়েছিল (অনুচ্ছেদ ২৫–২৬)। আজাদ ডা. আবদুল ওয়াহেদকে বলেছে উপাধ্যক্ষ (পৃ. ৬৭৯), উমর অধ্যক্ষ। ↩
  13. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮৩–৬৮৪ ক
    দৈনিক আজাদ, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ১৯৫২। ঢাকা বার সমিতির প্রস্তাবের বাকি দফা: (খ) জেলা ম্যাজিস্ট্রেট, শহরের পুলিশ সুপার, ডিআইজি প্রমুখের অপসারণ আর বেসরকারি তদন্ত; (গ) ১৪৪ ধারা; (ঘ) মন্ত্রিসভার পদত্যাগ আর সাধারণ নির্বাচন; (ঙ) শোক; এক মিনিট নীরবতা। ছাত্রলীগের বিবৃতি (শামসুল হুদা, এ. এস. এম. তৌহিদুদ্দীন, কাজী আওলাদ হোসেন, মনজুরুল হক)। ২৪ ফেব্রুয়ারির খবর: প্রাদেশিক মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সভা ২৩ তারিখে “প্রধানমন্ত্রীর” (প্রাদেশিক মুখ্যমন্ত্রীর) বাসভবনে, সভাপতি মওলানা আবদুল্লাহিল বাকী; হাইকোর্টের জজকে দিয়ে তদন্ত আর দোষীদের শাস্তির দাবি; নিহত ছাত্র আর নাগরিকদের জন্য “গভীর শোক”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  14. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮০ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। জুমার পর সলিমুল্লাহ হলের সভা আর রক্তদানের আবেদন; শহরে জোর গুজব, নিহত চারজনের বেশি, আর লাশ সরিয়ে ফেলা হয়েছে; মেডিকেল কলেজ আর পরিষদ ভবনের মাঝখানে ফুলার রোডে এক কিশোর গুলিতে নিহত, লাশ সরিয়ে নেওয়া হয়, আর কথাটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নাতকোত্তর ছাত্রী সমর্থন করেছেন। একই পাতায় ২২ ফেব্রুয়ারির সরকারি এশতেহার (তারিখ ছাপা “ঢাক, ২২ শে ফেব্রুয়ারী”): বিকেলের পর অবস্থা অনেকটা আয়ত্তে; নবাবপুরে গুলির পর ৪৫ জন আহত হাসপাতালে, নিহত দুজন; “গুন্ডা শ্রেণীর লোকেরা …” বাক্যটি এশতেহারের, “গ্রহন” যেমন ছাপা; “পুলিশ বাহিনীর সাহায্যার্থে সৈন্য বাহিনী আনয়ন করা হয়”; আর “মর্নিং নিউজ প্রেসটি জনতা পোড়াইয়া দেয়”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। উমর লিখেছেন, ২২ তারিখের প্রেস নোট ছাপা হয় পরদিন (Emergence, পৃ. ১৯৭)। ↩
  15. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৬১ খ
    সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সম্মেলনে (ঢাকা, ২৭ এপ্রিল ১৯৫২) সভাপতি আতাউর রহমান খানের লিখিত ভাষণ, দলিলপত্রে পৃ. ২৬০–২৬৪। এই পাতায়: পুলিশ “মেডিকেল ছাত্রাবাসের ভেতর অনধিকার প্রবেশ করে নিরস্ত্র ছাত্রদের উপর বেপরোয়া গুলী চালনা” করেছে, কারবালার সঙ্গে তুলনা; পরদিন আবার গুলি আর মৃত্যু; আর “পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, শহরে কয়দিন “সরকার” ছিল বলে মনে হয় না।” প্রধানমন্ত্রী কবে, কোথায় কথাটা বলেছিলেন, ভাষণে তা নেই। ভাষণটি আন্দোলনের এক নেতার, ঘটনার দুই মাস পরে দেওয়া। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  16. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮৩ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২, পরিষদের ২২ ফেব্রুয়ারির অধিবেশন। পাতার শুরুতে: “পূর্বাহ্নে জনাব আবদুর রশীদ তর্কবাগীশ, জনাব…হোসেন ও আলী আহমদ পরিস্থিতি সম্পর্কে তিনটি মুলতবী প্রস্তাব উন্থাপনের চেষ্টা করেন কিন্তু পরিষদ উহার অনুমতি দেন নাই।” দ্বিতীয় নামটির একাংশ স্ক্যানে পড়া যায় না, তাই আমরা নাম দিইনি। তারপর: সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মুলতবি; নূরুল আমীনের বক্তৃতা (১৪৪ ধারা দেওয়া হয়েছিল কারণ কেউ কেউ শহরের জীবন অচল করে দিতে চেয়েছিল; উদ্ধৃত বাক্যে “বাঞ্ছনীয়”, “ভংগ”, “তৎপ্রতি” ছাপা পাতার মতো); হাবিবুল্লাহ বাহার আর শরফুদ্দীন আহমদের সমর্থন; মনোরঞ্জন ধর, শামসুদ্দীন আহমদ আর আনোয়ারা খাতুনের সংশোধনী; বিরোধী দলের নেতা বসন্তকুমার দাসের বক্তব্য; আবুল কালাম শামসুদ্দীনের পদত্যাগ, “গভর্ণর ও পরিষদের স্পীকারের নিকট প্রেরিত” আবেদনে; আর ঢাকা বার সমিতির সভা (বার লাইব্রেরি হল, সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, প্রস্তাব সর্বসম্মত), তার প্রথম দফা। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। এই পাতায় শামসুদ্দীনের পদত্যাগপত্রের পাঠ জট পাকানো (“আমরা সদস্যপদ”); আমাদের উদ্ধৃতি দলিলপত্রের পৃ. ২৩৭-এর পাঠ থেকে। সূত্রে ভিন্নতা: উমরের বিবরণে মুলতবি প্রস্তাব আনেন তর্কবাগীশ আর খয়রাত হোসেন (Emergence, পৃ. ১৯৭)। ↩
  17. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ১৯৭ গ
    বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, ২২ ফেব্রুয়ারি বিকেল: নূরুল আমীনের সঙ্গে কংগ্রেস সদস্যদের আর তর্কবাগীশ ও খয়রাত হোসেনের মতো লীগ সদস্যদের তীব্র বাদানুবাদ; তর্কবাগীশ আর খয়রাত হোসেনের মুলতবি প্রস্তাব; খয়রাত হোসেনের শোক প্রস্তাব স্পিকার আবদুল করিম নাকচ করেন; নূরুল আমীনের প্রস্তাব, “This Assembly is recommending Bengali as one of the state languages of Pakistan.”, যা বাংলার পক্ষে প্রস্তাব আনা অন্য সবার কাছে “utterly unacceptable”; শেষে হতাহতদের প্রতি সমবেদনা, এমন ঘটনা আর না ঘটার আশ্বাস; প্রস্তাব পাস “by a majority vote” (সূত্র: পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের কার্যবিবরণী, ২২ ফেব্রুয়ারি)। একই পাতায় খুলনার মোরেলগঞ্জের প্রতিবাদ (সূত্র: আজাদ, ২৪ ফেব্রুয়ারি), ১৯৪৮ সালের সঙ্গে তুলনা, আর ২২ ফেব্রুয়ারির প্রেস নোটের পাঠ, যা ছাপা হয় পরদিন। বাংলা অনুবাদ আমাদের। সূত্রে ভিন্নতা: আজাদের প্রতিবেদনে প্রস্তাব গৃহীত “সর্বসম্মতিক্রমে” (দলিলপত্র, পৃ. ৬৮২); আজাদে মুলতবি প্রস্তাবের তালিকায় আলী আহমদের নামও আছে (পৃ. ৬৮৩)। ↩
  18. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৮২ ক
    দৈনিক আজাদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। এই পাতায়: ভাসানীর বিবৃতি (মুজিব আর মহিউদ্দিনের অনশন “গত ১৬ই ফেব্রুয়ারী হইতে”); কুমিল্লা টাউন হলের সভা আর মোহাজেরদের হাতে ছাত্রদের ওপর হামলা; লালবাগ, কোতোয়ালি আর সূত্রাপুর থানায় শুক্রবার রাত দশটা থেকে ভোর পাঁচটা কারফিউ; পরিষদে নূরুল আমীনের প্রস্তাব “সর্বসম্মতিক্রমে” গৃহীত, সব সংশোধনী বাতিল, তার দুটিতে ভোট হয়েছিল: কংগ্রেসের মনোরঞ্জন ধরের আর অদলীয় সদস্য শামসুদ্দীন আহমদের; “জনৈক সদস্য” কারফিউর কথা তোলেন, আর নূরুল আমীনের জবাব। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। সূত্রে ভিন্নতা: উমর পরিষদের কার্যবিবরণী দেখে লিখেছেন, প্রস্তাব পাস হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে (Emergence, পৃ. ১৯৭); কবির উদ্দিন আহমদের মতে প্রস্তাব পাস হয়েছিল আন্দোলনের চাপে (দলিলপত্র, পৃ. ২৩৪)। ↩
  19. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ২৩৭ ক
    দলিলপত্রের শিরোনাম “আবুল কালাম শামসুদ্দীন কর্তৃক লিখিত দৈনিক আজাদে প্রকাশিত সম্পাদকীয়”, তারিখ ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ (সূত্রের ঘরে ছাপা “দৈনিক আজদ”)। সম্পাদকীয়তে: গত দুই দিনের ঘটনা “শুধু শোকাবহই নয়, বর্বরোচিতও বলা চলে”; নূরুল আমীন তদন্তের কথা বলেছিলেন, ১৪৪ ধারার যৌক্তিকতা নিয়েও দ্বিধা দেখিয়েছিলেন, কিন্তু তদন্তের ব্যবস্থা হয়নি, ১৪৪ ধারাও বহাল; “আমরা এই মন্ত্রীসভার পদত্যাগ দাবী করিতেছি”; বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানোর পূর্ণ অধিকার ছাত্রদের আছে; পূর্ব পাকিস্তানের অধিবাসীরা দেশের সংখ্যাগুরু। সঙ্গে লেখকের পদত্যাগপত্র, যা গভর্নর আর স্পিকারের কাছে পাঠানো; আমাদের উদ্ধৃতি এখান থেকে, “নূরুল আমিন” আর “সমর্থক-” ছাপা পাতার মতো। লেখক তখন পরিষদে সরকারি দলের সদস্য। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  20. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২০৩–২০৪ খ
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী; লেখা শুরু ১৯৬৭ সালে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ঘটনার প্রায় পনেরো বছর পরে। এই পাতাগুলোয় ফরিদপুর জেল হাসপাতাল: ২১ তারিখ রাতে ডিউটিতে এসে সিপাহিদের খবর, ঢাকায় গুলি, “রেডিওর খবর”; ফরিদপুরে হরতাল, ছাত্রছাত্রীদের মিছিল জেলগেটে, স্লোগানের মধ্যে “শেখ মুজিবের মুক্তি চাই” (মহিউদ্দিনের নামে স্লোগান না থাকায় তাঁর খারাপ লাগা); উত্তেজনায় উঠে বসা আর পাহারার দুই কয়েদির শুইয়ে দেওয়া; উদ্ধৃত অনুচ্ছেদ (“গুলি করার তো কোন দরকার ছিল না …”); অনেক রাতে এক সিপাহির খবর; পরদিন নয়-দশটায় জেলের পাশের বড় রাস্তায় মিছিল, হর্নে বক্তৃতা; জেল কর্তৃপক্ষ খবর আটকাতে চাইত, আর “খবরের কাগজ তো একদিন পরে আসবে, ঢাকা থেকে”; “২২ তারিখে খবরের কাগজ এল, কিছু কিছু খবর পেলাম”। পৃ. ২০৪-এর উদ্ধৃতিতে মুসলিম লীগ সরকার আর আমলাতন্ত্রের দায় নিয়ে তাঁর মন্তব্য; একই পাতায় গ্রেপ্তারের খবর আর “ত্রাসের রাজত্ব”। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  21. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২০০ গ
    ২৩ তারিখ সন্ধ্যায় আজিমপুর কলোনিতে মেয়েদের সভা, কমলাপুর থেকেও মেয়েরা আসেন (সূত্র: মতিন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত “একুশে ফেব্রুয়ারী” সংকলনে, পৃ. ২৩০); ২৫ তারিখে জগন্নাথ কলেজ হোস্টেল আর ফজলুল হক হলের মাইক জব্দ (সূত্র: তাজউদ্দীন আহমদের ডায়েরি, ২৫ ফেব্রুয়ারি; আনিসুজ্জামানের চিঠি); ২৩ তারিখ রাতে ১২ নম্বর শেডের পাশে শহীদ মিনার, নকশা মেডিকেল কলেজের ছাত্র সাঈদ হায়দারের, গড়ার কাজ প্রায় সবটাই মেডিকেল কলেজের ছাত্রদের (সূত্র: রফিকুল ইসলাম, পৃ. ৭০–৭১); ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা, তারপর দ্বিতীয়বার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দীন (সূত্র: উমর নিজে)। মুসলিম লীগের ভেতরের সংকট: উমরের মতে মুখ্য সচিব আজিজ আহমদ মুখ্যমন্ত্রীর অজান্তেও সিদ্ধান্ত নিতেন; প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী ২১ তারিখে ফরিদপুরে ছিলেন, পরদিন এসে পদত্যাগের দাবি ঠেকান; অভিযোগ ছিল, নূরুল আমীনের হাতে নিয়ন্ত্রণ নেই, তিনি আজিজ আহমদের পরামর্শে চলেন; সংসদীয় দলের বৈঠকে সদস্যরা “visibly shaken”, কেউ কেউ ভয় পাচ্ছিলেন যেখানে যাবেন সেখানেই আক্রমণ হবে (সূত্র: ইউসুফ আলী চৌধুরী, সৈয়দ নূরুদ্দীন, জহুর হোসেন চৌধুরী, তফাজ্জল আলী, শাহ আজিজুর রহমান আর নূরুল আমীনের সাক্ষাৎকার); নারায়ণগঞ্জ আর জেলাগুলোর আন্দোলন। বাংলা অনুবাদ আমাদের। সূত্রে ভিন্নতা: কবির উদ্দিন আহমদের ঘটনাপঞ্জিতে মিনার গড়া আর উদ্বোধন দুটোই ২৩ তারিখের ঘরে, আর মিনারের জায়গা “মেডিক্যাল হোষ্টেলের গেটের পাশেই” (দলিলপত্র, পৃ. ২৩৪)। উমর মিনার ভাঙার তারিখ দেননি। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • খ · নিজের ভাষ্য
    আবদুল মতিন, “ভাষা আন্দোলনের স্মৃতিচারণ”, মেসবাহ কামাল (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, খণ্ড ১। কলকাতা: সম্পর্ক, ২০০০।লেখকের নিজের ভাষ্য। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক; স্মৃতিকথাটি বহু বছর পরে লেখা। আমাদের হাতে বইটির ওসিআর করা পাঠ, তাই উদ্ধৃতিগুলো মুদ্রিত পাতার সঙ্গে মেলানো যায়নি।
  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১০ নভেম্বর ২০২৬।