EN
পর্ব ২ · অধ্যায় ৩ · পাতা ১২/১৩

যুক্তফ্রন্ট

১৯৫৩–১৯৫৮
এই পাতা পড়তে প্রায় ১৫ মিনিট১টি দৃশ্য২৮টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ১২/১৩

সাত অক্টোবরের রাত

আবুল মনসুরের মতে, ঢাকার কেলেঙ্কারিতেও পাপের ভরা পূর্ণ হয়নি; করাচিতে দরকার ছিল “যত নষ্টের গোড়া মির্যার আর এক চাল”। প্রধানমন্ত্রী ফিরোজ খান নূনকে দিয়ে বলানো হলো, আওয়ামী লীগকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢুকতে হবে, মন্ত্রিসভার দায়িত্ব বইতে হবে; বাইরে থেকে সমর্থন দিয়ে মাতব্বরি আর চলবে না।১ উমরের বিবরণেও প্রস্তাবটা নূনের মুখে, কিন্তু খেলাটা মির্জার। নূন সোহরাওয়ার্দীকে বলেছিলেন, কোনো দায়িত্ব না নিয়ে বাইরে থেকে সরকারের সমালোচনা করা ঠিক নয়।২

প্রস্তাবটাকে সন্দেহ করার কারণ ছিল। আবুল মনসুরের হিসাবে, সমঝোতা ছিল আওয়ামী লীগ মন্ত্রিত্বে না গিয়েই নূনের মন্ত্রিসভাকে সমর্থন দেবে, আর সেই ত্যাগের বদলা হিসেবে যুক্ত নির্বাচনের ভিত্তিতে পরের বছরের ১৫ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। নির্বাচনের আগে পরিষদ বসারও আর দরকার নেই। এ অবস্থায় যেচে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার মানে তাঁর কাছে স্পষ্ট: আওয়ামী লীগকে নিয়ে খেলা।১ উমর লিখেছেন, প্রথমে সোহরাওয়ার্দী, আবুল মনসুর, আতাউর রহমান খান, মানিক মিয়া, এমনকি মুজিবও প্রস্তাবটা ফিরিয়ে দিতে চেয়েছিলেন, মির্জার পাতা ফাঁদ ভেবে।২

করাচির কাগজগুলো গোড়া থেকেই লিখতে লাগল, আওয়ামী লীগের মন্ত্রী নেওয়া হবে ঠিকই, কিন্তু সোহরাওয়ার্দী আর আবুল মনসুরকে নয়। আবুল মনসুরের অভিযোগ, এসব ‘সংবাদ’ ছাপিয়ে মির্জার লোকেরা দুজনকেই বেকায়দায় ফেলেছিল: তাঁরা আপত্তি তুললে বন্ধুরাও ভাববেন, নিজেরা যেতে পারবেন না বলেই আপত্তি। সেই ঝুঁকি নিয়েও আতাউর রহমান, মানিক মিয়া আর আবুল মনসুর বিরোধিতা করলেন। তারপর যা ঘটল, আবুল মনসুর নিজেও তার ব্যাখ্যা পাননি: “কিন্তু কেন জানি না, কার বুদ্ধিতে বুঝি নাই, মুজিবুর রহমান আমাদের কাউকে না জানাইয়া কয়েকজন হবু মন্ত্রী লইয়া হঠাৎ করাচি চলিয়া গেলেন।”৩

উমরের বিবরণে আরেকটু খুঁটিনাটি আছে। নূন আতাউর রহমানকে চিঠি লিখে হবু মন্ত্রীদের নাম জানালেন, কে কোন দপ্তর পাবেন তা না বলেই, আর তাঁদের শপথের জন্য করাচি পাঠাতে বললেন। দপ্তরের উল্লেখ না থাকায় আতাউর রহমান রাজি ছিলেন না; সোহরাওয়ার্দীর সঙ্গে পরামর্শ করে জবাব দিতে চেয়েছিলেন। তার আগেই মুজিব হবু মন্ত্রীদের নিয়ে করাচি রওনা দিলেন।২ ২ অক্টোবর নূনের কোয়ালিশন সরকারে শপথ নিলেন তিনজন মন্ত্রী আর চারজন প্রতিমন্ত্রী। আগের সমঝোতা অনুযায়ী দপ্তর না পাওয়ায় ৭ অক্টোবর দুপুর একটায় তাঁরা পদত্যাগ করলেন। তাঁদের ফেরাতে সেদিনই সন্ধ্যা সাতটায় দপ্তর নতুন করে বণ্টন হলো।২৪ আবুল মনসুরের বিবরণে এর পরের বাক্যটা চার শব্দের: “সেই রাত্রেই মার্শাল ল।”৩

আইয়ুব খান করাচি পৌঁছেছিলেন দুই দিন আগে, ৫ অক্টোবর। ইয়াহিয়া, হামিদ আর আরও দু-একজন অফিসার আগেই পৌঁছে গিয়েছিলেন।৪ তারপর, আইয়ুবের নিজের বিবরণে:

আমি জেনারেল ইস্কান্দার মির্জার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি লনে বসে ছিলেন, গুম হয়ে, তিক্ত আর মরিয়া। আমি জিজ্ঞেস করলাম, ‘স্যার, আপনি কি মনস্থির করে ফেলেছেন?’ ‘হ্যাঁ,’ তিনি বললেন। ‘আপনার কি মনে হয় এটা একেবারেই দরকার?’ ‘একেবারেই দরকার,’ দৃঢ় গলায় বললেন তিনি।

“I went to see General Iskandar Mirza. He was sitting on the lawn, brooding, bitter and desperate. I asked him, 'Have you made up your mind, Sir?' 'Yes', he replied. 'Do you think it is absolutely necessary?' 'It is absolutely necessary', he said firmly.”

আইয়ুব খান, ফ্রেন্ডস নট মাস্টার্স; বদরুদ্দীন উমরের বইয়ে উদ্ধৃত৪

নিজের বিবরণে আইয়ুব এরপর দাঁড়িয়েছেন অনিচ্ছুক সৈনিকের জায়গায়: এমন মরিয়া অবস্থায় পৌঁছানো দুর্ভাগ্যজনক, জড়িয়ে পড়াটা সুখের নয়, কিন্তু উপায় নেই; এটাই দেশ বাঁচানোর শেষ চেষ্টা। তারপর থেকে, তাঁর ভাষায়, আবেগের আর কোনো জায়গা ছিল না। মির্জার কাছে তিনি লিখিতভাবে দুটো জিনিস চাইলেন। এক, সামরিক আইন চালাবেন তিনি। দুই, প্রধানমন্ত্রীকে লেখা একটা চিঠি যে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন, সরকার ভেঙে দিয়েছেন, সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করেছেন আর তা চালাতে আইয়ুবকে নিয়োগ দিয়েছেন। নূনকে লেখা চিঠি মির্জা অনায়াসে লিখে দিলেন। আইয়ুবকে নিয়োগের চিঠি দিতে গড়িমসি করলেন, আর আইয়ুবের ভাষায়, শেষ পর্যন্ত দু-তিন দিন পরে চিঠিটা দিতে রাজি হলেন।৪৫ উমরের মন্তব্য, এই বিবরণেই ধরা পড়ে, আইয়ুব ছিলেন ষড়যন্ত্রকারীদের মধ্যে সবচেয়ে চতুর, আর সম্ভবত একমাত্র মানুষ যিনি মির্জার একের পর এক পদক্ষেপের পরিণতি আগে থেকে দেখতে পাচ্ছিলেন।৪

রিজভীর বিবরণে আইয়ুবের বিনয়টুকু নেই। তাঁর মতে সংবিধান বাতিল আর সামরিক আইন জারি ছিল প্রেসিডেন্ট মির্জা আর প্রধান সেনাপতি আইয়ুবের যৌথ সিদ্ধান্ত, যা মির্জা নিয়েছিলেন আইয়ুবের তাগিদে। মির্জার নিজের ভয়ও ছিল: ১৯৫৯ সালের ফেব্রুয়ারির নির্বাচনে কোন নেতৃত্ব উঠে আসবে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে, তা তিনি জানতেন না, আর সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের নির্বাচনের পরেই প্রেসিডেন্ট নির্বাচন।৬ গোপনীয়তা ছিল প্রায় নিখুঁত। মির্জা আর আইয়ুব ছাড়া জানতেন কেবল সেনা সদর দপ্তরের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা; বিমান আর নৌবাহিনীর প্রধানদের জানানো হয় সব ঠিকঠাক হওয়ার পরে। প্রধানমন্ত্রী নূন জানলেন সেদিন সন্ধ্যায়, প্রেসিডেন্টের একটা চিঠি হাতে পেয়ে; বেশির ভাগ রাজনীতিক জানলেন পরদিন সকালের কাগজে। আগে থেকে জানতেন একজনই, মার্কিন রাষ্ট্রদূত জেমস ল্যাংলি, মির্জার ব্যক্তিগত বন্ধু; তবে তাঁকে বলা তারিখ ছিল ৮ অক্টোবর।৬ উমর কামরুদ্দিন আহমদের বই থেকে আরেকটা দৃশ্য দিয়েছেন: ৭ অক্টোবর মির্জা নিজের বাসায় নূন আর আওয়ামী লীগের মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীদের একটা পার্টিতে ডেকেছিলেন, আর পার্টি শেষ হওয়ার পরে বিশেষ বেতার ভাষণে সামরিক আইন ঘোষণা করেন।৫ কামরুদ্দিনের বইটা আমাদের সংগ্রহে নেই, তাই দৃশ্যটা আমরা মিলিয়ে দেখতে পারিনি।

৭ই অক্টোবর ১৯৫৮ সাল। রাত আটটা। রেডিওতে শুনিলাম, দেশে মার্শাল ল হইয়াছে। প্রেসিডেন্ট ইস্কান্দর মির্যা শাসনতন্ত্র ‘এ্যাব্রোগেট’ করিয়াছেন। কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভা ও আইন-পরিষদ ভাংগিয়া দিয়াছেন।

আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর৭

স্তম্ভিত আবুল মনসুরের মাথায় প্রথম প্রশ্নটা এল আইনের: শাসনতন্ত্র বাতিলের ক্ষমতা এঁরা পেলেন কোথায়? দ্বিতীয় প্রশ্নটা আরও তীক্ষ্ণ, আর কতটা তীক্ষ্ণ, তা বোঝা যাবে তিন সপ্তাহ পরে: “শাসনতন্ত্র বাতিল করিয়া সামরিক বাহিনী রাষ্ট্র-ক্ষমতা দখল করিলে শাসনতন্ত্রের সৃষ্ট প্রেসিডেন্টও যে থাকেন না, এটাও কি ওঁরা বুঝেন নাই?” এটুকু অন্তত তাঁর কাছে পরিষ্কার হলো: “কোমরে যার জোর আছে, অর্থাৎ দেশরক্ষা বাহিনী যাঁর পক্ষে তাঁরই জয় হইবে”।৭

কথা বলার লোক নেই। মুখ্যমন্ত্রী আতাউর রহমান করাচিতে, দলের সাধারণ সম্পাদক মুজিবও সেখানে, আর সোহরাওয়ার্দী তো করাচিতেই থাকেন: “কেউ নাই ঢাকায়।” দলের মন্ত্রীদের কাউকে বাসায় পাওয়া গেল না। গভর্নর সুলতানুদ্দিন আহমদ অন্তরঙ্গ বন্ধু; টেলিফোন করতে হাত তুলেও দ্বিতীয় চিন্তায় বাদ দিলেন। কয়েক দিন আগে ঢাকায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী হামিদুল হক চৌধুরী, তাঁকেই ধরলেন। তিনিও স্তম্ভিত, কিছুই জানেন না, আর ইশারায় বুঝিয়ে দিলেন, টেলিফোনে এ নিয়ে কথা বলা নিরাপদ নয়। তারপর গভর্নরের ফোন, তিনি নিজেই ধরেছেন: ‘গাড়ি পাঠাইছি। চইলা আস।’ আর কিছু বললেন না।৭

গভর্নমেন্ট হাউসে সুলতানুদ্দিনও স্তম্ভিত; আভাসে-ইঙ্গিতেও আগে কিছু টের পাননি। আবুল মনসুর বললেন, কাজটা পুরোপুরি বেআইনি; গভর্নর আইনত শাসনতন্ত্র রক্ষায় বাধ্য, চাইলে এটা অগ্রাহ্য করতে পারেন। গভর্নর মানলেন, তবে মনে করিয়ে দিলেন, শাসনতন্ত্র অনুযায়ীই মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি কিছু করতে পারেন না; তিনি আসলে “রবার স্ট্যাম্প মাত্র”। আরেকটা খবরও দিলেন। সাবেক আইজি জাকির হোসেনকে জরুরি খবর দিয়ে করাচি নেওয়া হয়েছে, আর সুলতানুদ্দিনের দৃঢ় সন্দেহ, তাঁর জায়গায় জাকির হোসেনকেই গভর্নর করা হচ্ছে। দুজনেই সমান নিরুপায়। যাওয়া-আসার পথে আবুল মনসুর দেখলেন, “সারা শহর থমথমা।”৮ সুলতানুদ্দিনের সন্দেহ মিথ্যা হয়নি; ১০ অক্টোবর গভর্নরের দায়িত্ব নিলেন জাকির হোসেন।৯

বাড়িতে সবাই চুপ। সেই নীরবতায় আবুল মনসুরের মনে পড়ল কয়েকটা ঘটনা। মাত্র তিন-চার দিন আগে নিজের বাসায় তিনি সংবাদ সম্মেলন ডেকেছিলেন, জন পঁচিশেক সাংবাদিক এসেছিলেন। বিষয় ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন শান্তিতে করাতে সাংবাদিকেরা কী করতে পারেন। সাংবাদিকেরা চলে যাওয়ার পরও পেছনের সারিতে বসে ছিলেন তিন-চারজন, তাঁদের একজন তাঁর বাড়িওয়ালা ই. এ. চৌধুরী।৮ চৌধুরী জানতে চাইলেন, এত পরিশ্রম আর খরচ কেন: “আপনে কি সত্যই বিশ্বাস করেন ইলেকশন হবে?” আবুল মনসুর অবাক: “বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন কোথায়? ইলেকশনের দিন-তারিখ ত ঠিক হৈয়াই গেছে।” চৌধুরীর দৃঢ় বিশ্বাস, নির্বাচন হবে না, তার আগেই কিছু একটা ঘটে যাবে। মাত্র দু-এক দিন আগে তিনি নিজের চোখে দেখেছেন, চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেন বোঝাই হয়ে সৈন্য আসছে ঢাকার দিকে। আবুল মনসুর হেসে উড়িয়ে দিয়েছিলেন: ও-সব চোরাচালান বন্ধের জন্য “অপারেশন ক্লোযড ডোরের” আয়োজন।১০

কয়েক দিন আগে আবু হোসেন সরকার আর মোহন মিয়াও শহরে, বন্দরে আর রেলস্টেশনে সৈন্যদের অস্বাভাবিক চলাচল দেখে বলেছিলেন, “একটা কিছু যেন হইতেছে।” তাঁদেরও তিনি একই যুক্তিতে থামিয়েছিলেন। সেই রাতের কথা লিখতে গিয়ে আবুল মনসুর স্বীকার করেছেন: “আজ বুঝিলাম, ওঁদের চেয়ে আমি কত নির্বোধ।”১০

তাঁর সন্দেহ গেল আরও দূরে। কিছুদিন আগে করাচিতে মার্কিন রাষ্ট্রদূত ল্যাংলি আর তারও আগে এক মার্কিন ফার্স্ট সেক্রেটারির সঙ্গে তাঁর কথা হয়েছিল; দুজনেই পাকিস্তানের রাজনীতির গতি নিয়ে দুর্ভাবনায় ছিলেন।১০ আবুল মনসুরের সন্দেহ, আসন্ন নির্বাচনের পরে পাকিস্তান পশ্চিমা রাষ্ট্রগোষ্ঠী থেকে বেরিয়ে যাবে, এই আশঙ্কায় আমেরিকানরা তখন নির্বাচনের বিরোধী হয়ে উঠেছিলেন; আর নির্বাচনের পরে আর প্রেসিডেন্ট থাকা যাবে না বুঝে মির্জাও নানা কৌশলে নির্বাচন ঠেকাতে চাইছিলেন। তাই পরিষদের গুন্ডামি, নূনের মন্ত্রিসভায় খামখা রদবদল আর দপ্তর নিয়ে অর্থহীন বিবাদ তাঁর চোখে বিচ্ছিন্ন ঘটনা নয়: “একই অদৃশ্য হস্ত পর্দার আড়াল হইতে এই পুতুল নাচ করাইয়াছিল। এমন কি সি. আই. এ.-র হাত থাকাও অসম্ভব নয়।”১১

উমর আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, মার্কিন সরকার ছিল এই ষড়যন্ত্রের সক্রিয় অংশীদার, আর ১৯৫৪ সাল থেকেই মার্কিন কর্মকর্তারা গোলাম মোহাম্মদ, মির্জা আর আইয়ুবের ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন। এ অংশে তাঁর পাদটীকার সূত্র মূলত আবুল মনসুরেরই বই।৯১২ রিজভী মার্কিন সরকারের প্রকাশিত নথি থেকে দুটো তথ্য দেন, কোনো অভিযোগ নয়: রাষ্ট্রদূত আগে থেকে জানতেন, আর ১১ অক্টোবর প্রেসিডেন্ট আইজেনহাওয়ার মির্জাকে চিঠি লিখে অভ্যুত্থানকে সমর্থন জানান।৬ ষড়যন্ত্রে মার্কিন হাত ছিল কি না, আমাদের সূত্রগুলো সে প্রশ্নের নিষ্পত্তি করে না।

প্রেসিডেন্টের ঘোষণাটা শুরু হয়েছিল এভাবে:

গত দুই বছর ধরে আমি গভীরতম উদ্বেগ নিয়ে দেখে আসছি ক্ষমতার নির্মম লড়াই, দুর্নীতি, আমাদের সরল, সৎ, দেশপ্রেমিক আর পরিশ্রমী জনগণের লজ্জাজনক শোষণ, শালীনতার অভাব, আর রাজনৈতিক উদ্দেশ্যে ইসলাম নিয়ে বেসাতি।

“For the last two years, I have been watching, with the deepest anxiety, the ruthless struggle for power, corruption, the shameful exploitation of our simple, honest, patriotic and industrious masses, the lack of decorum and the prostitution of Islam for political ends.”

প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার ঘোষণা, ৭ অক্টোবর ১৯৫৮১৩

ঘোষণায় এল পূর্ব পাকিস্তান পরিষদের প্রসঙ্গও। মির্জা বললেন, তাঁকে বলা হয়েছে, দেশভাগের আগের বাংলায় এমন ঘটনা হামেশাই ঘটত; সে যা-ই হোক, স্পিকারকে মারধর, ডেপুটি স্পিকারকে হত্যা আর জাতীয় পতাকার অবমাননা করে দেশের মর্যাদা বাড়ে না।১৩ নির্বাচনে তাঁর আস্থা নেই; তাঁর ভাষায়, “আমরা চাঁদ থেকে মানুষ আনতে পারি না।” যাঁরা দেশকে ধ্বংসের কিনারায় এনেছেন, তাঁরাই নিজেদের স্বার্থে নির্বাচনে কারচুপি করবেন। প্রমাণ হিসেবে দিলেন করাচি পৌরসভার সাম্প্রতিক নির্বাচন: ভোট পড়েছে শতকরা উনত্রিশ ভাগ, তার প্রায় অর্ধেক জাল। নিজের ভূমিকা নিয়ে বললেন, তিন বছর ধরে তিনি সংবিধানকে গণতান্ত্রিক পথে চালানোর চেষ্টা করেছেন, স্থিতিশীলতার আশায় একের পর এক কোয়ালিশন গড়েছেন; তাঁর নিন্দুকেরা সেসব চেষ্টাকে বলেছে প্রাসাদ ষড়যন্ত্র।১৪

তারপর সিদ্ধান্তগুলো: ১৯৫৬ সালের ২৩ মার্চের সংবিধান বাতিল; কেন্দ্রীয় আর প্রাদেশিক সরকার বরখাস্ত; জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দেওয়া; সব রাজনৈতিক দল বিলুপ্ত; আর বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সারা দেশে সামরিক আইন। প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল মোহাম্মদ আইয়ুব খান, আর দেশের সব সশস্ত্র বাহিনী তাঁর অধীনে। দেশকে আগে সুস্থতায় ফেরাতে হবে “একটা শান্তিপূর্ণ বিপ্লব” দিয়ে।১৫ দশ মাস আগে সৈনিকের যে শিরোনামে শব্দটা ছিল, তার শেষে ছিল একটা প্রশ্নবোধক চিহ্ন।

পরদিন, ৮ অক্টোবর সকাল নয়টায়, সচিবালয়ে আবুল মনসুরের সভাপতিত্বে একটা কমিশনের প্রথম বৈঠক ছিল। কয়েক দিন আগে প্রাদেশিক সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তদন্তে কমোডিটি প্রাইস কমিশন গড়েছিল। কমিশনের সচিব জানালেন, উল্টো কোনো নির্দেশ আসেনি, কাজেই বৈঠক হবে।১১১৬ সদস্য দশ-বারোজন, তিনজন এমএলএ বাদে সবাই সচিব আর ডিআইজি স্তরের কর্মকর্তা। খানিক পরে সচিবকে বাইরে ডাকা হলো; ফিরে এসে জানালেন, গভর্নমেন্ট হাউসের নির্দেশ না আসা পর্যন্ত কাজ এগোবে না। অপেক্ষার চা-বিস্কুটের আড্ডায় আবুল মনসুরের একটা বিশ্বাস উড়ে গেল: পূর্ব পাকিস্তানে সামরিক আইনের পক্ষে একজন লোকও পাওয়া যাবে না। উচ্চশিক্ষিত, অভিজ্ঞ, দায়িত্বশীল এই কর্মকর্তাদের অনেকেই এটাকে জাতির বিপদ মনে করেননি; “বরং কাজে কথায় ও মুখ-ভংগিতে মনে হইল এতে যেন তাঁদেরই জয় হইয়াছে।”১৬

উমরের বিবরণেও একই ছবি। সামরিক আইনকে বিপুলভাবে স্বাগত জানিয়েছিল মানুষ, বিশেষ করে মধ্যবিত্তের বড় একটা অংশ আর সরকারি কর্মচারীরা; পূর্ব পাকিস্তানের কোথাও কোনো প্রতিরোধ হয়নি। ক্ষোভ যাঁদের ছিল, সামরিক ব্যবস্থার ভয়ে তা চাপা পড়ে রইল।১৭

১০ অক্টোবর জারি হলো ‘ল’জ (কন্টিনিউয়েন্স ইন ফোর্স) অর্ডার’। আদালত চলবে, পুরোনো আইনও চলবে, দেশ চলবে যতটা সম্ভব বাতিল সংবিধানের কাছাকাছি নিয়মে।১৮ কিন্তু তৃতীয় অনুচ্ছেদে একটা দেয়াল: কোনো আদালত বা ব্যক্তি প্রশ্ন তুলতে পারবে না ঘোষণা নিয়ে, ঘোষণার অধীনে দেওয়া কোনো আদেশ বা সামরিক আইনের কোনো আদেশ-বিধি নিয়ে, কিংবা বিশেষ বা সংক্ষিপ্ত সামরিক আদালতের কোনো রায় নিয়ে।১৯ পূর্ব পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর অফিস সিলগালা হলো, আসবাবসহ সব সম্পত্তি জব্দ, কোথাও কোথাও নষ্টও করা হলো।১৭

তারপর, আবুল মনসুরের ভাষায়, যা শুরু হলো “তা রাজনীতি নয় রাজা-নীতি।”১৬

১০ই অক্টোবরের রাত দুইটার সময় প্রায় ভাংগিয়া-ফেলার-মত দরজা-ধাক্কা-ধাক্কিতে ঘুম ভাংগিল। দরজা খুলিতেই দেখিলাম এলাহি কাণ্ড। আংগিনা-ভরা সশস্ত্র পুলিশ ও সৈন্যবাহিনী।

আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর১৬

গ্রেফতার নিরাপত্তা আইনে নয়, দুর্নীতি দমন আইনে। আবুল মনসুর আইন দেখিয়ে আপত্তি তুললেন: এ আইনে আগাম গ্রেফতারের বিধান নেই; আগে নোটিশ, মামলা, তারপর তো গ্রেফতার। দলের নেতা এক ডিএসপি হেসে বললেন, ‘এতদিন আইন তাই ছিল বটে, এখন তা বদলান হইয়াছে।’১৬ নতুন গভর্নর জাকির হোসেন সন্ধ্যায় ঢাকায় ফিরেই গভর্নমেন্ট হাউসে পুলিশ আর বড় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন, সেখানেই অর্ডিন্যান্স জারি করে দুর্নীতি দমন আইন বদলেছেন। ডিএসপি দেখালেন আইনের বইয়ে লাইনের ফাঁকে হাতে-লেখা সংশোধনী। গভর্নর করাচি থেকে তালিকা নিয়েই এসেছেন। একটু ঘনিষ্ঠ সুরে ডিএসপি জানালেন, ‘মোটমাট চৌদ্দজনের তালিকা।’ আবুল মনসুরের শেষ আইনি যুক্তি, গেজেটে না ছাপা পর্যন্ত অর্ডিন্যান্স বলবৎ হয় না। ডিএসপি আশ্বস্ত করলেন, গেজেটের কপি ছাপাখানায় চলে গেছে, আদালতে তোলার আগেই ছাপা হয়ে আসবে।২০

রাত দুটো থেকে বেলা দশটা পর্যন্ত, আট ঘণ্টা ধরে চলল তল্লাশি: আলমারি, বাক্স, সুটকেস, তোশক, বালিশ, বিছানার ওপর-নিচ, বাথরুম, রান্নাঘর, এমনকি লাইব্রেরির আইনের বইয়ের মলাট-পাতা পর্যন্ত। বেলা দশটায় তাঁকে নেওয়া হলো দুর্নীতি দমন দপ্তরে। সেখানে আগে থেকে যাঁরা ছিলেন আর খানিক পরে যাঁদের আনা হলো, সব মিলিয়ে এগারোজন; তাঁদের মধ্যে হামিদুল হক চৌধুরী, আবদুল খালেক, শেখ মুজিবুর রহমান, অতিরিক্ত মুখ্য সচিব আসগর আলী শাহ আর প্রধান প্রকৌশলী আবদুল জব্বার।২০ সারা দিন চলল সম্পত্তির তালিকা আর আয়-ব্যয়ের লম্বা বিবৃতি। সন্ধ্যায় এসডিওর এজলাস: “এজলাসে এস.ডি.ও. সাহেব একা নন। তাঁর পাশে বসা কর্নেল স্তরের একজন মিলিটারি অফিসার।”২০

উকিলেরা জামিন চাইলেন। এজাহার ছাড়াই গ্রেফতারের কথা তুললেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা দেখালেন। পাবলিক প্রসিকিউটরের যুক্তি, আসামিরা প্রভাবশালী জনপ্রিয় নেতা, বাইরে থাকলে তদন্ত ব্যাহত হবে। এসডিও একটা কথাও বললেন না, চোখ তুলে একবার তাকালেনও না; মাথা নিচু করে দরখাস্তে ‘রিজেক্টেড’ লিখে উঠে গেলেন।২১

তাঁদের নেওয়া হলো জেলখানার পুরোনো হাজতে, একটা প্রকাণ্ড হলঘরে। ভেতরে ঢুকে আবুল মনসুর যা দেখলেন, লিখেছেন এক বাক্যে: “এখানে ঢুকিয়াই পাইলাম মওলানা ভাসানীকে!” তাঁকে অবশ্য ধরা হয়েছে নিরাপত্তা আইনে।২১৯ পনেরো মাস আগে যিনি রূপমহলে নতুন দল গড়েছিলেন, সেই রাতে তাঁর পাশে মেঝেতে ঢালা বিছানায় আওয়ামী লীগের নেতারা, আর সারারাত আলোচনা চলল দেশের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে। পরদিনই ভাসানীকে নেওয়া হলো সেলে; তারপর একে একে মুজিব, আবদুল খালেক আর আবুল মনসুরকেও, আলাদা আলাদা সেলে।২১

সাত অক্টোবরের ঘোষণায় দুটো নাম ছিল: যিনি ঘোষণা দিলেন, আর যাঁর হাতে তুলে দিলেন দেশের সব সশস্ত্র বাহিনী। তিন সপ্তাহ যেতে না যেতেই এই দুজনের একজনকে ক্ষমতা ছাড়তে হবে।

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৩৭ খ
    পৃ. ৪৩৭: শাহেদ আলীর বর্ণনার শেষাংশ (দৃশ্যে উদ্ধৃত); লেখকের মতে ওকালতি বা রাজনীতির চেয়ে স্কুল-কলেজের মাস্টারিই তাঁকে বেশি মানাত, আর দেহরক্ষীরা চেয়ারের পাহাড় না তুললে তিনি মঞ্চেই মারা যেতেন। তারপর দৃশ্যে উদ্ধৃত দুই বাক্য, আর তার পরের বাক্যগুলো, যা দৃশ্যে নেই: “ভালই হইয়াছে। বিচার হইলে অনেক মিয়ারই শাস্তি হইত। দেশের মুখ কালা হইত।” তাঁর মতে আদালতের বিচারের বদলে হয়েছে “গায়েবী বিচার”। তারপর: “ঐ ঘটনার পনর দিনের মধ্যেই মার্শাল ল।” এর পরে দৃশ্যে উদ্ধৃত অভিযোগ আর “মিথ্যা তহমত”-এর প্রশ্ন। একই পাতায় করাচির প্রসঙ্গ: “যত নষ্টের গোড়া মির্যার আর এক চাল”; “সরল-সোজা আয়েশী” প্রধানমন্ত্রী নূনকে দিয়ে বলানো হয়, আওয়ামী লীগকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢুকে দায়িত্ব নিতে হবে। লেখকের যুক্তি: চুক্তি ছিল আওয়ামী লীগ মন্ত্রিত্বে না গিয়েই নূনের মন্ত্রিসভাকে সমর্থন দেবে, তার বদলে যুক্ত নির্বাচনে “আগামী সনের ১৫ই ফেব্রুয়ারি” সাধারণ নির্বাচনের তারিখ ঠিক হয়েছে, আর নির্বাচনের আগে পরিষদের কোনো অধিবেশনের দরকার নেই; কাজেই “আওয়ামী লীগকে লইয়া খেলা করিবার জন্যই যে মির্যা এই প্রস্তাব দেওয়াইয়াছেন, এটা ছিল সুস্পষ্ট।” সূত্রে ভিন্নতা: উমরের হিসাবে মৃত্যু মারামারির তিন দিন পরে, ২৬ সেপ্টেম্বর (পৃ. ৩৩৪)। মৃত্যুটা সামরিক শাসনের জন্যই ঘটানো হয়েছিল, লেখকের এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি; ঘটনার তদন্ত বা মামলার কোনো নথি আমাদের সংগ্রহে নেই। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  2. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৪ গ
    পৃ. ৩৩৪, আগের পাতার বর্ণনার শেষ: ভারী একটা জিনিস ডেপুটি স্পিকারের নাকে লাগে; “He began to bleed profusely and was removed to the hospital. He succumbed to his injuries three days later on 26 September.” আর “The session of the East Pakistan Assembly was adjourned on 24 September 1958.” মৃত্যুর তারিখের টীকায় কেবল “Ibid.”, অর্থাৎ আগের টীকার সূত্র, আবুল মনসুর আর আতাউর রহমান খান; আবুল মনসুরের বইয়ে (পৃ. ৪৩৭) কোনো তারিখ নেই, আছে “পরের দিন”। তারপর করাচি: “President Mirza got Prime Minister Firoz Khan Noon involved in his game plan against the Awami League.” নূন সোহরাওয়ার্দীকে বলেন, “it was not proper to criticize the government from outside without taking any responsibility”। “The initial reaction of Suhrawardy, Abul Mansur Ahmad, Ataur Rahman Khan, Manik Mian and even Sheikh Mujibur Rahman was to reject this offer, because they surmised that it was a trap laid by Mirza.” আবুল মনসুর আর আতাউর রহমান ছিলেন জোরালো বিরোধী: নির্বাচনের আগে কেন্দ্রে গেলে কেন্দ্রের সব অপকর্ম আর পূর্ব পাকিস্তানবিরোধী নীতির দায় তাঁদের ঘাড়ে চাপবে, লাভ কিছু হবে না। তবু নূনের চাপে অস্থায়ীভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত; নূন সোহরাওয়ার্দীর দাবিমতো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর বরাদ্দ করেন, কিন্তু আতাউরকে লেখা চিঠিতে কেবল নাম, দপ্তরের উল্লেখ নেই; আতাউর আপত্তি তুলে সোহরাওয়ার্দীর সঙ্গে পরামর্শ করে জবাব দিতে চান। “But Sheikh Mujibur Rahman along with the would-be central ministers, left for Karachi without informing either Ataur Rahman or Abul Mansur Ahmad.” উমরের মতে সোহরাওয়ার্দীও তাঁদের আপত্তির আশঙ্কায় পরামর্শ এড়িয়ে যান। ২ অক্টোবর তিনজন মন্ত্রী আর চারজন প্রতিমন্ত্রীর শপথ; ৭ অক্টোবর দুপুর একটায় পদত্যাগ, কারণ আগের সমঝোতামতো দপ্তর দেওয়া হয়নি (বাক্যটা পৃ. ৩৩৫-এ গিয়ে শেষ)। সূত্র আবুল মনসুর (অন্য সংস্করণের পৃ. ৪৭১–৪৭২, আমাদের সংস্করণে পৃ. ৪৩৭–৪৩৮), আতাউর রহমান খান (পৃ. ৩৫২–৩৫৩) আর অলি আহাদ (পৃ. ২৯৫); শেষের দুটি বই আমাদের সংগ্রহে নেই। আবুল মনসুরের বইয়েও (পৃ. ৪৩৮) আছে, প্রস্তাবটা যে মির্জার চাল, এ কথায় মুজিব তাঁর সঙ্গে একমত ছিলেন। সূত্রে ভিন্নতা: মৃত্যুর দিন উমরের ২৬ সেপ্টেম্বর, আবুল মনসুরের “পরের দিন”; মারামারির দিন উমরের ২৩ সেপ্টেম্বর, রিজভীর ২০ আর ২৩ সেপ্টেম্বর (পৃ. ৭৫), আইয়ুবের ২১ সেপ্টেম্বর (উমর, পৃ. ৩৩১)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  3. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৩৭–৪৩৮ খ
    পৃ. ৪৩৭-এর শেষ থেকে ৪৩৮: করাচির খবরের কাগজ গোড়া থেকেই বলতে শুরু করে, আওয়ামী লীগের মন্ত্রী নেওয়া হবে বটে, কিন্তু সোহরাওয়ার্দী আর আবুল মনসুরকে নয়; “এই ধরনের ‘সংবাদ’ ছাপিয়া মির্যার দল গোড়া হইতেই লিডার ও আমাকে বেকায়দায় ফেলিলেন।” আপত্তি করলে বন্ধুরা ভাববেন, নিজেরা যেতে পারবেন না বলেই আপত্তি; সেই ঝুঁকি নিয়েও আতাউর রহমান, মানিক মিয়া আর লেখক বিরোধিতা করেন। “যতদূর জানি লিডারও এ সময়ে মন্ত্রিত্বে যাওয়ার বিরোধী ছিলেন। এটা যে মির্যার একটা চাল, এ কথায় মুজিবুর রহমানও আমার সাথে একমত ছিলেন।” তারপর দৃশ্যে উদ্ধৃত বাক্য, আর: “মন্ত্রিত্বের শপথ নিলেন। ভাল পোর্টফলিও পাওয়া গেল না বলিয়া চার-পাঁচ দিন পরে পদত্যাগ করিলেন। সেই রাত্রেই মার্শাল ল।” লেখকের মতে পরিকল্পনাটা স্পষ্ট ছিল, লিডারও বুঝেছিলেন, “কিন্তু সেই দুর্বলতার জন্য তিনি এবারেও দৃঢ়ভাবে ‘না’ বলিতে পারেন নাই।” মুজিব কেন আর কার পরামর্শে করাচি গেলেন, লেখক নিজেই লিখেছেন তিনি জানেন না; এ প্রসঙ্গে মুজিবের নিজের ভাষ্য আমাদের সংগ্রহে নেই। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  4. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৫ গ
    পৃ. ৩৩৫: আওয়ামী লীগ সদস্যদের মন্ত্রিসভায় ফেরাতে সেদিনই সন্ধ্যা ৭টায় দপ্তর নতুন করে বণ্টন; “But by that time Iskandar Mirza, supported by General Ayub Khan finally decided to strike and Martial Law was proclaimed throughout Pakistan.” উমরের মন্তব্য: “In order to dissociate himself from the responsibility of abrogating the constitution etc. Ayub Khan tried, subsequently, to put the blame entirely on Mirza and the political leaders.” কিন্তু তাঁর আত্মজীবনী মন দিয়ে পড়লে দেখা যায়, তিনিই “the most clever of all the conspirators”, আর সম্ভবত একমাত্র মানুষ যিনি মির্জার একের পর এক পদক্ষেপের পরিণতি আগে থেকে দেখতে পাচ্ছিলেন। তারপর আইয়ুবের Friends Not Masters (পৃ. ৭০) থেকে উদ্ধৃতি, শুরু: “I arrived in Karachi on 5 October, Yahya and Hamid, and one or two other officers had preceded me.” তারপর দৃশ্যে উদ্ধৃত অংশ, আর শেষে: “It was the last bid to save the country.” উমরের মতে এই কথাটাই ধরিয়ে দেয় পুরো ষড়যন্ত্রে আইয়ুবের আসল ভূমিকা। পরের উদ্ধৃতির (পৃ. ৭১) শুরু: “From that time onwards emotion had no place in the proceedings.” আইয়ুব মির্জাকে বলেন প্রধানমন্ত্রীকে জানাতে; মির্জা দরকার মনে করেননি, নিজের কাজের বৈধতা নিয়ে তাঁর সন্দেহ ছিল না; তখন আইয়ুব লিখিতভাবে দুটো জিনিস চান (উদ্ধৃতি পরের পাতায় শেষ)। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই; উদ্ধৃতি উমরের বই থেকে, আর এটা ক্ষমতা দখলকারীর নিজের, পরে লেখা ভাষ্য। বাংলা অনুবাদ আমাদের। ↩
  5. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৬ গ
    পৃ. ৩৩৬, আইয়ুবের উদ্ধৃতির বাকিটা (Friends Not Masters, পৃ. ৭১): দুটো লিখিত জিনিস, সামরিক আইন চালানোর ভার তাঁর, আর প্রধানমন্ত্রীকে চিঠি; “He wrote the letter to Malik Firoz Khan Noon without any difficulty. But he did not seem particularly keen to give me the letter of authority to administer the Martial Law.” আইয়ুব চেয়েছিলেন, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিদ্ধান্তের দায় মির্জা নিজে নিন; শেষে “He hummed and hawed but finally agreed to give me the letter after two or three days.” তারপর উমরের নিজের কথা: “Iskandar Mirza was not only an arch conspirator but also a man with a diabolical sense of humor.” ৭ অক্টোবর তিনি নূন আর আওয়ামী লীগের মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীদের নিজের বাসায় পার্টিতে ডাকেন, পার্টি শেষে বিশেষ বেতার ভাষণে সামরিক আইন ঘোষণা করেন; সূত্র কামরুদ্দিন আহমদের A Socio-Political History of Bengal (পৃ. ১৫০), যা আমাদের সংগ্রহে নেই। তারপর বেতার ঘোষণা থেকে দুটি উদ্ধৃতি, সূত্র দলিলপত্রের প্রথম খণ্ড, পৃ. ৬২৫। রিজভী লিখেছেন, নূন খবরটা পান সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্টের চিঠি হাতে পেয়ে (পৃ. ৮৩); পার্টির কথা তাঁর বইয়ে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  6. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৮২–৮৪, ২৫৯–২৬০ গ
    অধ্যায় ৫ “The First Military Regime”-এর শুরু: “The abrogation of the 1956 constitution and the imposition of martial law on 7 October 1958 was a joint decision of President Iskander Mirza and the C-in-C of the Army, General Ayub Khan, taken by the former at the prodding of the latter.” মির্জার দুশ্চিন্তা: ফেব্রুয়ারি ১৯৫৯-এর নির্বাচনে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে, কোন নেতৃত্ব উঠে আসবে তিনি জানতেন না, আর সংবিধানে জাতীয় পরিষদের নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট নির্বাচনের বিধান (টীকা ১: ১৯৫৬ সালের সংবিধান, অনুচ্ছেদ ২২২(১))। “There is no evidence to suggest that Ayub Khan and other senior commanders began considering the option of assumption of power before late May 1958.” পৃ. ৮৩: ডেপুটি স্পিকারের মৃত্যুর পরে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আইয়ুব চিফ অব জেনারেল স্টাফকে বেসামরিক প্রশাসন হাতে নেওয়ার পরিকল্পনা করতে বলেন। রিজভী আরও তিনটি কারণ গোনেন: কাশ্মীরি নেতা গোলাম আব্বাসের যুদ্ধবিরতি রেখা পার হওয়ার হুমকি (জুন), মুসলিম লীগ সভাপতি আবদুল কাইয়ুম খানের আইন অমান্য আন্দোলনের চরমপত্র আর মুসলিম লীগ ন্যাশনাল গার্ড জড়ো করা (অক্টোবরের শুরু), আর কালাতের খানের সঙ্গে সরকারের সংঘাত (অক্টোবরের শুরু)। “By 3 October, the Army's plan for the takeover was ready.” গোপনীয়তা: মির্জা আর আইয়ুব ছাড়া জানতেন কেবল সেনা সদর দপ্তরের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা; বিমান আর নৌবাহিনীর প্রধানদের জানানো হয় সব চূড়ান্ত হওয়ার পরে; নূন জানেন সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্টের চিঠি পেয়ে, বেশির ভাগ রাজনীতিক পরদিন সকালের কাগজে। “The only person who had an advance knowledge of the coup was the US ambassador to Pakistan, James Langley, a personal friend of Iskander Mirza.” মির্জা তাঁকে আগেই জানিয়েছিলেন, তিনি সব ক্ষমতা নিতে চান আর সেনাবাহিনী তাঁর পক্ষে, আর তিনি না নিলে আইয়ুবই হয়তো নেবেন; তবে তাঁকে বলা তারিখ ছিল ৮ অক্টোবর (টীকা ২: মার্কিন সরকারের প্রকাশিত নথি Foreign Relations of the United States, 1958–60, খণ্ড ১৫, পৃ. ৬৬৪–৬৬৫, ৬৬৯; আর আলতাফ গওহরের বই)। ১১ অক্টোবর প্রেসিডেন্ট আইজেনহাওয়ার মির্জাকে চিঠি লিখে অভ্যুত্থানকে সমর্থন জানান, ২৩–২৭ অক্টোবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফর (টীকা ৩)। এক সপ্তাহের মধ্যেই দুজনের টানাপোড়েন; ২০ অক্টোবর আইয়ুব পূর্ব পাকিস্তানে, মির্জা হারানো উদ্যোগ ফিরে পেতে সামরিক বাহিনীতে নিজের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন, শাসক জেনারেলরা তাঁর মুখোমুখি হন (টীকা ৪: আইয়ুবের আত্মজীবনী, পৃ. ৭৩–৭৫; আর বিমানবাহিনীর তখনকার প্রধান আসগর খানের বই, যাঁর ভাষ্যে মির্জা তাঁর চিফ অব স্টাফ এয়ার কমোডর Maqbool Rabb-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন); মির্জা অভিযোগটা জোর গলায় অস্বীকার করেন (টীকা ৫: মির্জার নিজের আত্মজীবনী, উইকলি মেয়ার আর নিউজলাইনে প্রকাশিত)। ২৭ অক্টোবর সন্ধ্যায় তিন লেফটেন্যান্ট জেনারেল প্রেসিডেন্ট ভবনে; পৃ. ৮৪: “asked Iskander Mirza to resign. He obliged without hesitation.” টীকাগুলো পৃ. ২৫৯–২৬০-এ; টীকায় উল্লিখিত বই আর পত্রিকার কোনোটিই আমাদের সংগ্রহে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  7. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৩৯ খ
    উনত্রিশ অধ্যায় “ঝড়ে তছনছ”, অংশ ১ “বজ্রপাত”। দৃশ্যে উদ্ধৃত অনুচ্ছেদের পরের বাক্যে রেডিওর খবরের আরেকটা অংশ: প্রধান সেনাপতি আইয়ুবকে প্রধানমন্ত্রী আর প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ। প্রেসিডেন্ট আর প্রধান সেনাপতির নিজের মুখে না শুনলে লেখক বিশ্বাস করতেন না। দৃশ্যে উদ্ধৃত দুই প্রশ্নের মাঝখানে তাঁর স্বীকারোক্তি: “মিলিটারি কু করিতে যে শাসনতান্ত্রিক ক্ষমতা লাগে না, এটা আমি তখনও বুঝি নাই।” তাঁর মনে হলো, কোথাও একটা প্যাঁচ আছে; তারপর “কোমরে যার জোর”-এর বাক্য। কথা বলার লোক নেই: মুখ্যমন্ত্রী (বইয়ে “প্রধানমন্ত্রী”) আতাউর রহমান আর দলের সেক্রেটারি মুজিব করাচিতে, লিডারও সেখানেই থাকেন; “কেউ নাই ঢাকায়।” গভর্নরকে ফোন করতে গিয়েও থেমে যাওয়া; কেন্দ্রীয় মন্ত্রী হামিদুল হক চৌধুরীর সঙ্গে কথা, তিনিও স্তম্ভিত, আর ইশারায় জানান টেলিফোনে এ আলাপ নিরাপদ নয়; লেখক কাছের ইত্তেফাক অফিসে যাবেন ভাবছিলেন, তখনই গভর্নরের ফোন। সূত্রে ভিন্নতা: ৭ অক্টোবরের ঘোষণার ছাপা পাঠে (দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৫) আইয়ুব কেবল প্রধান সামরিক আইন প্রশাসক; রিজভীর হিসাবে (পৃ. ৮৪) মির্জা তাঁকে প্রধানমন্ত্রী করেন নিজের বিদায়ের আগের দিন; আর আবুল মনসুর নিজেই পৃ. ৪৪৫-এ ২৮ অক্টোবরের কাগজের খবরে আইয়ুবকে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রধানমন্ত্রী বলেছেন। বইটা ঘটনার বহু বছর পরে লেখা; ৭ অক্টোবরের খবরের সঙ্গে পরের পদটা স্মৃতিতে মিশে গেছে বলে আমাদের ধারণা, এটা আমাদের পাঠ। রিজভী (পৃ. ৮৩) লিখেছেন, বেশির ভাগ রাজনীতিক খবরটা পান পরদিন সকালের কাগজে; আবুল মনসুর শুনেছিলেন সেই রাতেই, রেডিওতে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  8. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪০ খ
    পৃ. ৪৪০: গভর্নমেন্ট হাউসে সুলতানুদ্দিন আহমদের সঙ্গে কথা; তিনিও স্তম্ভিত, আভাসে-ইঙ্গিতেও আগে কিছু টের পাননি। লেখক বলেন, কাজটা পুরোপুরি বেআইনি, গভর্নর শাসনতন্ত্র রক্ষায় আইনত বাধ্য, চাইলে এটা অগ্রাহ্য করতে পারেন; গভর্নর মেনে নিয়েও জানান, শাসনতন্ত্র অনুযায়ীই মুখ্যমন্ত্রীর (বইয়ে “প্রধানমন্ত্রীর”) পরামর্শ ছাড়া তিনি কিছু করতে পারেন না, তিনি আসলে “রবার স্ট্যাম্প মাত্র”। গভর্নর আরও জানান, তাঁর স্ত্রী করাচি গিয়েছিলেন, তাঁকে প্রেসিডেন্ট হাউসে নেওয়া হয়েছে, খানিক আগে কথা হয়েছে, পরিস্থিতি সুবিধার নয়; আর সাবেক আইজি জাকির হোসেনকে জরুরি খবর দিয়ে করাচি নেওয়া হয়েছে, সুলতানুদ্দিনের দৃঢ় সন্দেহ তাঁকেই গভর্নর করা হচ্ছে। দুজনেই সমান নিরুপায়; যাওয়া-আসার পথে “সারা শহর থমথমা।” বাড়িতে সবাই চুপ; লেখকের মনে পড়ে তিন-চার দিন আগের সংবাদ সম্মেলন: প্রায় পঁচিশজন সাংবাদিক; বিষয়, দেশের প্রথম জাতীয় নির্বাচন শান্তিতে করাতে সাংবাদিকেরা কী করতে পারেন; লেখক নিজে ত্রিশ বছরের সাংবাদিক; সাংবাদিকেরা দলমত নির্বিশেষে নিরপেক্ষ থাকার আশ্বাস দিয়ে সন্ধ্যার অনেক পরে বিদায় নেন। পেছনের সারিতে থেকে যাওয়া তিন-চারজনের একজন লেখকের বাড়িওয়ালা ই. এ. চৌধুরী। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  9. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৮ গ
    পৃ. ৩৩৮: “In East Pakistan, large-scale arrests of political leaders began on the night of 10 October.” ভাসানীকে ধরা হয় নিরাপত্তা আইনে, আর হামিদুল হক চৌধুরী, আবুল মনসুর আহমদ, শেখ মুজিবুর রহমান, আবদুল খালেকসহ কয়েকজনকে দুর্নীতির অভিযোগে; একই রাতে অতিরিক্ত মুখ্য সচিব আসগর আলী শাহ, উমরের ভাষায় অবাঙালি, কিন্তু সোহরাওয়ার্দী আর আওয়ামী লীগ নেতাদের খুব ঘনিষ্ঠ। গভর্নর সুলতানুদ্দিন অপসারিত, পুলিশের সাবেক আইজি জাকির হোসেন গভর্নরের দায়িত্ব নেন ১০ অক্টোবর; আগে তাঁকে করাচি ডেকে গ্রেফতারের তালিকা দেওয়া হয়েছিল (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৯–৪৮১, আমাদের সংস্করণে পৃ. ৪৪৩–৪৪৫)। “A few days later” প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব পূর্ব পাকিস্তান সফরে এসে ঢাকার পল্টন ময়দানে বড় জনসভায় বক্তৃতা দেন (সূত্র আইয়ুবের আত্মজীবনী, পৃ. ৭৩); উমরের মূল্যায়ন: “The absence of any resistance and the large attendance in the public meeting showed that the political change was initially not unwelcome to the people of East Pakistan.” তাঁর ব্যাখ্যা, ১৯৫৪ সালে যাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, সংসদীয় দলগুলোর রাজনীতিকদের অপকর্মে মানুষ তাদের থেকে সরে যাচ্ছিল। তারপর তাঁর দাবি: “The government of the United States was an active party in the conspiracy which finally brought down the civil government”; মুসলিম লীগ সভাপতি কাইয়ুম খানের মার্কিনবিরোধী প্রচার আর মির্জাকে মার্কিন এজেন্ট বলা (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৭); ১৯৫৯ সালের গোড়ার নির্বাচন নিয়ে মার্কিন সরকারের আশঙ্কা (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৬–৪৭৭; আমাদের সংস্করণে পৃ. ৪৪১–৪৪২)। পল্টনের সভার তারিখ উমর দেননি; রিজভী (পৃ. ৮৩) লিখেছেন, ২০ অক্টোবর আইয়ুব পূর্ব পাকিস্তান সফরে ছিলেন; দুটো একই সফর, এটা আমাদের পাঠ। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  10. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪১ খ
    পৃ. ৪৪১: ই. এ. চৌধুরীর সঙ্গে কথোপকথন (দৃশ্যে উদ্ধৃত দুই বাক্য)। চৌধুরীর দৃঢ় বিশ্বাস, নির্বাচন হবে না, তার আগেই কিছু একটা ঘটবে; তিনি অনেক আলামত দেখছেন, তার একটা দু-এক দিন আগে নিজের চোখে দেখা চট্টগ্রাম থেকে সৈন্যবোঝাই স্পেশাল ট্রেন। লেখক হেসে উড়িয়ে দেন: চোরাচালান বন্ধের “অপারেশন ক্লোযড ডোরের” আয়োজন; কেউ কাউকে বোঝাতে পারেননি। কয়েক দিন আগে আবু হোসেন সরকার আর মোহন মিয়াও শহরে, বন্দরে আর রেলস্টেশনে সৈন্যদের অস্বাভাবিক চলাচল দেখে বলেছিলেন, “একটা কিছু যেন হইতেছে।” একই যুক্তিতে লেখক তাঁদেরও থামান, আর তাঁরা অগত্যা বলেছিলেন, ‘হৈতেওবা পারে।’ অংশ ২ “পূর্বাভাস”: তিনি ছাড়া সবাই বিপদ আঁচ করছিলেন; “আজ বুঝিলাম, ওঁদের চেয়ে আমি কত নির্বোধ।” তারপর করাচিতে মার্কিন রাষ্ট্রদূত ল্যাংলি আর তারও আগে এক মার্কিন ফার্স্ট সেক্রেটারির সঙ্গে পাকিস্তানের প্রতি মার্কিন মনোভাব নিয়ে আলাপ (দ্বিতীয়জনের নাম আমাদের কপিতে স্পষ্ট পড়া যায় না); দুজনেই পাকিস্তানের রাজনীতির সাম্প্রতিক গতি নিয়ে দুর্ভাবনা প্রকাশ করেছিলেন। মোহন মিয়া মানে ইউসুফ আলী চৌধুরী (উমর, পৃ. ৮৯ আর ২৪০)। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  11. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪১–৪৪২ খ
    পৃ. ৪৪১–৪৪২, মার্কিন কর্মকর্তাদের ধারণা, লেখকের বয়ানে: আসন্ন নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ জিতবে; আওয়ামী লীগের বেশির ভাগ সদস্য সিয়াটো-বাগদাদ চুক্তির বিরোধী, কিন্তু দলের প্রশ্নাতীত নেতা সোহরাওয়ার্দীকে তাঁরা বিশ্বাস করেন, আর কেন্দ্রে দুই দলের কোয়ালিশনের প্রধানমন্ত্রী তিনিই হবেন। তারপর নিশতারের মৃত্যুতে মুসলিম লীগের সভাপতি হয়ে কাইয়ুম খান মার্কিনবিরোধী বক্তৃতায় ভাসানীকেও ছাড়িয়ে যান; করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, যুক্তরাষ্ট্র আর “মার্কিনী দালাল” বলে কথিত মির্জার বিরুদ্ধে। এই সময়েই লেখক মার্কিন কর্মকর্তাদের বিষণ্ণ দেখেছেন; নির্বাচনের ফলে পাকিস্তান পশ্চিমা জোট থেকে বেরিয়ে যাবে, সোহরাওয়ার্দীও ঠেকাতে পারবেন না, এ নিয়ে তাঁদের মনে আর সন্দেহ দেখেননি। মির্জাও বুঝেছিলেন নির্বাচনের পরে আর প্রেসিডেন্ট হতে পারবেন না, তাই নানা কৌশলে নির্বাচন ঠেকাতে চাইছিলেন। তারপর লেখকের অনুমান, নিজের ভাষাতেই “আমার সন্দেহ”: গণতন্ত্রে বিশ্বাসী হয়েও আমেরিকানরা এ কারণে নির্বাচনের বিরোধী হয়ে উঠেছিলেন, আর মির্জার সঙ্গে তাঁদের যোগাযোগ হওয়া “খুবই স্বাভাবিক”; সেখান থেকে দৃশ্যে উদ্ধৃত সিদ্ধান্ত। এর পক্ষে কোনো নথি তিনি দেননি। অংশ ৩ “কর্ম শুরু”: ৮ অক্টোবর সকাল নটায় সচিবালয়ে কমোডিটি প্রাইস কমিশনের প্রথম বৈঠক; কমিশনটা কয়েক দিন আগে প্রাদেশিক সরকার গড়েছিল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তদন্তে, চেয়ারম্যান লেখক নিজে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  12. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৯ গ
    পৃ. ৩৩৯: উমরের দাবি, ১৯৫৪ থেকে সামরিক আইন ঘোষণা পর্যন্ত মার্কিন কর্মকর্তারা গোলাম মোহাম্মদ, মির্জা আর আইয়ুবের ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন আর ষড়যন্ত্রে গভীরভাবে জড়িত ছিলেন; “There are plenty of evidences”, লিখেছেন তিনি, কিন্তু এই বাক্যে কোনো টীকা বা নথির উল্লেখ নেই। তারপর মির্জা আর আইয়ুব: সংবিধান বাতিলের পরে প্রেসিডেন্ট পদের কী হবে, মির্জার ধারণা ছিল না, আইয়ুব পরিণতিটা পরিষ্কার দেখেছিলেন; “So as a quiet tactician, he pushed forward his own line of action”, আর নিজস্ব কায়দায় সংবিধান উচ্ছেদ আর প্রেসিডেন্ট পদ লোপের সব দায় এড়াতে চেয়েছেন। আইয়ুবের আত্মজীবনী (পৃ. ৭৪) থেকে উদ্ধৃতি: সেনাবাহিনীর আইনবিশেষজ্ঞদের মত, প্রেসিডেন্টের পদ এখন “redundant”; কর্নেল কাজীর অবস্থানও তাই; প্রধান বিচারপতি মুনির, যিনি বিপ্লবের আগে কিছু বিষয়ে মির্জাকে পরামর্শ দিচ্ছিলেন, ভিন্নমত দেন; আইয়ুবের কথা: “I told Qazi, I agree with Munir. This is final. Accept this as a decision.” তারপর (আত্মজীবনী, পৃ. ৭৩–৭৫): অন্য জেনারেল আর অফিসাররা আইয়ুবকে জানান, মির্জার স্ত্রী তাঁকে আইয়ুবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনবরত উসকাচ্ছেন, আর মির্জা সেনাবাহিনীর নানা শীর্ষ জেনারেল আর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁদের আইয়ুবের বিরুদ্ধে কোনো বোঝাপড়ায় জড়াতে চাইছেন। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই; উদ্ধৃতি উমরের বই থেকে, আর এটা মির্জাকে যিনি সরালেন, তাঁর নিজের ভাষ্য। বাংলা অনুবাদ আমাদের। ↩
  13. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৩ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড; শিরোনাম “সামরিক আইন জারি ও জেনারেল মীর্জা কর্তৃক ক্ষমতা দখল”, সূত্র “সরকারী”, তারিখ ৭ অক্টোবর ১৯৫৮; ইংরেজি পাঠের মাথায় “IMPOSITION OF MARTIAL LAW”, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার ঘোষণা, চলেছে পৃ. ৬২৬ পর্যন্ত। পৃ. ৬২৩: দৃশ্যে উদ্ধৃত প্রথম বাক্য; তারপর, গুটিকয় সম্মানজনক ব্যতিক্রম আছে, কিন্তু সংখ্যায় কম বলে তাঁরা প্রভাব খাটাতে পারেননি; এসব কাজের ফল “a dictatorship of the lowest order”; খাদ্যসংকট, আর পূর্ব পাকিস্তানে খাদ্য, ওষুধ আর নিত্যপণ্যের সুসংগঠিত চোরাচালান। “Some of our politicians have lately been talking of bloody revolution.” আরেক দল বিদেশে গিয়ে সরাসরি জোট বাঁধার চেষ্টা করছে, যাকে তিনি বলেছেন “high treason”। তারপর “Disgraceful Scene” উপশিরোনামে পরিষদের প্রসঙ্গ: “The disgraceful scene enacted recently in the East Pakistan Assembly is known to all.” তাঁকে বলা হয়েছে, দেশভাগের আগের বাংলায় এমন ঘটনা হামেশাই ঘটত; সে যা-ই হোক, এটা সভ্য রীতি নয়; “You do not raise the prestige of your country by beating the Speaker, killing the Deputy Speaker and desecrating the National Flag.” কারা মেরেছিল, ঘোষণায় তা বলা নেই। এটা ক্ষমতা দখলের ঘোষণা, নিজের কাজের পক্ষে যুক্তি সাজানোর দলিল। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  14. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৪ ক
    মির্জার ঘোষণা, পৃ. ৬২৪: রাজনৈতিক দলগুলোর মানসিকতা এত নিচে নেমেছে যে নির্বাচনে অবস্থার উন্নতি হবে, এ বিশ্বাস তাঁর আর নেই; “We cannot get men from the moon.” যাঁরা দেশকে ধ্বংসের কিনারায় এনেছেন, তাঁরাই নিজেদের স্বার্থে নির্বাচনে কারচুপি করবেন, আর নির্বাচন লড়া হবে মূলত ব্যক্তিগত, আঞ্চলিক আর সাম্প্রদায়িক ভিত্তিতে। “Shifting Loyalties” উপশিরোনামে: নির্বাচন অবাধও হবে না, সুষ্ঠুও না, শেষে ডেকে আনবে সত্যিকারের রক্তাক্ত বিপ্লব; প্রমাণ হিসেবে: “Recently, we had elections for the Karachi Municipal Corporation. Twenty-nine per cent of the electorate exercised their votes, and, out of these, about 50 per cent were bogus votes.” তারপর আইন অমান্যের হুমকি, এক ইউনিট ভাঙার চেষ্টা আর পররাষ্ট্রনীতির সমালোচনা নিয়ে অভিযোগ; আর নিজের ভূমিকা: তিন বছর ধরে সংবিধানকে গণতান্ত্রিক পথে চালানোর চেষ্টা, “I have labored to bring about coalition after coalition”, স্থিতিশীলতার আশায়; “My detractors, in their dishonest ways, have, on every opportunity, called these attempts as palace intrigues.” করাচি পৌরসভার নির্বাচনের হিসাব মির্জার নিজের; আমাদের সংগ্রহের অন্য কোনো দলিল দিয়ে তা যাচাই করা যায় না। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  15. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৪–৬২৫ ক
    মির্জার ঘোষণা, পৃ. ৬২৪–৬২৫: সব দোষ প্রেসিডেন্টের ঘাড়ে চাপানো এখন রেওয়াজ; এর পেছনে “traitors and unpatriotic elements”, যারা রাষ্ট্রপ্রধানকে আক্রমণ করে পাকিস্তানের মর্যাদা নষ্ট করতে চায়। “People Disillusioned” উপশিরোনামে: বেশির ভাগ মানুষ বর্তমান শাসনব্যবস্থায় আস্থা হারিয়েছে, তাদের ক্ষোভ ন্যায্য, নেতারা আস্থার মর্যাদা রাখেননি। ১৯৫৬ সালের ২৩ মার্চের সংবিধান অচল, বিপজ্জনক আপসে ভরা; “To rectify them the country must first be taken to sanity by a peaceful revolution.” তারপর কিছু দেশপ্রেমিক মানুষকে দিয়ে মুসলিম জনগণের স্বভাবের আরও উপযোগী একটা সংবিধান তৈরি, সময়মতো গণভোটে দেওয়া হবে। “Foremost Duty” উপশিরোনামে: সংবিধানের চেয়েও পবিত্র দেশ আর তার মানুষের কল্যাণ; দেশদ্রোহী আর রাজনৈতিক দুঃসাহসীদের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে পদক্ষেপ অনিবার্য। তারপর পাঁচ সিদ্ধান্ত: (ক) ২৩ মার্চ ১৯৫৬-র সংবিধান বাতিল; (খ) কেন্দ্রীয় আর প্রাদেশিক সরকার সঙ্গে সঙ্গে বরখাস্ত; (গ) জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া; (ঘ) সব রাজনৈতিক দল বিলুপ্ত; (ঙ) বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সামরিক আইন, সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খান প্রধান সামরিক আইন প্রশাসক, আর দেশের সব সশস্ত্র বাহিনী তাঁর অধীনে। সিদ্ধান্তগুলোর কোথাও প্রধানমন্ত্রীর পদের উল্লেখ নেই। ঘোষণায় “বিপ্লব” এসেছে প্রশ্নবোধক চিহ্ন ছাড়া; দশ মাস আগে সাপ্তাহিক ‘সৈনিক’-এর শিরোনামে ছিল “বিপ্লবী পরিষদ গঠনের পূর্বাভাস?” (দলিলপত্র, পৃ. ৬১৩)। উমর ঘোষণার এই অংশগুলো উদ্ধৃত করেছেন দলিলপত্রের এই পাতা থেকেই (পৃ. ৩৩৬–৩৩৭)। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  16. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৩ খ
    পৃ. ৪৪৩: কমিশনের সচিব কেরামত আলী (সি.এস.পি.) টেলিফোনে জানান, উল্টো কোনো নির্দেশ আসেনি, কাজেই কাজ চলবে। দশ-বারোজন সদস্য, তিনজন এমএলএ বাদে সবাই সচিব আর ডিআইজি স্তরের কর্মকর্তা; নিয়মকানুনের প্রাথমিক আলোচনা শেষ হওয়ার আগেই সচিবের বাইরে ডাক, তারপর গভর্নমেন্ট হাউসের নির্দেশের অপেক্ষা; কোনো নির্দেশ আসেনি, বৈঠক অনির্দিষ্টকালের জন্য মুলতবি। চা-বিস্কুট-পান-সিগারেটের ফাঁকের আলাপেই লেখকের বিশ্বাস “এক ফুৎকারে মিলাইয়া গেল”; সামরিক আইনের পরে বাইরের মানুষের সঙ্গে এটাই তাঁর প্রথম দেখা, আর কর্মকর্তাদের ভাব দেখে “মনটা দমিয়া গেল।” অংশ ৪ “গেরেফতার”: “অতঃপর যা শুরু হইল, তা রাজনীতি নয় রাজা-নীতি।” তারপর দৃশ্যে উদ্ধৃত রাত দুটোর অনুচ্ছেদ; পুলিশ জানায় বাড়ি তল্লাশি হবে, কারণ গ্রেফতার নিরাপত্তা আইনে নয়, দুর্নীতি দমন আইনে; লেখকের আপত্তি আর ডিএসপির জবাব (দৃশ্যে উদ্ধৃত)। পাতার শেষে ডিএসপির কথা গড়ায় পরের পাতায়: জাকির হোসেন গভর্নর হয়ে সন্ধ্যার দিকে ঢাকায় ফিরেছেন। সূত্রে ভিন্নতা: গ্রেফতার লেখকের হিসাবে ১০ অক্টোবরের রাত দুটোয়, অর্থাৎ ঘড়ির হিসাবে ১১ অক্টোবর; উমরও লিখেছেন গ্রেফতার শুরু হয় ১০ অক্টোবরের রাতে (পৃ. ৩৩৮); কারাগারের রোজনামচায় মুজিবের গ্রেফতার ১২ অক্টোবর (ভূমিকা, পৃ. ৬; জীবনী অংশ, পৃ. ২৮৯)। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  17. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৭ গ
    পৃ. ৩৩৭: ঘোষণার পাঁচ সিদ্ধান্তের উদ্ধৃতি (দলিলপত্র, পৃ. ৬২৫); তারপর ১০ অক্টোবর জারি করা “The Laws (Continuance in Force) Order, 1958”, যাতে সামরিক আইনের অধীনে প্রশাসন আর বিচার বিভাগের কাজ আর গভর্নরদের ক্ষমতা বলা আছে (দলিলপত্র, পৃ. ৬২৭), আর তার তৃতীয় অনুচ্ছেদের উদ্ধৃতি (পৃ. ৬২৮)। উমরের মন্তব্য: “This New Legal Order vested sweeping powers in the hands of the Martial Law authorities, and particularly in the hands of the Chief Martial Law Administrator.” পূর্ব পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর অফিস সিলগালা, আসবাবসহ সব সম্পত্তি জব্দ, কোথাও কোথাও নষ্ট (সূত্র আতাউর রহমান খান, পৃ. ৩৫৮)। “The job of the Martial Law Administration was easy because the proclamation of Martial Law was widely welcomed by the people, particularly by a large section of the middle class and government officials.” “This attack on the political parties and political leaders faced no resistance at all in any part of East Pakistan.” কারও কারও মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু সামরিক ব্যবস্থার ভয়ে তা চাপা পড়ে থাকে (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৮–৪৭৯, আমাদের সংস্করণে পৃ. ৪৪৩; আতাউর রহমান খান, পৃ. ৩৫৭–৩৬২)। আতাউর রহমান খানের বই আমাদের সংগ্রহে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  18. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৭–৬২৮ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৭-এর শিরোনাম-সারণি: প্রেসিডেন্ট মির্জার ঘোষিত New Legal Order আর এ প্রসঙ্গে প্রধান বিচারপতি মুনিরের বক্তব্য; সূত্র জি. ডব্লিউ. চৌধুরীর Documents and Speeches on the Constitution of Pakistan (পৃ. ৪৮৯–৪৯৬); তারিখ ১০ অক্টোবর ১৯৫৮। আদেশের নাম Laws (Continuance in Force) Order, 1958, কার্যকর ধরা হবে ৭ অক্টোবরের ঘোষণার মুহূর্ত থেকে। অনুচ্ছেদ ২(১): প্রেসিডেন্টের আদেশ বা প্রধান সামরিক আইন প্রশাসকের বিধি সাপেক্ষে “the Republic, to be known henceforward as Pakistan, shall be governed as nearly as may be in accordance with the late Constitution”; ২(২): আগের সব আদালত বহাল; ২(৪): সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট রিট দিতে পারবে; ২(৫): কিন্তু প্রধান বা উপপ্রধান সামরিক আইন প্রশাসক, বা তাঁদের ক্ষমতায় কাজ করা কারও বিরুদ্ধে কোনো রিট নয়। পৃ. ৬২৮, অনুচ্ছেদ ৪: বাতিল সংবিধান বাদে আগের সব আইন, অধ্যাদেশ আর বিধি চলবে, যতক্ষণ না বদলানো হয়, আর প্রেসিডেন্টের করা কোনো অভিযোজন নিয়ে আদালত প্রশ্ন তুলতে পারবে না; অনুচ্ছেদ ৫: গভর্নরের ক্ষমতা প্রেসিডেন্ট আর প্রধান সামরিক আইন প্রশাসকের নির্দেশের অধীন। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  19. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৮ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৮, একই আদেশের অনুচ্ছেদ ৩: “No Court or person shall call or permit to be called in question”, তারপর তিন দফা: ঘোষণা নিজে; ঘোষণার অধীনে দেওয়া কোনো আদেশ, বা সামরিক আইনের কোনো আদেশ বা বিধি; আর বিশেষ বা সংক্ষিপ্ত সামরিক আদালতের কোনো সিদ্ধান্ত, রায় বা আদেশ। উমর অনুচ্ছেদটা পুরো উদ্ধৃত করেছেন এই পাতা থেকেই (পৃ. ৩৩৭); রিজভীও লিখেছেন, আদালত চলতে পারত, কিন্তু সামরিক কর্তৃপক্ষের কোনো আদেশ বা কাজ, কিংবা সামরিক আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলতে পারত না (পৃ. ৮৪)। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  20. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৩–৪৪৪ খ
    পৃ. ৪৪৩–৪৪৪, ডিএসপির কথায়: জাকির হোসেন গভর্নর হয়ে সন্ধ্যার দিকে ঢাকায় ফিরেই গভর্নমেন্ট হাউসে পুলিশ আর অন্য বড় কর্মকর্তাদের সম্মেলন ডাকেন, সেখানেই অর্ডিন্যান্স জারি করে দুর্নীতি দমন আইন সংশোধন করেন; ডিএসপি সেই সম্মেলন থেকে সোজা লেখকের বাসায়। আইনের বইয়ে লাইনের ফাঁকে হাতে-লেখা সংশোধনী; গভর্নর করাচি থেকে তালিকা নিয়েই এসেছেন, তালিকার সবাইকে ধরতে পুলিশ অফিসাররা চারদিকে বেরিয়ে গেছেন; “সবাই আপনার মত বড়-বড় নেতা।”; ‘মোটমাট চৌদ্দজনের তালিকা।’ কে কে, তাও আভাসে বলে ফেলেন। গেজেট এক্সট্রাঅর্ডিনারি ছাপার জন্য কপি ইবিজি প্রেসে চলে গেছে; লেখকের মন্তব্য: “অগত্যা আমি সন্তুষ্ট, ইংরাজিতে যাকে বলে স্যাটিসফাইড, হইলাম।” তল্লাশি রাত দুটো থেকে বেলা দশটা, আট ঘণ্টা; তারপর অ্যান্টি-করাপশন অফিস, এগারোজন (নামগুলো দৃশ্যে)। ডিআইজি মহীউদ্দিন আহমদের জন্য দুই-তিন ঘণ্টা বসিয়ে রাখা, তিনি আসেননি; শেষে এসপি-ডিএসপিরা একে একে আলাদা বিবৃতি নেন: সম্পত্তির তালিকা, আয়-ব্যয়ের হিসাব। বাড়ি থেকে খাবার এসেছিল, পরিবারের লোকজনও আসতে পেরেছিলেন। সন্ধ্যায় এসডিওর এজলাস (দৃশ্যে উদ্ধৃত)। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  21. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৪–৪৪৫ খ
    পৃ. ৪৪৪–৪৪৫: জামিনের শুনানি (দৃশ্যে)। পুরোনো হাজত শুনতে যত খারাপ, আসলে তত নয়; জেলের ভেতরে সবচেয়ে ভালো জায়গাগুলোর একটা, প্রকাণ্ড হলঘর, সবাই একসঙ্গে থাকা যায়। অংশ ৫ “জেল খানায়”: ভাসানীকে দেখা (দৃশ্যে উদ্ধৃত), তাঁকে ধরা হয়েছে করাপশন আইনে নয়, নিরাপত্তা আইনে; মেঝেয় ঢালা বিছানা, সারারাত দেশের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আলোচনা; “কিন্তু কর্তৃপক্ষ যেন আমাদের ‘জেলের মধ্যে অত সুখ’ সহ্য করিতে পারিলেন না।” পরদিনই ভাসানী সেলে, তারপর এক এক করে মুজিব, আবদুল খালেক আর লেখক আলাদা সেলে। প্রথমে মানসিক কষ্ট, তারপর সয়ে যাওয়া; নিজের চেয়ে বন্ধুদের জন্য দুশ্চিন্তা। ২৮ অক্টোবরের কাগজে মির্জার ‘স্টেপ ডাউন’-এর খবর: প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রধানমন্ত্রী জেনারেল আইয়ুব খান এখন প্রেসিডেন্টের আসনে; তারপর দৃশ্যে উদ্ধৃত প্রতিক্রিয়া। লেখকের অনুমান, নির্বাচন ঠেকিয়ে প্রেসিডেন্টের পদ কায়েম রাখতেই মির্জা “বিপ্লব” করেছিলেন, কিন্তু শেষে পদটাই ছাড়তে হলো। এটা লেখকের অনুমান; রিজভীর বিশ্লেষণেও (পৃ. ৮২) মির্জার ভয় ছিল ১৯৫৯ সালের নির্বাচন আর তার পরের প্রেসিডেন্ট নির্বাচন। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  22. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৫–৪৪৬ খ
    পৃ. ৪৪৫–৪৪৬: বিপ্লব ঘোষণার মাত্র একুশ দিন পরে কাগজে পড়লেন, মির্জা সস্ত্রীক বিলাত চলে গেছেন, বলা হলো সেখানেই স্থায়ীভাবে থাকবেন। লেখকের স্মৃতিতে বিপ্লব ঘোষণার অব্যবহিত পরে মির্জার বক্তৃতা: “এ বিপ্লবের বিরুদ্ধতা বরদাশত করা হইবে না। যাদের এটা পসন্দ হইবে না, তারা সময় থাকিতে দেশ ছাড়িয়া চলিয়া যাউক।” তারপর দৃশ্যে উদ্ধৃত মন্তব্য। পরিবারগুলোর জামিনের দৌড়ঝাঁপ, আর সরকারের সমাধান: তিনজনকেই নিরাপত্তা আইনে বন্দি। ভাসানী আর মুজিবের সবজিবাগান, মুজিবের ফজলি আমের চারা (দৃশ্যে উদ্ধৃত); “মুজিবুর রহমানের মনের বল দেখিয়া অফিসাররা অবাক হইয়াছিলেন।” আবদুল খালেক সেলের একাকিত্ব সইতে পারেননি; হৃদরোগী, মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি, শেষে ডাক্তারদের পরামর্শে মুক্তি। হামিদুল হক চৌধুরী, আসগর আলী শাহ আর আবদুল জব্বার নানা তারিখে জামিনে খালাস; জনা চারেক আওয়ামী লীগার থেকে গেলেন নিরাপত্তাবন্দি হিসেবে। তিন-চার মাসেও ‘গ্রাউন্ড অব ডিটেনশন’ না দেওয়ায় লেখকের দ্বিতীয় ছেলে মাহবুব আনামের (বইয়ে বানান “মহবুব”) রিট; অসুস্থ শরীরে সোহরাওয়ার্দীর সওয়াল-জবাব, মামলা যায় স্পেশাল বেঞ্চে, সেখানেও তিনি; ২৯ জুন ১৯৫৯ স্পেশাল বেঞ্চে খালাস। তারপর দুর্নীতির মামলা: লেখকের বিরুদ্ধে তিনটি; মুজিব, ক্যাপ্টেন মনসুর আলী, কোরবান আলী, আবদুল হামিদ চৌধুরী আর নুরুদ্দিন আহমদের বিরুদ্ধেও; সব আসামি আওয়ামী লীগার; “আওয়ামী লীগাররাই দুর্নীতিবায এটা দেখানোই এই সব কেসের রাজনৈতিক উদ্দেশ্য ছিল।” সূত্রে ভিন্নতা: ৭ অক্টোবরের ঘোষণার ছাপা পাঠে দেশ ছাড়ার কথাটা দেশদ্রোহীদের উদ্দেশে: “As for the traitors, they had better flee the country, if they can and while the going is good.” (দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৬); উমর লিখেছেন রাজনীতিকদের উদ্দেশে (পৃ. ৩৪০)। আর লন্ডনযাত্রা: রিজভীর হিসাবে মির্জাকে সেই রাতেই কোয়েটায় নেওয়া হয়, লন্ডনে পাঠানো হয় ২ নভেম্বর (পৃ. ৮৪), ঘোষণার ছাব্বিশ দিন পরে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  23. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৬–৪৪৭ খ
    পৃ. ৪৪৬–৪৪৭: “শেষ পর্যন্ত আদালতের বিচারে কারো বিরুদ্ধেই কোনও মামলা টিকে নাই।” কেসগুলো কে বা কারা কোন উদ্দেশ্যে করেছিল, তার শেষ বিচার দেশবাসীর, তবে লেখকের মন্তব্য: “কথায় বলে, ভালরূপ কাদা ছুঁড়িতে পারিলে কাদা গেলেও দাগ থাকে।” অংশ ৬ “দুর্নীতির অভিযোগ”: গ্রেফতারের দুই-এক দিন পরে গভর্নর জাকির হোসেন জেলখানায় দেখা করে বলেন, গ্রেফতার তাঁর ইচ্ছায় নয়, “কেন্দ্রের হুকুমেই এটা হইয়াছে।” কয়েক দিন পরে প্রেসিডেন্ট মির্জা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পূর্ব পাকিস্তানি নেতাদের গ্রেফতারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কিছুই জানে না, প্রাদেশিক সরকারের ইচ্ছাতেই গ্রেফতার। আরও পরে আইজি ও অস্থায়ী মুখ্য সচিব কাজী আনওয়ারুল হক দেখা করতে আসেন; তাঁর প্রশ্ন, “চার কোটি টাকার এতবড় একটা বদনাম খবরের কাগযে ছড়াইয়া পড়িল”, লেখক তার প্রতিকার করেননি কেন। লেখকের জবাব, অভিযোগটা ছেপেছিল ‘মর্নিং নিউয’, তারা প্রতিবাদ ছাপেনি, কিন্তু করাচির ‘ডন’ আর ঢাকার কাগজে, বিশেষ করে ইত্তেফাকে, পুরো প্রতিবাদ ছাপা হয়েছে; কাজী সাহেবের মতে মানহানির মামলা করা উচিত ছিল; লেখক জানান, মামলা করতে চেয়েছিলেন, সোহরাওয়ার্দী বাধা দিয়েছিলেন। এ সবই অভিযুক্তের নিজের বিবরণ; মামলাগুলোর আদালতি নথি, আর জাকির হোসেন বা মির্জার এ নিয়ে কোনো বিবৃতি আমাদের সংগ্রহে নেই। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  24. কারাগারের রোজনামচা, পৃ. ২৮৮–২৮৯ গ
    কারাগারের রোজনামচার শেষে “বঙ্গবন্ধু” শিরোনামের জীবনী অংশ, বইয়ের মূল দিনলিপির অনেক পরে লেখা। পৃ. ২৮৮–২৮৯: সামরিক শাসকেরা ১২ অক্টোবর শেখ মুজিবকে ‘পূর্ব পাকিস্তান দুর্নীতি বিরোধী আইন ১৯৫৭’ আর ১৯৫৮ সালের অধ্যাদেশের অধীনে গ্রেফতার করে; “তাঁর বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগটি ছিল তাঁর আয়ের উৎসের সঙ্গে সম্পর্কিত নয় এবং বিসদৃশ বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন।” এর পরপরই কঠোরতর ‘জন নিরাপত্তা অধ্যাদেশ’-এর অধীনে আবার গ্রেফতার, আর দুর্নীতি দমন ব্যুরোর আরেকটি অভিযোগ; লেখাটির ভাষায় এসব “মিথ্যা অভিযোগের” উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে তাঁকে বাঙালির অধিকারের আন্দোলন থেকে সরানো। সূত্রে ভিন্নতা: বছরটা পৃ. ২৮৮-এর শেষ লাইনে ছাপা হয়েছে “১৯৫৭”; কিন্তু একই বাক্যে সামরিক শাসকেরা আর ১৯৫৮ সালের অধ্যাদেশ, আর বইয়ের ভূমিকাতেও (পৃ. ৬) ১৯৫৮ সালের ১২ অক্টোবর; তাই আমরা একে ছাপার ভুল ধরে ১৯৫৮ নিয়েছি। তারিখটা আবুল মনসুরের বিবরণের সঙ্গে মেলে না: ১০ অক্টোবরের রাত দুটোয় গ্রেফতারের পরে বেলা দশটার দিকে অ্যান্টি-করাপশন অফিসে তিনি যাঁদের পেলেন বা যাঁদের আনা হলো, মুজিব তাঁদের একজন (পৃ. ৪৪৪)। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  25. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩০৩ গ
    উমরের আলোচনা, আওয়ামী লীগ সরকারের শ্রেণিচরিত্র নিয়ে; পৃ. ৩০৩: “In spite of their grandiose declaration for eradication of corruption, the leaders of the Awami League and the men in government soon resorted to corrupt practices with a zeal not seen in East Pakistan since 1947”। তারপর মুজিবের বিরুদ্ধে কড়া অভিযোগ: দুর্নীতি দমনের মন্ত্রী হিসেবে তিনি নিজেই দুর্নীতিতে জড়ান, “and made a considerable fortune within the shortest possible time”; শিগগিরই ধানমন্ডিতে বড় বাড়ি বানান, উমরের ভাষায় “a monument of corruption”; অল্পদিনে এলাকাটা আওয়ামী লীগ নেতাদের কলোনি হয়ে ওঠে। একই পাতায় দলীয় পদ নিয়েও অভিযোগ: মন্ত্রী হয়েও সাধারণ সম্পাদকের পদ না ছেড়ে দলের সংবিধান লঙ্ঘন, পরে চা বোর্ডের চেয়ারম্যান করা। এসবের সূত্র একটাই, অলি আহাদের বই (পৃ. ২৫৫, ২৫৬ আর ৩০০), যা আমাদের সংগ্রহে নেই; অলি আহাদ ১৯৫৭ সালের মার্চে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন (উমর, পৃ. ৩০৯)। অভিযোগগুলো কোনো আদালতে প্রমাণিত হয়েছিল, এমন কোনো নথি আমাদের সংগ্রহে নেই; আবুল মনসুরের দাবি, ১৯৫৮ সালের মামলাগুলোর একটিও আদালতে টেকেনি (পৃ. ৪৪৬–৪৪৭)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  26. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩০৯ গ
    অধ্যায় ৩৭, “Formation of National Awami Party”। কাগমারীর পর থেকে দলের ভেতরের বিরোধ দ্রুত সংঘাতের দিকে: “Maulana Bhashani resigned as president soon after the Kagmari conference and his resignation letter, though addressed to the general secretary, was sent straight to the editor of Pakistan Observer through Oli Ahad, the organizing secretary.” ৩০ মার্চ ১৯৫৭ প্রাদেশিক ওয়ার্কিং কমিটির সভায় আবুল মনসুর আহমদের প্রস্তাবে অলি আহাদ সাময়িক বরখাস্ত; ভাসানী অনুপস্থিত, অলি আহাদ উপস্থিত থেকে শুধু বলেন, তিনি কাজ করেছেন “on the instruction of the former president”। ভাসানী পদত্যাগপত্র ফেরত নেননি; প্রকাশ্যে জানান, আওয়ামী লীগে থাকার ইচ্ছা নেই, তিনি সারা পাকিস্তানের জন্য নতুন গণতান্ত্রিক দলের ভিত গড়ছেন। এপ্রিলে পশ্চিম পাকিস্তানে বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা; তার আগে দলের বামপন্থী কর্মীদের সঙ্গে কথা, যাঁদের অনেকে কমিউনিস্ট পার্টির সদস্য বা ঘনিষ্ঠ। তবু পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি; জুন ১৯৫৭-র কাউন্সিল পর্যন্ত তিনিই সভাপতি। উমরের সূত্র অলি আহাদের বই (পৃ. ২৭৩–২৮২), যা আমাদের সংগ্রহে নেই। সূত্রে ভিন্নতা: আবুল মনসুর আহমদের বিবরণে (পৃ. ৩৮৫–৩৮৬) চিঠি যায় কোনো এক “বামপন্থী খবরের কাগযে”, নাম নেই; আর পদত্যাগ “কাউন্সিল অধিবেশনের প্রাকালে”। বাংলা অনুবাদ আমাদের। ↩
  27. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৯৪ গ
    অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদকীয় ঘটনাপঞ্জি। ১৯৫৫: ২১ অক্টোবর কাউন্সিলে নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ, মুজিব আবার সাধারণ সম্পাদক। ১৯৫৬: ৩ ফেব্রুয়ারি খসড়া শাসনতন্ত্রে স্বায়ত্তশাসনের দাবিতে আওয়ামী লীগ নেতাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ; ১৪ জুলাই প্রশাসনে সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের বিরোধিতায় মুজিবের প্রস্তাব; “৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে খাদ্যের দাবিতে ভুখা মিছিল”, চকবাজারে পুলিশের গুলিতে তিনজন নিহত; ১৬ সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন আর ভিলেজ-এইড দপ্তরের মন্ত্রী। ১৯৫৭: ৩০ মে দলীয় সিদ্ধান্তে মন্ত্রিসভা থেকে পদত্যাগ; ২৪ জুন থেকে ১৩ জুলাই চীন সফর। ১৯৫৮: ৭ অক্টোবর সামরিক শাসন, ১১ অক্টোবর গ্রেফতার, প্রায় চৌদ্দ মাস পরে মুক্তি দিয়ে জেলগেটেই আবার গ্রেফতার, ১৯৬০ সালের ৭ ডিসেম্বর রিটে মুক্তি। সূত্রে ভিন্নতা: নাম বদলের দিন পাকিস্তান অবজারভারের হিসাবে ২৩ অক্টোবর (দলিলপত্র, পৃ. ৪৪৭); মুজিবের মন্ত্রী হওয়ার দিন কারাগারের রোজনামচার জীবনী অংশে ৬ সেপ্টেম্বর, মন্ত্রিসভা গঠনের দিন (পৃ. ২৮৮); নিহতের সংখ্যা উমরের বইয়ের এক জায়গায় তিন, আরেক জায়গায় এক (পৃ. ২৭৬, ২৯৫)। ↩
  28. কারাগারের রোজনামচা, পৃ. ৬ গ
    কারাগারের রোজনামচার ভূমিকা, শেখ হাসিনার লেখা, তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ (ভূমিকা পৃ. ৫–১৬)। পৃ. ৬-এ বঙ্গবন্ধুর কারাবাসের হিসাবে: “১৯৫৪ সালের ৩০শে মে… করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করে গ্রেফতার হন এবং ২৩শে ডিসেম্বর মুক্তি লাভ করেন।” একই হিসাবে পরের কারাবাসও: ১৯৫৮ সালের ১২ অক্টোবর সামরিক সরকারের হাতে গ্রেফতার, প্রায় চৌদ্দ মাস পরে মুক্তি দিয়ে জেলগেটেই আবার গ্রেফতার, আর ১৯৬০ সালের ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মুক্তি। ভূমিকাটি পরের লেখা, তাই গবেষণা স্তরে রাখা হয়েছে। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • খ · নিজের ভাষ্য
    আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। ঢাকা: খোশরোজ কিতাব মহল, পুনর্মুদ্রণ ২০১৩; পাতা নম্বর এই মুদ্রণ অনুযায়ী।লেখকের নিজের ভাষ্য। সাংবাদিক ও রাজনীতিকের স্মৃতিকথা; নিজের লেখায় তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার রচয়িতা। ঘটনার বহু বছর পরে লেখা, তাই তারিখ আর সংখ্যা অন্য সূত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে।
  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • গ · গবেষণা
    হাসান আসকারি রিজভী (Hasan Askari Rizvi), Military, State and Society in Pakistan। Basingstoke: Macmillan; New York: St. Martin's Press, 2000।গবেষণা। পাকিস্তানি রাষ্ট্রবিজ্ঞানীর লেখা, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী আর আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে; এখানে কেন্দ্রের রাজনীতি আর তারিখের জন্য। পাতা নম্বর ছাপা সংস্করণের, পাতার মাথার শিরোনাম থেকে পড়া।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • মিশ্র
    শেখ মুজিবুর রহমান, কারাগারের রোজনামচা। ঢাকা: বাংলা একাডেমি, প্রথম প্রকাশ ফাল্গুন ১৪২৩/মার্চ ২০১৭।মূল লেখা লেখকের কারাগারের দিনলিপি (খ)। এই অধ্যায়ে আমরা উদ্ধৃত করেছি শুধু শেখ হাসিনার লেখা ভূমিকা (পৃ. ৬) আর বইয়ের শেষে “বঙ্গবন্ধু” শিরোনামের জীবনী অংশ (পৃ. ২৮৮); দুটোই পরে লেখা, তাই সেগুলো গবেষণা স্তরে (গ)।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১১ নভেম্বর ২০২৬।