EN
পর্ব ২ · অধ্যায় ৩ · পাতা ৩/১৩

যুক্তফ্রন্ট

১৯৫৩–১৯৫৮
এই পাতা পড়তে প্রায় ১৪ মিনিট২টি দৃশ্য১৬টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ৩/১৩

কলকাতার কয়েকটি কথা

এই সময় সৌদি বাদশাহ ইবনে সউদ সরকারি সফরে করাচিতে। উমর লিখেছেন, বাদশাহ যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে দেখা করতে চেয়ে ঢাকায় একটা ভাড়া করা বিমান পাঠান। হক সঙ্গে নিলেন পঁয়তাল্লিশজনকে, সবাই কৃষক শ্রমিক পার্টি আর নেজামে ইসলামের; আওয়ামী লীগের একজনকেও নয়, সোহরাওয়ার্দীকেও না। পরে বাদশাহ সোহরাওয়ার্দীকে আলাদা টেলিগ্রাম করলে তিনি নিজের খরচে গিয়ে দেখা করেন।১ উমরের ভাষায় যুক্তফ্রন্ট তখন কার্যত ভেঙে পড়ার মুখে।১

করাচিতে কী কথা হয়েছিল, তার দুটো বিবরণ আছে, দুই বিপরীত দিক থেকে। মুজিব লিখেছেন, মোহাম্মদ আলীর নেতৃত্বে মুসলিম লীগ নেতারা হককে জানিয়ে দেন, তাঁদের রাগ আওয়ামী লীগের ওপর; হককে তাঁরা সমর্থন দেবেন, তিনি যাতে ক্ষমতায় থাকতে পারেন সে চেষ্টাও করবেন, “শুধু আওয়ামী লীগকে যেন দূরে সরিয়ে রাখেন।” গণপরিষদে পূর্ব বাংলার যে সদস্যরা জানতে চেয়েছিলেন পদত্যাগ করবেন কি না, হক তাঁদের বলেছিলেন, তিনি নিজেই পদত্যাগ করেননি, তাঁরা কেন করবেন; অথচ যুক্তফ্রন্টের প্রথম সভায় এই পদত্যাগই দাবি করা হয়েছিল।২ অন্য বিবরণটা প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর, ৩০ মে-র বেতার ভাষণে: এই প্রথম সফরে হক নাকি প্রদেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন, এমনকি শক্তিশালী কেন্দ্রের পক্ষেও মত দিয়েছিলেন।৩

করাচি থেকে ফেরার পথে হক কলকাতায় থামলেন দু-এক দিনের জন্য।৪ উমর লিখেছেন, ৩০ এপ্রিল সেখানে এক সমাবেশে তিনি বলেছিলেন:

বাঙালিরা এক অবিভাজ্য জাতি। তারা একই ভাষায় কথা বলে, একই সংহত ভূখণ্ডে বাস করে। তাদের আদর্শ আর জীবনযাত্রাও অভিন্ন।… আজ আমাকে ভবিষ্যৎ ইতিহাস গড়ায় অংশ নিতে হবে। ভারত বলতে আমি বুঝি পাকিস্তান আর ভারত দুটোকেই, কারণ ওই বিভাজনকে আমি কৃত্রিম মনে করি।

“Bengalis are an indivisible nation. They speak in the same language and live in one compact land. Their ideology and way of life are also identical.... Today I will have to participate in the construction of future history. By India, I understand both Pakistan and India, because I consider that division as artificial.”

ফজলুল হক, কলকাতা, ৩০ এপ্রিল ১৯৫৪; কামরুদ্দিন আহমদের সূত্রে উমরের উদ্ধৃতি১

অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদকেরা টীকায় দিয়েছেন আরেকটি উক্তি, ৪ মে পশ্চিমবঙ্গ সফরের সময়ের, মর্নিং নিউজের প্রতিবেদন থেকে:

রাজনীতিকরা ভূখণ্ডকে ভাগ করেছেন, কিন্তু সাধারণ মানুষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেকে শান্তিতে বসবাস করতে পারে। ইতিহাসে ভাষা হচ্ছে ঐক্যসাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং দুই বাংলার জনগণ একই ভাষার বন্ধনে আবদ্ধ, তাদের রাজনৈতিক বিভেদ ভুলতে হবে এবং তারা যে এক তা অনুভব করতে হবে।

ফজলুল হক, ৪ মে ১৯৫৪; অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদকদের অনুবাদে৫

মুজিব কথাগুলো দেখেছেন একটু দূর থেকে: “সেখানে তাঁর বক্তৃতা বলে কথিত কয়েকটা সংবাদ সংবাদপত্রে ফলাও করে ছাপানো হয়েছিল।” “কথিত” শব্দটা লক্ষ করার মতো। তারপর: “সুযোগ বুঝে মোহাম্মদ আলী বগুড়া ও তাঁর দলবলেরা হক সাহেবের বিরুদ্ধে তাই নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। হক সাহেব মহাবিপদে পড়লেন।”৪ উমরের বিবরণে করাচিতে তীব্র প্রতিক্রিয়া হয়, হকের গায়ে সঙ্গে সঙ্গে “বিশ্বাসঘাতক” তকমা লাগে। উমর নিজেও হককে ছাড় দেননি: ১৯৪৭ সালে বাংলা ভাগ ঠেকাতে যিনি কার্যত কিছুই করেননি, তাঁর মুখে এই কথা তাঁর কাছে “সত্যিই খুব বিস্ময়কর”।১৬ মোহাম্মদ আলী পরে বলবেন, হকের সাম্প্রতিক বক্তব্য “তাঁর কলকাতার উক্তির পটভূমিতে” দেখে তাঁরা নিশ্চিত হয়েছিলেন, তাঁদের সামনে এমন এক নেতা, যিনি মৌলিকভাবেই পাকিস্তানবিরোধী।৩

উমরের মতে করাচির প্রতিক্রিয়ায় হক ভয় পেয়েছিলেন, আর ঢাকায় নিজের অবস্থান শক্ত করতে হাত বাড়ালেন আওয়ামী লীগের দিকে।৬ আওয়ামী লীগও এই বিপদের মুহূর্তে তাঁর বিরুদ্ধে যায়নি। দলের ওয়ার্কিং কমিটি প্রস্তাব নিল, সব অবস্থায় হকের মন্ত্রিসভাকে সমর্থন করা হবে; আর আওয়ামী লীগ থেকে মন্ত্রী নেওয়ার সব দেনদরবারের একক ক্ষমতা দেওয়া হলো ভাসানীকে।৭৪ ১০ মে পল্টনে আওয়ামী লীগের এক জনসভায় হক হঠাৎ, বিনা আমন্ত্রণে, মঞ্চে উঠে এলেন। উমর লিখেছেন, হক ঘোষণা দিলেন, এখন থেকে তিনি সরকার চালাবেন মওলানা ভাসানীর নির্দেশে। আওয়ামী লীগের লোকেরা উল্লসিত।৬

মধ্যস্থতায় নামলেন হকের আরেক ভাগনে, ব্যারিস্টার মাহবুব মোর্শেদ, যিনি পরে পূর্ব বাংলা হাইকোর্টের প্রধান বিচারপতি হন; সঙ্গে ঢাকার কফিলুদ্দিন চৌধুরী আর মির্জা আবদুল কাদের সর্দার। সোহরাওয়ার্দী তখন করাচিতে গুরুতর অসুস্থ, ঢাকায় আসা তাঁর পক্ষে অসম্ভব।৪

মুজিব আর ভাসানী তখন মফস্বলে, জনসভায়। টাঙ্গাইলে এক কর্মী সম্মেলনে মুজিব যখন বক্তৃতা করছেন, মহকুমা প্রশাসক এসে হাজির হলেন একটা রেডিওগ্রাম হাতে: মুখ্যমন্ত্রী তাঁকে ঢাকায় যেতে অনুরোধ করেছেন। মুজিব ভাসানীর পরামর্শ চাইলেন।৪

দরকার হলে তোমাকে মন্ত্রিসভায় যোগদান করতে হবে। তবে শহীদ সাহেবের সাথে পরামর্শ করে নিও—এ সময় এইভাবে মন্ত্রিত্বে যাওয়া উচিত হবে কি না? বোধহয় হক সাহেবের দল কোনো মুশকিলে পড়েছে, তাই ডাক পড়েছে।

মওলানা ভাসানী, মুজিবের স্মৃতিতে · অসমাপ্ত আত্মজীবনী৪

সন্ধ্যায় ঢাকায় ফিরে মুজিব দেখলেন, বাসায় রেণু; ছেলেমেয়েদের নিয়ে আগের দিনই এসে পৌঁছেছেন। এবার থেকে ঢাকাতেই থাকবেন, ছেলেমেয়েদের লেখাপড়ার বন্দোবস্ত হওয়া দরকার। স্বামীর অবস্থা জানেন বলে বাড়ি থেকে কিছু টাকাও এনেছেন, এসেই সব গুছিয়ে নিতে শুরু করেছেন। মুজিব খুশিই হলেন: “আমি তো মোসাফিরের মত থাকি।”৪ এই সংসারের কী হলো, এই অধ্যায়ের প্রথম দৃশ্যেই আমরা দেখে এসেছি।

হকের সঙ্গে দেখা করতে গেলে বৃদ্ধ নেতা বললেন, “তোকে মন্ত্রী হতে হবে। আমি তোকে চাই, তুই রাগ করে ‘না’ বলিস না। তোরা সকলে বসে ঠিক কর, কাকে কাকে নেওয়া যেতে পারে।”৪ ছয় সপ্তাহ আগে যাঁর আপত্তিতে এই তরুণের নাম আটকে গিয়েছিল, এখন তাঁর মুখে “আমি তোকে চাই”। মুজিব জানালেন, আপত্তি নেই, তবে সোহরাওয়ার্দীর অনুমতি লাগবে, আর ভাসানীর সঙ্গেও কথা বলতে হবে।৮

ইত্তেফাক অফিসে বসলেন মানিক মিয়া, আতাউর রহমান খান আর মুজিব; একটু পরে এলেন মোর্শেদ, কাদের সর্দার, কফিলুদ্দিন চৌধুরী। করাচিতে ফোন করা হলো। সোহরাওয়ার্দী কথা বলতে পারলেন না; তাঁর জামাতা আহমেদ সোলায়মানের মারফত জানালেন, আপত্তি নেই। কাঁটা তখনও একটা ছিল: কৃষক শ্রমিক পার্টি কফিলুদ্দিনকে তাদের ভাগ থেকে মন্ত্রী করতে রাজি নয়। আওয়ামী লীগ জানিয়ে দিল, দরকার হলে তিনি তাদের পক্ষ থেকেই মন্ত্রী হবেন: “সত্য কথা বলার জন্য তাঁকে আমরা শাস্তি পেতে দিতে রাজি নই।”৮

রাত এগারোটায় দুটো জিপ ছাড়ল টাঙ্গাইলের পথে: আতাউর রহমান, মোর্শেদ, কফিলুদ্দিন, কাদের সর্দার আর মুজিব। তখনকার রাস্তায় ঢাকা থেকে টাঙ্গাইল ছয় ঘণ্টার পথ, চারটা খেয়া পার হতে হয়। খুব ভোরে পৌঁছে দেখা গেল, ভাসানী আওয়ামী লীগ অফিসের দোতলায়। “তিনি খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে মোর্শেদ সাহেবের ওকালতিতে তিনি রাজি হলেন।” আতাউর তাঁকে নামগুলো দেখালেন: আতাউর রহমান খান, আবুল মনসুর আহমদ, আবদুস সালাম খান, হাশিমউদ্দিন আহমদ আর মুজিব; সঙ্গে কফিলুদ্দিন। হক ছাড়া মোট বারোজন মন্ত্রী হওয়ার কথা। “পরে দেখা গেল, আরও কয়েকজন বেড়ে গেল রাতারাতি।”৮ আবুল মনসুরের সংক্ষিপ্ত বিবরণে ভাসানী নিজে না এসে তাঁদের কয়েকজনকে ক্ষমতা দিয়েছিলেন; উমর নাম দিয়েছেন আবুল মনসুর, আতাউর আর মুজিবের।৭৬

১৫ মে, সকাল নয়টা। লাটভবনে শপথ নিলেন নতুন মন্ত্রীরা; আবুল মনসুরের হিসাবে আরও দশজন।৭৬ মুজিব লিখেছেন, শপথ শেষ হওয়ার “ঠিক সেই সময়” একটা খবর এল।৮ দুই সপ্তাহ পরে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী মন্ত্রিসভা বরখাস্তের কারণ গোনাতে গিয়ে এই খবরটাও গুনিয়ে দেবেন।৯

আদমজী

খবরটা এল নারায়ণগঞ্জের আদমজী জুট মিল থেকে: বাঙালি আর অবাঙালি শ্রমিকদের মধ্যে ভীষণ দাঙ্গা বেধেছে। মন্ত্রী সৈয়দ আজিজুল হক ভোররাত থেকেই সেখানে; রাতেই ইপিআর আর পুলিশ মোতায়েন করা হয়েছে; ঢাকার দু-একজন বড় সরকারি কর্মকর্তাও উপস্থিত। মুজিবের প্রশ্ন ছিল সোজা: “আমরা যখন শপথ নিচ্ছি ঠিক সেই মুহূর্তে দাঙ্গা শুরু হওয়ার কারণ কি? বুঝতে বাকি রইল না, এ এক অশুভ লক্ষণ!”৮

হক মন্ত্রীদের নিয়ে সোজা রওনা দিলেন আদমজীর পথে।৮৭ সোজা রাস্তা তৈরি হলেও তাতে তখনও গাড়ি ভালো চলে না, যেতে হয় নারায়ণগঞ্জ হয়ে লঞ্চে। মুজিব পিছিয়ে পড়লেন: লাটভবনের সামনে জনতা তাঁকে ঘিরে ধরেছিল, শোভাযাত্রা করে নিয়ে যাবে; বুঝিয়ে বিদায় নিতে আধঘণ্টা গেল। নারায়ণগঞ্জে পৌঁছে শুনলেন, হক তাঁর জন্য অপেক্ষা করে ঢাকায় রওনা হয়ে গেছেন, একটা লঞ্চ রেখে গেছেন। পুলিশের জিপে মুজিবকে নিয়ে যাওয়া হলো, যেখানে দাঙ্গা তখনও চলছে।১০

যেদিকে যাই দেখি রাস্তায় রাস্তায় বস্তিতে বস্তিতে মরা মানুষের লাশ পড়ে আছে। অনেকগুলি আহত লোক চিৎকার করছে, সাহায্য করার কেউই নাই।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী১০

ইপিআর পাহারা দিচ্ছে, বাঙালি আর অবাঙালিদের আলাদা করে রেখেছে। গ্রাম থেকে খবর পেয়ে হাজার হাজার বাঙালি এগিয়ে আসছে; অবাঙালিদের ট্রাকে করে মিলের ভেতরে নেওয়া হচ্ছে। মুজিবের সঙ্গে মাত্র দুজন সশস্ত্র পুলিশ। “আমার বড় অসহায় মনে হল।” এক গাছতলায় আস্তানা গাড়লেন তিনি; কিছু লোক জুটিয়ে মৃতদের সরিয়ে রেখে আহতদের এক জায়গায় এনে পানি দিতে শুরু করলেন।১০ তখন এসে পৌঁছালেন মোহন মিয়া, ভোটের আগে মনোনয়ন নিয়ে যাঁর সঙ্গে মুজিবের হাতাহাতি পর্যন্ত হয়েছিল।১১ মুজিব লিখেছেন, “আমার মনে বল এল।”১০

মিলের চারটা ট্রাকের তিনটা জোগাড় হলো; চালকেরা পালানোর চেষ্টা করছিল, মুজিব হুকুম দিলেন, পালাতে চাইলেই গ্রেফতার করে জেলে পাঠাবেন। অ্যাম্বুলেন্সের জন্য ঢাকায় টেলিফোন গেল। সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত মোহন মিয়া আর মুজিব প্রায় তিনশো আহত মানুষকে হাসপাতালে পাঠালেন। যেখানে যেখানে বাঙালিরা মিল আক্রমণের জন্য জমা হচ্ছিল, মুজিব সেখানে গিয়ে বক্তৃতা করে তাদের শান্ত করলেন। তিনি নিজেই লিখেছেন, সঠিক খবর পেলে তারা তাঁর কথা শুনত কি না সন্দেহ।১০

আবুল মনসুর পৌঁছেছিলেন হকের সঙ্গে।

শত-শত মৃতদেহ ডিংগাইয়া আমাদের পথ চলিতে হইল। যারা মরিয়াছে তাদের কথা ভাবিবার সময় নাই। আরও যে মরিতেছে, তাদের মৃত্যু ঠেকাইবার জন্য ছুটিলাম।

আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর৭

দুই পক্ষই তখনও সশস্ত্র, নতুন করে প্রতিশোধ নেওয়ার জন্য পাঁয়তারা করছে। মন্ত্রীরা ছড়িয়ে পড়লেন বিভিন্ন “ফ্রন্টে”; আবুল মনসুর যেখানে পড়লেন, সেখানে মাইক ছাড়াই চিৎকার করে গলা ফাটালেন। সন্ধ্যা নামার কারণেই হোক বা তাঁদের চেষ্টায়, উত্তেজিত জনতা খানিকটা শান্ত হলো। তিনি লিখেছেন, ১৯৪৬ থেকে ১৯৫০ পর্যন্ত কলকাতার নানা দাঙ্গাতেও এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি; পরের কয়েক রাত ঘুমাতে পারেননি।৭

সন্ধ্যার একটু আগে মুজিব নিজে লাশ গুনতে বেরোলেন।

সন্ধ্যার একটু পূর্বে আমি সমস্ত এলাকা ঘুরে মৃত লাশের হিসাব করলাম একটা একটা করে গণনা করে, তাতে পাঁচশতের উপর লাশ আমি স্বচক্ষে দেখলাম। আরও শ’খানেক পুকুরের মধ্যে আছে, তাতে সন্দেহ নাই।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী১০

দাঙ্গা কীভাবে বাধল, মুজিবের বিবরণে তার একটা ছক আছে। তিন দিন আগে এক অবাঙালি দারোয়ানের সঙ্গে এক বাঙালি শ্রমিকের কথা কাটাকাটি থেকে মারামারি হয়; শ্রমিকের এক আঘাতে দারোয়ান মারা যায়। দারোয়ানেরা সবাই অবাঙালি, কিছু শ্রমিকও। উত্তেজনা জমতে থাকে। মুজিবের ভাষায়, মিল কর্তৃপক্ষ অবাঙালিদের উসকানি দিতে থাকে, মিল অফিসে কালো পতাকা ওড়ানোর অনুমতি দেয়, তারপর কাজ বন্ধ করে বাঙালিদের বেতন নেওয়ার দিন ঘোষণা করে, ডেকে বলে বেতন নিতে মিলের ভেতরে আসতে। তারা ভেতরে এলে চারদিক থেকে বন্দুকধারী দারোয়ান আর অবাঙালিরা তাদের আক্রমণ করে। বাইরে যে বাঙালিরা ছিল, তারা পাল্টা আক্রমণ করে অবাঙালিদের।১০১২

নতুন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যে সময় শপথ নিচ্ছে সেই সময় বেতন দেবার সময় ঘোষণা করার অর্থ কি? ইপিআর উপস্থিত থাকা সত্ত্বেও একটা গুলিও করা হয় নাই। ফলে দাঙ্গা করে পাঁচশত লোকের উপরে মারা যায়।

শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী১২

মুজিবের অভিযোগ, পুলিশ আগেই খবর পেয়েছিল, তবু ব্যবস্থা নেয়নি; আর মন্ত্রী নান্না মিয়াকে “মিষ্টি কথা বলে” মিল অফিসে বসিয়ে রাখা হয়েছিল, মিলের অন্য দিকে দাঙ্গা শুরুর খবর তাঁকে দেওয়া হয়নি। মুজিব যখন ঢাকার কমিশনার মাদানীকে বললেন পাঁচশো লোক মারা গেছে, কর্মকর্তারা বিশ্বাস করতে চাইলেন না। মাদানী বললেন, “পঞ্চাশ জন হতে পারে।” মুজিবের জবাব: একটা একটা করে গুনেছেন, তিনি নিজে গিয়ে দেখে আসুন। মুজিব লিখেছেন, পরে মাদানী তা স্বীকার করেছিলেন।১২

রাত নয়টায় মুজিব আর মোহন মিয়াকে জানানো হলো, মিল এলাকা মিলিটারির হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের আইজি শামসুদ্দোহা, এই অধ্যায়ের শুরুতে যাঁকে আমরা প্লেনে হককে কলকাতায় থেকে যাওয়ার পরামর্শ দিতে দেখেছি, এসে বললেন, “স্যার, সর্বনাশ হয়ে গেছে, মিলিটারিরা সকলে অবাঙালি।” মুজিব হেসে ফেললেন: “সর্বনাশের কি আর কিছু বাকি আছে। আপনি যখন পুলিশ ও ইপিআর নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে পারলেন না, তখন আর মিলিটারির হাতে না দিয়ে উপায় কি?”১২

ঢাকায় ফিরে মুজিব গেলেন সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে। হক চেঁচিয়ে সবার সঙ্গে রাগারাগি করছিলেন, মুজিবকে দাঙ্গার এলাকায় ফেলে সবাই চলে এসেছে কেন; মুজিবকে দেখে আদর করে বললেন, “ক্যাবিনেট মিটিং এখনই হবে, তুমি যেও না।” রাত সাড়ে দশটায় বৈঠক বসল। মিলিটারিকে কেন ভার দেওয়া হলো, তা নিয়ে চেঁচাচ্ছিলেন আবদুল লতিফ বিশ্বাস। বৈঠক শুরুর আগে চিফ সেক্রেটারি ইসহাককে কড়া কথা শুনতে হলো; মুজিব আপত্তি তুলে বললেন, ও কথা পরে, আগে যারা আইনশৃঙ্খলা রাখতে পারেনি আর এত মৃত্যুর কারণ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। বৈঠকে কী হয়েছিল, মুজিব লেখেননি: “ক্যাবিনেটে মিটিংয়ের খবর বাইরে বলা উচিত না।”১২

বৈঠক ভাঙল রাত প্রায় একটায়। বাইরে দাঁড়িয়ে ছিলেন সোহরাওয়ার্দীর ভক্ত, কলকাতার পুরোনো মুসলিম লীগ কর্মী রজব আলী শেঠ আর আরও কয়েকজন অবাঙালি নেতা। শহরে খবর রটেছে, অবাঙালিরা বাঙালিদের হত্যা করেছে; যেকোনো সময় অবাঙালিদের ওপর আক্রমণ হতে পারে। মুজিব তাঁদের নিয়ে বেরিয়ে পড়লেন। মোড়ে মোড়ে তখনও ভিড়; গাড়ি থেকে নেমে বক্তৃতা করে মানুষকে বোঝালেন। বাড়ি পৌঁছালেন রাত চারটায়। শপথের পরে পাঁচ মিনিটের জন্যও বাড়ি আসতে পারেননি, সারাদিন পেটে কিছু পড়েনি। “দেখি রেণু চুপটি করে না খেয়ে বসে আছে, আমার জন্য।”১৩

পরদিন মুজিব আবার আদমজীতে গেলেন; শ্রমিকদের খাওয়া-থাকার কষ্ট যাতে না হয়, সেদিকে নজর দিতে কর্মকর্তাদের অনুরোধ করলেন। এদিকে শুরু হয়েছে দপ্তর ভাগের টানাটানি। মুজিবের অভিযোগ, আওয়ামী লীগারদের যেন ভালো দপ্তর না দেওয়া হয়, সেই চেষ্টা চলছিল, আর তার পেছনে মোহন মিয়া।১৩১৬ মুজিব পেলেন সমবায় আর কৃষি উন্নয়ন; কৃষি আবার আলাদা করে অন্যকে দেওয়া হলো। দপ্তর ভাগে মোহন মিয়াকে পরামর্শ দিচ্ছিলেন সিএসপি কর্মকর্তা সোবহান; মুজিব তাঁকে ডেকে বললেন, “আপনি আমাকে জানেন না, বেশি ষড়যন্ত্র করবেন না।”১৬

হকের কাছে নালিশ নিয়ে গেলে বৃদ্ধ নেতা বললেন, “করবার দে, আমার পোর্টফলিও তোকে দিয়ে দেব, তুই রাগ করিস না, পরে সব ঠিক করে দেব।” সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমি বুড়া আর মুজিব গুড়া, তাই ওর আমি নানা ও আমার নাতি।” মুজিব লিখেছেন, হকের মনটা ছিল উদার, আর তিনি তাঁকে ভক্তি করতে শুরু করেছিলেন। মন্ত্রীরা সরকারি বাড়িতে উঠলেন; মুজিবও ছেলেমেয়েদের নিয়ে উঠলেন মিন্টো রোডের সরকারি ভবনে।১৬

দু-এক দিন পরেই হক মুজিবকে বললেন, “করাচি থেকে খবর এসেছে, আমাকে যেতে হবে। তুই ও আতাউর রহমান আমার সাথে চল। নান্না, মোহন মিয়া ও আশরাফউদ্দিন চৌধুরীও যাবে, বেটাদের হাবভাব ভাল না।”১৬

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৪৫ গ
    ৩ এপ্রিল ১৯৫৪ গভর্নর হককে সরকার গঠনের আমন্ত্রণ জানান; চার সদস্যের মন্ত্রিসভা: হক, আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক আর নেজামে ইসলামের আশরাফউদ্দীন চৌধুরী। আওয়ামী লীগ স্তম্ভিত; ভাসানী চলে যান কাগমারীতে। সৌদি বাদশাহ ইবনে সউদের পাঠানো ভাড়া করা বিমানে হকের করাচি যাত্রা, সঙ্গে কৃষক শ্রমিক পার্টি আর নেজামে ইসলামের পঁয়তাল্লিশজন, আওয়ামী লীগের কেউ নন, সোহরাওয়ার্দীও নন; পরে বাদশাহর টেলিগ্রাম পেয়ে সোহরাওয়ার্দী নিজের খরচে গিয়ে আলাদা দেখা করেন; যুক্তফ্রন্ট “virtually on the point of breaking up”। ভাঙন ঠেকাতে আওয়ামী মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত: সব অবস্থায় হকের মন্ত্রিসভাকে সমর্থন, মন্ত্রী নেওয়ার প্রশ্নে সিদ্ধান্তের ভার ভাসানীর। এপ্রিলের শেষে কূটনৈতিক রীতির তোয়াক্কা না করে কলকাতা সফর আর ৩০ এপ্রিলের বক্তৃতা: “Bengalis are an indivisible nation…”। উমরের প্রধান সূত্র কামরুদ্দিন আহমদের আত্মজীবনী (পৃ. ২৪–২৫); ওয়ার্কিং কমিটির কথা আবুল মনসুর আহমদ থেকে। সূত্রে ভিন্নতা: আবুল মনসুর (পৃ. ২৬১) লিখেছেন, হক করাচি গিয়েছিলেন “কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে”, সোহরাওয়ার্দীর “ঐ একই বিমানে”। বাংলা অনুবাদ আমাদের। ↩
  2. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬১ খ
    ভাসানীর উত্তরের শেষ (“এভাবে ভাঙা ভাঙাভাবে যোগদান করবে না”); “পরদিন” হকের শপথ, সঙ্গে আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া (কেএসপি) আর আশরাফউদ্দিন চৌধুরী (নেজামে ইসলাম); লাটভবনের সামনে বিক্ষোভ আর স্লোগান; “একদিনের মধ্যে গণজাগরণ নষ্ট হয়ে গেছে”; হকের দলবলের অভিযোগ “এ সমস্ত শেখ মুজিবের কাজ” আর মুজিবের “সত্য কথা বলতে কি, আমি কিছুই জানতাম না”; নান্না মিয়ার একমাত্র পরিচয় ‘হক সাহেবের ভাগিনেয়’, মানুষ হিসেবে “অমায়িক ও ভদ্র”; হক “বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। অন্যের কথা শুনতেন”, বিশেষ করে মোহন মিয়ার দলের, যিনি “জীবনভর মন্ত্রিত্ব ভাঙছেন আর গড়েছেন”; আওয়ামী লীগের দল গোছানোয় মন দেওয়া; অসুস্থ সোহরাওয়ার্দীর করাচি ফেরা; করাচিতে গণপরিষদ সদস্যদের প্রশ্নে হকের উত্তর; মুসলিম লীগ নেতাদের বার্তা (“শুধু আওয়ামী লীগকে যেন দূরে সরিয়ে রাখেন”), যা মুজিবের শোনা কথা: সবই এই পাতায়। হক আর মোহন মিয়া সম্পর্কে মূল্যায়ন মুজিবের নিজের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  3. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪০৫–৪০৬ ক
    একই প্রতিবেদনের পরের দুই পাতা। পৃ. ৪০৫: কেন্দ্রের নির্দেশের পরও হক প্রকাশ্যে অস্বীকার করেন যে দাঙ্গায় কমিউনিস্ট বা অন্য নাশকতাকারীদের হাত ছিল; কেন্দ্র আর মুসলিম লীগ দাঙ্গা বাধিয়েছে বলে যুক্তফ্রন্ট নেতাদের “fantastic allegation”, প্রধানমন্ত্রীর ভাষায় “a deliberate falsehood and wicked attempt to mislead the people and make political capital out of a great tragedy”; হকের সাম্প্রতিক বক্তব্য “against the background of his Calcutta Utterances” দেখে সিদ্ধান্ত যে তিনি “fundamentally opposed to Pakistan”; গত সফরের পরে হকের “psychological makeup had undergone a remarkable metamorphosis”: প্রথম সফরে তিনি প্রদেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন, শক্তিশালী কেন্দ্রের পক্ষেও ছিলেন, দ্বিতীয় সফরে বলেন পূর্ব বাংলায় কোনো কমিউনিস্ট নেই; রয়টার আর নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারের উল্লেখ। পৃ. ৪০৬: “Three days later, however… plainly told us that his objective was an independent East Bengal”; কলকাতার উক্তি নিয়ে হকের “evasive explanation”; “I leave Mr. Fazlul Huq and his various statements to the contemplation and judgment of my countrymen. I have no doubt that their verdict will be that Mr. Fazlul Huq is a traitor to Pakistan.” আর কায়েদে আযমের উক্তি “a curse”। ছাপা প্রতিবেদনে মুজিবের নাম নেই। প্রথম সফরে হকের মত নিয়ে দাবিটি প্রধানমন্ত্রীর; হকের দিক থেকে এর কোনো বিবরণ আমরা পাইনি। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা (পৃ. ৪০৬)। ↩
  4. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬২ খ
    আওয়ামী লীগ থেকে সদস্য ভাগানোর চেষ্টা ব্যর্থ, কেউ দল ছাড়েননি; সংসদে আওয়ামী লীগ সংখ্যাগুরু; করাচি থেকে ফেরার পথে হকের দু-এক দিন কলকাতায় থাকা, “বক্তৃতা বলে কথিত কয়েকটা সংবাদ” (সম্পাদকদের টীকা ২৭); মোহাম্মদ আলী বগুড়া আর তাঁর দলবলের ষড়যন্ত্র, “হক সাহেব মহাবিপদে পড়লেন”; আওয়ামী লীগের সমর্থনের ঘোষণা; হকের আরেক ভাগনে মাহবুব মোর্শেদের (পরে পূর্ব বাংলা হাইকোর্টের প্রধান বিচারপতি) মধ্যস্থতা, সঙ্গে কফিলুদ্দিন চৌধুরী আর মির্জা আবদুল কাদের সর্দার; সোহরাওয়ার্দী গুরুতর অসুস্থ, ঢাকায় আসা অসম্ভব; টাঙ্গাইলের কর্মী সম্মেলনে মহকুমা প্রশাসকের রেডিওগ্রাম; ভাসানীর পরামর্শ; রেণুর “গতকাল” ঢাকায় আসা; হকের “তোকে মন্ত্রী হতে হবে”: সবই এই পাতায়। রেডিওগ্রামের প্রেরককে মুজিব লিখেছেন “প্রধানমন্ত্রী”, অর্থাৎ প্রদেশের সরকারপ্রধান হক; আমাদের বর্ণনায় মুখ্যমন্ত্রী। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  5. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৯১ গ
    অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদকীয় টীকা ২৭: “৪ মে ১৯৫৪ পশ্চিমবঙ্গ সফরকালে” পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হকের বক্তব্য, শুরু “এটি খুবই গুরুত্বপূর্ণ যে, দুই বাংলার জনগণকে একটি মৌলিক সত্য অনুধাবন করতে হবে…”; সম্পাদকদের ইংরেজি থেকে অনুবাদ। টীকার সূত্র: মর্নিং নিউজ, ৫ মে ১৯৫৪, রঙ্গলাল সেনের Political Elites in Bangladesh (ইউপিএল, ঢাকা, ১৯৮৬), পৃ. ১২৯-এ উদ্ধৃত। মূল ইংরেজি পাঠ আমরা দেখিনি। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  6. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৪৬ গ
    কলকাতার উক্তি নিয়ে উমরের মন্তব্য: ১৯৪৭ সালে বাংলা ভাগ ঠেকাতে যিনি কার্যত কিছুই করেননি, অখণ্ড সার্বভৌম বাংলার আন্দোলনে অংশ নেননি, আর জুন ১৯৪৭-এ বঙ্গীয় আইনসভার পূর্ববঙ্গের সদস্যদের বিশেষ অধিবেশনে বিভাগের বিরুদ্ধে ভোট দেননি, তাঁর মুখে এই কথা “really very surprising”। করাচিতে তীব্র প্রতিক্রিয়া, হক “immediately branded a traitor”; ভয় পেয়ে হক আওয়ামী মুসলিম লীগের দিকে হাত বাড়ান (কামরুদ্দিন আহমদ, পৃ. ২৬–২৭); টাঙ্গাইলে ভাসানীকে খবর (অলি আহাদ, পৃ. ১৩৬); ভাসানী নিজে না এসে আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান আর শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেন; ১৫ মে ১৯৫৪ সকালে ঢাকার গভর্নমেন্ট হাউসে তাঁদের শপথ, সঙ্গে আবদুস সালাম খান আর হাশিমউদ্দিন আহমদ; তার আগে ১০ মে পল্টনে আওয়ামী লীগের জনসভায় হকের বিনা আমন্ত্রণে মঞ্চে ওঠা আর ভাসানীর নির্দেশে সরকার চালানোর ঘোষণা (অলি আহাদ, পৃ. ২১৫); শপথ চলার সময়েই আদমজীর দাঙ্গা, মন্ত্রীরা সেখান থেকে সোজা আদমজী। উমরের ব্যাখ্যা: পশ্চিম পাকিস্তানভিত্তিক শিল্পপতিরা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মিলে যুক্তফ্রন্ট সরকারকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন; ২৩ মার্চ চন্দ্রঘোনার দাঙ্গা তাঁদের “first act”, আদমজী “second act” (মণি সিংহ, পৃ. ২৪; অলি আহাদ, পৃ. ২১৬)। এগুলো উমরের ব্যাখ্যা। বাংলা অনুবাদ আমাদের। ↩
  7. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ২৬২ খ
    যুক্তফ্রন্টে “বড় রকমের ফাটল”; আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির প্রস্তাব, সব অবস্থায় হক মন্ত্রিসভাকে সমর্থন, আর আওয়ামী লীগ থেকে মন্ত্রী নেওয়ার “সমস্ত দেন দরবারের একক ক্ষমতা” ভাসানীর হাতে; “মাসাধিককাল” পরে হকের মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তাব; ভাসানী নিজে না এসে “আমাদের কয়েকজনকে” ক্ষমতা দেন; “আমরা আপোস করিলাম”; ১৫ মে আরও দশজন মন্ত্রী, লেখক তাঁদের একজন; শপথের অব্যবহিত পরে গভর্নমেন্ট হাউসেই আদমজীর দাঙ্গার খবর; হকের নেতৃত্বে মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়া; “শত-শত মৃতদেহ”; দুই পক্ষ তখনও সশস্ত্র; মন্ত্রীরা বিভিন্ন “ফ্রন্টে”; বিনা মাইকে চিৎকার; সন্ধ্যায় খানিকটা শান্ত; ১৯৪৬–৫০ সালের কলকাতার দাঙ্গাতেও এমন দেখেননি, পরের কয়েক রাত ঘুম হয়নি। পরিচ্ছেদ “পরাজয়ের প্রতিশোধ”: মার্কিন সাংবাদিক কালাহানের প্রচার; দাঙ্গায় মুসলিম লীগ নেতাদের “নূতন অজুহাত”; কয়েকটি বিষয়ে প্রাদেশিক সরকারের ক্ষমতা কমিয়ে কেন্দ্রের নির্দেশ; মন্ত্রিসভার বিশেষ বৈঠক; চিফ সেক্রেটারি হাফিজ ইসহাকের হুঁশিয়ারি (বাক্যের শেষ পরের পাতায়): সবই এই পাতায়। আবুল মনসুর এখানে ১৫ মে-র মন্ত্রীদের নাম দেননি। সূত্রে ভিন্নতা: আবুল মনসুর লিখেছেন, মন্ত্রীরা সবাই হকের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত শান্তির চেষ্টা করেন; মুজিব (পৃ. ২৬৪–২৬৫) লিখেছেন, তিনি নারায়ণগঞ্জে পৌঁছে শোনেন হক তাঁর জন্য অপেক্ষা করে ঢাকা রওনা হয়ে গেছেন, আর হক ও অন্য মন্ত্রীরা ঢাকায় ফিরে গেলে তিনি আর মোহন মিয়া রাত নয়টা পর্যন্ত ছিলেন। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  8. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬৩ খ
    মুজিবের শর্ত (সোহরাওয়ার্দীর অনুমতি আর ভাসানীর মত); ইত্তেফাক অফিসে মানিক মিয়া, আতাউর রহমান খান, মোর্শেদ, কাদের সর্দার আর কফিলুদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক; সোহরাওয়ার্দী কথা বলতে পারেননি, জামাতা আহমেদ সোলায়মানের মারফত সম্মতি; কৃষক শ্রমিক দল কফিলুদ্দিনকে নিজেদের ভাগ থেকে মন্ত্রী করতে রাজি নয়, আওয়ামী লীগের ঘোষণা (“সত্য কথা বলার জন্য তাঁকে আমরা শাস্তি পেতে দিতে রাজি নই”); রাত এগারোটায় দুই জিপে টাঙ্গাইল, ছয় ঘণ্টার পথ আর চারটি খেয়া; ভোরে ভাসানী, “খুব ক্ষেপে গিয়েছিলেন”, মোর্শেদের ওকালতিতে রাজি; নামের তালিকা, “হক সাহেব ছাড়া মোটমাট বারজন মন্ত্রী”, “আরও কয়েকজন বেড়ে গেল রাতারাতি”; সকাল নয়টায় লাটভবনে শপথ; শপথ শেষ হতেই আদমজীর খবর; ভোররাত থেকে সৈয়দ আজিজুল হক সেখানে; “এ এক অশুভ লক্ষণ!”; হকের মন্ত্রীদের নিয়ে আদমজী রওনা: সবই এই পাতায়। পাতায় তারিখ শুধু “১৯৫৪ সালের মে মাস”; ১৫ মে তারিখটি আবুল মনসুর (পৃ. ২৬২) আর উমরের (Emergence, পৃ. ২৪৬)। সূত্রে ভিন্নতা: মুজিবের হিসাবে হক ছাড়া বারোজন মন্ত্রী হওয়ার কথা, রাতারাতি আরও কয়েকজন বাড়ে, আর পরে (পৃ. ২৭৩) তিনি লিখেছেন “দেড় ডজন মন্ত্রী”; আবুল মনসুর লিখেছেন ১৫ মে আরও দশজন মন্ত্রী যোগ দেন। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  9. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪০৪ ক
    পাকিস্তান অবজারভার, ৩১ মে ১৯৫৪: প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর “২৯ মিনিটের” বেতার ভাষণের প্রতিবেদন। “Our sole aim…” উক্তি; প্রশাসন “virtually broken down”; দুটি কারণ: বিভেদকামী শক্তি আর শত্রুর চর সক্রিয়, আর হক ও তাঁর সহকর্মীরা ব্যবস্থা নিতে প্রস্তুত নন; চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনার গোলযোগ; চন্দ্রঘোনার কাগজকলে ১৩ জন নিহত; আদমজীতে “over four hundred persons including innocent women and children”; ১৭ মে প্রদেশকে নির্দেশ পাঠানো: সবই এই পাতায়। উমরও (Emergence, পৃ. ২৪৯) একই প্রতিবেদন উদ্ধৃত করেছেন। বাংলা অনুবাদ আমাদের। ↩
  10. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬৪ খ
    তখনকার পথ (নারায়ণগঞ্জ হয়ে লঞ্চ; নতুন সোজা রাস্তায় গাড়ি ভালো চলে না); লাটভবনের সামনে জনতা, আধঘণ্টার দেরি; নারায়ণগঞ্জে শোনা, হক অপেক্ষা করে “ঢাকা রওয়ানা হয়ে গেছেন”, একটা লঞ্চ রেখে গেছেন; পুলিশের জিপে দাঙ্গার এলাকায়; রাস্তায় আর বস্তিতে লাশ; ইপিআরের পাহারা; গ্রাম থেকে আসা হাজার হাজার বাঙালি, ট্রাকে অবাঙালিদের মিলের ভেতরে নেওয়া; সঙ্গে মাত্র দুজন সশস্ত্র পুলিশ; গাছতলায় আস্তানা; মোহন মিয়ার আসা (“আমার মনে বল এল”); চারটার মধ্যে তিনটা ট্রাক, চালকদের হুঁশিয়ারি; অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন; সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিনশো আহতকে হাসপাতালে পাঠানো; জমায়েত বাঙালিদের শান্ত করা; সন্ধ্যার আগে নিজে গুনে পাঁচশোর বেশি লাশ, পুকুরে আরও শ’খানেক; দাঙ্গার কারণের শুরু (তিন দিন আগে দারোয়ানের মৃত্যু, কর্তৃপক্ষের উসকানি, কালো পতাকা, বেতনের দিন ঘোষণা): সবই এই পাতায়। দাঙ্গার কারণের বিবরণ মুজিবের নিজের; কোনো তদন্ত প্রতিবেদন আমাদের সূত্রে নেই। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  11. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৪০ গ
    ২৩৭টি আসনেই শেষ পর্যন্ত প্রার্থী পাওয়া যায়, তবে তিক্ততার মধ্য দিয়ে; চট্টগ্রাম আর কুমিল্লার দুটি আসন নিয়ে মোহন মিয়া আর মুজিবের মধ্যে “exchanged blows”; কক্সবাজারের ফরিদ আহমদের এক দিনে আওয়ামী লীগ, পরদিন আচকান-পাজামা-টুপি পরে নেজামে ইসলামের প্রার্থী হওয়ার দরখাস্ত। উমরের সূত্র কামরুদ্দিন আহমদ। ↩
  12. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬৫ খ
    বেতন নিতে ভেতরে আসা বাঙালিদের ওপর বন্দুকধারী দারোয়ান আর অবাঙালিদের আক্রমণ, তারপর বাইরের বাঙালিদের পাল্টা আক্রমণ; “একটা গুলিও করা হয় নাই”; পুলিশ আগেই খবর পেয়েছিল বলে অভিযোগ; মন্ত্রী সৈয়দ আজিজুল হককে “মিষ্টি কথা বলে” মিল অফিসে বসিয়ে রাখা; কমিশনার মাদানীর “পঞ্চাশ জন হতে পারে” আর পরে তাঁর স্বীকার; রাত নয়টায় মিল এলাকা মিলিটারির হাতে; আইজি শামসুদ্দোহার “স্যার, সর্বনাশ হয়ে গেছে, মিলিটারিরা সকলে অবাঙালি” আর মুজিবের জবাব; তখন ইপিআর প্রাদেশিক সরকারের অধীনে; চিফ মিনিস্টারের বাড়িতে হকের উদ্বেগ, “ক্যাবিনেট মিটিং এখনই হবে, তুমি যেও না”; রাত সাড়ে দশটায় বৈঠক; আবদুল লতিফ বিশ্বাসের আপত্তি; বৈঠকের আগে চিফ সেক্রেটারিকে কড়া কথা আর মুজিবের প্রতিবাদ; বৈঠকের আলোচনা গোপন রাখা: সবই এই পাতায়। ছাপা বাক্য “চিফ সেক্রেটারি ইসহাক সাহেবকে কড়া কথা বলতে শোনা গেল”; কে বলছিলেন, মুজিব লেখেননি। দোহা বৈঠকের আগে দু-একজন মন্ত্রীকে “হাত করে নিয়েছেন” বলে মুজিবের অভিযোগও এই পাতায়; আর কোনো সূত্রে না পাওয়ায় বর্ণনায় রাখিনি। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  13. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬৬ খ
    রাত প্রায় একটায় বৈঠক শেষ; সোহরাওয়ার্দীর ভক্ত, কলকাতার পুরোনো মুসলিম লীগ কর্মী রজব আলী শেঠ আর অন্য অবাঙালি নেতাদের অনুরোধ; শহরে গুজব আর মোড়ে মোড়ে ভিড়; বক্তৃতা করে মানুষকে শান্ত করা; রাত চারটায় বাড়ি, সারাদিন না খাওয়া, “দেখি রেণু চুপটি করে না খেয়ে বসে আছে, আমার জন্য”; মুজিবের ধারণা, দাঙ্গা যুক্তফ্রন্ট সরকারকে হেয় করার “বিরাট এক ষড়যন্ত্রের অংশ”, কয়েকদিন আগে করাচি থেকে করা, একজন সরকারি কর্মচারী আর মিলের কয়েকজন কর্মচারী সরাসরি জড়িত, তবে “ব্যক্তিগতভাবে আদমজী মিলের মালিক গুল মোহাম্মদ আদমজী এসব জানতেন কি না সন্দেহ!”; চিফ সেক্রেটারি হাফিজ মোহাম্মদ ইসহাক পরিবর্তনকে আনন্দের সঙ্গে নিয়েছিলেন; পরদিন আবার আদমজীতে; দপ্তর ভাগ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ: সবই এই পাতায়। ষড়যন্ত্রের কথা মুজিবের নিজের ধারণা; এখানে তিনি কোনো প্রমাণের উল্লেখ করেননি। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  14. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩৯৯–৪০০ ক
    পাকিস্তান অবজারভার, ২৫ মে ১৯৫৪, এপিপির খবর, “New York, May 23” তারিখরেখায়: নিউ ইয়র্ক টাইমসে হকের সাক্ষাৎকার, প্রথম পাতায়, পত্রিকার করাচি প্রতিনিধির পাঠানো; পূর্ব বাংলা “wished to become an Independent State”; স্বাধীনতা হবে মন্ত্রিসভার প্রথম কাজগুলোর একটি; কথাগুলো প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের “a few hours after”, দুই ঘণ্টার সাক্ষাৎকারে; এক হাজার মাইলের বেশি ভারতীয় ভূখণ্ড, চার কোটি বিশ লাখ বাঙালি; ভাষা, করিডর, রাজস্ব, কেন্দ্রীয় দপ্তরে পাঞ্জাবিদের প্রতি পক্ষপাত; বাঙালি নৌবাহিনী; কেন্দ্রের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্নের উত্তর (উদ্ধৃত অংশ)। পৃ. ৪০০-তে আদমজী: “More than 400 persons died”, “last Saturday” (১৫ মে ১৯৫৪ ছিল শনিবার); প্রধানমন্ত্রী কমিউনিস্টদের দায়ী করার কয়েক দিন পরে হক বলেন তাদের এতে কোনো হাত নেই, আর কারণ খুঁজতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  15. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৪৭ গ
    মন্ত্রীরা আদমজী পৌঁছানোর আগেই দুই পক্ষের শত শত শ্রমিক নিহত; মন্ত্রী আর রাজনৈতিক কর্মীদের, আদমজীর শ্রমিকদের মধ্যে প্রভাবশালী কমিউনিস্ট পার্টির কর্মীদেরও, দাঙ্গা থামানোর চেষ্টা; সন্ধ্যায় খানিকটা শান্ত, পরদিন আবার, শ্রমিকদের ঘরে আগুন; নিহত নারী, পুরুষ আর শিশুর অনুমান “between 500 and 1000”; কিছু অবাঙালি শ্রমিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল বলে অভিযোগ (উমরের সূত্র খোকা রায়, পৃ. ১৩৬); দাঙ্গার পরপরই কমিউনিস্ট পার্টির সংবাদ বিবৃতি, এটা যুক্তফ্রন্ট মন্ত্রিসভা হটানোর জন্য কেন্দ্রের ষড়যন্ত্র; উমরের নিজের সিদ্ধান্ত, কেন্দ্রের সাহায্য ছাড়া এত বড় দাঙ্গা সংগঠিত করা যেত না। নিউ ইয়র্ক টাইমসের ২৩ মে-র সাক্ষাৎকার আর ২৫ মে পাকিস্তান অবজারভারে পুনর্মুদ্রণ; উমরের মত, কালাহান হয়তো মার্কিন রাষ্ট্রদূতের প্রকাশ্য তৎপরতার সঙ্গে মিলিয়ে হকের কথায় “add some salt” করেছিলেন, কিন্তু হকও “not a very responsible politician either”, পরিণাম না ভেবে কথা বলতেন। এগুলো উমরের ব্যাখ্যা। বাংলা অনুবাদ আমাদের। ↩
  16. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৬৭ খ
    দপ্তর ভাগে মোহন মিয়ার ভূমিকা নিয়ে মুজিবের অভিযোগ, হককে তাঁর “দরকার হয় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব”; পরের দিন দপ্তর ভাগ: মুজিবের কো-অপারেটিভ ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট, কৃষি আবার আলাদা করে অন্যকে; সিএসপি সোবহানকে “আপনি আমাকে জানেন না, বেশি ষড়যন্ত্র করবেন না”; হকের “করবার দে, আমার পোর্টফলিও তোকে দিয়ে দেব…”; সাংবাদিকদের কাছে হকের “আমি বুড়া আর মুজিব গুড়া…”; মন্ত্রীরা সরকারি বাড়িতে, মুজিব মিন্টো রোডে; দু-এক দিন পরে করাচির ডাক আর হকের “বেটাদের হাবভাব ভাল না”; করাচিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে আলোচনা; পশ্চিম পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকারই দাঙ্গা বাধিয়েছে বলে প্রচার আর মুজিবের জবাব: সবই এই পাতায়। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • খ · নিজের ভাষ্য
    আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। ঢাকা: খোশরোজ কিতাব মহল, পুনর্মুদ্রণ ২০১৩; পাতা নম্বর এই মুদ্রণ অনুযায়ী।লেখকের নিজের ভাষ্য। সাংবাদিক ও রাজনীতিকের স্মৃতিকথা; নিজের লেখায় তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার রচয়িতা। ঘটনার বহু বছর পরে লেখা, তাই তারিখ আর সংখ্যা অন্য সূত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১১ নভেম্বর ২০২৬।