EN
পর্ব ২ · অধ্যায় ৩ · পাতা ৭/১৩

যুক্তফ্রন্ট

১৯৫৩–১৯৫৮
এই পাতা পড়তে প্রায় ১১ মিনিট২টি দৃশ্য২৬টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ৭/১৩

বর্ধমান হাউস

৩০ সেপ্টেম্বর ১৯৫৫ নতুন গণপরিষদ পশ্চিম পাকিস্তান একীকরণের আইন পাস করল ৪৩–১৩ ভোটে; ১৪ অক্টোবর উদ্বোধন হলো এক প্রদেশ পশ্চিম পাকিস্তানের। রিজভীর চোখে এক ইউনিট দেখিয়েছিল, কেন্দ্র কীভাবে “নির্লজ্জ কারসাজি আর হুমকি” দিয়ে নিজের ইচ্ছা চাপাতে পারে। উদ্দেশ্য, তাঁর বিশ্লেষণে: পশ্চিমের রাজনীতির ওপর শক্ত মুঠো, জাতীয় আইনসভায় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতাকে নিষ্ক্রিয় করে দুই অংশকে সমান করা, আর পশ্চিমের ছোট প্রদেশগুলোর নেতাদের পক্ষে স্বায়ত্তশাসনপন্থী পূর্ব পাকিস্তানি দলগুলোর সঙ্গে জোট বাঁধা কঠিন করে তোলা।১

এক সপ্তাহ পরে, ২১ অক্টোবর, ঢাকার সদরঘাটের কাছে রূপমহল সিনেমা হলে বসল আওয়ামী মুসলিম লীগের তিন দিনের কাউন্সিল।২ আলোচ্য প্রস্তাব: দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটা বাদ যাবে, দরজা খুলবে সব ধর্মের মানুষের জন্য। শুক্রবার বিষয় নির্বাচনী কমিটিতে প্রভাবশালী একটা অংশ আপত্তি তুলল, সময়টা ঠিক নয় বলে; ভোট কোন দিকে যাবে, বোঝা যাচ্ছিল না।৩ উমর লিখেছেন, পরিবর্তনের প্রধান মুখপাত্র ছিলেন ভাসানী, আর সোহরাওয়ার্দী প্রথমে এর তীব্র বিরোধিতা করেছিলেন; ২২ অক্টোবর ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি শেষ পর্যন্ত রাজি হন।২

পরদিন কাউন্সিলের পূর্ণ অধিবেশনে সংবিধান সংশোধনী তুললেন সোহরাওয়ার্দী নিজেই; বললেন প্রায় পঞ্চাশ মিনিট।৩৪

ওদের (সংখ্যালঘুদের) বুঝতে দিন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্য অংশ পাওয়ার আকাঙ্ক্ষায় আপনারা আর আপনাদের সরকার পুরোপুরি ওদের পাশে আছেন। কেবল তখনই ন্যায্যভাবে আপনারা ওদের কাছে আনুগত্য দাবি করতে পারেন।

“Give them (the minorities) the opportunity to realize that you as well as your Government are fully with them in their desire to get their due share in every walk of life. Only then can you, in fairness, claim loyalty from them.”

হোসেন শহীদ সোহরাওয়ার্দী, রূপমহল সিনেমা হল, ২৩ অক্টোবর ১৯৫৫ · পাকিস্তান অবজারভার৪

সভাপতির আসনে ভাসানী। অবজারভারের রিপোর্টারের ভাষায় তাঁর ভাষণ এতটাই মর্মস্পর্শী ছিল যে বিরোধিতা প্রায় মিলিয়ে গেল: প্রায় ছয়শো কাউন্সিলরের মধ্যে বিপক্ষে ভোট দিলেন মাত্র পাঁচজন। সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে রূপমহলে স্লোগান উঠল, “শহীদ-ভাসানী জিন্দাবাদ”, “হিন্দু-মুসলিম ভাই ভাই”। পত্রিকাটি লিখল, মুসলমানপ্রধান এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো দল এই প্রথম সব সম্প্রদায়ের জন্য দরজা খুলল।৩ এই কাউন্সিলেই শেখ মুজিবুর রহমান আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।৫

ডিসেম্বরে ঢাকায় আরেকটা প্রতিশ্রুতি পূরণ হলো। একুশ দফার ষোলো নম্বর দফায় বলা ছিল, মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউস প্রথমে হবে ছাত্রাবাস, পরে বাংলা ভাষার গবেষণাগার।৬ আবু হোসেন সরকারের সরকার ১৯৫৫ সালের ডিসেম্বরে সেই বর্ধমান হাউসেই বাংলা একাডেমি প্রতিষ্ঠা করল।৭ বাড়িটার নিজের একটা ইতিহাস আছে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময় বর্ধমানের মহারাজা এটা তৈরি করেছিলেন। দেশভাগের পরে এটা হয় মুখ্যমন্ত্রীর বাসভবন; ভ্যান শেন্ডেল মনে করিয়ে দিয়েছেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কর্মীদের হত্যার সময় যে মুখ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন, তাঁরও।৮

বাংলা একাডেমী প্রতিষ্ঠা পূর্ব বাংলার ভাষার শাশ্বত দাবী ও ঐতিহাসিক আন্দোলনেরই প্রথম বাস্তব স্বীকৃতি।… এজন্য কোন কৃতিত্বের দাবী আমরা করিতে পারি না-কৃতিত্ব তাঁহাদেরই, যাহাদের বিপুল ত্যাগের বুনিয়াদে জাতীয় গর্বের বস্তু এই বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হইতেছে।

মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, বাংলা একাডেমির উদ্বোধনে, ডিসেম্বর ১৯৫৫৯

উমর অবশ্য অন্য দিকটাও লিখেছেন: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সবাই সরকারি কর্মকর্তা আর সরকারি দলের লোক; সাহিত্য-সংস্কৃতির মানুষেরা আমন্ত্রিতের তালিকা থেকে কার্যত বাদ। প্রতিশ্রুতি পূরণ করেও সরকার তাই সমালোচনা কুড়াল।৭

করাচিতে তখন সংবিধানের বিতর্ক। ২১ জানুয়ারি ১৯৫৬ মুজিব আবার উঠলেন। শুরু করলেন একুশ দফা দিয়ে: মানুষ ভোট দিয়েছে এই একুশ দফাকে, সোহরাওয়ার্দী, হক বা ভাসানীকে নয়। একুশ দফার সংশ্লিষ্ট অংশ পড়ে শোনানোর অনুমতি চাইতেই ডেপুটি স্পিকার থামালেন: “এটা আগেই পড়া হয়েছে।” মুজিব বললেন, প্রতিরক্ষা, পররাষ্ট্র আর মুদ্রা হাতে থাকলেই কেন্দ্র শক্তিশালী হতে পারে। আবার বাধা: “এই যুক্তি আমরা জনাব আবুল মনসুরের মুখে শুনেছি। আমরা নতুন যুক্তি চাই।” মুজিব হিসাব দিলেন, গুরমানীর কথাতেই কেন্দ্রের রাজস্বে পূর্ব বাংলার জোগান ২৫ শতাংশ থেকে নেমে ২০, এখন ১৪; এভাবে কমতে থাকলে ১৯৬০ সালে তা দাঁড়াবে শূন্যে, এতটাই নিঃস্ব পূর্ব বাংলা। তৃতীয়বার ডেপুটি স্পিকার: “তাহলে জনাব আবুল মনসুরও আমাদের তা জানিয়েছেন।” কার্যবিবরণীতে বন্ধনীতে লেখা: হাসি।১০ মুজিব থামলেন না:

স্যার, ব্যাপারটা এরকম: পাকিস্তানের দেহের দুটো হাত। একটা পশ্চিম পাকিস্তান, অন্যটা পূর্ব পাকিস্তান। ওরা একটা হাতকে শক্ত করছে আর অন্যটাকে দুর্বল। স্যার, এই নীতি ভুল, এটা দেশকে ধ্বংস করবে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে যারা জনসংখ্যার ৫৬ শতাংশ, তারা ৫ শতাংশ ভাগও পাচ্ছে না।

“Sir, it is like this: there are two hands to the body of Pakistan. One is West Pakistan and the other is East Pakistan. They are making one hand strong and the other hand weak. Sir, this policy is wrong and will ruin the country. In the Central Government Services, those who form 56 per cent population are not getting 5 per cent share.”

শেখ মুজিবুর রহমান, পাকিস্তান গণপরিষদ, ২১ জানুয়ারি ১৯৫৬১০

দোষটা তিনি পশ্চিম পাকিস্তানের মানুষকে দিলেন না; দিলেন “ruling junta”-কে, জায়গিরদার আর বড় জমিদারদের, যারা পশ্চিমের মানুষের মতও দমিয়ে রেখেছে। “পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন পেলে পশ্চিম পাকিস্তানের মানুষও স্বায়ত্তশাসন পাবে।” তারপর: “আপনারা আমাদের মারতে পারেন, জেলে দিতে পারেন। মাঝে মাঝে শুনি আমাদের জীবন বিপন্ন, কিন্তু আমরা ভয় পাই না।… ওরা বিশ্বাসঘাতকতা করতে পারে, আমরা পারি না।” সদস্য আবদুল আলীম বলে উঠলেন, “আমরা কখনো বিশ্বাসঘাতকতা করিনি।”১০ ৩১ জানুয়ারি বিরোধী দলের নেতা হিসেবে বললেন সোহরাওয়ার্দী। তাঁর অভিযোগ, পশ্চিম পাকিস্তানের শাসক দল কেকটা রাখতেও চায়, খেতেও চায়: সংবিধানে বারবার সমতা লিখে নিয়েছে, অথচ সমতার সঙ্গে যা যা আসার কথা, সব উপেক্ষা করেছে। “আমি জোর দিয়ে বলছি, আঞ্চলিক স্বায়ত্তশাসনের সঙ্গে জুড়ে না দিলে বাংলার মানুষ সমতা মেনে নিত না।”১১

২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ গণপরিষদ সংবিধান গ্রহণ করল।১২ প্রথম অনুচ্ছেদ: পাকিস্তান হবে এক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, নাম ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান। সেই অনুচ্ছেদেই মুজিবের আশঙ্কা সত্যি হলো। দেশের ভূখণ্ডের প্রথম অংশ “পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান প্রদেশের ভূখণ্ড”, আর নিচে ব্যাখ্যা: পূর্ব পাকিস্তান প্রদেশ মানে সেই প্রদেশ, সংবিধান দিবসের ঠিক আগে যার নাম ছিল পূর্ব বাংলা।১২ আর চার বছর আগে যে দাবিতে ঢাকার রাস্তায় রক্ত ঝরেছিল, তা জায়গা পেল ২১৪ নম্বর অনুচ্ছেদে: “পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ও বাংলা।” সঙ্গে শর্ত, সংবিধান চালুর দিন থেকে বিশ বছর সরকারি কাজে ইংরেজিই চলবে।১৩

উমর লিখেছেন, শেষ দিনে আওয়ামী লীগ সদস্যরা ওয়াকআউট করলেন, সংবিধানে সই করতে অস্বীকার করলেন; তাঁর কাছে বিস্ময়কর, দলের নেতা সোহরাওয়ার্দী বিরোধী দলের নেতা হিসেবে সই করেছিলেন। হকের নেতৃত্বের যুক্তফ্রন্ট সদস্যরা সমর্থন দিয়ে সই করলেন। উমর আরও লিখেছেন, কামরুদ্দিন আহমদের সূত্রে, ইস্কান্দার মির্জা সংবিধানে সই করতে রাজি হননি যতক্ষণ না তাঁকে প্রেসিডেন্ট করা হয়; গভর্নর জেনারেল হিসেবে নয়, প্রেসিডেন্ট হিসেবেই তিনি শেষ সিলমোহর দিলেন।১৪ ২৩ মার্চ ১৯৫৬ সংবিধান চালু হলো।১৫ আর গত জুনের সেই প্রস্তাব? স্বায়ত্তশাসন আসেনি, কিন্তু আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা কেউ পদত্যাগ করেননি; উমরের ভাষায়, পদত্যাগের বদলে তাঁরা কেন্দ্র আর প্রদেশ দুই জায়গার সরকারেই যোগ দিলেন।১৬

সংবিধান এল। কিন্তু ১৯৫৬ সালের পূর্ব বাংলায় মানুষের প্রশ্ন তখন অন্য: পাতে ভাত আসবে কোথা থেকে।৭

চকবাজারের গুলি

১৯৫৬ সালে পূর্ব বাংলায় দুর্ভিক্ষ নামল। উমর লিখেছেন, সরকার ঘাবড়ে গিয়ে কয়েকটা ভুল আর অজনপ্রিয় সিদ্ধান্ত নিল: যুক্তফ্রন্টের সদস্যদের মাধ্যমে চাল বিতরণ, দলের লোকদের পারমিট। সরকারি গুদাম থেকে কেনা চাল দুর্ভিক্ষের বাজারে বিক্রি হলো তিন-চার গুণ দামে। আবু হোসেন সরকার নিজে ব্যক্তিগতভাবে সৎ বলে পরিচিত ছিলেন, উমর সেটাও লিখেছেন।৭১৭ ৭ মে দুর্ভিক্ষ মোকাবিলায় কেন্দ্রের কাছে পঞ্চাশ কোটি টাকা দাবি করে অনশন শুরু করলেন ভাসানী।১৭

প্রদেশে তখন আরেক নাটক। দুই বছর আগে যাঁকে প্রধানমন্ত্রী বেতারে বিশ্বাসঘাতক বলেছিলেন, সেই ফজলুল হক তখন কেন্দ্রের পাঠানো গভর্নর।১৮৭ আর তাঁর দলের সরকারের পায়ের নিচের মাটি নড়বড়ে। উমরের বিবরণে, পরিষদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আবু হোসেন সরকার তেরো মাসে একবারও পরিষদের অধিবেশন ডাকেননি, বাজেটও পাস করাননি; মন্ত্রিসভা টেকাতে প্রায় চল্লিশজন সদস্যকে মন্ত্রিত্ব, পার্লামেন্টারি সেক্রেটারির পদ আর অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব বিলিয়েছিলেন।৭ রিজভীর বিবরণ একটু আলাদা: ২২ মে ১৯৫৬ একটা সংক্ষিপ্ত অধিবেশন বসেছিল, তাতেই সরকারের সমর্থনের অভাব ধরা পড়ে; ২৬ মে প্রেসিডেন্টের শাসন, ১ জুন মন্ত্রিসভা পুনর্বহাল, তারপর ৩০ আগস্ট পদত্যাগ আর আবার প্রেসিডেন্টের শাসন।১৯

১ সেপ্টেম্বর থেকে মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ রোজ খাদ্যের দাবিতে মিছিল বের করতে লাগল।১৭ ৪ সেপ্টেম্বর ১৪৪ ধারা ভেঙে বেরোল ভুখা মিছিল।৫ বুড়িগঙ্গার ওপার থেকে, জিঞ্জিরা আর অন্য জায়গা থেকে, বিপুল মানুষ চকবাজারে পৌঁছে শহরের দিকে এগোল। পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে বাধা দিল; কাঁদানে গ্যাস, লাঠি, তারপর গুলি।১৭ কতজন নিহত হয়েছিলেন, সেই সংখ্যাতেও সূত্রগুলো এক নয়।

সেদিন বিকেলে আগের সূচি অনুযায়ী চারটা থেকে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা চলছিল। পাঁচটার একটু পরে গভর্নর ফজলুল হকের চিঠি এল আতাউর রহমান খানের হাতে: মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ। দলে কারও কারও মত ছিল, এখনই ক্ষমতা নেওয়া ঠিক নয়। ভাসানী পরামর্শ দিলেন, ঘাটতি মেটাতে যত খাদ্য লাগে, দাম যা-ই হোক, কেন্দ্র তা দেবে এমন আশ্বাস না পেলে দায়িত্ব নেওয়া উচিত হবে না। পার্লামেন্টারি পার্টি আর ওয়ার্কিং কমিটি তবু ক্ষমতা নেওয়ার পক্ষেই সিদ্ধান্ত নিল। রাত পর্যন্ত সার্কিট হাউসে সোহরাওয়ার্দীর কামরায় আলোচনা চলল; সেখানে ছিলেন আতাউর রহমান, বসন্ত কুমার দাস, মাহমুদ আলী, শেখ মুজিবুর রহমান আর অন্যরা।২১২২

৬ সেপ্টেম্বর শপথ নিল আতাউর রহমান খানের কোয়ালিশন সরকার: আওয়ামী লীগ, গণতন্ত্রী দল আর কৃষক শ্রমিক পার্টির কফিলুদ্দিন চৌধুরীর অংশ; পরে যোগ দিল কংগ্রেস আর ধীরেন দত্তের অংশের ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি।২৩ বইয়ের আরেক জায়গায় উমর পরে যোগ দেওয়া দলের তালিকায় তফসিলি ফেডারেশনের নামও রেখেছেন।২০ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা আর সোহরাওয়ার্দী; অনুষ্ঠান শেষে দুজন একই প্লেনে করাচি ফিরলেন। উমরের ধারণা, সব আগেই করাচিতে ঠিক হয়ে ছিল।২৩২০

পরদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বেতারে নতুন মুখ্যমন্ত্রী জানালেন, শপথ নিয়েছেন মাত্র সাড়ে ছাব্বিশ ঘণ্টা আগে। সব রাজবন্দির মুক্তির ঘোষণা দিলেন। আর বললেন, কার্যভার নেওয়ার মাত্র একদিন আগে পুলিশের গুলিতে ঢাকা শহর ভীষণ গোলযোগে পড়েছিল; সেই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে, নিহত আর আহতদের উত্তরাধিকারীরা ক্ষতিপূরণ পাবেন।২৪

সেপ্টেম্বরেই করাচিতে সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হলেন, চৌধুরী মোহাম্মদ আলীর জায়গায়।১ মেট্রোপোলের সেই ডিসেম্বরে যে পদের জন্য বড়লাট কসম খেয়েছিলেন, তা এল প্রায় একুশ মাস পরে, অন্য এক রাষ্ট্রপ্রধানের আমলে। আর ১৬ সেপ্টেম্বর ঢাকায় আতাউরের মন্ত্রিসভায় যোগ দিলেন শেখ মুজিবুর রহমান: শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন আর ভিলেজ-এইডের মন্ত্রী।৫

প্রধানমন্ত্রী হওয়ার মাসখানেকের মধ্যে সোহরাওয়ার্দীকে নামতে হলো নির্বাচনপদ্ধতির লড়াইয়ে। জাতীয় পরিষদে শেষ দফার বিতর্ক চলল চৌদ্দ ঘণ্টার বেশি, সারা রাত। শেষ রাতে বিল পাস হলো ৪৮–১৯ ভোটে: পূর্ব পাকিস্তানে যুক্ত নির্বাচন, পশ্চিম অংশে পৃথক নির্বাচন। বিরোধীদের উদ্দেশে সোহরাওয়ার্দী বললেন, মানুষকে গোঁড়ামি আর ধর্মান্ধতা থেকে বাঁচাতে চাইলে সাহস করে তাদের বলা উচিত যে নির্বাচনপদ্ধতির প্রশ্নের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তাঁর শেষ কথা: এই পরিস্থিতিতে এটাই সম্ভাব্য সেরা সমাধান, আর এতে দুই অংশ আরও কাছাকাছি আসবে।২৫

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ভাসানীর নামে একটা লিফলেট বেরোল, পূর্ব বাংলার গরিব চাষি, মজুর, ছাত্র, যুবক আর জনসাধারণের উদ্দেশে: “এ দেশ শুধু মন্ত্রী, মেম্বার, সরকারী কর্মচারীদের নহে-এ দেশ অগণিত জনগণের দেশ।” মন্ত্রীরা তখন তাঁর নিজের দলেরই। লিফলেটের শেষে ডাক: ৭ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী এক বিরাট সম্মেলন, সন্তোষ কাগমারীতে।২৬ সেই সম্মেলনে মুখোমুখি হবেন দলের সভাপতি আর দলেরই প্রধানমন্ত্রী।

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৭৩–৭৪ গ
    রিজভীর বিবরণ, পৃ. ৭৩: ইস্কান্দার মির্জা প্রধানমন্ত্রীদের সমর্থনের ভিত্তি একে একে ক্ষইয়ে দেন; ১৯৫৬ সালের সেপ্টেম্বরে চৌধুরী মোহাম্মদ আলীর জায়গায় সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী; ১৯৫৭ সালের সেপ্টেম্বরে রিপাবলিকান পার্টির সমর্থন প্রত্যাহার আর মির্জার পরিষদ ডাকতে অস্বীকৃতি; প্রদেশে কেন্দ্রের হস্তক্ষেপ; আর এক ইউনিটে দেখা গেল কেন্দ্র কীভাবে “blatant manipulation and threats” দিয়ে নিজের ইচ্ছা চাপাতে পারে। পৃ. ৭৪: এক ইউনিটের উদ্দেশ্য, পশ্চিমের রাজনীতির ওপর শক্ত নিয়ন্ত্রণ, জাতীয় আইনসভায় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা নিষ্ক্রিয় করে দুই অংশকে সমান করা, আর ছোট প্রদেশগুলোর নেতাদের পক্ষে স্বায়ত্তশাসনপন্থী পূর্ব পাকিস্তানি দলগুলোর সঙ্গে জোট কঠিন করা; সিন্ধু পরিষদে ১১ ডিসেম্বর ১৯৫৪ প্রস্তাব পাস ১০০–৪, সীমান্ত প্রদেশে ২৫ নভেম্বর; ডা. খান সাহেবকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব; গণপরিষদে বিল পাস “43 votes to 13 on 30 September 1955”, আর ১৪ অক্টোবর এক প্রদেশের উদ্বোধন। বাংলা অনুবাদ আমাদের। ↩
  2. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৭৯ গ
    উমরের বিবরণ: “The three-day council meeting of the Awami Muslim League beginning on 21 October 1955”, সদরঘাটের কাছে রূপমহল সিনেমা হলে; সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাম বদলে দলকে অসাম্প্রদায়িক করা; পরিবর্তনের “principal spokesman” ভাসানী; সোহরাওয়ার্দী প্রথমে “very seriously opposed”; উমরের মূল্যায়নে মুজিব কিছুটা পক্ষে, কিন্তু সোহরাওয়ার্দীর অন্ধ সমর্থক বলে স্পষ্ট অবস্থান নিতে পারেননি (টীকায় অলি আহাদ, পৃ. ২৩৫–২৩৬); ২২ অক্টোবর ওয়ার্কিং কমিটির বৈঠকে সোহরাওয়ার্দীর সম্মতি; সংশোধনী তোলেন সোহরাওয়ার্দী, আর সংখ্যালঘুদের নিয়ে তাঁর উক্তি ও পাকিস্তান অবজারভারের প্রতিবেদন (টীকায় দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৪৫১–৪৫২; আমাদের সংস্করণে একই প্রতিবেদন পৃ. ৪৪৭–৪৪৮)। মুজিবের অবস্থান নিয়ে উমরের মূল্যায়ন তাঁর নিজের; আমরা লেখায় তা নিইনি। বাংলা অনুবাদ আমাদের। ↩
  3. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৪৭ ক
    পাকিস্তান অবজারভার, ২৪ অক্টোবর ১৯৫৫, নিজস্ব প্রতিবেদক: “Awami League open to non-Muslims”; কাউন্সিলের পূর্ণ অধিবেশন “yesterday” বিষয় নির্বাচনী কমিটির সুপারিশ মেনে নাম থেকে ‘মুসলিম’ বাদ দেয়; সংশোধনী তোলেন সভাপতি সোহরাওয়ার্দী, সভাপতিত্ব করেন ভাসানী; ভাসানীর ভাষণ এতটাই “convincing and moving” যে বিরোধিতা প্রায় মিলিয়ে যায়, “in a house of about six hundred councilors there were only five to vote against the proposal”; রূপমহলে স্লোগান “Shaheed Bhasani Zindabad, Hindu-Muslim Bhai-Bhai”; “This is the first time a Political Party, dominated by Muslims and of considerable significance in the Political life of the country, has decided to throw its doors open to members of all communities”; নতুন নাম “East Pakistan Awami League”, আঠারো বছরের বেশি যে-কোনো নাগরিক সদস্য হতে পারবেন; শুক্রবার বিষয় নির্বাচনী কমিটিতে প্রভাবশালী অংশের আপত্তি, “inopportune timing”, ভোট কোন দিকে যাবে নিশ্চিত ছিল না; ভাসানী তখন আওয়ামী লীগ অফিসের পাশের ঘরে বিশ্রামে, তবু সবচেয়ে প্রভাবশালী। সূত্রে ভিন্নতা: অসমাপ্ত আত্মজীবনীর ঘটনাপঞ্জিতে (পৃ. ২৯৪) নাম বদলের তারিখ ২১ অক্টোবর, যা উমরের হিসাবে কাউন্সিল শুরুর দিন; অবজারভারের “গতকাল” অর্থ ২৩ অক্টোবর। বাংলা অনুবাদ আমাদের। ↩
  4. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৪৮ ক
    একই প্রতিবেদনের দ্বিতীয় পাতা: ভাসানীর ব্যাখ্যা, সব সম্প্রদায়ের দল গড়ার প্রস্তাব আগেও উঠেছিল, কিন্তু দল যথেষ্ট শক্তিশালী হওয়ার আগে এ পদক্ষেপ নিলে আক্রমণে টিকতে না পারার ভয় ছিল, এখন আওয়ামী লীগ এমন শক্তিশালী যে “it could not die”; সোহরাওয়ার্দীর উদ্ধৃত বাক্য (“Give them (the minorities) the opportunity…”); তিনি বলেন “for about fifty minutes”; ন্যায়বিচার ছাড়া অবিশ্বাস অনিবার্য, কংগ্রেস ন্যায্য অধিকার দেয়নি বলেই মুসলমানরা পাকিস্তান চেয়েছিল, একই আচরণ এখানে হিন্দুদের সঙ্গে হলে তাদের অবস্থা দেশভাগের আগের ভারতের মুসলমানদের মতো হবে; সংখ্যালঘুরা কেন ক্ষমতাসীন দলের সঙ্গে হাত মিলিয়েছে, তার ব্যাখ্যা; পশ্চিমের পাকিস্তান আওয়ামী লীগের সঙ্গে নামের সমতার কথা। বাংলা অনুবাদ আমাদের। ↩
  5. অসমাপ্ত আত্মজীবনী, পৃ. ২৯৪ গ
    অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদকীয় ঘটনাপঞ্জি। ১৯৫৫: ২১ অক্টোবর কাউন্সিলে নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ, মুজিব আবার সাধারণ সম্পাদক। ১৯৫৬: ৩ ফেব্রুয়ারি খসড়া শাসনতন্ত্রে স্বায়ত্তশাসনের দাবিতে আওয়ামী লীগ নেতাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ; ১৪ জুলাই প্রশাসনে সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের বিরোধিতায় মুজিবের প্রস্তাব; “৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে খাদ্যের দাবিতে ভুখা মিছিল”, চকবাজারে পুলিশের গুলিতে তিনজন নিহত; ১৬ সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন আর ভিলেজ-এইড দপ্তরের মন্ত্রী। ১৯৫৭: ৩০ মে দলীয় সিদ্ধান্তে মন্ত্রিসভা থেকে পদত্যাগ; ২৪ জুন থেকে ১৩ জুলাই চীন সফর। ১৯৫৮: ৭ অক্টোবর সামরিক শাসন, ১১ অক্টোবর গ্রেফতার, প্রায় চৌদ্দ মাস পরে মুক্তি দিয়ে জেলগেটেই আবার গ্রেফতার, ১৯৬০ সালের ৭ ডিসেম্বর রিটে মুক্তি। সূত্রে ভিন্নতা: নাম বদলের দিন পাকিস্তান অবজারভারের হিসাবে ২৩ অক্টোবর (দলিলপত্র, পৃ. ৪৪৭); মুজিবের মন্ত্রী হওয়ার দিন কারাগারের রোজনামচার জীবনী অংশে ৬ সেপ্টেম্বর, মন্ত্রিসভা গঠনের দিন (পৃ. ২৮৮); নিহতের সংখ্যা উমরের বইয়ের এক জায়গায় তিন, আরেক জায়গায় এক (পৃ. ২৭৬, ২৯৫)। ↩
  6. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৩৭৩ ক
    দফা ১১–২১। ১২ নম্বরে “যুক্তফ্রন্টের কোন মন্ত্রী এক হাজারের বেশী বেতন গ্রহণ করিবেন না”; ১৪ নম্বরে জননিরাপত্তা আইনসহ “কালাকানুন” রদ; ১৫ নম্বরে বিচার বিভাগ পৃথক; ১৬ নম্বরে বর্ধমান হাউস; ১৭ নম্বরে শহীদ মিনার; ১৯ নম্বরে “পূর্ণ স্বায়ত্তশাসন ও সার্বভৌমিক”, স্থলবাহিনীর সদর দপ্তর পশ্চিমে আর নৌবাহিনীর পূর্বে, অস্ত্র কারখানা, আনসার; ২০–২১ নম্বরে পরিষদের মেয়াদ আর উপনির্বাচন। সূত্রে ভিন্নতা: দলিলপত্রে ছাপা ১৮ নম্বর দফায় “২২ শে ফেব্রুয়ারীকে শহীদ দিবস”; আবুল মনসুর (পৃ. ২৫২) আর উমর (Emergence, পৃ. ২৩৭) লিখেছেন ২১ ফেব্রুয়ারি। দলিলপত্রের পাঠে ছাপার ভুল, নাকি প্রচারপত্রেই তাই ছিল, আমরা নিশ্চিত হতে পারিনি। ১৮ নম্বর দফা স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  7. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৭৫ গ
    উমরের বিবরণ: একুশ দফার প্রতিশ্রুতি পূরণে সরকারের ১৯৫৫ সালের ডিসেম্বরে বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠা, “the building which was the residence of the prime minister since 1947” (টীকায় দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৪৪৮–৪৫০); জমকালো উদ্বোধনে প্রায় সবাই সরকারি কর্মকর্তা আর সরকারি দলের লোক, সাহিত্য-সংস্কৃতির মানুষ আমন্ত্রিতের তালিকা থেকে “virtually excluded”, তাই সমালোচনা; পরিষদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রায় চল্লিশজন সদস্যকে মন্ত্রিত্ব, পার্লামেন্টারি সেক্রেটারি আর অন্যান্য পদ; তেরো মাসে একবারও পরিষদের অধিবেশন নয়, বাজেটের জন্যও নয় (টীকায় কামরুদ্দিন আহমদ, পৃ. ১২৩); কেন্দ্র হককে গভর্নর করে পাঠায়; ১৯৫৬ সালের দুর্ভিক্ষ, যুক্তফ্রন্ট সদস্যদের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত; আবু হোসেন সরকার “personally reputed to be honest”, তবু দলের লোকদের পারমিট, যাঁরা সরকারি গুদাম থেকে মণপ্রতি দশ টাকায় চাল কিনতেন। সূত্রে ভিন্নতা: রিজভী (পৃ. ৭৪) লিখেছেন, ২২ মে ১৯৫৬ পরিষদের একটি সংক্ষিপ্ত অধিবেশন বসেছিল। উমর প্রাদেশিক সরকারপ্রধানকে বলেছেন “prime minister”; আমরা লিখেছি মুখ্যমন্ত্রী। বাংলা অনুবাদ আমাদের। ↩
  8. ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১৮৮ গ
    ভ্যান শেন্ডেলের বর্ণনা: বাংলা একাডেমি যে ভবনে, সেটি বিশ শতকের নানা পর্বের সাক্ষী; ১৯০৫ সালে বাংলা ভাগের সময় বর্ধমানের মহারাজার তৈরি, তাই নাম বর্ধমান হাউস; দেশভাগের পরে “it became the seat of East Pakistan's chief minister, who presided over the killings of Bengali language activists in 1952”, আর সে কারণেই পাকিস্তান-পরবর্তী সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রধান প্রতীকের জন্য “a perfect location”। ভ্যান শেন্ডেল মুখ্যমন্ত্রীর নাম দেননি; ১৯৫২ সালে মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমীন (দ্বিতীয় অধ্যায়, “একুশে ফেব্রুয়ারি”)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  9. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৪৪ ক
    দলিলপত্রে ছাপা “বাংলা একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে উজীরে আলা জনাব আবু হোসেন সরকারের ভাষণ”, সূত্র পাকিস্তান সরকার, তারিখ ডিসেম্বর ১৯৫৫: একুশ দফায় দেওয়া প্রতিশ্রুতির একটি পালন; বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার সর্বজনীন দাবি থেকেই একাডেমির পরিকল্পনা; উদ্ধৃত বাক্য দুটি; প্রথম যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী সৈয়দ আজিজুল হক একাডেমি গড়ার কাজ শুরু করেছিলেন, কিন্তু তা তখন বাস্তব রূপ পায়নি। দুই উদ্ধৃত বাক্যের মাঝখানের যে বাক্য আমরা বাদ দিয়েছি, তাতে ছাপার ভুল আছে (“প্রতিরোধ্য”, “আজিকর”)। ভাষণের তারিখ সংকলনে শুধু মাস দেওয়া। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  10. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৫৮–৪৫৯ ক
    পাকিস্তান গণপরিষদে খসড়া সংবিধান নিয়ে শেখ মুজিবুর রহমানের বক্তৃতা, ২১ জানুয়ারি ১৯৫৬: মানুষ ভোট দিয়েছে একুশ দফাকে, “They never voted for Mr. Suhrawardy or for Mr. Fazlul Huq or for Maulana Bhashani.”; ডেপুটি স্পিকারের তিন বাধা: “This has been read before.”, “We have heard this argument from Mr. Abul Mansur. We want some new arguments.” আর “So, Mr. Abul Mansur also informed us (Laughter).”; প্রতিরক্ষা, পররাষ্ট্র আর মুদ্রা, এই তিন বিষয়ে কেন্দ্র; গুরমানীর হিসাবে কেন্দ্রের রাজস্বে পূর্ব বাংলার অংশ ২৫ থেকে ২০, তারপর ১৪ শতাংশ; দুই হাতের উপমার অংশটি; “We blame the ruling junta. These jagirdars zaminders…”। পৃ. ৪৫৯: “You can kill us, you can jail us. Sometimes we hear that our lives are in danger, but we are not afraid… They can betray but we cannot.”; সদস্য আবদুল আলীমের বাধা, “We have never betrayed.” (এই নামের একজন যুক্তফ্রন্ট সদস্য গণপরিষদে নির্বাচিতদের তালিকায় আছেন, দলিলপত্র, পৃ. ৪১৭); আর সংবিধান গণতান্ত্রিক, একুশ দফাভিত্তিক না হলে তার “tooth and nail” বিরোধিতার ঘোষণা। বাংলা অনুবাদ আমাদের। ↩
  11. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৬৭–৪৭১ ক
    গণপরিষদে বিরোধী দলের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বক্তৃতা, ৩১ জানুয়ারি ১৯৫৬ (শুরু পৃ. ৪৬৭)। পৃ. ৪৭১: পশ্চিম পাকিস্তানের শাসক দল “want to have and eat the cake”; সংবিধানে বারবার সমতার কথা, অথচ “all that goes with parity has been ignored by them”; “I maintain that the people of Bengal would not have accepted parity had it not been coupled with regional autonomy.”; একই পাতায় চাষির হাতে জমির প্রসঙ্গ। উমরও (পৃ. ২৯৩–২৯৪) এই অংশ উদ্ধৃত করেছেন। বাংলা অনুবাদ আমাদের। ↩
  12. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪৮২–৪৮৩ ক
    দলিলপত্রে ছাপা ১৯৫৬ সালের সংবিধান, সংকলনের শিরোনামে তারিখ “২রা মার্চ ১৯৫৬”। পৃ. ৪৮৩: প্রস্তাবনার শেষে “we the people of Pakistan in our Constituent Assembly this twenty-ninth day of February, 1956, and the seventeenth day of Rajab, 1375, do hereby adopt, enact and give to ourselves this Constitution”; অনুচ্ছেদ ১(১) “Pakistan shall be a Federal Republic to be known as the Islamic Republic of Pakistan”; ১(২)(ক) “the territories of the Provinces of East Pakistan and West Pakistan”; আর ব্যাখ্যা: “the Province of East Pakistan shall mean the Province known immediately before the Constitution Day as the Province of East Bengal”, আর পশ্চিম পাকিস্তান প্রদেশ মানে ১৯৫৫ সালের পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠা আইনে গড়া প্রদেশ। সূত্রে ভিন্নতা: উমর (পৃ. ২৯৪) লিখেছেন সংবিধান “finally adopted on 23 March 1956”; রিজভীর (পৃ. ৭২) হিসাবে ২৩ মার্চ সংবিধান চালুর দিন। গ্রহণের দিন আমরা প্রস্তাবনা থেকে নিয়েছি। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা (পৃ. ৪৮৩)। ↩
  13. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৪৭ ক
    ১৯৫৬ সালের সংবিধানের অনুচ্ছেদ ২১৪, “State languages”: “(1) The State languages of Pakistan shall be Urdu and Bengali”; শর্ত, সংবিধান দিবস থেকে বিশ বছর যেসব সরকারি কাজে ইংরেজি চলছিল, সেসব কাজে ইংরেজিই চলবে, তারপর সংসদ আইন করে ইংরেজির ব্যবহার ঠিক করবে। বাংলা অনুবাদ আমাদের। ↩
  14. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৯৪ গ
    উমরের বিবরণ: চূড়ান্ত খসড়ায় সমতার শর্তগুলো “went by default”, যুক্ত নির্বাচনও রাখা হয়নি; শেষ দিনে আওয়ামী লীগ সদস্যদের ওয়াকআউট আর সংবিধানে সই করতে অস্বীকৃতি; “But what was quite surprising”, দলের নেতা সোহরাওয়ার্দী বিরোধী দলের নেতা হিসেবে সই করেন; হকের নেতৃত্বের যুক্তফ্রন্ট সদস্যদের সমর্থন আর সই; ইস্কান্দার মির্জার শর্ত, গভর্নর জেনারেল হিসেবে নয়, প্রেসিডেন্ট হিসেবেই সই করবেন, আর চৌধুরী মোহাম্মদ আলীর তা মেনে নেওয়া (টীকায় কামরুদ্দিন আহমদ, পৃ. ১২৩-এর পাদটীকা)। ওয়াকআউটের সূত্র আবুল মনসুর আহমদ (উমরের ব্যবহৃত সংস্করণে পৃ. ৩১৯–৩২০), কামরুদ্দিন আহমদ আর অলি আহাদ। সূত্রে ভিন্নতা: উমর লিখেছেন সংবিধান “finally adopted on 23 March 1956”; দলিলপত্রে ছাপা প্রস্তাবনায় গ্রহণের তারিখ ২৯ ফেব্রুয়ারি (পৃ. ৪৮৩)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  15. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৭২ গ
    রিজভীর বিবরণ: ১৯৫৪ সালের সেপ্টেম্বরে গণপরিষদ প্রোডা বাতিল করে, আর “without the prior knowledge of the Governor General” তাড়াহুড়া করে ১৯৪৭ সালের অন্তর্বর্তী সংবিধানে সংশোধনী আনে, যাতে তিনি সরকার বরখাস্তের ক্ষমতা হারান; সংবিধান খসড়া কমিটির চূড়ান্ত খসড়া “stripped the head of state of effective powers in the British parliamentary tradition”। গোলাম মোহাম্মদ ২৪ অক্টোবর গণপরিষদ ভেঙে দেন, এই বলে যে সাত বছরে সংবিধান দিতে না পেরে এটি “lost the confidence of the people”; তমিজুদ্দিন খানের মামলা গড়ায় সিন্ধু চিফ কোর্ট আর ফেডারেল কোর্টে; ফেডারেল কোর্ট একের পর এক রায় আর পরামর্শমূলক মতামতে ভাঙা বহাল রাখে, “but restrained him from imposing a constitution on the country”। নতুন মন্ত্রিসভার সদস্য বাছাই গভর্নর জেনারেলের নিজের; “cabinet of talent”, “dominated by bureaucratic-military and industrial elements”; মূল পদে চৌধুরী মোহাম্মদ আলী, ইস্কান্দার মির্জা আর এম. এ. এইচ. ইস্পাহানি; সেনাপ্রধান আইয়ুব প্রতিরক্ষামন্ত্রী, যা “reviving the memory of the Viceroy's Executive Council which included the C-in-C as its member”; “None of them was interested in promoting parliamentary democracy, adult suffrage and provincial autonomy.” পাতার শেষ দিকে: জুন ১৯৫৫ পরোক্ষ ভোটে নতুন গণপরিষদ; আগস্টে চৌধুরী মোহাম্মদ আলীর কোয়ালিশন সরকার, আর গোলাম মোহাম্মদের জায়গায় ইস্কান্দার মির্জা; ২৩ মার্চ ১৯৫৬ সংসদীয় সংবিধান চালু। সূত্রে ভিন্নতা: ভাঙার তারিখ রিজভী আর পাকিস্তান অবজারভারে (দলিলপত্র, পৃ. ৪০৭) ২৪ অক্টোবর; আবুল মনসুর (পৃ. ২৬৭) আর উমর (পৃ. ২৫৫) লিখেছেন ২৩ অক্টোবর। গেজেটের বিশেষ সংখ্যায় ঘোষণা প্রকাশের কথা অবজারভারের খবরে। বাংলা অনুবাদ আমাদের। ↩
  16. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৬০ গ
    উমরের বিবরণ: নতুন গণপরিষদ গঠিত হয় “on 21 June 1955”; পূর্ব বাংলার চল্লিশজনের একত্রিশজন মুসলমান (যুক্তফ্রন্ট ১৬, আওয়ামী মুসলিম লীগ ১২, মুসলিম লীগ ১, স্বতন্ত্র ২) আর নয়জন অমুসলমান (কংগ্রেস ৪, ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি ২, তফসিলি ফেডারেশন ৩); ১৭ জুন বিকেলে পল্টনে ভাসানীর সভাপতিত্বে আওয়ামী মুসলিম লীগের জনসভা, একুশ দফার ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের সংবিধানের দাবি; ২৩ জুন আতাউর রহমান খানের সভাপতিত্বে ওয়ার্কিং কমিটির প্রস্তাব, স্বায়ত্তশাসন না এলে গণপরিষদ সদস্যরা পদত্যাগ করবেন; ১৯৫৬ সালের সংবিধানে স্বায়ত্তশাসন না এলেও তাঁরা পদত্যাগ না করে “joined the government both at the centre and in East Bengal” (টীকায় অলি আহাদ, পৃ. ২৩৩); ১৪ জুন ১৯৫৭ সোহরাওয়ার্দীর “98 percent autonomy” দাবি; ৭ জুলাই মারিতে প্রথম অধিবেশন, ৫ জুলাই ঢাকা থেকে বিমানে যাত্রা, লাহোরে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি। বাংলা অনুবাদ আমাদের। ↩
  17. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৭৬ গ
    উমরের বিবরণ: দুর্ভিক্ষের বাজারে সরকারি গুদামের চাল তিন-চার গুণ দামে বিক্রি, সরকারি দলের লোকদের কালোবাজারি (টীকায় কামরুদ্দিন আহমদ, পৃ. ১২৪); ৭ মে ১৯৫৬ কেন্দ্রের কাছে পঞ্চাশ কোটি টাকা দাবি করে ভাসানীর অনশন, একই দিনে কেন্দ্রীয় মন্ত্রী বসন্ত কুমার দাসের চিঠি; ১৯–২০ মে মুকুল সিনেমা হলে কাউন্সিল, অলি আহাদের সর্বদলীয় দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির প্রস্তাবে মুজিবের বিরোধিতা; গভর্নরকে দিয়ে বাজেট সার্টিফাই; ইস্কান্দার মির্জা আর প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর হককে ৩০ আগস্টের মধ্যে পরিষদ ডাকার অনুরোধ; ১ সেপ্টেম্বর থেকে মুজিবের নেতৃত্বে রোজ মিছিল; ৪ সেপ্টেম্বর বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা আর অন্য জায়গা থেকে বিপুল মানুষ চকবাজারে, কাঁদানে গ্যাস, লাঠি, তারপর গুলি, “Three persons were killed and a number of them were injured.”; সেদিন বিকেলেই আবু হোসেন সরকারের পদত্যাগ, পরদিন ৫ সেপ্টেম্বর আতাউর রহমান খানকে আমন্ত্রণ, ৬ সেপ্টেম্বর কোয়ালিশন সরকার (বাক্যটি পরের পাতায় শেষ)। টীকায় সূত্র অলি আহাদ (পৃ. ২৪৮–২৫১) আর কামরুদ্দিন আহমদ। উমর মির্জাকে এখানে বলেছেন “the Governor General”, যদিও ২৩ মার্চ ১৯৫৬ থেকে তিনি প্রেসিডেন্ট। সূত্রে ভিন্নতা: উমরের বইয়েরই পৃ. ২৯৫-এ নিহত একজন; সরকারের পদত্যাগ রিজভীর (পৃ. ৭৫) হিসাবে ৩০ আগস্ট; আতাউরকে আমন্ত্রণ পাকিস্তান অবজারভারের (দলিলপত্র, পৃ. ৫৭৯) হিসাবে ৪ সেপ্টেম্বর। বাংলা অনুবাদ আমাদের। ↩
  18. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৪০৫–৪০৬ ক
    একই প্রতিবেদনের পরের দুই পাতা। পৃ. ৪০৫: কেন্দ্রের নির্দেশের পরও হক প্রকাশ্যে অস্বীকার করেন যে দাঙ্গায় কমিউনিস্ট বা অন্য নাশকতাকারীদের হাত ছিল; কেন্দ্র আর মুসলিম লীগ দাঙ্গা বাধিয়েছে বলে যুক্তফ্রন্ট নেতাদের “fantastic allegation”, প্রধানমন্ত্রীর ভাষায় “a deliberate falsehood and wicked attempt to mislead the people and make political capital out of a great tragedy”; হকের সাম্প্রতিক বক্তব্য “against the background of his Calcutta Utterances” দেখে সিদ্ধান্ত যে তিনি “fundamentally opposed to Pakistan”; গত সফরের পরে হকের “psychological makeup had undergone a remarkable metamorphosis”: প্রথম সফরে তিনি প্রদেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন, শক্তিশালী কেন্দ্রের পক্ষেও ছিলেন, দ্বিতীয় সফরে বলেন পূর্ব বাংলায় কোনো কমিউনিস্ট নেই; রয়টার আর নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারের উল্লেখ। পৃ. ৪০৬: “Three days later, however… plainly told us that his objective was an independent East Bengal”; কলকাতার উক্তি নিয়ে হকের “evasive explanation”; “I leave Mr. Fazlul Huq and his various statements to the contemplation and judgment of my countrymen. I have no doubt that their verdict will be that Mr. Fazlul Huq is a traitor to Pakistan.” আর কায়েদে আযমের উক্তি “a curse”। ছাপা প্রতিবেদনে মুজিবের নাম নেই। প্রথম সফরে হকের মত নিয়ে দাবিটি প্রধানমন্ত্রীর; হকের দিক থেকে এর কোনো বিবরণ আমরা পাইনি। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা (পৃ. ৪০৬)। ↩
  19. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৭৪–৭৫ গ
    রিজভীর বিবরণ: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয়, ৩০ মে হকের অপসারণ, ইস্কান্দার মির্জার কঠোর শাসন; কেন্দ্রের শাসন চলে ৬ জুন ১৯৫৫ পর্যন্ত, যখন আবু হোসেন সরকারের মন্ত্রিসভা বসে; পরিষদে যথেষ্ট সমর্থন না থাকায় ২২ মে ১৯৫৬-র আগে অধিবেশন ডাকা হয়নি, আর সেই সংক্ষিপ্ত অধিবেশনেই সমর্থনের অভাব ধরা পড়ে; ২৬ মে তিন মাসের ব্যয় অনুমোদনের জন্য প্রেসিডেন্টের শাসন; ১ জুন মন্ত্রিসভা পুনর্বহাল। পৃ. ৭৫: সরকার চালাতে না পেরে ৩০ আগস্ট পদত্যাগ, আবার প্রেসিডেন্টের শাসন; ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী; ১৭ সেপ্টেম্বর মে ১৯৫৪-র পরে প্রথম পূর্ণদিবস অধিবেশন; তারপর ১৯৫৮ সালের মন্ত্রিসভা সংকটের শুরু। সূত্রে ভিন্নতা: উমর (পৃ. ২৭৫) লিখেছেন সরকার তেরো মাসে একবারও অধিবেশন ডাকেনি, আর (পৃ. ২৭৬) পদত্যাগ ৪ সেপ্টেম্বরের গুলির পরে, সেদিন বিকেলে। বাংলা অনুবাদ আমাদের। ↩
  20. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৯৫ গ
    উমরের অধ্যায় ৩৬-এর শুরু: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী পূর্ব বাংলায়, ঢাকার বাইরে সফরে; প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলী আর প্রেসিডেন্ট মির্জা তাঁকে করাচি যেতে অনুরোধ করেন, তিনি রাজি হননি; মুসলিম লীগ থেকে মির্জা-সমর্থিত রিপাবলিকান পার্টিতে দলত্যাগে কেন্দ্রীয় সরকার পতনের মুখে; সোহরাওয়ার্দীর দাবি, সরকার সরকারকে বরখাস্ত করে আওয়ামী লীগ সরকার; ৪ সেপ্টেম্বর গুলি আর “the death of one person”-এর পরে গভর্নর হক যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করতে বাধ্য হন; ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের কোয়ালিশন, শুরুতে আওয়ামী লীগ, গণতন্ত্রী দল আর কফিলুদ্দিন চৌধুরীর অংশ, পরে কংগ্রেস, “the Tapshili (scheduled caste) Federation” আর ধীরেন দত্তের ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি; ৫ সেপ্টেম্বর মির্জার হঠাৎ ঢাকা আগমন; শপথে মির্জা আর সোহরাওয়ার্দী উপস্থিত; উমরের ধারণা, সব “decided earlier in Karachi”; শপথের পর দুজনের একই প্লেনে করাচি ফেরা। টীকায় সূত্র কামরুদ্দিন আহমদ, অলি আহাদ আর মণি সিংহ। সূত্রে ভিন্নতা: উমরের বইয়েরই পৃ. ২৭৬-এ নিহত তিনজন, আর সরকারের বিদায় সেখানে পদত্যাগ, এখানে বরখাস্ত। বাংলা অনুবাদ আমাদের। ↩
  21. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৭৯ ক
    পাকিস্তান অবজারভার, ৫ সেপ্টেম্বর ১৯৫৬, নিজস্ব প্রতিবেদক: “ATAUR RAHMAN CALLED TO FORM MINISTRY”; গভর্নর হক “yesterday” বিরোধী দলের নেতা আতাউর রহমান খানকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ জানান; আমন্ত্রণপত্র পৌঁছায় “soon after 5 p.m.”, আগের সূচি অনুযায়ী চারটা থেকে চলা আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সভার মধ্যে; দলে কারও কারও মত, এখনই ক্ষমতা নেওয়া ঠিক নয়; ভাসানীর পরামর্শ, ঘাটতি মেটাতে যত খাদ্য লাগে, দাম যা-ই হোক, কেন্দ্র তা দেবে এমন আশ্বাস না পেলে দায়িত্ব নয়; পার্লামেন্টারি পার্টি আর তার পরেই ওয়ার্কিং কমিটির ক্ষমতা নেওয়ার সিদ্ধান্ত; সম্ভাব্য প্রায় এগারো সদস্যের মন্ত্রিসভা, আওয়ামী লীগ পাঁচ, কংগ্রেস দুই, গণতন্ত্রী দল, ইউপিপি আর তফসিলি একজন করে, আরেকজন। খবরে নিহতের সংখ্যা নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  22. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৮০ ক
    একই প্রতিবেদনের দ্বিতীয় পাতা: আতাউর মন্ত্রীদের তালিকা জমা দেওয়ার পরেই প্রদেশ থেকে প্রেসিডেন্টের শাসন তুলে নেওয়া হবে; রাত পর্যন্ত সার্কিট হাউসে সোহরাওয়ার্দীর কামরায় বিরোধী দলগুলোর নেতাদের আলোচনা, উপস্থিতদের মধ্যে সোহরাওয়ার্দী, আতাউর রহমান, বসন্ত কুমার দাস, মাহমুদ আলী, শেখ মুজিবুর রহমান আর অন্যরা। বাংলা অনুবাদ আমাদের। ↩
  23. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ২৭৭ গ
    উমরের বিবরণ, আগের পাতার শেষ বাক্যের ধারাবাহিকতায়: ৬ সেপ্টেম্বর ১৯৫৬ আতাউর রহমান খানের কোয়ালিশন সরকার, আওয়ামী মুসলিম লীগ, গণতন্ত্রী দল আর কৃষক শ্রমিক পার্টির কফিলুদ্দিন অংশ নিয়ে; গভর্নমেন্ট হাউসে শপথে “Governor General Iskandar Mirza” আর সোহরাওয়ার্দী উপস্থিত; পরে যোগ দেয় পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস আর ধীরেন দত্তের অংশের ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি (টীকায় অলি আহাদ, পৃ. ২৫১; কামরুদ্দিন আহমদ, পৃ. ১২৩–১২৪)। মির্জা তখন প্রেসিডেন্ট; উমর এখানে পুরোনো পদবি লিখেছেন। এই তালিকায় তফসিলি ফেডারেশন নেই; উমরের বইয়ের পৃ. ২৯৫-এ আছে। বাংলা অনুবাদ আমাদের। ↩
  24. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৮১ ক
    পূর্ব পাকিস্তান সরকারের প্রচার, ৭ সেপ্টেম্বর ১৯৫৬: “আমাদের নীতি ও কার্যক্রম”, সংকলনের ভাষায় “পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী” আতাউর রহমান খানের বেতার ভাষণ, ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে; ভূমিকায় সব রাজবন্দির মুক্তির ঘোষণার কথা; ভাষণে: শপথ নিয়েছেন সাড়ে ছাব্বিশ ঘণ্টা আগে, সরকার গঠন তখনো সম্পূর্ণ নয়, তিনি আর তাঁর চার সহকর্মী; কার্যভার নেওয়ার “মাত্র একদিন আগে” পুলিশের গুলিতে ঢাকা শহরের গোলযোগ, তার বিচার বিভাগীয় তদন্ত আর নিহত-আহতদের উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ; তারপর খাদ্য সমস্যা। ভাষণের কথা আমরা নিজের ভাষায় লিখেছি। সূত্রে ভিন্নতা: গুলি ৪ সেপ্টেম্বর, শপথ ৬ সেপ্টেম্বর; “একদিন আগে” কথাটি সম্ভবত ৫ সেপ্টেম্বরকে কার্যভার নেওয়ার দিন ধরে বলা, এটা আমাদের পাঠ। ↩
  25. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৯০–৫৯১ ক
    পাকিস্তান অবজারভার, ১২ অক্টোবর ১৯৫৬: “NATIONAL ASSEMBLY PASSES ELECTORATE BILL (48-19)”, “Unparalleled All-night Marathon Session”; আগের দিন সকালে শুরু চৌদ্দ ঘণ্টার বেশি বিতর্ক, বিল পাস “at 4 a. m. (East) by 48 votes to 19”: পূর্ব পাকিস্তানে যুক্ত নির্বাচন, পশ্চিম অংশে পৃথক নির্বাচন; প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর শেষ কথা, এই পরিস্থিতিতে “the best possible solution”, যা দুই অংশকে কাছে আনবে; তার আগে বিরোধীদের উদ্দেশে, মানুষকে গোঁড়ামি আর ধর্মান্ধতা থেকে বাঁচাতে চাইলে “they should have the guts to go and tell them that the question of electorate had nothing to do with religion”; মুসলিম লীগ নেতা চুন্দ্রিগড়ের পৃথক নির্বাচনের পক্ষে যুক্তি। পৃ. ৫৯১: ডা. খান সাহেব আর মিয়া ইফতিখারউদ্দিনের বক্তব্য। বাংলা অনুবাদ আমাদের। ↩
  26. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৫৯২ ক
    মওলানা ভাসানীর লিফলেট, ১৩ জানুয়ারি ১৯৫৭: “পূর্ব বাংলার গরীব চাষী, মজুর, ছাত্র, যুবক ও জনসাধারণের প্রতি-আমার আবেদন”; উদ্ধৃত বাক্য (ছাপায় “নহে-এ”, হাইফেনসহ); যাঁরা দেশ চালান, তাঁরা চলেন শতকরা পঁচানব্বইজন গরিব আর সব শ্রেণির মানুষের টাকায়; দুর্নীতি, স্বজনপ্রীতি আর চোরাকারবারির বিরুদ্ধে ঐক্যের ডাক; পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন আর একুশ দফার “বাকী ১৪ দফা” আদায়ে আওয়ামী লীগের মাধ্যমে আন্দোলনের আহ্বান; ৭ ফেব্রুয়ারি থেকে সন্তোষ কাগমারীতে সপ্তাহব্যাপী “বিরাট সম্মেলন”; কর্মসূচিতে ৭ আর ৮ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল সভা, ৭ ফেব্রুয়ারি থেকে কৃষি ও শিল্প প্রদর্শনী আর সাংস্কৃতিক সম্মেলন; স্বাক্ষর “জনগণের নগণ্য খাদেম”। লিফলেটের প্রথম বাক্যগুলো স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • গ · গবেষণা
    হাসান আসকারি রিজভী (Hasan Askari Rizvi), Military, State and Society in Pakistan। Basingstoke: Macmillan; New York: St. Martin's Press, 2000।গবেষণা। পাকিস্তানি রাষ্ট্রবিজ্ঞানীর লেখা, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী আর আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে; এখানে কেন্দ্রের রাজনীতি আর তারিখের জন্য। পাতা নম্বর ছাপা সংস্করণের, পাতার মাথার শিরোনাম থেকে পড়া।
  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • খ · নিজের ভাষ্য
    শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জুন ২০১২।লেখকের নিজের ভাষ্য। বইয়ের টীকা অনুযায়ী লেখা শুরু ১৯৬৭ সালের দ্বিতীয়ার্ধে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অর্থাৎ ১৯৪৮-এর ঘটনার প্রায় দুই দশক পরে, স্মৃতি থেকে। কয়েকটি তারিখ অন্য সূত্রের সঙ্গে মেলে না; পাদটীকায় তা দেখানো আছে।
  • গ · গবেষণা
    উইলেম ভ্যান শেন্ডেল (Willem van Schendel), A History of Bangladesh। Cambridge: Cambridge University Press, 2009।গবেষণা। ডাচ ইতিহাসবিদের লেখা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস; এখানে পটভূমি আর সংখ্যার জন্য।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১১ নভেম্বর ২০২৬।