EN
পর্ব ২ · অধ্যায় ৩ · পাতা ১৩/১৩

যুক্তফ্রন্ট

১৯৫৩–১৯৫৮
এই পাতা পড়তে প্রায় ৭ মিনিট১টি দৃশ্য১৫টি পাদটীকা
এই অধ্যায়ে · পাতা ১৩/১৩

নিজের ফাঁদে

সামরিক আইনের এক সপ্তাহও পেরোয়নি, মির্জা আর আইয়ুবের সম্পর্কে টান ধরল। রিজভী লিখেছেন, আইয়ুবকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আর প্রধান সামরিক আইন প্রশাসক বানানোর পরে মির্জা দেখলেন, ক্ষমতা তাঁর হাত থেকে ফসকে যাচ্ছে। ২০ অক্টোবর আইয়ুব যখন পূর্ব পাকিস্তান সফরে, মির্জা হারানো উদ্যোগ ফিরে পেতে সামরিক বাহিনীতে নিজের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলেন। শাসক জেনারেলরা চটে গিয়ে তাঁর মুখোমুখি হলেন; মির্জা অভিযোগটা জোর গলায় অস্বীকার করলেন।১

পূর্ব পাকিস্তান সফরে আইয়ুব ঢাকার পল্টন ময়দানে এক বড় জনসভায় বক্তৃতা করেন। উমরের মতে, কোনো প্রতিরোধ না থাকা আর সভার ভিড় দেখিয়ে দিয়েছিল, পরিবর্তনটা শুরুতে পূর্ব পাকিস্তানের মানুষের কাছে অপ্রিয় ছিল না।২ আইয়ুবের আত্মজীবনীর ভাষ্যে, অন্য জেনারেল আর অফিসাররা তাঁকে জানাচ্ছিলেন, মির্জার স্ত্রী অনবরত তাঁকে আইয়ুবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উসকাচ্ছেন, আর মির্জা নিজে সেনাবাহিনীর নানা শীর্ষ জেনারেল আর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁদের আইয়ুবের বিরুদ্ধে কোনো একটা বোঝাপড়ায় জড়াতে চাইছেন।৩

আইয়ুব আরেকটা ঘটনাও লিখেছেন। সেনাবাহিনীর আইনবিশেষজ্ঞরা মত দিলেন, সংবিধান বাতিল আর সামরিক আইন জারির পরে প্রেসিডেন্টের পদটাই অপ্রয়োজনীয়। প্রধান বিচারপতি মুনির, যিনি বিপ্লবের আগে কিছু বিষয়ে মির্জাকে পরামর্শ দিচ্ছিলেন, ভিন্নমত দিলেন। আইয়ুবের দাবি, তিনি তখন বলেছিলেন, ‘আমি মুনিরের সঙ্গে একমত। এটাই চূড়ান্ত।’ উমরের চোখে এটা আইয়ুবের চেনা কৌশল: নিজের পথে এগিয়ে যাওয়া, আর সংবিধান বাতিল থেকে প্রেসিডেন্টের পদ লোপ পর্যন্ত কোনো কিছুর দায় নিজের ঘাড়ে না নেওয়া।৩ প্রশ্নটা আবুল মনসুর তুলেছিলেন সাত অক্টোবরের রাতেই: সংবিধান বাতিল হলে সংবিধানের সৃষ্ট প্রেসিডেন্ট থাকেন কী করে?৪

আইয়ুবের ভাষ্যে, ততদিনে মানুষের মধ্যেও ধারণা জন্মাচ্ছিল যে মির্জা যতদিন আছেন, ষড়যন্ত্র চলবেই, আর সদর দপ্তর আর সেনা কর্মকর্তাদের দিক থেকে চাপ বাড়ছিল। শেষে তিনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন।৩৫ রিজভীর হিসাবে, সরে যাওয়ার আগের দিন মির্জা আইয়ুবকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন, আর ২৭ অক্টোবর সকালে নতুন মন্ত্রিসভা শপথ নিল।৬ সেদিন সন্ধ্যায় তিন লেফটেন্যান্ট জেনারেল, আজম খান, ওয়াজিদ আলী বার্কি আর খালিদ এম. শেখ, ব্রিগেডিয়ার বাহাদুর শেরকে সঙ্গে নিয়ে আইয়ুবের অনুমোদনে প্রেসিডেন্ট ভবনে গেলেন, আর মির্জাকে পদত্যাগ করতে বললেন। মির্জার সাড়া রিজভী লিখেছেন চার শব্দে: তিনি বিনা দ্বিধায় রাজি হলেন।১৬ আইয়ুবের নিজের বিবরণেও তিন জেনারেলই গিয়েছিলেন, আর মির্জা পরিস্থিতির গুরুত্ব বুঝে সরে যেতে রাজি হন।৫

সেই রাতে মির্জা ঘোষণা দিলেন। তিন সপ্তাহ আগে যে ব্যবস্থা তিনি নিয়েছিলেন, তা দেশে আর বিদেশের বন্ধুদের কাছে খুব ভালোভাবে গৃহীত হয়েছে, আর তারপর থেকে তিনি সাধ্যমতো জেনারেল আইয়ুবকে সাহায্য করে আসছেন; তবু দ্বৈত নিয়ন্ত্রণের সামান্য আভাসও এই বিশাল, জরুরি কাজটা ব্যাহত করতে পারে।৭ আর দ্বিতীয় কারণটা তিনি লিখলেন এভাবে:

দেশে-বিদেশে বহু মানুষের মনে একটা দুর্ভাগ্যজনক ধারণা আছে যে জেনারেল আইয়ুব আর আমি সব সময় একসঙ্গে কাজ না-ও করতে পারি। আমার মনে না হয়ে পারে না, এমন ধারণা চলতে দিলে তা আমাদের লক্ষ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। তাই আমি সরে দাঁড়ানোর আর সমস্ত ক্ষমতা জেনারেল আইয়ুব খানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। … জেনারেল আইয়ুব খান আর তাঁর সহকর্মীদের সৌভাগ্য কামনা করি।

“An unfortunate impression exists in the minds of a great many people both at home and abroad that General Ayub and I may not always act in union. Such an impression, I can't help feeling, if allowed to continue, would be most damaging to our cause. I have, therefore, decided to step aside and hand over all powers to General Ayub Khan. … I wish General Ayub Khan and his colleagues the best of luck.”

প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার ঘোষণা, ২৭ অক্টোবর রাত; পাকিস্তান অবজারভার, ২৮ অক্টোবর ১৯৫৮৭

সেই একই দিনে, ২৭ অক্টোবর, পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, যা সামরিক সরকারকে দিল আইনি বৈধতা।৬ মামলাটার নাম স্টেট বনাম দোসো। রায়ে প্রধান বিচারপতি মুহাম্মদ মুনির ব্যাখ্যা করলেন, বিপ্লব কখন নিজেই আইন হয়ে ওঠে।৮

সংবিধান ভাঙার চেষ্টা ব্যর্থ হলে, যাঁরা তার উদ্যোক্তা বা সংগঠক, বিদ্যমান সংবিধানের বিচারে তাঁরা রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী। কিন্তু বিপ্লব যদি এই অর্থে বিজয়ী হয় যে পরিবর্তনের মধ্য দিয়ে যাঁরা ক্ষমতা নিয়েছেন তাঁরা দেশের অধিবাসীদের নতুন শাসন মেনে চলতে সফলভাবে বাধ্য করতে পারেন, তাহলে বিপ্লব নিজেই হয়ে ওঠে আইন সৃষ্টির এক ঘটনা, কারণ তারপর থেকে তার বৈধতা বিচার করা হয় বাতিল সংবিধান দিয়ে নয়, তার নিজের সাফল্য দিয়ে।

“If the attempt to break the Constitution fails, those who sponsor or organise it are judged by the existing Constitution as guilty of the crime of treason. But if the revolution is victorious in the sense that the persons assuming power under the change can successfully require the inhabitants of the country to conform to the new regime, then the revolution itself becomes a law-creating fact because thereafter its own legality is judged not by reference to the annulled Constitution but by reference to its own success.”

প্রধান বিচারপতি মুহাম্মদ মুনির, স্টেট বনাম দোসো মামলার রায়৮৯

কয়েক লাইন পরে সিদ্ধান্ত: একটা বিজয়ী বিপ্লব বা সফল কু দেতা সংবিধান বদলের একটা “আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি পদ্ধতি”।৯ রিজভী লিখেছেন, রায়টা দাঁড়িয়ে ছিল আইনতাত্ত্বিক হান্স কেলসেনের বিপ্লবী বৈধতার সূত্রের ওপর।৬ রায় যেদিন বেরোল, ইস্কান্দার মির্জা তখনও প্রেসিডেন্ট। সেদিন রাতে তিনি আর প্রেসিডেন্ট নন।

সেই রাতেই সেনা কর্তৃপক্ষ মির্জাকে সরিয়ে নিল কোয়েটায়। ২ নভেম্বর তাঁকে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে; সেখানেই ১৯৬৯ সালের নভেম্বরে তাঁর মৃত্যু।৬ সাত অক্টোবরের ঘোষণার শেষে মির্জা দেশদ্রোহীদের উদ্দেশে বলেছিলেন, পারলে, আর সময় ভালো থাকতে থাকতে, তারা বরং দেশ ছেড়ে পালাক।১০ উমর কথাটা ফিরিয়ে দিয়েছেন মির্জার দিকেই: স্ত্রীকে নিয়ে তিনি লন্ডনে গেলেন এমন সময়ে, যখন সময়টা আর তেমন ভালো নেই।৫

জেলখানায় খবরটা পৌঁছাল ২৮ অক্টোবরের কাগজে: প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ‘স্টেপ ডাউন’ করেছেন, তাঁর আসনে বসেছেন জেনারেল আইয়ুব খান।১১ সেলে বসে খবরটা পড়ার মুহূর্তটা আবুল মনসুর পরে লিখেছেন এভাবে:

হাসিব কি কাঁদিব হঠাৎ স্থির করিতে পারিলাম না। নিজের ফাঁদে নিজে পড়িবার এমন দৃষ্টান্ত সাম্প্রতিক ইতিহাসে ত নাই-ই, নীতি কথার বই-এ ছাড়া আর কোথায় পড়িয়াছি, তাও মনে করিতে পারিলাম না। হায় বেচারা মির্যা!

আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর১১

তাঁর ধারণা, নির্বাচন ঠেকিয়ে প্রেসিডেন্টের পদ টিকিয়ে রাখতেই মির্জা বিপ্লবটা করেছিলেন; শেষে সেই পদটাই ছাড়তে হলো।১১ বিপ্লব ঘোষণার পরপরই মির্জা বক্তৃতায় বলেছিলেন, এই বিপ্লবের বিরোধিতা বরদাশত করা হবে না; যাঁদের পছন্দ হবে না, ‘তারা সময় থাকিতে দেশ ছাড়িয়া চলিয়া যাউক।’ আবুল মনসুরের মন্তব্য: “হায় কপাল! সকলের আগে এবং সম্ভবতঃ একা তাঁকেই ‘সময়ে থাকিতে দেশ ছাড়িতে’ হইল।”১২

সেলের ভেতরে আবুল মনসুরের দুশ্চিন্তা ছিল বন্ধুদের নিয়ে। তিনি নিজে লেখক-পাঠক, লিখে-পড়ে দিন কাটে; বন্ধুরা না লেখেন, না পড়েন।১১ পরে জেনেছিলেন, দুশ্চিন্তাটা অনাবশ্যক ছিল। ভাসানী আর মুজিব সকাল-সন্ধ্যা সবজির বাগান করছেন, মরিচ-বেগুন আর মৌসুমি ফুলের চারা লাগাচ্ছেন, নিজের হাতে লাগানো মরিচ-বেগুনের ভর্তা-চাটনি খেয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।১২

মুজিবুর রহমান আর এক ধাপ আগাইয়া গিয়াছেন। অন্য ওয়ার্ড হইতে একটা ফজলী আমের চারা (কলম নয়) জোগাড় করিয়া নিজের সেলের ছোট আংগিনায় লাগাইয়াছিলেন। জেলার-সুপারকে বলিয়াছিলেন, ঐ গাছের আম খাইয়া যাইবার জন্য তিনি মন বাঁধিয়াছেন।

আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর১২

“কলম নয়” কথাটা আবুল মনসুর বন্ধনীতে আলাদা করে লিখেছেন। বীজের চারায় আম ধরতে কলমের গাছের চেয়ে ঢের বেশি বছর লাগে; কাজেই কথাটার মানে দাঁড়ায়, মুজিব লম্বা সময়ের জন্য তৈরি। এটা আমাদের পাঠ। আবুল মনসুর লিখেছেন, মুজিবের মনের জোর দেখে কর্মকর্তারা অবাক হয়েছিলেন। সেলের একাকিত্ব সইতে পারেননি আবদুল খালেক। হৃদরোগী মানুষ, গুরুতর অসুস্থ হয়ে পড়লেন; মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলো, শেষে ডাক্তারদের পরামর্শে মুক্তি।১২

জামিনের জন্য পরিবারগুলো রোজ এ-কোর্ট ও-কোর্ট করছিল। সরকার সমস্যাটার সমাধান করল আবুল মনসুরদের তিনজনকেই নিরাপত্তা আইনে বন্দি করে। হামিদুল হক চৌধুরী, আসগর আলী শাহ আর আবদুল জব্বার নানা তারিখে জামিনে ছাড়া পেলেন; তাঁরা কেউ নিরাপত্তাবন্দি ছিলেন না। জেলে রইলেন জনা চারেক আওয়ামী লীগার, নিরাপত্তাবন্দি হিসেবে। তিন-চার মাসেও আটকের কারণ জানানো হলো না; আবুল মনসুরের ছেলে মাহবুব আনাম হাইকোর্টে রিট করলেন, অসুস্থ শরীরে সোহরাওয়ার্দী নিজে সওয়াল-জবাব করলেন। ১৯৫৯ সালের ২৯ জুন হাইকোর্টের বিশেষ বেঞ্চ আবুল মনসুরকে মুক্তি দিল।১২

ইতিহাসবিদ ভ্যান শেন্ডেলের চোখে অক্টোবর ১৯৫৮ শুধু একটা সরকারের পতন নয়।

১৯৫৮ সালের অক্টোবরে পাকিস্তান সেনাবাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে সংবিধান বাতিল করল আর সামরিক শাসন চাপাল, তখন গোটা রাজনৈতিক শ্রেণিটাকেই ঝেঁটিয়ে সরিয়ে দেওয়া হলো। এভাবেই শেষ হলো নির্বাচনী রাজনীতি আর সংসদীয় গণতন্ত্র নিয়ে পাকিস্তানের প্রথম পরীক্ষা।

“The entire political class was swept aside when, in October 1958, the Pakistan army staged a coup d'état, abrogated the constitution and imposed martial rule. Thus ended Pakistan's first experiment with electoral politics and parliamentary democracy.”

উইলেম ভ্যান শেন্ডেল, আ হিস্ট্রি অব বাংলাদেশ১৩

অভ্যুত্থানটা এল প্রথম জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে; নির্বাচনটা হওয়ার কথা ছিল ১৯৫৯ সালের গোড়ায়।১৩ ভ্যান শেন্ডেলের মতে সমকালীন বাংলাদেশকে বুঝতে ১৯৫৮ সালের অভ্যুত্থান ভাষা আন্দোলনের মতোই গুরুত্বপূর্ণ। এটা পরের সামরিক শাসকদের জন্য একটা ছক তৈরি করে দিয়েছিল, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তাঁরা সেই ছক কাজে লাগাবেন। ভাষা আন্দোলন ছিল রাষ্ট্রকে প্রভাবিত করার জন্য জনগণের অংশগ্রহণমূলক জাতির চেষ্টা; ১৯৫৮ সালের অভ্যুত্থান ডেকে আনল এমন এক রাষ্ট্র, যা জাতি থেকে অনেকখানি আলগা।১৪

মুজিবের ফজলি আমের চারাটা কত বড় হয়েছিল, কোনো সূত্র বলে না। জানা যায় শুধু এটুকু: প্রায় চৌদ্দ মাস পরে তাঁকে মুক্তি দেওয়া হয়, আর জেলগেটেই আবার গ্রেফতার করা হয়।১৫ পরিষদ নেই, দল নেই, নির্বাচন নেই। পরের দশ বছর পাকিস্তানের মঞ্চের মাঝখানে একজনই মানুষ, আর সেই দশকটা চেনা হবে তাঁর নামেই।

এই সময়ের ঘটনা অ্যানিমেশনেও আছে: মুক্তির পথ · ১৯৫৪ · যুক্তফ্রন্টের জয়

পাদটীকা · এই পাতা

লেখার ভেতরের নম্বরে চাপ দিলে পাদটীকা সেখানেই খোলে। প্রতিটি পাদটীকায় আগে সূত্র আর পাতা, পাশে সূত্রের মান, তারপর আমাদের মন্তব্য। পাতা নম্বর মুদ্রিত বইয়ের।

  1. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৮২–৮৪, ২৫৯–২৬০ গ
    অধ্যায় ৫ “The First Military Regime”-এর শুরু: “The abrogation of the 1956 constitution and the imposition of martial law on 7 October 1958 was a joint decision of President Iskander Mirza and the C-in-C of the Army, General Ayub Khan, taken by the former at the prodding of the latter.” মির্জার দুশ্চিন্তা: ফেব্রুয়ারি ১৯৫৯-এর নির্বাচনে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে, কোন নেতৃত্ব উঠে আসবে তিনি জানতেন না, আর সংবিধানে জাতীয় পরিষদের নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট নির্বাচনের বিধান (টীকা ১: ১৯৫৬ সালের সংবিধান, অনুচ্ছেদ ২২২(১))। “There is no evidence to suggest that Ayub Khan and other senior commanders began considering the option of assumption of power before late May 1958.” পৃ. ৮৩: ডেপুটি স্পিকারের মৃত্যুর পরে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আইয়ুব চিফ অব জেনারেল স্টাফকে বেসামরিক প্রশাসন হাতে নেওয়ার পরিকল্পনা করতে বলেন। রিজভী আরও তিনটি কারণ গোনেন: কাশ্মীরি নেতা গোলাম আব্বাসের যুদ্ধবিরতি রেখা পার হওয়ার হুমকি (জুন), মুসলিম লীগ সভাপতি আবদুল কাইয়ুম খানের আইন অমান্য আন্দোলনের চরমপত্র আর মুসলিম লীগ ন্যাশনাল গার্ড জড়ো করা (অক্টোবরের শুরু), আর কালাতের খানের সঙ্গে সরকারের সংঘাত (অক্টোবরের শুরু)। “By 3 October, the Army's plan for the takeover was ready.” গোপনীয়তা: মির্জা আর আইয়ুব ছাড়া জানতেন কেবল সেনা সদর দপ্তরের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা; বিমান আর নৌবাহিনীর প্রধানদের জানানো হয় সব চূড়ান্ত হওয়ার পরে; নূন জানেন সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্টের চিঠি পেয়ে, বেশির ভাগ রাজনীতিক পরদিন সকালের কাগজে। “The only person who had an advance knowledge of the coup was the US ambassador to Pakistan, James Langley, a personal friend of Iskander Mirza.” মির্জা তাঁকে আগেই জানিয়েছিলেন, তিনি সব ক্ষমতা নিতে চান আর সেনাবাহিনী তাঁর পক্ষে, আর তিনি না নিলে আইয়ুবই হয়তো নেবেন; তবে তাঁকে বলা তারিখ ছিল ৮ অক্টোবর (টীকা ২: মার্কিন সরকারের প্রকাশিত নথি Foreign Relations of the United States, 1958–60, খণ্ড ১৫, পৃ. ৬৬৪–৬৬৫, ৬৬৯; আর আলতাফ গওহরের বই)। ১১ অক্টোবর প্রেসিডেন্ট আইজেনহাওয়ার মির্জাকে চিঠি লিখে অভ্যুত্থানকে সমর্থন জানান, ২৩–২৭ অক্টোবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফর (টীকা ৩)। এক সপ্তাহের মধ্যেই দুজনের টানাপোড়েন; ২০ অক্টোবর আইয়ুব পূর্ব পাকিস্তানে, মির্জা হারানো উদ্যোগ ফিরে পেতে সামরিক বাহিনীতে নিজের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন, শাসক জেনারেলরা তাঁর মুখোমুখি হন (টীকা ৪: আইয়ুবের আত্মজীবনী, পৃ. ৭৩–৭৫; আর বিমানবাহিনীর তখনকার প্রধান আসগর খানের বই, যাঁর ভাষ্যে মির্জা তাঁর চিফ অব স্টাফ এয়ার কমোডর Maqbool Rabb-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন); মির্জা অভিযোগটা জোর গলায় অস্বীকার করেন (টীকা ৫: মির্জার নিজের আত্মজীবনী, উইকলি মেয়ার আর নিউজলাইনে প্রকাশিত)। ২৭ অক্টোবর সন্ধ্যায় তিন লেফটেন্যান্ট জেনারেল প্রেসিডেন্ট ভবনে; পৃ. ৮৪: “asked Iskander Mirza to resign. He obliged without hesitation.” টীকাগুলো পৃ. ২৫৯–২৬০-এ; টীকায় উল্লিখিত বই আর পত্রিকার কোনোটিই আমাদের সংগ্রহে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  2. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৮ গ
    পৃ. ৩৩৮: “In East Pakistan, large-scale arrests of political leaders began on the night of 10 October.” ভাসানীকে ধরা হয় নিরাপত্তা আইনে, আর হামিদুল হক চৌধুরী, আবুল মনসুর আহমদ, শেখ মুজিবুর রহমান, আবদুল খালেকসহ কয়েকজনকে দুর্নীতির অভিযোগে; একই রাতে অতিরিক্ত মুখ্য সচিব আসগর আলী শাহ, উমরের ভাষায় অবাঙালি, কিন্তু সোহরাওয়ার্দী আর আওয়ামী লীগ নেতাদের খুব ঘনিষ্ঠ। গভর্নর সুলতানুদ্দিন অপসারিত, পুলিশের সাবেক আইজি জাকির হোসেন গভর্নরের দায়িত্ব নেন ১০ অক্টোবর; আগে তাঁকে করাচি ডেকে গ্রেফতারের তালিকা দেওয়া হয়েছিল (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৯–৪৮১, আমাদের সংস্করণে পৃ. ৪৪৩–৪৪৫)। “A few days later” প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব পূর্ব পাকিস্তান সফরে এসে ঢাকার পল্টন ময়দানে বড় জনসভায় বক্তৃতা দেন (সূত্র আইয়ুবের আত্মজীবনী, পৃ. ৭৩); উমরের মূল্যায়ন: “The absence of any resistance and the large attendance in the public meeting showed that the political change was initially not unwelcome to the people of East Pakistan.” তাঁর ব্যাখ্যা, ১৯৫৪ সালে যাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, সংসদীয় দলগুলোর রাজনীতিকদের অপকর্মে মানুষ তাদের থেকে সরে যাচ্ছিল। তারপর তাঁর দাবি: “The government of the United States was an active party in the conspiracy which finally brought down the civil government”; মুসলিম লীগ সভাপতি কাইয়ুম খানের মার্কিনবিরোধী প্রচার আর মির্জাকে মার্কিন এজেন্ট বলা (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৭); ১৯৫৯ সালের গোড়ার নির্বাচন নিয়ে মার্কিন সরকারের আশঙ্কা (সূত্র আবুল মনসুর, অন্য সংস্করণের পৃ. ৪৭৬–৪৭৭; আমাদের সংস্করণে পৃ. ৪৪১–৪৪২)। পল্টনের সভার তারিখ উমর দেননি; রিজভী (পৃ. ৮৩) লিখেছেন, ২০ অক্টোবর আইয়ুব পূর্ব পাকিস্তান সফরে ছিলেন; দুটো একই সফর, এটা আমাদের পাঠ। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই। বাংলা অনুবাদ আমাদের। ↩
  3. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৩৯ গ
    পৃ. ৩৩৯: উমরের দাবি, ১৯৫৪ থেকে সামরিক আইন ঘোষণা পর্যন্ত মার্কিন কর্মকর্তারা গোলাম মোহাম্মদ, মির্জা আর আইয়ুবের ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন আর ষড়যন্ত্রে গভীরভাবে জড়িত ছিলেন; “There are plenty of evidences”, লিখেছেন তিনি, কিন্তু এই বাক্যে কোনো টীকা বা নথির উল্লেখ নেই। তারপর মির্জা আর আইয়ুব: সংবিধান বাতিলের পরে প্রেসিডেন্ট পদের কী হবে, মির্জার ধারণা ছিল না, আইয়ুব পরিণতিটা পরিষ্কার দেখেছিলেন; “So as a quiet tactician, he pushed forward his own line of action”, আর নিজস্ব কায়দায় সংবিধান উচ্ছেদ আর প্রেসিডেন্ট পদ লোপের সব দায় এড়াতে চেয়েছেন। আইয়ুবের আত্মজীবনী (পৃ. ৭৪) থেকে উদ্ধৃতি: সেনাবাহিনীর আইনবিশেষজ্ঞদের মত, প্রেসিডেন্টের পদ এখন “redundant”; কর্নেল কাজীর অবস্থানও তাই; প্রধান বিচারপতি মুনির, যিনি বিপ্লবের আগে কিছু বিষয়ে মির্জাকে পরামর্শ দিচ্ছিলেন, ভিন্নমত দেন; আইয়ুবের কথা: “I told Qazi, I agree with Munir. This is final. Accept this as a decision.” তারপর (আত্মজীবনী, পৃ. ৭৩–৭৫): অন্য জেনারেল আর অফিসাররা আইয়ুবকে জানান, মির্জার স্ত্রী তাঁকে আইয়ুবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনবরত উসকাচ্ছেন, আর মির্জা সেনাবাহিনীর নানা শীর্ষ জেনারেল আর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁদের আইয়ুবের বিরুদ্ধে কোনো বোঝাপড়ায় জড়াতে চাইছেন। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই; উদ্ধৃতি উমরের বই থেকে, আর এটা মির্জাকে যিনি সরালেন, তাঁর নিজের ভাষ্য। বাংলা অনুবাদ আমাদের। ↩
  4. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৩৯ খ
    উনত্রিশ অধ্যায় “ঝড়ে তছনছ”, অংশ ১ “বজ্রপাত”। দৃশ্যে উদ্ধৃত অনুচ্ছেদের পরের বাক্যে রেডিওর খবরের আরেকটা অংশ: প্রধান সেনাপতি আইয়ুবকে প্রধানমন্ত্রী আর প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ। প্রেসিডেন্ট আর প্রধান সেনাপতির নিজের মুখে না শুনলে লেখক বিশ্বাস করতেন না। দৃশ্যে উদ্ধৃত দুই প্রশ্নের মাঝখানে তাঁর স্বীকারোক্তি: “মিলিটারি কু করিতে যে শাসনতান্ত্রিক ক্ষমতা লাগে না, এটা আমি তখনও বুঝি নাই।” তাঁর মনে হলো, কোথাও একটা প্যাঁচ আছে; তারপর “কোমরে যার জোর”-এর বাক্য। কথা বলার লোক নেই: মুখ্যমন্ত্রী (বইয়ে “প্রধানমন্ত্রী”) আতাউর রহমান আর দলের সেক্রেটারি মুজিব করাচিতে, লিডারও সেখানেই থাকেন; “কেউ নাই ঢাকায়।” গভর্নরকে ফোন করতে গিয়েও থেমে যাওয়া; কেন্দ্রীয় মন্ত্রী হামিদুল হক চৌধুরীর সঙ্গে কথা, তিনিও স্তম্ভিত, আর ইশারায় জানান টেলিফোনে এ আলাপ নিরাপদ নয়; লেখক কাছের ইত্তেফাক অফিসে যাবেন ভাবছিলেন, তখনই গভর্নরের ফোন। সূত্রে ভিন্নতা: ৭ অক্টোবরের ঘোষণার ছাপা পাঠে (দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৫) আইয়ুব কেবল প্রধান সামরিক আইন প্রশাসক; রিজভীর হিসাবে (পৃ. ৮৪) মির্জা তাঁকে প্রধানমন্ত্রী করেন নিজের বিদায়ের আগের দিন; আর আবুল মনসুর নিজেই পৃ. ৪৪৫-এ ২৮ অক্টোবরের কাগজের খবরে আইয়ুবকে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রধানমন্ত্রী বলেছেন। বইটা ঘটনার বহু বছর পরে লেখা; ৭ অক্টোবরের খবরের সঙ্গে পরের পদটা স্মৃতিতে মিশে গেছে বলে আমাদের ধারণা, এটা আমাদের পাঠ। রিজভী (পৃ. ৮৩) লিখেছেন, বেশির ভাগ রাজনীতিক খবরটা পান পরদিন সকালের কাগজে; আবুল মনসুর শুনেছিলেন সেই রাতেই, রেডিওতে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  5. উমর, Emergence of Bangladesh, খণ্ড ১, পৃ. ৩৪০ গ
    পৃ. ৩৩৯–৩৪০, আইয়ুবের ভাষ্যের শেষ (আত্মজীবনী, পৃ. ৭৪–৭৫): মানুষের মধ্যে ধারণা জন্মাচ্ছিল, মির্জা যতদিন আছেন, “intrigues would continue and nothing worthwhile or constructive would be done”; সহকর্মীদের চাপ, সদর দপ্তর আর সেনা কর্মকর্তাদের দাবি জোরালো হচ্ছিল; শেষে তিনি ব্যবস্থা নিলেন। তাঁর বিবরণে তিন জেনারেল, বার্কি, আজম আর খালিদ শেখ, মির্জার কাছে গিয়ে আইয়ুবের সিদ্ধান্ত জানান যে তাঁকে সরে যেতে হবে; “Mirza realized the gravity of the situation and agreed to surrender.” উমরের মন্তব্য: সামরিক আইন জারির পরে মির্জা রাজনীতিকদের দেশ ছাড়তে বলেছিলেন “while the going was good”; মাত্র বিশ দিন পরে, ২৭ অক্টোবর ১৯৫৮, তাঁকেই সরে যেতে হয়; আইয়ুব প্রধান সামরিক আইন প্রশাসকের সঙ্গে প্রেসিডেন্টের পদও নেন, আর মির্জাকে স্ত্রীকে নিয়ে লন্ডনে যেতে হয় “while the going was not so good”। আইয়ুবের বইটি আমাদের সংগ্রহে নেই; উদ্ধৃতি উমরের বই থেকে। সূত্রে ভিন্নতা: ঘোষণার ছাপা পাঠে দেশ ছাড়ার কথাটা রাজনীতিকদের নয়, দেশদ্রোহীদের উদ্দেশে (দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৬); আর ২৭ অক্টোবর রাতে মির্জার নিজের ঘোষণায় সরে দাঁড়ানোটা তাঁর নিজের সিদ্ধান্ত, জেনারেলদের কথা সেখানে নেই (পৃ. ৬৩৫)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  6. রিজভী, Military, State and Society in Pakistan, পৃ. ৮৪, ২৬০ গ
    পৃ. ৮৪: “A day before Iskander Mirza was forced out of office, he appointed Ayub Khan as Prime Minister and the new cabinet took the oath of office on the morning of 27 October.” আইয়ুব প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত, ২৮ অক্টোবর মন্ত্রিসভা আবার শপথ নেয় প্রেসিডেন্টের মন্ত্রিসভা হিসেবে, আর সেনাপ্রধানের পদ যায় জেনারেল মুহাম্মদ মুসার হাতে। পদত্যাগের অনুরোধ আর মির্জার সাড়া (দৃশ্যে); সেনা কর্তৃপক্ষ সেই রাতেই তাঁকে কোয়েটায় সরিয়ে নেয়, ২ নভেম্বর লন্ডনে পাঠায়, “where he lived until his death in November 1969”। সামরিক আইনের প্রশাসন: আদালত চলতে পারত, কিন্তু সামরিক কর্তৃপক্ষের কোনো আদেশ বা কাজ আর সামরিক আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলতে পারত না; তারপর: “The Supreme Court provided legal legitimacy to the military government by declaring in a judgement on 27 October” যে বিজয়ী বিপ্লব বা সফল কু দেতা সংবিধান বদলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি পদ্ধতি; ভিত্তি হান্স কেলসেনের বিপ্লবী বৈধতার সূত্র, যাকে রিজভী বলেছেন আইনি প্রত্যক্ষবাদের মৌলিক তত্ত্বগুলোর একটি। টীকা ৬ (পৃ. ২৬০): The State vs. Dosso and another, পিএলডি ১৯৫৮, সুপ্রিম কোর্ট, পৃ. ৫৩৩–৫৭০ (পৃ. ৫৩৯)। রিজভীর বইয়ে আর দলিলপত্রে ছাপা রায়ে নামের বানান “Kelson”; আইনতাত্ত্বিকের নাম হান্স কেলসেন, আর রায়ে উদ্ধৃত বইটিও তাঁরই, General Theory of Law and State (দলিলপত্র, পৃ. ৬৩২)। সূত্রে ভিন্নতা: মামলার নাম রিজভীর টীকায় Dosso, দলিলপত্রের শিরোনামে Dossa (পৃ. ৬৩০); আমরা দোসো লিখেছি। বাংলা অনুবাদ আমাদের। ↩
  7. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৩৫ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড; শিরোনাম “জেনারেল আউয়ুব খানের ক্ষমতা দখল” (শিরোনামটা দলিলপত্রের সম্পাদকদের দেওয়া), সূত্র পাকিস্তান অবজারভার, তারিখ ২৮ অক্টোবর ১৯৫৮। খবরের মাথায় “PRESIDENT MIRZA STEPS ASIDE”; ডেটলাইন করাচি, ২৭ অক্টোবর: প্রেসিডেন্ট সেই রাতে ঘোষণা দেন। ঘোষণা: “Three weeks ago, I imposed Martial Law in Pakistan and appointed General Mohammad Ayub Khan as Supreme Commander of the Armed Forces and Martial Law Administrator.” ব্যবস্থাটা দেশের মানুষ আর বিদেশের বন্ধুদের কাছে “extremely well received”; তারপর থেকে তিনি সাধ্যমতো আইয়ুব আর তাঁর প্রশাসনকে সাহায্য করে আসছেন; তিন সপ্তাহের অভিজ্ঞতায় সিদ্ধান্ত: “(a) Any semblance of dual control is likely to hamper the effective performance of this immense task which is of emergent nature.” দ্বিতীয় কারণটা দৃশ্যের উদ্ধৃতিতে। সূত্রে ভিন্নতা: ঘোষণায় সরে দাঁড়ানো এসেছে মির্জার নিজের সিদ্ধান্ত হিসেবে; রিজভী (পৃ. ৮৩–৮৪) আর আইয়ুবের নিজের ভাষ্যে (উমর, পৃ. ৩৪০) তিন জেনারেল প্রেসিডেন্ট ভবনে গিয়ে তাঁকে সরে যেতে বলেন। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  8. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৩০ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড, একই দলিলের দ্বিতীয় অংশ (শিরোনাম-সারণি পৃ. ৬২৭-এ): “Chief Justice Md. Munir's Comment on the New Legal Order.”, রায় থেকে উদ্ধৃতি; মামলার নাম ছাপা State vs. Dossa, সূত্র ঢাকা ল রিপোর্ট, খণ্ড ১১। পৃ. ৬৩০: রায় শুরু হয় ঘোষণা আর ল’জ (কন্টিনিউয়েন্স ইন ফোর্স) অর্ডারের সারাংশ দিয়ে; তারপর আইনি প্রত্যক্ষবাদের তত্ত্ব: সংবিধানের কল্পনার বাইরে কোনো আকস্মিক রাজনৈতিক পরিবর্তনে সংবিধান আর জাতীয় আইনব্যবস্থা ভেঙে পড়লে সেটাই বিপ্লব; আইনের দৃষ্টিতে “the method by which and the persons by whom a revolution is brought about is wholly immaterial”; পরিবর্তন সহিংস হতে পারে, পুরোপুরি শান্তিপূর্ণও হতে পারে; কোনো রাজনৈতিক দুঃসাহসীর কু দেতা হতে পারে, আবার আগে থেকেই সরকারি পদে থাকা মানুষের কাজও হতে পারে; উদ্দেশ্যও অপ্রাসঙ্গিক, তা দেশপ্রেম হোক বা নিকৃষ্টতম স্বার্থ। তারপর দৃশ্যে উদ্ধৃত অনুচ্ছেদ, যা পরের পাতায় শেষ। রায়ের তারিখ দলিলপত্রে নেই; রিজভীর হিসাবে ২৭ অক্টোবর (পৃ. ৮৪)। সূত্রে ভিন্নতা: মামলার নামের বানান দলিলপত্রে Dossa, রিজভীর টীকায় Dosso (পৃ. ২৬০); আমরা দোসো লিখেছি। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  9. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬৩১–৬৩৪ ক
    দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬৩১: দৃশ্যে উদ্ধৃত অনুচ্ছেদের শেষ, তারপর: অঞ্চল আর মানুষ মোটামুটি একই থাকলে রাষ্ট্র বদলায় না, আর আন্তর্জাতিক আইনে বিপ্লবী সরকার আর নতুন সংবিধানই বৈধ সরকার আর বৈধ সংবিধান; “Thus a victorious revolution or a successful coup d'etat is an internationally recognized legal method of changing a Constitution.” এমন পরিবর্তনের পরে আদালতও আগের এখতিয়ার হারায়, চলতে পারে কেবল নতুন সংবিধান যতটুকু দেয়। এরপর মুনির “Hans Kelson, a renowned modern jurist”-এর লম্বা উদ্ধৃতি দেন, তাঁর General Theory of Law & State (পৃ. ১১৭–১১৮) থেকে (দলিলপত্র, পৃ. ৬৩১–৬৩২)। পৃ. ৬৩২–৬৩৪-এ রায়ের প্রয়োগ: নতুন আদেশের আইন-তালিকা থেকে বাতিল সংবিধান বাদ, তাই সেই সংবিধানের মৌলিক অধিকারগুলো আর দেশের আইনের অংশ নয়; প্রেসিডেন্ট যেকোনো আইন যেকোনো সময় বদলাতে পারেন বলে মৌলিক অধিকার বলে কিছু আর থাকে না; মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে চাওয়া রিটের আবেদন আর তার কার্যক্রম বাতিল হয়ে যায়, এই মামলায় হাইকোর্টের দেওয়া রিটও। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  10. দলিলপত্র, খণ্ড ১, পৃ. ৬২৬ ক
    মির্জার ঘোষণার শেষ পাতা, পৃ. ৬২৬: “Call to Armed Forces” উপশিরোনামে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান: তাদের ওপর বড় চাপ দেওয়া হচ্ছে, আর স্বাধীন জাতি হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ তাদের ওপর নির্ভর করছে। জনগণের উদ্দেশে: দেশপ্রেমিক আর আইন মেনে চলা মানুষ আরও সুখী আর মুক্ত হবে; রাজনৈতিক দুঃসাহসী, চোরাকারবারি, কালোবাজারি আর মজুতদারদের কাজকর্ম কঠোরভাবে সীমিত হবে; আর শেষ বাক্য: “As for the traitors, they had better flee the country, if they can and while the going is good.” সূত্রে ভিন্নতা: আবুল মনসুরের স্মৃতিতে কথাটা ছিল বিপ্লব যাদের পছন্দ নয়, তাদের উদ্দেশে (পৃ. ৪৪৬), উমরের বইয়ে রাজনীতিকদের উদ্দেশে (পৃ. ৩৪০); ছাপা পাঠে লক্ষ্য দেশদ্রোহীরা। বাংলা অনুবাদ আমাদের। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  11. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৪–৪৪৫ খ
    পৃ. ৪৪৪–৪৪৫: জামিনের শুনানি (দৃশ্যে)। পুরোনো হাজত শুনতে যত খারাপ, আসলে তত নয়; জেলের ভেতরে সবচেয়ে ভালো জায়গাগুলোর একটা, প্রকাণ্ড হলঘর, সবাই একসঙ্গে থাকা যায়। অংশ ৫ “জেল খানায়”: ভাসানীকে দেখা (দৃশ্যে উদ্ধৃত), তাঁকে ধরা হয়েছে করাপশন আইনে নয়, নিরাপত্তা আইনে; মেঝেয় ঢালা বিছানা, সারারাত দেশের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আলোচনা; “কিন্তু কর্তৃপক্ষ যেন আমাদের ‘জেলের মধ্যে অত সুখ’ সহ্য করিতে পারিলেন না।” পরদিনই ভাসানী সেলে, তারপর এক এক করে মুজিব, আবদুল খালেক আর লেখক আলাদা সেলে। প্রথমে মানসিক কষ্ট, তারপর সয়ে যাওয়া; নিজের চেয়ে বন্ধুদের জন্য দুশ্চিন্তা। ২৮ অক্টোবরের কাগজে মির্জার ‘স্টেপ ডাউন’-এর খবর: প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রধানমন্ত্রী জেনারেল আইয়ুব খান এখন প্রেসিডেন্টের আসনে; তারপর দৃশ্যে উদ্ধৃত প্রতিক্রিয়া। লেখকের অনুমান, নির্বাচন ঠেকিয়ে প্রেসিডেন্টের পদ কায়েম রাখতেই মির্জা “বিপ্লব” করেছিলেন, কিন্তু শেষে পদটাই ছাড়তে হলো। এটা লেখকের অনুমান; রিজভীর বিশ্লেষণেও (পৃ. ৮২) মির্জার ভয় ছিল ১৯৫৯ সালের নির্বাচন আর তার পরের প্রেসিডেন্ট নির্বাচন। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  12. আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, পৃ. ৪৪৫–৪৪৬ খ
    পৃ. ৪৪৫–৪৪৬: বিপ্লব ঘোষণার মাত্র একুশ দিন পরে কাগজে পড়লেন, মির্জা সস্ত্রীক বিলাত চলে গেছেন, বলা হলো সেখানেই স্থায়ীভাবে থাকবেন। লেখকের স্মৃতিতে বিপ্লব ঘোষণার অব্যবহিত পরে মির্জার বক্তৃতা: “এ বিপ্লবের বিরুদ্ধতা বরদাশত করা হইবে না। যাদের এটা পসন্দ হইবে না, তারা সময় থাকিতে দেশ ছাড়িয়া চলিয়া যাউক।” তারপর দৃশ্যে উদ্ধৃত মন্তব্য। পরিবারগুলোর জামিনের দৌড়ঝাঁপ, আর সরকারের সমাধান: তিনজনকেই নিরাপত্তা আইনে বন্দি। ভাসানী আর মুজিবের সবজিবাগান, মুজিবের ফজলি আমের চারা (দৃশ্যে উদ্ধৃত); “মুজিবুর রহমানের মনের বল দেখিয়া অফিসাররা অবাক হইয়াছিলেন।” আবদুল খালেক সেলের একাকিত্ব সইতে পারেননি; হৃদরোগী, মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি, শেষে ডাক্তারদের পরামর্শে মুক্তি। হামিদুল হক চৌধুরী, আসগর আলী শাহ আর আবদুল জব্বার নানা তারিখে জামিনে খালাস; জনা চারেক আওয়ামী লীগার থেকে গেলেন নিরাপত্তাবন্দি হিসেবে। তিন-চার মাসেও ‘গ্রাউন্ড অব ডিটেনশন’ না দেওয়ায় লেখকের দ্বিতীয় ছেলে মাহবুব আনামের (বইয়ে বানান “মহবুব”) রিট; অসুস্থ শরীরে সোহরাওয়ার্দীর সওয়াল-জবাব, মামলা যায় স্পেশাল বেঞ্চে, সেখানেও তিনি; ২৯ জুন ১৯৫৯ স্পেশাল বেঞ্চে খালাস। তারপর দুর্নীতির মামলা: লেখকের বিরুদ্ধে তিনটি; মুজিব, ক্যাপ্টেন মনসুর আলী, কোরবান আলী, আবদুল হামিদ চৌধুরী আর নুরুদ্দিন আহমদের বিরুদ্ধেও; সব আসামি আওয়ামী লীগার; “আওয়ামী লীগাররাই দুর্নীতিবায এটা দেখানোই এই সব কেসের রাজনৈতিক উদ্দেশ্য ছিল।” সূত্রে ভিন্নতা: ৭ অক্টোবরের ঘোষণার ছাপা পাঠে দেশ ছাড়ার কথাটা দেশদ্রোহীদের উদ্দেশে: “As for the traitors, they had better flee the country, if they can and while the going is good.” (দলিলপত্র, প্রথম খণ্ড, পৃ. ৬২৬); উমর লিখেছেন রাজনীতিকদের উদ্দেশে (পৃ. ৩৪০)। আর লন্ডনযাত্রা: রিজভীর হিসাবে মির্জাকে সেই রাতেই কোয়েটায় নেওয়া হয়, লন্ডনে পাঠানো হয় ২ নভেম্বর (পৃ. ৮৪), ঘোষণার ছাব্বিশ দিন পরে। স্ক্যান থেকে মিলিয়ে দেখা। ↩
  13. ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১১৭ গ
    পৃ. ১১৭: দৃশ্যে উদ্ধৃত দুই বাক্যের পরে: “A dictator now headed the state. He was Ayub Khan, the commander-in-chief of the armed forces.” ভ্যান শেন্ডেলের ব্যাখ্যা: পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে আমলাতন্ত্র আর সামরিক প্রতিষ্ঠান ধীরে ধীরে নির্বাচিত প্রতিষ্ঠানের ওপর আধিপত্য পেয়েছিল, অভ্যুত্থান সেই প্রক্রিয়ার চূড়া; অন্যভাবে বললে, “the popular, participatory nation lost out to the non-democratic state apparatus that Pakistan had inherited from colonial rule”। এর প্রতিফলন অভ্যুত্থানের সময়ে, “just months before the first national elections that had been scheduled for early 1959 but were now cancelled”, আর ক্ষমতা নেওয়া মানুষটির জীবনেও: আইয়ুব সারা জীবন কাটিয়েছেন ঔপনিবেশিক রাষ্ট্রের, তারপর পাকিস্তান রাষ্ট্রের চাকরিতে। ভ্যান শেন্ডেল অভ্যুত্থানটাকে সেনাবাহিনীর অভ্যুত্থান বলেছেন; ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মির্জা, আর রিজভীর মতে সিদ্ধান্তটা ছিল দুজনের যৌথ (পৃ. ৮২)। বাংলা অনুবাদ আমাদের। ↩
  14. ভ্যান শেন্ডেল, A History of Bangladesh, পৃ. ১১৭–১১৮ গ
    পৃ. ১১৭–১১৮: আইয়ুবের শাসনের প্রধান লক্ষ্য রাষ্ট্রকে শক্ত করা আর জনগণের শক্তির নাগালের বাইরে রাখা। তারপর দৃশ্যে ব্যবহৃত মূল্যায়ন: “The coup of 1958 was as critical an event as the language movement for understanding contemporary Bangladesh.” এটা পরের সামরিক শাসকদের জন্য “a crucial model”, যাঁরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তা কাজে লাগান আর বিশ শতকের শেষ পঁচিশ বছরের বেশির ভাগ সময় দেশ শাসন করেন; “Whereas the language movement was a clear manifestation of the popular, participatory nation attempting to influence the state, the coup of 1958 augured in a state that was relatively autonomous from the nation.” তাঁর মতে জ্যেষ্ঠ বেসামরিক আর সামরিক কর্মকর্তারা দেশের ভেতরের ক্ষমতাকাঠামোর চেয়ে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের ওপর বেশি নির্ভর করতে থাকেন, আর এই রাষ্ট্রকাঠামো বাংলাদেশ উত্তরাধিকার হিসেবে পাবে। এটা ইতিহাসবিদের ব্যাখ্যা, ঘটনার বিবরণ নয়। বাংলা অনুবাদ আমাদের। ↩
  15. কারাগারের রোজনামচা, পৃ. ৬ গ
    কারাগারের রোজনামচার ভূমিকা, শেখ হাসিনার লেখা, তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ (ভূমিকা পৃ. ৫–১৬)। পৃ. ৬-এ বঙ্গবন্ধুর কারাবাসের হিসাবে: “১৯৫৪ সালের ৩০শে মে… করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করে গ্রেফতার হন এবং ২৩শে ডিসেম্বর মুক্তি লাভ করেন।” একই হিসাবে পরের কারাবাসও: ১৯৫৮ সালের ১২ অক্টোবর সামরিক সরকারের হাতে গ্রেফতার, প্রায় চৌদ্দ মাস পরে মুক্তি দিয়ে জেলগেটেই আবার গ্রেফতার, আর ১৯৬০ সালের ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মুক্তি। ভূমিকাটি পরের লেখা, তাই গবেষণা স্তরে রাখা হয়েছে। ↩

এই পাতার সূত্র

মান কী বোঝায়, আর আমরা কীভাবে যাচাই করি, তা আছে সূত্র নীতি পাতায়।

  • গ · গবেষণা
    হাসান আসকারি রিজভী (Hasan Askari Rizvi), Military, State and Society in Pakistan। Basingstoke: Macmillan; New York: St. Martin's Press, 2000।গবেষণা। পাকিস্তানি রাষ্ট্রবিজ্ঞানীর লেখা, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী আর আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে; এখানে কেন্দ্রের রাজনীতি আর তারিখের জন্য। পাতা নম্বর ছাপা সংস্করণের, পাতার মাথার শিরোনাম থেকে পড়া।
  • গ · গবেষণা
    বদরুদ্দীন উমর (Badruddin Umar), The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947–1958), খণ্ড ১। লেখকের ভূমিকা ঢাকা, ১৩ মে ২০০৩; পাতা নম্বর সানি এইচ. পানহোয়ারের পুনর্মুদ্রণ (২০২৩) অনুযায়ী।গবেষণা। লেখক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখেন, বইয়ের উপশিরোনামেই তা স্পষ্ট। ভাষা আন্দোলনের অংশের ভিত্তি তাঁর বাংলা বই “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি”, যার জন্য তিনি আন্দোলনের অনেক কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
  • খ · নিজের ভাষ্য
    আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। ঢাকা: খোশরোজ কিতাব মহল, পুনর্মুদ্রণ ২০১৩; পাতা নম্বর এই মুদ্রণ অনুযায়ী।লেখকের নিজের ভাষ্য। সাংবাদিক ও রাজনীতিকের স্মৃতিকথা; নিজের লেখায় তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার রচয়িতা। ঘটনার বহু বছর পরে লেখা, তাই তারিখ আর সংখ্যা অন্য সূত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে।
  • ক · সমকালীন দলিল
    হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র, প্রথম খণ্ড। ঢাকা: তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম প্রকাশ নভেম্বর ১৯৮২; তথ্য মন্ত্রণালয়ের পক্ষে হাক্কানী পাবলিশার্সের পুনর্মুদ্রণ, জুন ২০০৯।সরকারি প্রকল্পে সংকলিত সমকালীন দলিলের সংগ্রহ: আইনসভার কার্যবিবরণী, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকার লেখা, স্মারকলিপি। কোনো কোনো দলিল সংকলকেরা নিয়েছেন অন্য বই থেকে; পাদটীকায় তা বলা আছে। শিরোনাম আর টীকা সম্পাদকের, দলিলের অংশ নয়।
  • গ · গবেষণা
    উইলেম ভ্যান শেন্ডেল (Willem van Schendel), A History of Bangladesh। Cambridge: Cambridge University Press, 2009।গবেষণা। ডাচ ইতিহাসবিদের লেখা বাংলাদেশের সামগ্রিক ইতিহাস; এখানে পটভূমি আর সংখ্যার জন্য।
  • মিশ্র
    শেখ মুজিবুর রহমান, কারাগারের রোজনামচা। ঢাকা: বাংলা একাডেমি, প্রথম প্রকাশ ফাল্গুন ১৪২৩/মার্চ ২০১৭।মূল লেখা লেখকের কারাগারের দিনলিপি (খ)। এই অধ্যায়ে আমরা উদ্ধৃত করেছি শুধু শেখ হাসিনার লেখা ভূমিকা (পৃ. ৬) আর বইয়ের শেষে “বঙ্গবন্ধু” শিরোনামের জীবনী অংশ (পৃ. ২৮৮); দুটোই পরে লেখা, তাই সেগুলো গবেষণা স্তরে (গ)।

ইংরেজি উদ্ধৃতির বাংলা অনুবাদ আমাদের; মূল ইংরেজি পাঠ উদ্ধৃতির নিচে দেওয়া আছে। বাংলা উদ্ধৃতি মূলের বানানেই রাখা হয়েছে। প্রথম প্রকাশ ১১ নভেম্বর ২০২৬।